📘 মুসলিম মস্তিষ্ক বিজ্ঞানের অনবদ্য গল্প 📄 Glossary

📄 Glossary


• Automata: স্বয়ংক্রিয়ভাবে চলন সম্ভব এমন সরল যন্ত্র।
• Classical Period (ক্লাসিক্যাল পিরিয়ড): সাধারণভাবে ১৬ শতক পর্যন্ত ইসলামের ক্লাসিক্যাল পিরিয়ড ধরা হয়। তবে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেন। অনেকে ১৮ শতক পর্যন্ত বাড়ান, অনেকে বলেন বাগদাদের পতন অর্থাৎ ১২৫৮ পর্যন্ত হচ্ছে ইসলামের ক্লাসিক্যাল পিরিয়ড। টার্মিনোলজির ভিন্নতার কারণেও পার্থক্য সৃষ্টি হয়। এই বইয়ে ১৬ শতক পর্যন্তই ইসলামের ক্লাসিক্যাল পিরিয়ড ধরা হয়েছে।
• Colonialism (কলোনিয়ালিজম): অন্য দেশের ওপর আংশিক বা সম্পূর্ণ ক্ষমতা লাভের প্রচেষ্টা; নিজ দেশের মানুষদের দ্বারা সে দেশের জায়গা দখল করা, সে দেশের মানুষের নিজ দেশের কালচারাল দাসে পরিণত করা এবং অর্থনৈতিকভাবে দেশটিকে শোষণ করা।
• Continuity (কন্টিনুইটি): কোনো কিছু হঠাৎ একটা জাতিতে উৎপত্তি লাভ করে না; বরং আগের কাজের ওপর ভর করেই অন্য জাতি উন্নততর কাজ সাধন করে—এটা কন্টিনুইটি থিসিস নামে পরিচিত। মডার্ন সায়েন্সের ক্ষেত্রে এক বিজ্ঞানীর কাজ অন্যান্য বিজ্ঞানী স্টাডি করে, একাডেমিয়ায় সকল কিছু কানেক্টেড; একজন এক কাজ করছে, অন্যজন বিচ্ছিন্নভাবে আরেক জায়গায় একই ধরনের কাজ করে সময় নষ্ট করছে—এমন হয় না; বরং কাজের মাঝে সামগ্রিক ধারাবাহিকতা থাকে।
• Cryptography (ক্রিপ্টোগ্রাফি): সংখ্যা, শব্দ, চিহ্ন দ্বারা তৈরি কোডেড ম্যাসেজ বানানোর প্রক্রিয়া। তথ্য গোপন করার জন্য ব্যবহার করা হয়।
• Revisionism (রিভিশনিজম): ইসলামের ওয়েস্টার্ন স্টাডির ক্ষেত্রে একটা ধারা, যেখানে একেবারে মৌলিক লেভেলে ইসলামের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন ভিত্তিমূলক জিনিসের ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়।
• Rosetta Stone (রসেটা স্টোন): প্রাচীন মিশরীয় রাজা পঞ্চম টলেমি অ্যাপিফ্যানিসের একটি আদেশনামা। পাথরের ওপর লেখা। ওপরে ও মধ্যে প্রাচীন মিশরীয় ভাষায় লেখা একটা হায়ারোগ্লিফিক স্ক্রিপ্টে, আরেকটা ডিমোটিক স্ক্রিপ্টে। নিচে প্রাচীন গ্রিক ভাষায় লেখা। তিন ভাষায় একই জিনিস লিখা থাকায় এর মাধ্যমে শেষে প্রাচীন মিশরীয় ভাষার বর্ণমালা ভেদ করা সম্ভব হয়।
• Royal Society (রয়‍্যাল সোসাইটি) : ইংল্যান্ডের একটি সায়েন্টিফিক ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন; পৃথিবীর সবচেয়ে লম্বা সময় ধরে একটিভ থাকা সায়েন্টিফিক সোসাইটি। এখন পর্যন্ত বিজ্ঞান জনপ্রিয়করণ ও ফান্ডিং-এ ইংল্যান্ডের সর্বোচ্চ স্থানে। রবার্ট হুক, আইজ্যাক নিউটন এবং ইংল্যান্ডের সবচেয়ে সেরা বিজ্ঞানীরা এর সঙ্গে যুক্ত থেকেছেন।
• Scientific Realism ও Anti-Realism: রিয়ালিস্টরা বলে, বিজ্ঞান আমাদের মহাবিশ্বের একটা বাস্তব চিত্র দেয়; তো এখানে ভালো একটা থিওরি আমাদের সত্যে পৌঁছে দেয়। ইন্দ্রিয়গতভাবে পর্যবেক্ষণ (Empirical Observation) করা যায় না—এমন বিষয়সমূহের ব্যাপারেও বিজ্ঞান যেসব তত্ত্ব দেয়, সেগুলো বাস্তব। অন্যদিকে অ্যান্টি-রিয়ালিস্টরা বলে, বিজ্ঞান ইন্দ্রিয়গতভাবে পর্যবেক্ষণযোগ্য নয়—এমন জিনিসের ব্যাপারে ভালো মানের একটা ধারণা করে কেবল; কোনো কিছুর ব্যাপারে ধারণা পর্যবেক্ষণগতভাবে ভালো মানের হলে এরপর তা সত্য কী মিথ্যা তাতে কিছু যায় আসে না। এখানে যেসব বস্তুগতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব না, সেসবের বাস্তবে অস্তিত্ব নেই বলে ধরা হয়। যেসব জিনিস বস্তুগতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব, সেসবের ব্যাপারে সঠিক বুঝ পাওয়ার জন্য 'অবাস্তব' কিছু বিষয় নিয়ে আসা হয়; যার ব্যাপারে একটা পর্যবেক্ষণমূলক ধারণা বিজ্ঞানীরা করেন। উদাহরণ : রিয়ালিস্ট বলবে ইলেকট্রন আছে, অ্যান্টি-রিয়ালিস্ট বলবে, সরাসরি ইন্দ্রিয়গতভাবে পর্যবেক্ষণ সম্ভব না তাই এটা অস্তিত্বহীন; তবে ইলেকট্রনের ধারণা একটা ভালো মানের ধারণা—যা পর্যবেক্ষণমূলক বিজ্ঞানে কাজে লাগে। ইলেক্ট্রনের ধারণা সঠিক, তবে বাস্তবে ইলেকট্রনের অস্তিত্ব নেই। অ্যান্টি-রিয়ালিস্টরা বলে, ইলেক্ট্রনের মতো বস্তুগুলোর বাস্তবে অস্তিত্ব না থাকলেও এর ধারণার প্রয়োগ সঠিক পর্যবেক্ষণমূলক ফলাফল এনে দেয়। ইলেক্ট্রন বাস্তবে আছে কী নেই—সেই আলোচনাই অপ্রয়োজনীয়। তো রিয়ালিস্টরা বলে—সত্য হচ্ছে বিজ্ঞানের উদ্দেশ্য; অ্যান্টি-রিয়ালিস্টরা বলে—কেবল পর্যবেক্ষণমূলক সঠিকত্বই বিজ্ঞানের উদ্দেশ্য। অ্যান্টি-রিয়ালিস্টদের মতে—বিজ্ঞান মেটাফিজিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারে না, রিয়ালিস্টদের মতে পারে।
• Synthetic Biology (সিনথেটিক বায়োলজি): ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নতুন ধরনের বায়ো-টেকনোলজিক্যাল বস্তু তৈরি করার ফিল্ড।
• Transmutation (ট্রান্সমিউটেশন): বিভিন্ন পরীক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে এক পদার্থকে আরেক পদার্থে রূপান্তরের প্রচেষ্টা।
• Apogee (অ্যাপোজি): পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর কক্ষপথের যে বিন্দু পৃথিবী থেকে সবচেয়ে দূরে।
• আশআরিয়‍্যা (أشعرية): ধর্মের ধর্মতত্ত্ব (Theology) থাকে। মানে ধর্মের মধ্যে থাকা মানুষের কিছু জিনিস বিশ্বাস করতে হয়। এই এক সেট বিশ্বাসের গঠনমূলক স্টাডিকে বলে ধর্মতত্ত্ব। ইসলামে একজন মুসলিম কী বিশ্বাস করবে; সেটা নিয়ে তিনটা মডেল আছে। যথা—আশআরি, মাতুরিদি ও আসারি/হাম্বলি/সালাফি। আশআরি ধর্মতত্ত্ব ইসলামের মধ্যে সবচেয়ে বিস্তৃত ধর্মতত্ত্ব। এটার উদ্ভব আবুল হাসান আশআরির (মৃত্যু ৯৩৫) অনুসারীদের থেকে। ১১শ শতকে আশআরিদের ক্ষমতায় উত্থান হয়।
• ফায়লাসুফ (فیلسوف): Philosopher-এর জন্য ব্যবহার করা আরবি শব্দ। ক্লাসিক্যাল সময়ের ক্ষেত্রে সাধারণভাবে 'নিওপ্ল্যাটোনাইজড দার্শনিক' বোঝায়; নিরপেক্ষভাবে দার্শনিক না।
• বাইতুল হিকমা (House of Wisdom): ৯ম শতকে আব্বাসি খলিফা আল মামুন দ্বারা প্রতিষ্ঠিত বৃহৎ লাইব্রেরি ও সায়েন্টিফিক ট্র্যান্সলেশন সেন্টার। বানু মুসা ব্রাদার্স, আল কিন্দির মতো বিজ্ঞানীরা এখানে কাজ করতেন।
• মুলহিদ (ملحد): ধর্মত্যাগকারী। শারিয়াহর পরিভাষায় ইসলামি টার্মিনোলজি ব্যবহার করে, তবে তার বিকৃতি ঘটায়—এমন মানুষ।

ফন্ট সাইজ
15px
17px