📄 সলাতে ইয়াহূদী কাফিরদের সাথে সাদৃশ্য হতে বিরোধিতা
১ম হাদীস: আবূ উমাইর বিন আনাস (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নাবী ﷺ সলাতের জন্য উদগ্রীব হলেন কিভাবে লোকদেরকে একত্র করবেন। নাবী ﷺ-কে বলা হলো: সলাতের সময়ে একটি পতাকা গেড়ে রাখুন। এটা তাঁর নিকট পছন্দ হয়নি। অতঃপর ইয়াহুদীদের বাশীর (শিঙ্গা) কথা উল্লেখ করা হলে এটাও তিনি পছন্দ করলেন না। তিনি বললেন, এটা ইয়াহুদীদের কাজ। অতঃপর নাকুস বা ঘণ্টার কথা উল্লেখ করা হলে তিনি বললেন, এটা নাসারাদের কাজ। অবশেষে 'আবদুল্লাহ বিন যায়িদকে স্বপ্নে আযানের বাক্যসমূহ দেখানো হলো। (সহীহ সুনানে আবী দাউদ ৫১১ নং)
২য় হাদীস: আমর বিন আবাসা (রাযি.) হতে বর্ণিত। নাবী ﷺ বলেছেন: তুমি ফজরের সলাত আদায় কর, অতঃপর সূর্য উদিত হওয়া পর্যন্ত সলাত হতে বিরত থাকো, কেননা সূর্য শয়তানের দুই শিং-এর মাঝখান দিয়ে উদিত হয় এবং সে সময় কাফিররা সূর্যকে সাজদাহ করে। (মুসলিম)
৩য় হাদীস: জুনদুব বিন 'আবদিল্লাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী ﷺ-কে তাঁর মৃত্যুর পাঁচ দিন পূর্বে বলতে শুনেছি: সাবধান! তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের সৎ ব্যক্তি ও নাবীদের কবরসমূহকে মাসজিদ বানিয়ে নিয়েছিল। খবরদার! তোমরা কবরসমূহকে মাসজিদে পরিণত করো না। (মুসলিম)
৪র্থ হাদীস: শাদ্দাদ বিন আউস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন: রসূলুল্লাহ ﷺ বলেছেন: ইয়াহুদীদের বিপরীত করো, কেননা তারা জুতা ও মোজা পরিহিত অবস্থায় সলাত আদায় করে না। (সহীহ সুনানে আবী দাউদ ৬৫৯ নং)
৫ম হাদীস: 'আবদুল্লাহ বিন 'উমার (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন তোমরা কেউ এক কাপড়ে সলাত আদায় করবে তখন সে যেন কাপড় কটিদেশে শক্ত করে বেঁধে নেয় এবং তোমরা ইয়াহুদীদের চাদর জড়ানোর ন্যায় চাদর জড়াবে না। (বাইহাকী)
৬ষ্ঠ হাদীস: জাবির বিন 'আবদিল্লাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ অসুস্থ অবস্থায় বসে সলাত পড়ছিলেন আর আমরা তাঁর পিছনে দাঁড়িয়েছিলাম। তিনি ইশারা করলে আমরা বসে পড়লাম। সলাত শেষে তিনি বললেন: তোমরা পারস্য ও রোমদের মতো কাজ করছিলে, তারা তাদের বাদশাহদের সামনে দাঁড়িয়ে থাকে আর বাদশাহ বসে থাকে। তোমরা তা করো না। তোমরা তোমাদের ইমামদের অনুকরণ করো। (মুসলিম)
৭ম হাদীস: ইবনু 'উমার (রাযি.) হতে বর্ণিত যে, নাবী ﷺ সলাতে বাম হাতে ভর করে বসা এক ব্যক্তিকে নিষেধ করে বললেন: এভাবে বসো না, কেননা এটা যাদের শাস্তি দেওয়া হবে (ইয়াহুদী) তাদের বসা।
📄 জানাযায় সাদৃশ্য হতে বিরোধিতা
১ম হাদীস: জাবির বিন 'আবদিল্লাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন: লাহাদ কবর (পার্শ্ব খুঁড়িয়া যে কবর করা হয়) আমাদের জন্য এবং শাক্ক কবর (মাঝখানে গর্ত করা কবর) আহলে কিতাব তথা ইয়াহুদী নাসারাদের জন্য। (আহমাদ, ইবনু সা'দ)
📄 সিয়ামে সাদৃশ্য হতে বিরোধিতা
১ম হাদীস: আমর বিন আস (রাযি.) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ ﷺ বলেছেন: আমাদের সিয়াম আর আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহরী খাওয়া। (মুসলিম)
২য় হাদীস: আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন: মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন দ্বীন বিজয়ী থাকবে। কেননা ইয়াহুদী ও নাসারারা ইফতারে বিলম্ব করে। (তিরমিযী)
৩য় হাদীস: বাশীর বিন খাসাসিয়াহ (রাযি.)-এর স্ত্রী লাইলা হতে বর্ণিত। তিনি বলেন, আমি একাধারে দু'দিন সিয়াম পালনের ইচ্ছা করলাম। বাশীর তা হতে আমাকে নিষেধ করলেন এবং বললেন, রসূলুল্লাহ ﷺ এটা হতে নিষেধ করেছেন। এটি নাসারাদের রীতি। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। (আহমাদ)
৪র্থ হাদীস: ইবনু আব্বাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রসূলুল্লাহ ﷺ আশুরার দিবসে সিয়াম পালন করেন, সাহাবীরা বললেন, হে আল্লাহর রসূল! এটি ইয়াহুদী নাসারাদের সম্মানের দিবস? রসূলুল্লাহ ﷺ বললেন: আল্লাহ চান তো আগামী বছর আমরা নবম দিবসেও (৯ই মহররম) সিয়াম পালন করবো (যাতে তাদের বিরোধিতা হয়)। (মুসলিম)
৫ম হাদীস: উম্মু সালামাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ শনিবার ও রবিবার অধিক সিয়াম পালন করতেন এবং বলতেন: এ দু'দিন হলো মুশরিকদের উৎসবের দিন। আমি তাদের বিপরীত করতে পছন্দ করি। (আহমাদ)
📄 হাজ্জে সাদৃশ্য হতে বিরোধিতা
১ম হাদীস: 'উমার বিন খাত্তাব (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, মুশরিকরা মুজদালিফা হতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত রওয়ানা হতো না। তারা বলত, ‘হে সাবীরা (পর্বত)! আলোকিত হও’। নাবী ﷺ তাদের বিপরীত করলেন এবং সূর্য উঠার পূর্বেই মুজদালিফা ত্যাগ করলেন। (বুখারী)