📄 নারী
'No one really feels the path I seek and No one's going to care as much as me and, No one seems to know our history, and Stories are told for the world to see!'
শুয়ে আছি আর ডায়েরির পাতা উলটাচ্ছি। যখন ছোটো ছিলাম, তখন বড়ো ভাইয়ের বন্ধু আমাকে কিছু বই গিফট দিয়েছিলেন। 'আজব শিশু'; ইবনে তোফায়েলের বইয়ের বাচ্চা ভার্সন, 'জ্ঞান পাগলা এক বুড়ো'; ইবনে খালদুনকে নিয়ে লেখা একটি বই ইত্যাদি। সাথে দিয়েছিলেন ডায়েরিটি। ক্লাস এইট পর্যন্ত খুব যতনে রেখে দিয়েছিলাম তাকের ওপর। তারপর চিন্তা করলাম, ডায়েরি এভাবে ফেলে রাখলে তো দেওয়ার উদ্দেশ্যই বৃথা! তারপর থেকে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ডায়েরিতে লিখে রাখতে শুরু করলাম।
পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটা ঘটনা দেখতে পেলাম। মনে পড়ল, J.S.C পরীক্ষার দুদিন বাকি, আর আমি আমার ভাইয়ের ভার্সিটিতে অ্যারাবিক ক্লাস করছি! যখন ক্লাস এইটে ছিলাম, তখন আমার ভাই সিনিয়র অ্যারাবিক কোর্সে আমাকে নিয়ে যেত। জেএসসি পরীক্ষার দুদিন আগে সেখানে যাওয়া পাগলামি ঠেকতে পারে, কিন্তু সেটিই ছিল কোর্সের সেরা ক্লাস।
রিডিং ক্লাস। আমি বসে বসে খাতায় আঁকিবুঁকি করছি। স্যার এলেন। পড়ানো শুরু হলো। আমি অবশ্য তখনও ছবি আঁকতে ব্যস্ত। কারণ, আমাকে পড়া ধরা হবে না, আমি অতিথি। প্যাসেজ ছিল আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর ওপর। স্যার প্যাসেজ পড়ে পড়ে বাংলায় বুঝিয়ে দিলেন এবং সাথে নিয়ে এলেন আরও অনেক ফ্যাক্ট। আয়িশা-কে সুপারস্টারের মতো মনে হচ্ছে।
স্যারের কল এলো, কথা বলা শেষে বললেন—'পরবর্তী স্যার আসছেন না; কিছু আলাপ করবেন, না চলে যাবেন?'
'আয়িশা বিদ্বান মহিলা ছিলেন, শিক্ষকতা করতেন, পলিটিক্স নিয়ে ধারণা ছিল এবং চিকিৎসা নিয়েও তো জানতেন।' রহিম স্যার বললেন।
এখানে অনেক বড়ো বড়ো মানুষ ক্লাস করতে আসেন। রহিম স্যার কোনো এক স্কুলের যেন প্রিন্সিপাল। চিন্তা করতে কেমন যেন আজব লাগে : ক্লাস এইটের স্টুডেন্ট একটি বড়ো স্কুলের প্রিন্সিপালের সঙ্গে বসে ক্লাস করছে!
রহিম স্যার আবারও বললেন—'কিন্তু এখন দেখেন, আধুনিক নামধারী বিভিন্ন মানুষ এমন কথা বলে, যেন মুসলিম হলে, পর্দা করে চললে কিছুই করা সম্ভব না!'
আলাপ জমে উঠল। আমাদের এই ক্লাসগুলোতে সব সময়ই এমনিতে মূল ক্লাস শেষে ১০-১২ মিনিট আলোচনা হয়ে থাকে। আমার ভাই বলল—'হ্যাঁ, মনে হয় যেন জ্ঞান হিজাবের কাপড়ে গিয়ে আটকে যায়, মগজে আর ঢুকতে পারে না।'
স্যার মাথা নাড়িয়ে বললেন— 'হুম, আপনাদের কথা ঠিক। আসলে আগেকার নারীরা আলোতে আবদ্ধ ছিলেন—যেখানে বর্তমানের নারীরা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। চলেন দেখি ইতিহাস কী বলে।'
আঁকিবুঁকি বন্ধ করে প্রস্তুত হয়ে বসলাম।
'প্রথম যেটা ক্লিয়ার করা প্রয়োজন, শারীরিক ভিন্নতার জন্য নারী-পুরুষের মাঝে ইসলাম অনেক পার্থক্য করে, কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এখানে সবার সমান দায়িত্ব। পুরুষেরও জ্ঞান অর্জন করতে হবে, নারীরও।'
'একটা কথা স্যার।' আমার ভাই বলল—'বর্তমানে তো স্যার ঘরে বসেই অনলাইনে সব ধরনের পড়ালেখা করা যায়। বেশিরভাগ যারা বাইরে যেতে চায়, তারা কিন্তু জ্ঞান অর্জনের জন্য তা চায় না।'
'হ্যাঁ হ্যাঁ, ভালো পয়েন্ট। নিয়ত বিকৃত মূলত বেশিরভাগেরই। কিন্তু সারাক্ষণ ঘরে থাকা তো স্বাস্থ্যের জন্য ভালো না। মাহরামের সাথে মাঝেমধ্যে বাইরে যাওয়া উচিত।'
তারা যখন এই আলোচনা করছে, তখন আমি ভাবছিলাম—আমি তো পুরুষ হওয়ার পরও সারাক্ষণ ঘরে থাকি পড়ালেখার জন্য। পরিবার কোথাও ঘুরতে যেতে চাইলেও যাই না স্টাডির জন্য! এদের এত কী, ঘরে বসে স্টাডি করতে পারে না সারাক্ষণ!
স্যার বলা শুরু করলেন—
'আয়িশা-কে নিয়ে যেহেতু কথা হচ্ছিল, তিনি কিন্তু শুধু চিকিৎসাবিজ্ঞান নিয়ে জানতেন এমন না; মেডিসিন ও সার্জারিতেও দক্ষ ছিলেন। আরেকজন সাহাবি ছিলেন; আল শিফা বিনতে আবদুল্লাহ। তিনি পিঁপড়ার কামড়ের ভিন্ন ধরনের শিফা বের করেছিলেন। এতে খুশি হয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অন্যদের এটি শেখাতে বলেন। তার নাম কিন্তু আল শিফা ছিল না। তার চরম দক্ষতার জন্য মানুষ তাকে টাইটেল দিয়েছিল।
মুসলিম নারীরা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত টাকা শিক্ষাপ্রতিষ্ঠান বানানোতে ব্যয় করতেন। এদের মধ্যে আছেন ফাতিমা আল ফিহরি, মারইয়াম আল ফিহরি, দাইফা খাতুন, বারাকাত খাতুন, ফাতিমা বিনত কানিবাই আল উমারি। আরও অনেকে আছে, কিন্তু বেশিরভাগের নাম পাওয়া যায় না। অমুকের স্ত্রী, তমুকের মা বলে বইসমূহে উল্লেখ থাকে। এ ব্যাপারে আরও পরে বলছি।
'স্যার, ফাতিমা আল ফিহরির ব্যাপারে বলা হয়, তিনি ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন।'
'হ্যাঁ, তবে প্রাইমারি টেক্সটে এমন কিছু পাওয়া যায় না। মানে অন্ততপক্ষে আমি পাইনি। ইবনে আবি জার, ইবনে খালদুন কেবল বলেছেন—তিনি একটা মসজিদ বানিয়েছিলেন। তারা এটা উল্লেখ করেছেন, ফিহরি নিজ হাতে মসজিদ বানানোতে কাজ করেছেন, তবে শিক্ষার ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এখন সাধারণভাবে ক্লাসিক্যাল মুসলিম বিশ্বে মসজিদের সাথে সব সময় মাদরাসা থাকত; কুরআন-হাদিসের সাথে মেডিসিন, দর্শন পড়ানো হতো। এটাই সিস্টেম ছিল। সুতরাং ফিহরি একটা শিক্ষাপ্রতিষ্ঠান বানিয়েছিলেন, যা পরবর্তী সময়ে অন্যরা ইউনিভার্সিটিতে পরিণত করে—এমন বলা সেফ। অবশ্য প্রাইমারি টেক্সট হারিয়ে যাওয়া স্বাভাবিক, আর অসংখ্য পাণ্ডুলিপি এখনও পাবলিশ হয়নি। তাই ভবিষ্যতের রিসার্চে অন্যকিছু আসতেও পারে, তবে প্রমাণিত হওয়ার আগে বলা যাচ্ছে না আরকি।'
ঠিক আছে তাহলে। আমরা মক্কায় Zubaida water spring দেখতে পাব। এটির নামকরণ হয়েছে জাফর আল মানসুরের কন্যা জুবাইদার নামে। তিনি অসংখ্য স্থাপনা করেছিলেন। বাগদাদ-মক্কা হাইওয়ে তিনি বানিয়েছিলেন। তার স্বামী, অর্থাৎ হারুনুর রশিদের পকেট খালি করে দিচ্ছিলেন তিনি। এজন্য প্রায় তাদের ডিভোর্স হয়ে যাচ্ছিল! ওই সময় তিনি হাইওয়ের নির্দিষ্ট স্থানগুলোতে সার্ভিস সেন্টার স্থাপন করেছিলেন।
কর্ডোভার লাবনা ওই সময়ের সবচেয়ে কঠিন ধরনের অঙ্কগুলো সহজেই করতে পারতেন। তিনি জটিল বীজগণিতে পারদর্শী ছিলেন। সুতাইতা বিনত হুসেইন আল মাহামালি বিভিন্ন ইসলামি বিজ্ঞান, ভাষাতত্ত্ব ও গণিতে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি অন্যান্য গণিতবিদদের উত্থাপিত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেন। তিনি পাটিগণিতে খুব পারদর্শী ছিলেন। ইসলামের আলিমদের মধ্যে আল্লামা ইবনে কাসির, ইবনুল খাতিব বাগদাদি, ইবনুল কাইয়্যিম জাওজিয়্যাহ তার প্রশংসা করেছেন। তিনি তখন শরিয়াহ কোর্টে এক্সপার্ট উইটনেস ছিলেন। যারা এক্সপার্ট উইটনেস থাকত, তারা বৈজ্ঞানিকভাবে বিভিন্ন হিসাব-নিকাশ করে সাক্ষীর সত্যতা যাচাই করত।
স্যার বলতে থাকলেন—'মারয়াম জিনানি নামক একজন পাওয়া যায়, যিনি কেমিস্ট্রি নিয়ে কাজ করতেন। তবে এর বেশি তার কাজের ব্যাপারে আর কিছু জানা যায় না। মারইয়াম আল আস্তুরলাবি অ্যাস্ট্রোলেব বানাতেন। একে বলা হয় আগেকার কম্পিউটার।
রুফাইদা আল আসলামিয়্যাহ ওই সময় মেডিসিন কোর্স করাতেন। মেডিসিনের ক্ষেত্রে মুসলিম নারীরা অনেক এগিয়ে ছিল। মধ্যযুগে আরব, সিরিয়া, ইরাক, মিশরে অসংখ্য বিখ্যাত নারী চিকিৎসক ছিলেন। বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী আল জাহরাউই নারীদের বিজ্ঞান শিক্ষার ব্যাপারে কথা বলেছিলেন, নারীদের বিজ্ঞান সাধনায় অনুপ্রাণিত করেছিলেন। নারী শিক্ষার ব্যাপারে দার্শনিক ইবনে রুশদও মুখ খোলেন। তিনি বলেন— “বিভিন্ন জায়গায় মুসলিমদের দুর্বলতা ও দরিদ্রতার মূল কারণ নারীদের শিক্ষা হতে বঞ্চিত করা। কেননা, মা শিক্ষিত না হলে সন্তান শিক্ষিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে ওঠে।”
আমরা যদি ইসলামের আলিমাদের দেখি, তাহলে অসংখ্য প্রতিভাধর নারী দেখতে পাই। এ নিয়ে মোহাম্মদ আকরাম নদভি—আমার বন্ধু মানুষ—৪৩ খণ্ডে একটি জীবনীকোষ লিখেছেন। কিছুক্ষণ চিন্তা করুন, ৪৩ খণ্ড! ১০০০০ আলিমার বর্ণনা রয়েছে ওখানে। সংখ্যাটার দিকে আরেকবার তাকান। ইসলাম জ্ঞান অর্জনের সুযোগ না দিলে এটি কীভাবে সম্ভব হলো? ইসলামকে বাদ দিয়ে অন্যান্য সব জাতির জ্ঞানী-গুণী নারীদের নিয়ে যদি বই লেখা হয়, তবে কখনোই এত বড়ো বই লেখা সম্ভব হবে না। কিছু উদাহরণ দিই। বিনতে আলি আল মিনশার ৮০০০-এর বেশি বই সমৃদ্ধ একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। এমন রিপোর্ট পর্যন্ত আছে—একজন নারী ফিকহ নিয়ে ৬০ খণ্ডের বই লিখেছিলেন, তবে দুঃখজনকভাবে তা হারিয়ে গিয়েছে।
ইসলামের ইতিহাসের সেরা সেরা উলামা একাধিক নারী শিক্ষকের নিকট পড়েছেন। কয়েকজনেরটা লিখে দিচ্ছি।' স্যার বোর্ডে লিখলেন—
আবু আবদুল্লাহ মুহাম্মাদ আল নাজ্জার: ৪০০
ইবনু হাজম: ৭০
ইবনে আসাকির: ৮০
ইবনুল জাওজি: ৩
আবু তাহির সিলাফি: ২০+
শামসুদ্দিন সাখাবি : ৬৮
ইবনে হাজার আসকালানি : ৫৩
তাজুদ্দিন সুবকি: ১৯
জালালুদ্দিন সুযুতি: ৩৩
আবু সাদ আল সামআনি : ৬৯
যাদের নাম মনে পড়ল বললাম। এ ছাড়াও ইবনে তাইমিয়া, জারকাশি, ইবনে রজব ও অসংখ্য বিখ্যাত উলামার নারী শিক্ষক ছিল। ইবনে হাজার একজনের কথা বলেন—জাইনাব বিনতু কুতুবুদ্দিন। তার ইজাজাসমূহ বহন করতে একটি আস্ত উট লাগত!
আমি হাঁ করে স্যারের দিকে তাকিয়ে...
'ইবনে হাজার তার একজন শাইখা, মারইয়াম আল আজরিয়্যার একটি মুজাম সংকলন করে পাবলিশ করেন। বইয়ের নাম মুজাম আল শাইখা মারইয়াম। ব্যাপারটা কি অবাক করা নয়? ইসলামের ইতিহাসের সবচেয়ে সেরা স্কলারদের একজন এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে স্কলারলি ব্যক্তিত্বদের একজনের কাছে এক নারীর দেওয়া লেকচার এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তিনি সেসব সংকলন করে বই প্রকাশ করেছেন।
'হারেম বলতে লোকে বোঝে—যেখানে খলিফার স্ত্রী আর দাসীরা থাকেন। কিন্তু এটাই কি সব? হারেম ছিল মুসলিম রাষ্ট্রের Statistics center। খলিফার স্ত্রী আর দাসীরা চরম গাণিতিক দক্ষতা দেখিয়ে রাজ্যের হিসাব সংরক্ষণ করতেন। এমনকী মরক্কোর হারেমের স্ত্রীদের যদি জিজ্ঞেস করা হতো যে রাষ্ট্রের উত্তর দিকের গ্রামে আজ কয়টি মুরগির ডিম ফোটানো হয়েছে, তারা সেটিও বলে দিতেন!'
'স্যার।'
'হুম, বলো।'
'এসব তো অনেকে ফেমিনিজমের জন্য ব্যবহার করে।'
'ফেমিনিজমের সাথে এর সম্পর্ক বুঝতে পারছি না।'
'মানে স্যার, অনেকে বলে এর মানে হচ্ছে—ক্লাসিক্যাল মুসলিম বিশ্বে নারীদের অনেক অধিকার দেওয়া হতো।'
'ফেমিনিজম নিয়ে বেশি কিছু জানি না, কিন্তু এটা তো একটা আন্দোলন, নাকি? সম্পূর্ণ ইসলামের ইতিহাসে এমন একটি আন্দোলনের উদাহরণ পাওয়া যায় না। কেউ যদি এসব ব্যবহার করে আন্দোলনকে জাস্টিফাই করতে চায়, তবে সেটা কখনো ঠিক হবে না। তবে এটা সত্য কথা, ইসলাম নারীদের যে অধিকার দেয়, বেশিরভাগ জায়গায় মুসলিমরা তা দেয় না। এখন প্রাপ্য অধিকারগুলো চাওয়াকে যদি ফেমিনিজম বলা হয়, তবে সেটা দুঃখজনক। মধ্যযুগে কাফির ইউরোপিয়ান ইসলামবিদ্বেষীরা এই বলে মুহাম্মাদ-এর সমালোচনা করত—তিনি নারীদের বেশি অধিকার দিয়ে দিয়েছেন! কেউ যদি বলে—নারীদের স্টাডি করতে দেওয়া যাবে না, তবে সেটা ইসলামের উসুলেরই বিরুদ্ধে চলে যায়। হাদিসে স্পষ্ট সকলের ওপর জ্ঞান অর্জন ফরজ বলা হয়েছে।
ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ টার্কিশ ফ্যাশন অনুযায়ী মুসলিমদের মতো পোশাক পরে থাকতেন। এটাকেই তিনি সর্বাধুনিক কালচার মনে করতেন। এমনকী তিনি অন্যান্য খ্রিষ্টান রাষ্ট্রের চেয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে বেশি বিশ্বাস করতেন। সিগমান্ড ফ্রয়েডের ভাগ্নে তার দর্শন ব্যবহার করে বিশাল অর্থে নারীদের ভোগ্যপণ্য হিসেবে “প্রক্রিয়াজাত” করা শুরু করে। আর বিভিন্ন মুসলিম দেশে যেহেতু পশ্চিমকে কপি করা হচ্ছে, তাই সেইসঙ্গে তারা পশ্চিমের সমস্যাগুলোও নিয়ে চলে আসছে। ইংল্যান্ডে নারীদের চাকরি করতে দেওয়ার বড়ো কারণ হলো—সরকার যেন এক পরিবার থেকে অধিক ট্যাক্স নিতে পারে।
ট্রটুলা নামের এক মহিলা বিজ্ঞানী ছিলেন ইতালিতে। বলা হয়ে থাকে, তিনি ওই সময়ের সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকদের একজন ছিলেন। নারীদের রোগ নিয়ে করা তার কাজ এখনও পাওয়া যায়। তবে হ্যাঁ, তার অস্তিত্ব নিশ্চিত না। হয়তো-বা এমন কেউই ছিল না এবং এসব শুধুই গল্প। কিন্তু এখানে হেনরি উইলিয়ামস বলেন—“মুসলিমরা না থাকলে মহিলা বিজ্ঞানী তো দূরে থাক, কোনো সময় মহিলা বিজ্ঞানী নিয়ে এমন কল্পকাহিনিও রচিত হতো না ইউরোপে!”
শিক্ষিত ইউরোপিয়ানরা পর্যন্ত মুসলিম মহিলাদের মতো নারীর খোঁজে ছিল একসময়। এটা জানেন আপনারা? ১৭শ শতক ছিল সেই সময়। নারীদের উগ্রবাদে তখন ইউরোপে এক আতঙ্কজনক পরিবেশের সৃষ্টি হয়েছিল, সমাজ ভেঙে পড়ছিল। নারীরা বারবার তাদের স্বামীদের সাথে প্রতারণা করত। খ্রিষ্টান পণ্ডিতরা পর্যন্ত এই সময় মুসলিম নারীদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। পশ্চিমের পুরুষরা এই সময় একরকম জোর করেই নিজেদের নারীদের মুসলিমদের মতো বানাতে চাইত। মাসিঞ্জার নামক একজন লেখক একটি গল্পে একটি দৃশ্য দেখান।
একজন মুসলিম রানি তার ব্রিটিশ অ্যাম্বাসেডরকে বলছিল—ব্রিটেনে নারীরা কত ভালো থাকে, যা খুশি তা-ই করতে পারে। ব্রিটিশ লোকটা উলটো রানিকে বোঝায়—মুসলিমরাই আসলে ভালো, ব্রিটেনে তো নারীরা নষ্ট হয়ে যায়। সমাজ ধ্বংস হয়ে পড়ে। মুসলিম নারীরা ছিল আইডল। আর সকলে চাইত, যেন খ্রিষ্টান বিশ্বের নারীরা তাদের অনুসরণ করে। ১৭শ শতকের জর্জ স্যান্ডিস বলেন—“ইউরোপে নারীরা কোনো সময় সুখী না। এটা চাই, ওটা চাই; এমন প্রয়োজন, তেমন প্রয়োজন। অন্যদিকে মুসলিম নারীরা নিজেদের নারীসুলভ দায়িত্ব পালন করেই সুখী।"
যাহোক, পরবর্তী সময়ে যখন নারীদের মর্যাদা বেচে দিয়ে বিপুল অর্থ কামাইয়ের সুযোগ এলো, তখন সকলে সমাজ সংস্কারের কথা ভুলে গেল। ইসলাম নারীদের মর্যাদা রক্ষায় তৎপর থাকায় আগে যারা ইসলামের নারীদের প্রশংসা করেছিল, তারাই ইসলামের সমালোচনা শুরু করল। এটাই বাস্তবতা।
এখানে আপনাদের যা কিছু বললাম, তা কিন্তু মুসলিম নারীদের নিয়ে গবেষণা করে এসে বলিনি। মুসলিম স্কলারদের নিয়ে পড়ালেখা করতে গিয়ে মাঝখানে মাঝখানে এসব উঠে এসেছে। আরও কিছু সমস্যা আছে। অনেক মুসলিম পরিবার চাইত না যে তাদের স্ত্রী বা মেয়েদের নাম পাবলিশ হোক। মুসলিম নারীরা দেখা গিয়েছে অনেক সময়ই ছদ্মনাম হিসেবে পুরুষ নাম ব্যবহার করতেন। আবার অনেক ম্যানুস্ক্রিপ্টে নাম থাকে না এবং এসব কোনো নারীর লেখা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আবার কিছু ক্ষেত্রে বই বিক্রি করার সময় বিক্রেতা নাম কেটে দেন নিজ স্বার্থে। মুসলিম নারী স্কলারদের নিয়ে যে স্বল্পই কাজ হয়েছে—তা সহজেই বোঝা যায়। আল বেরুনি এক জায়গায় লিখেছিলেন—তিনি রায়হানার কাছে ঋণী। এই রায়হানার প্রতি তিনি একটা বইও উৎসর্গ করেছেন। কিন্তু এই রায়হানার ব্যাপারে আমরা কিছু জানি না। এই সাবজেক্টে বেশি ভালো মানের বই পাবেনও না, এক-দুটি ছাড়া। এমনকী বিজ্ঞানের ইতিহাসে মুসলিম নারীদের নিয়ে যে পরিমাণ কাজ হয়েছে, তা এক হাতে গোনা যায়।'
ডায়েরিটা পাশে রেখে তারাভরা আকাশ... স্যরি... প্লেন সাদা কালারের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলাম ভাবুক দৃষ্টিতে। এতদিন ধরে কীসব শুনলাম, এখন কী জানছি।
উঠে গেলাম। তারিক ও সিনানকে গিয়ে এসব বলতে হবে।
টিকাঃ
১. Salim al-Hassani, ‘Time and the Golden Age of Islam’ online video, YouTube; ডা. শামসুল আরেফীন, ডাবল স্ট্যান্ডার্ড ২.০ (ঢাকা : সমর্পণ প্রকাশন, ২০২০), পৃষ্ঠা ১৩৯; Salim al-Hassani, 1001 Inventions op. cit.
২. Salim al-Hassani. ‘Woman of Science in Muslim Heritage.’ YouTube. https://www.youtube.com/watch?v=wEaIBgWA--4
৩. Salim al-Hassani. ‘Early Women of Science, Technology, Medicine and Management’ Muslim Heritage.
৪. Mohammad Akram Nadwi, al-Muhaddithat (Interface Publications, 2007) vol. 1, p: 112
৫. Salim al-Hassani. ‘Woman of Science in Muslim Heritage.’ YouTube. March 26, 2014. Accessed July 21, 2019. https://www. youtube.com/watch?v=wEaIBgWA--4
৬. Salim al-Hassani. ‘Early Women of Science, Technology, Medicine and Management’ Muslim Heritage.
৭. Salim al-Hassani op. cit.
৮. Salim al-Hassani, 'Early Women of Science, Technology, Medicine and Management Muslim Heritage.'
৯. Suad Joseph, Encyclopedia of Women in Islamic Cultures (Brill 2003) vol. 1, p. 8.
১০. Suad Joseph, 360.
১১. Suad Joseph, 400.
১২. Suad Joseph, 40.
১৩. Suad Joseph, 41.
১৪. Jonathan Berkey, "Women and Islamic education in the Mamluk period' in Nikki R. Keddie and Beth Baron (edt), Women in Middle Eastern history: Shifting Boundaries in Sex and Gender (New Haven 1992) p: 143-157; Muhammad Akram Nadwi, al- Muhaddithat: Notes for a Talk on the Women Scholars of Hadith. Available at: http://www.interfacepublications.com/images/pdf/AKRAM_Article2.pdf; ডা. শামসুল আরেফীন ১৪৬।
১৫. Mohsen Haredy, 'Women Scholars of Hadith: A Case Study of the Eighth/Fourteenth-Century Mu'jam al-Shaykha Maryam' in Sebastian Günther (edt), Knowledge and Education in Classical Islam: Religious Learning between Continuity and Change (Leiden: Brill, 2020) p: 911.
১৬. Ibid
১৭. Salim al-Hassani, 'Woman of Science in Muslim Heritage'. YouTube. March 26, 2014. Accessed July 21, 2019. https://www. youtube.com/watch?v=wEalBgWA--4
১৮. Mohammad Akram Nadwi, p: xvi
১৯. Suad Joseph, 42. Karen Armstrong, Muhammad: A Biography of the Prophet (London: Phoenix, Paperback Edition 2001) p: 39.
২০. Nabil I. Matar, 'Renaissance England and the Turban.' Op. cit.
২১. Salim al-Hassani. 'Woman of Science in Muslim Heritage'. YouTube. March 26, 2014. Accessed July 21, 2019. https://www. youtube.com/watch?v=wEalBgWA--4
২২. ibid
২৩. 'Medieval Science among the Arabians' in H. S. Williams and E. H. Williams, A History of Science (Harper and Brothers, 1904)
২৪. Nabil I. Matar, ‘Renaissance England and the Turban,’ in David Blanks (edt), Images of the Other Europe and the Muslim World Before 1700 (Cairo: Cairo Press, 1997).
২৫. Nabil Matar, ‘The Representation of Muslim Women in Renaissance England,’ available at https://booksc.xyz/book/ 9789726 838b1f
২৬. Ibid
২৭. Ibid
২৮. Nabil Matar, ‘The Representation of Muslim Women in Renaissance England, p: 52.
২৯. Ibid, 51.
৩০. Ibid, 54.
৩১. Salim al-Hassani. ‘Woman of Science in Muslim Heritage.’ YouTube, March 26, 2014. Accessed July 21, 2019. https://www. youtube.com/watch?v=wEalBgWA-4
৩২. Carla Power, If the Oceans were Ink: An Unlikely Friendship and a Journey to the Heart of the Qur’an (New York: Henry Holt and Company, 2015).
৩৩. A-T. Tymieniecka (edt), Timing and Temporality in Islamic Philosophy and Phenomenology of Life (Springer, 2007) p: 267.
৩৪. Suad Joseph, 358.
📄 সেটা জিবারিশ...
গুরুগম্ভীর একটা বিষয়ে আলোচনার জন্য আসরের নামাজের সময় সিনান আমাকে একটি নির্দিষ্ট মসজিদে ডেকেছে। গিয়ে দেখি—তারিকও আছে। নামাজ শেষে তাদের সাথে মিলিত হলাম।
তারিক বলল— 'হ্যাঁ সিনান, এবার শুরু কর।'
হাঁটতে হাঁটতে আমাদের আলাপ চলল।
সিনান বলল— 'জাবির ইবনে হাইয়ান...'
আমি উৎফুল্ল হয়ে উঠলাম— 'অনেক দিন পরে।'
'আরমান, তুই ভইনিচ ম্যান্যুস্ক্রিপ্ট'-এর নাম তো নিশ্চয়ই শুনেছিস, তাই না?'
'হুম।'
'সেখানে ব্যবহার করা ভাষাটার নাম মনে আছে?'
'আ... উম... জিবারিশ মনে হয়।'
'হ্যাঁ! এই জিবারিশ শব্দটার এটিমোলজি মানে উৎস জানিস? এটি এসেছে জাবির ইবনে হাইয়ানের ল্যাটিনাইজড নাম Geber থেকে।'
'কেন?' তারিকের প্রশ্ন।
'কারণ হচ্ছে—জাবির ইবনে হাইয়ান মুসলিম বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত মানুষ... স্যরি, ভুল হয়ে গিয়েছে—সবচেয়ে বেশি বিতর্কিত নাম।'
'বুঝলাম না।'
'বোঝাচ্ছি। সমস্যাটা হচ্ছে— “জাবির ইবনে হাইয়ান" আর Geber—এ দুটো নাম নিয়ে। জিবার আর জাবির ইবনে হাইয়ান—এ দুটো নাম আছে ৩০০০ এরও বেশি বইয়ের নিচে। কিন্তু একজন মানুষ একা এত বেশি কীভাবে লিখতে পারেন? আবার অনেক ল্যাটিনাইজড বইয়ের মূল অ্যারাবিকটা পাওয়া যায় না। এজন্য অনেকে মনে করেন, সেগুলো কোনো ওয়েস্টার্ন রসায়নবিদদের লেখা। এটাকে Geber-Problem বলে। এ দাবিটার অবশ্য গুরুত্ব নেই। কেননা, অনুবাদের পর মূলত পাণ্ডুলিপি হারিয়ে যেতেই পারে। যাহোক, মেইন পয়েন্টে আসি। জাবির ইবনে হাইয়ানের পরবর্তী মুসলিম কেমিস্টরা তাকে নিজেদের ওস্তাদ হিসেবে মেনে নেয় এবং অনেকেই তার নাম সুডোনিম বা ছদ্মনাম হিসেবে ব্যবহার করে। আমার মনে হয়, এজন্যই মূল সমস্যাটা হয়েছে। তবে জাবির ইবনে হাইয়ানের ২০০টির বেশি বই ছিল—এ নিয়ে কোনো সন্দেহ নেই।
আরেক দল বলতে চায়, জাবির ইবনে হাইয়ান নামের কোনো মানুষই ছিল না। এগুলো ভিত্তিহীন কথা। এদের জবাব দিয়ে Holmyard বলেন—এটা নিশ্চিত, Geber ইসলামের সর্বশ্রেষ্ঠ কেমিস্ট জাবির ইবনে হাইয়ান ছাড়া আর কেউ নন। ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ার নোমানুল হক—যার মূল স্পেশালাইজেশন জাবির ইবনে হাইয়ান, তিনি নিজের বইয়ে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন। '
রাস্তায় অতিরিক্ত মানুষ। হাঁটতে খুব সমস্যা হচ্ছে। এমন সময় তারিক বলল— 'নারীরা ঘরে থাকলে আর কিছু হোক আর না হোক, রাস্তায় অন্তত ভিড় কিছুটা কমত!'
সিনান অবশ্য বলে চলেছে— 'একটা জিনিস লক্ষ কর, Hippocrates-এর নামে ৬০টি বই আছে। একটির ব্যাপারেও শতভাগ নিশ্চয়তা নেই, তা হিপোক্রেটিস লিখেছেন কি না। হিপোক্রেটিসকে সবচেয়ে বেশি সম্মান করা হয় Hippocratic Oath-এর জন্য, যেটা হিপোক্রেটিস লিখেনইনি! আর জাবির ইবনে হাইয়ানের ক্ষেত্রে একটু থেকে একটু সন্দেহ পেলেই সেটাকে এক বিরাট ব্যাপার বানিয়ে ফেলা হচ্ছে। এসব ওরিয়েন্টালিস্ট বায়াস অত্যন্ত বিরক্তিকর।
১২-১৩ খ্রিষ্টাব্দে লেখকের নামের জায়গায় জিবারওয়ালা পাঁচটা ল্যাটিন বই পাওয়া গিয়েছিল। এগুলোর মূল অ্যারাবিক পাওয়া যায়নি। এ কারণে অনেকে প্যাঁচ লাগায়। কিন্তু তার নামে তো যে কেউ বই লিখতেই পারে—এ বলে জাবির ছিল না বলা কেমন স্টুপিডিটি।
'সব বুঝে গিয়েছি, এবার চল কিছু খেয়ে নিই।'
'কী বুঝেছিস? আমি তো এখনও মূল জিনিস বলিইনি।'
'কী! জিবারিশ শব্দটা কোথা থেকে এসেছে, সেটা বলছিলি না এতক্ষণ?'
'না।'
'তো!'
'আমি তো শুধু জাবির ইবনে হাইয়ানকে নিয়ে জটিলতার ব্যাকগ্রাউন্ড দিলাম মাত্র।'
তারিককে বলতে না দিয়ে সিনান বলতে থাকল—'বিভিন্ন অ্যালকেমিস্টের জাবির ইবনে হাইয়ানের নাম ব্যবহার করার আরেকটি কারণ হতে পারে, আসল অ্যালকেমি অনেক কম মানুষ প্র্যাকটিস করত। সঠিকত্বের মানুষ দুনিয়ায় অনেক কমই থাকে, বুঝেছিস? বেশিরভাগই তখন লোভে পড়ে বিভিন্ন জিনিস মিলিয়ে স্বর্ণ বানানোর চেষ্টায় মেতে ছিল। আসল মুসলিম বিজ্ঞানীদের মধ্যে এটা খুবই কুৎসিত একটা ব্যাপার হয়ে উঠেছিল। আবু বকর আল রাজি, ইবনে সিনা, আল কিন্দি, ইবনে খালদুনের মতো বড়ো বড়ো ব্যক্তিত্ব এটার মারাত্মক সমালোচনা করেন। এই প্র্যাকটিস অবশ্য মারা যায়নি: তা ১৮ শতক পর্যন্ত টিকে ছিল। স্যার আইজ্যাক নিউটন শেষ অ্যালকেমিস্টদের একজন, যারা বিভিন্ন জিনিস মিলিয়ে স্বর্ণ বানাতে চেষ্টা করেছিলেন। ১৮ শতকে এই প্র্যাকটিস গোপনে চলে যায়।
যাহোক, মুসলিমদের মধ্যে কিছু মানুষ গোপনে অ্যালকেমি প্র্যাকটিস করতেন। তারা এ সময় কাভার নেওয়ার জন্য জাবির ইবনে হাইয়ানের নাম ব্যবহার করেন। এ কারণে অনেক প্যাঁচ বেঁধেছে। কেননা, তারা অনেক উলটা-পালটা কাজ করেছে—যা জাবিরের নামে চলে এসেছে। এখন ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে তা বাদ দিতে হচ্ছে। আবার অনেক সময় জাবির ইবনে হাইয়ানকে জ্যোতির্বিজ্ঞানী জাবির ইবনে আফলাহর সাথে গুলিয়ে ফেলা হয়। দুজনের ল্যাটিন নাম একই।
জাবির ইবনে হাইয়ান স্বর্ণ তৈরি করতে পেরেছিলেন কি না—এ ব্যাপারে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, কিন্তু সেসবে যাব না। শুধু একটি কথা বলব।'
'তাড়াতাড়ি বল! খিদে পেয়েছে।'
'আরে এখনও মূল আলোচনা শুরুই হয়নি...'
'ইন্নালিল্লাহ!'
'এই তো আসছি...'
'মাইর খাবি এখন!'
সিনান হেসে দিয়ে আবার বলা শুরু করল— 'জাবির ইবনে হাইয়ানের রসায়ন গবেষণাগার কোথায়, সেটা কেউ জানত না। তার মৃত্যুর ২০০ বছর পর কুফায় একটা রাস্তার রিকন্সট্রাকশন চলছিল। এই সময় তার গবেষণাগার আবিষ্কৃত হয়। আর সেখানে একটা বিশাল স্বর্ণখণ্ডও পাওয়া যায়।'
'বাপ রে বাপ!' তারিক ও আমি সমস্বরে চিল্লিয়ে উঠলাম।
'হ্যাঁ। এবার তাহলে “জিবারিশ” কেন জাবির ইবনে হাইয়ানের ল্যাটিনাইজড নাম—তা ক্লিয়ার করি। মনে আছে, লাইব্রেরিতে তারিক জাবির ইবনে হাইয়ানের কৃত্রিম জীবন আবিষ্কারের চেষ্টার কথা বলেছিল? যার কারণে আমরা তাকে পাগল ভেবেছিলাম?'
'হ্যাঁ।' আমি হেসে বললাম।
'অনেকের মতে—এটা জাস্ট সুফিবাদী চিন্তা-ভাবনা। এজন্য বলা হয়, এটা গ্যেটের ফাউস্ট ও মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন-এর অনুপ্রেরণা। কিন্তু বাস্তবে কি ওসব কাল্পনিক চিন্তা-ভাবনা ছিল?'
সিনানের কথায় শরীর শিউরে উঠছে।
'এটা বলা সম্ভব না। অ্যালকেমি নিয়ে তার বেশিরভাগ লেখা বোঝা দুঃসাধ্য। সবই যেন ধাঁধা। বোঝা সম্ভব না বললেই চলে। এটা অবশ্য জাবির ইবনে হাইয়ান একা করেননি; মাসলামাহ আল মাজরিতি নামের আরেকজন আন্দালুসিয়ান অ্যালকেমিস্টও করেছিলেন। মূলত এটা প্রায় সকল বড়ো বড়ো অ্যালকেমিস্টদের স্টাইল। অনেকে মনে করেন, তারা জ্ঞানটা সবাইকে দিতে চাননি। শুধু তাদেরই দিতে চেয়েছেন, যারা অ্যালকেমির জন্য জীবন দিতে প্রস্তুত।
এজন্য তারা এমন ভাষা ব্যবহার করেছে। আরেকজন অ্যালকেমিস্ট আবুল কাসিম আল ইরাকি ব্যাখ্যা দিয়েছেন—নিজের আবিষ্কার অন্যের নামে চলে যেতে না দেওয়াটা জাস্ট নরমাল মানবীয় চরিত্র। মুসলিমদের আগেও ইতিহাসে এমনই দেখা গিয়েছে। এটা সত্য, বর্তমানে পেট্যান্টের ব্যবস্থা তার বলা ওই কারণটির ফলেই হয়েছে। আবার জাবির ইবনে হাইয়ানের শিক্ষক জাফর সাদিকও জাবির ইবনে হাইয়ানকে সতর্ক করে দিয়েছিলেন, যেন অযোগ্য কারও হাতে জাবিরের লেখা না পড়ে। এ ছাড়াও আসলে বিজ্ঞানের বিভিন্ন জিনিস তো আর সাধারণ মানুষরা বোঝে না, সেগুলো দক্ষরাই বোঝে। তাহলে সাধারণ মানুষকে জানিয়েই-বা লাভ কী? তাই আবুল কাসিম ইরাকির মতে—অ্যালকেমিস্টদের লেখা এমন, যেগুলো সুদক্ষ অ্যালকেমিস্টরাই বুঝতে পারবে।
অনেকেই অ্যালকেমির নামে ভন্ডামি করত। অকাল্টিস্ট ছিল, তারপর অনেকে বিভিন্ন লোভ দেখিয়ে মানুষের টাকা খেত। জাবির ইবনে হাইয়ানের ওপর অকাল্টিজম বা জাদুর কোনো রকম অভিযোগ গ্রহণযোগ্য না। কিছু কাজকে অকাল্ট সায়েন্স বলা যেতে পারে, সেটা নেগেটিভ কিছু না; একটা নতুন টার্ম। ম্যাথিউ মেলভিন-কুশকি, যিনি মুসলিম বিশ্বে অকাল্টিজমের ওপর বর্তমানে সবচেয়ে বড়ো স্কলার, তিনি একটা স্বয়ংসম্পূর্ণ লিস্ট দেন মুসলিম অকাল্টিস্টদের। তিনি বলেন, জাবির ইবনে হাইয়ান অকাল্টিস্ট ছিলেন না। এমনকী গ্রিক অ্যালকেমির সাথেও জাবিরের অ্যালকেমি তুলনা করা যায় না। তিনি যা করতেন—তা এক্সপেরিমেন্টাল সায়েন্স। তিনি যে অ্যালকেমিক্যাল ট্রান্সমিউটেশন করতেন, তা কেবল বিভিন্ন বস্তুর পদার্থের গাণিতিক আনুপাতিক পরিবর্তন। বর্তমানে তো মানুষ সবকিছুকেই জাদু বানিয়ে দেয়। ফ্ল্যাট আর্থারদের ব্যাপারে তো জানিস।'
'জাবির ইবনে হাইয়ান ইর্যাশনাল অর্থাৎ অযৌক্তিক, আনসায়েন্টিফিক কিছু করেননি। তিনি খুব সিস্টেমেটিক ওয়েতে কাজটা করতেন। তিনি নিজেই সেসব অ্যালকেমিস্টের সমালোচনা করেছেন, যারা আন্দাজে বিভিন্ন জিনিস মিলিয়ে কোনোরূপ বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই স্বর্ণ বানাতে চাইত। সুডো-জাবিবরা উলটা-পালটা কাজ করেছে, কিন্তু জাবির ইবনে হাইয়ানের কোনো বইয়ে ত্যাড়াব্যাকা কিছু নেই। অন্যদের কারণে মাঝে দিয়ে তার নাম খারাপ হয়। আর জিনিসটা অত্যাধিক সিম্পল। তিনি ইমাম জাফর সাদিকের স্টুডেন্ট—এমন পাগলামি করতে যাবেন কেন? আর যদি জাবির জাদুকর হতেন, তাহলে অসংখ্য অকাল্টিস্ট তার নামের আশ্রয় কেন নিত? জাবিরের নাম মুসলিম বিশ্বে পজিটিভলি নেওয়া হতো, এজন্যই অন্যরা অকাল্ট জিনিস করার সময় জাবিরের নাম ভাঙ্গিয়ে চলত।
এখন তারিক মুভি-টভি দেখে সাই-ফাই কিছু ভাবছে। কিন্তু সে রকম না। আল্লাহ যেভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, জাবির ইবনে হাইয়ান চেষ্টা করেছিলেন সেখানে একটা প্যাটার্ন খুঁজতে। তার কাজ অনেকটা বর্তমানের Synthetic Biology-এর মধ্যে পড়ে যায়। তিনি ভেবেছিলেন, ল্যাবরেটরিতে জেনেটিক্যালি মডিফাইড জিনিস তৈরি করতে পারবেন। তার এ রকম কিছু থিওরেটিক্যাল বর্ণনা তুই পড়েছিলি তারিক। Futuristic Technology-এর একটা উদাহরণ বলা যায় তার কাজকে। তার সামগ্রিক কাজে মডার্ন কেমিস্টের অসংখ্য বৈশিষ্ট্য পাওয়া যায়। যারা অন্যরকম বলে, তারা কোনোরকম অ্যানালাইসিস ছাড়াই সেসব বলে।
এখন তার তাকউইন থিওরিগুলো কাজের হোক আর না হোক, চিন্তা-ভাবনার মাত্রাটা ইন্টারেস্টিং। আর এটাও ক্লিয়ার করা উচিত হবে, এসব কেবল থিওরেটিক্যাল চিন্তা-ভাবনাই ছিল, তিনি এমন কোনো এক্সপেরিমেন্ট করতে যাননি। আর তার কাজে বারবার তিনি ইসলামের বিভিন্ন বিষয় আনেন। বর্তমানে সেক্যুলারলি যেমন এসবকে আল্লাহর বিরুদ্ধবাদী করে প্রকাশ করা হয়, কোনোভাবেই সে রকম না। এপিস্টেমোলজির মাঝে বিশাল ফারাক। শেষ কথা হচ্ছে, ঠিকভাবে বোঝাই যায় না—এখনও এসবের মূল অর্থ কী। ফাঁকা সুফিবাদী চিন্তাও হতে পারে, যেখানে সবকিছু সবকিছুর মধ্যে হারিয়ে যায়।'
'ইয়েস, আমি পাগল না!' তারিকের উল্লাস।
'ধারণা করা হয় এই আজব বইগুলোর অর্থ যারা বুঝবেন, শুধু তারাই জাবির ইবনে হাইয়ানের সকল কাজ জানবেন। জাবির ইবনে হাইয়ানের লেখা জিবারিশ; তো, এজন্যই জিবার থেকে জিবারিশ এসেছে।'
'সেই! খিদে আর নেই।'
'আর জাবির ইবনে হাইয়ানের কিছু অদ্ভুত আবিষ্কার আছে, যেগুলো বাস্তবেই ছিল, কোনো সন্দেহ নেই।'
'মানে, এগুলো অদ্ভুতভাবে অস্থির?'
'হ্যাঁ... বলতে পারিস। জাবির ইবনে হাইয়ান কাপড় ওয়াটারপ্রুফ করার জন্য একটা কৌশল আবিষ্কার করেছিলেন। ওই সময় মরিচারোধী লোহা তৈরি করেছিলেন, আয়রন পাইরাইট ব্যবহার করে স্বর্ণাক্ষরে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অন্ধকারে পড়া যায়, এমন এক ধরনের কালি আবিষ্কার করেছিলেন।'
'বাপ রে বাপ রে বাপ!'
'তিনি বুঝতে পেরেছিলেন, জারণের সময়ে ধাতুর ভর কমে। এক কেমিক্যাল অন্য কেমিক্যালের সাথে যুক্ত হলে মাইক্রোস্কোপিক লেভেলে ক্ষুদ্র ক্ষুদ্র কণার আদান-প্রদান হওয়ার কথাও বলেছেন। বুঝতে পারছিস? চিন্তা করতে পারিস? তিনি ইলেকট্রনের কথা বলছেন, ১২০০ বছর আগের সেই জাবির ইবনে হাইয়ান!'
'ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ!'
টিকাঃ
১. Stephen Bax, 'The world's most mysterious book' online video, TED ed.
২. Philip K. Hitti p: 381
৩. Holmyard সে চারজনের একজন—যারা জাবির ইবনে হাইয়ানকে নিয়ে মূল কাজ করেছেন।
৪. S. Nomanul Haq, Names, Natures and Things: The Alchemist Jabir ibn Hayyan and His kitab al-ahjar (Book of Stones) (Kluwer Academic Publishers, 1994)
৫. 'Hippocrates' in Kara Rogers op. cit.
৬. বিস্তারিত জানতে পড়ুন—আহমাদ ইউসুফ আল হাসানের— a. A Critical Reassessment of the Geber Problem (in 3 parts) b. The Geber Problem: The Origin of Liber Fornacum c. Jabir's Latin Works and the Question of Geber (history-science-technology.com)
আর, মাত্র এতটুকু লেখা দিয়ে এই বিষয়টি কোনোভাবেই কাভার করা সম্ভব না। এই বিষয়টি খুবই বিতর্কিত ও জটিল। এর জন্য অবশ্যই আলাদা লেখার প্রয়োজন।
৭. Salah Zaimeche. 'The Advent of Experimental Chemistry' Muslim Heritage; Michael H. Morgan, p: 165
৮. মামুন ঘেরশ, "Alchemy Crash Course: "History of Science #10" online video Crash Course
৯. Salim Al-Hassani and Mohammed Abattouy, "The Advent of Scientific Chemistry: Muslim Heritage.
১০. Phillip K. Hitti. p. 680
১১. Michael H. Morgan, p: 162; Ehsan Masood, p: 157
১২. Ibn Khaldun, Muqaddimah: an Introduction to History, (Translated by Franz Rosenthal, Princeton University Press, 1967) p. 694.
১৩. Sonja Brentjes, p: 101; M. Shamsher Ali, p: 189
১৪. "The Lonely Alchemist" in J. al-Khalili, Pathfinders
১৫. M. Shamsher Ali op. cit.
১৬. "The Lonely Alchemist" in J. al-Khalili, Pathfinders
১৭. S. Nomanul Haq op. cit.
১৮. Michael H. Morgan, p: 163.
১৯. S. Sabreen Syeed, "The Mystic Who Created Modern Science Jabir ibn Hayyan" kn-ow.com.
২০. Michael H. Morgan, p: 164.
২১. "Chemistry" in 'School' in Salim al-Hassani op. cit.
২২. Michael H. Morgan, p: 164
📄 বিজ্ঞানের ইতিহাস
জুমার নামাজের পর তারিক, আমি ও সিনান তিনজনে মিলে আলোচনা করি। কিন্তু আজ তা হলো না। সিনান বলল—'আভনিশ তার বাসায় আমন্ত্রণ করেছে। তোরাও যাবি আমার সাথে।'
আমি কারণ জানতে চাইতে নিলাম, কিন্তু তারিক বাধা দিলো—'আমন্ত্রণ? নিমন্ত্রণ করল না কেন?'
আমরা হেসে দিলাম। অবশেষে বললাম—'কীসের জন্য যেতে বলেছে সে?'
'কী আর, তর্ক করবে?'
'ছেলে তো ব্রিলিয়ান্ট আছে, এতদিন গবেষণা করে আমাদের পেছনে ফেলে এগিয়ে গেছে হয়তো-বা।'
'চল দেখি, কী হয়।'
আমরা যথাসময়ে আভনিশের বাসায় উপস্থিত হলাম। আমাদের বসতে দিয়ে সে ভেতরে গেল। নিমন্ত্রণ করেনি ঠিক, তবে নেমন্তন্নের ব্যবস্থা করেছে। তার ছোটো ভাইকে দিয়ে চানাচুর, বিস্কুট ও কফি পাঠাল।
তারিক তাকে কাছে ডাকল—'এদিকে আসো তো দেখি... তোমার নাম কী?'
'আমি নির্ভীক।'
'ওরে! তোমাকে দেখে তো আমার ভয় করছে এখানে।'
কিছুক্ষণ চুপ থাকার পর নির্ভীক লাফিয়ে উঠল—'ভাইয়া ভাইয়া। আমার একটা প্রশ্ন আছে।'
তারিক এদিক-ওদিক তাকাল। তারপর প্রশ্ন করার অনুমতি দিলো।
'ভাইয়া, শয়তানের বউয়ের নাম কী?'
পড়ল তারিক বিপাকে! আমার কানের কাছে এসে বলল—'অদ্ভুত প্রশ্ন করে ছেলেটা। আভনিশের ভাই তার মতোই ত্যাড়াইল্লা। মান-সম্মান তো বাঁচাতে হবে ছোটো ভাইয়ের সামনে।'
সিনান বলল—'চেষ্টা কর তারিক, আমরা তোর সাথে নেই।'
কিছুক্ষণ চিন্তা করে বলল—'আমি তো জানি না... মানে... আমাকে তো দাওয়াত দেয়নি বিয়েতে!'
এরই মধ্যে আভনিশ এসে তার ভাইকে বকে ভেতরে পাঠিয়ে দিলো।
সিনান বলল—'এবার বল, যে কারণে ডেকেছিস।'
একটি কাগজ হাতে নিয়ে বসল আভনিশ। আজ তাহলে লম্বা চলবে...
'মুসলিমরা কত্ত বড়ো বাটপার! হিন্দুদের থেকে নাম্বার থিওরি মেরে দিয়ে নিজেরা কৃতিত্ব নিয়ে নিয়েছে।'
আভনিশের কথা শুনে তো তারিক হেসেই কুটি কুটি।
'হাসছিস কেন?' তাকে জিজ্ঞেস করলাম।
'মুহাম্মাদ আল খাওয়ারিজমির বইয়ের নাম ছিল কিতাব আল হিসাব আল হিন্দি। মুসলিমরা তো হিন্দুদেরই ক্রেডিট দিচ্ছিল। পরে ইউরোপিয়ানরা মুসলিমদের নাম দিয়ে দিলে আমাদের কী দোষ!'
আভনিশ যে ভাব নিয়ে বলা শুরু করেছিল, তারিক তাকে একদম গুঁড়িয়ে দিলো।
সিনান বলল—'হ্যাঁ, তাকে ছাড়াও অন্যান্য মুসলিম গণিতবিদরা নিজেরাই হিন্দুদের ক্রেডিট দিচ্ছিলেন। পশ্চিমারাই ইসলামের নাম দেয়, আবার পশ্চিমারাই ইসলামকে গালাগালি করে!'
কী অপমান!
আভনিশ কথা ঘুরিয়ে ধরল— 'আব্বাস ইবনে ফিরনাসের আকাশে ওড়ার ঘটনা পুরাই বানানো। তার মৃত্যুর ৭০০ বছর পর এটা লেখা হয়। তিনি বাস্তবে কখনো আকাশে ওড়েনইনি। আরমান ফিরমানেরটার মতো তারটাও মিথ।'
সিনান কিছুক্ষণ চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকল আভনিশের দিকে। তারপর বলল—'ইবনে সাঈদ মাগরিবি আর মারওয়ান ইবনে হাইয়ানের মতো ক্লাসিক্যাল স্কলারদের শক্ত রেফারেন্স আছে। তা ছাড়া স্প্যানিশ ইতিহাসের প্রধান মানুষ লেভাই প্রোভেঞ্চালও এটা উল্লেখ করেন। তিনি যে কয়েক মুহূর্ত না; বরং পাক্কা ১০ মিনিট আকাশে উড়ছিলেন—এটা একদম প্রতিষ্ঠিত। এত কিছুর পরও তুই বলছিস, এ ইতিহাস মিথ্যা?'
কিছুক্ষণ কাগজের দিকে চুপচাপ তাকিয়ে থাকার পর বলল—'কিন্তু তারপরও তাকে পথিকৃৎ বলা যায় না। কারণ, তার অনেক আগে চাইনিজ বিজ্ঞানীরা আকাশে উড়ে দেখিয়ে দিয়েছেন।'
সিনান কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর গম্ভীরভাবে বলল—'আভনিশ! তুই বিজ্ঞানের ইতিহাস বুঝিস না। একটা জিনিস না বুঝলে সে ব্যাপারে কথা না বলাই ভালো। বিজ্ঞানের ইতিহাসে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে একটা সরল রেখাংশ থাকতে হয়। রেখাংশের কোনো জায়গায় ভাঙা থাকলে এর আগের বিজ্ঞানীরা ক্রেডিট পান না। শুধু যে রেখাংশতে বর্তমান পর্যন্ত কোনোরকম ভাঙা চিহ্ন থাকবে না, সেই রেখাংশে থাকা বিজ্ঞানীরাই কৃতিত্ব পাবেন। X, a, b, c চারজন বিজ্ঞানী হলে যদি চারজনের মধ্যে কোনোরকম সম্পর্ক থাকে, তাহলে তারা প্রত্যেকেই কৃতিত্ব পাবেন। আর প্রথমজন হবেন পথিকৃৎ। ধর, যদি x-এর সাথে a-এর কানেকশন না থাকে, তাহলে x থাকবে ভাঙা চিহ্নের আগে, কৃতিত্বও সে পাবে না।
উদাহরণ দিই। মনে কর, মরিস ওয়ার্ড নামে একজন Starlite নামক একধরনের অসাধারণ পদার্থ আবিষ্কার করলেন। এটির প্রক্রিয়াকরণ জানার জন্য স্পেস এক্স, নাসাসহ বড়ো বড়ো প্রতিষ্ঠান লেগে গেল। কিন্তু মরিস ওয়ার্ড পদার্থটির অপব্যবহারের আশঙ্কা করে এটি বানানোর প্রক্রিয়া প্রকাশ না করেই মারা গেলেন।
এখন ধর, তুই সম্পূর্ণ নিজ যোগ্যতায় অরিজিনালি এটা আবিষ্কার করলি। বিজ্ঞান মহলে তোর অনেক প্রশংসা হলো, অনেক অ্যাওয়ার্ড পেলি, পুরো বিশ্বে বিখ্যাত হলি। তুই মারা যাওয়ার ২০০ বছর পর একজন ইতিহাস লিখতে বসল। সেখানে সে লিখল—তুই না; বরং মরিস ওয়ার্ড স্টারলাইট প্রথম আবিষ্কার করেছিলেন। এভাবে তোকে বাদ দিয়ে আবিষ্কারকের জায়গায় তার নাম দিয়ে দেওয়া অন্যায়। তুই তো জানতি, মরিস ওয়ার্ড আগে এটা আবিষ্কার করেছিলেন। আর এটা আবার বানানো সম্ভব। আব্বাস ইবনে ফিরনাস তো চাইনিজদের ব্যাপারে জানতেনও না! তারপরও তিনি পথিকৃৎ না হন কীভাবে? তো বুঝতে পেরেছিস এবার, আভনিশ?'
আভনিশ উত্তর না দিয়ে বলল—'তুই আগেরবার বিজ্ঞানে ইসলামের সুমহান প্রভাব দেখাচ্ছিলি; অথচ ইসলামের কারণেই অবশেষে বিজ্ঞানের অধঃপতন হয়।'
'কই? কীভাবে?'
'এই যে, ইমাম গাজালি বিজ্ঞানের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন।'
'হুম, আবু হামিদ আল গাজালির কারণে ইসলামে বিজ্ঞানের অধঃপতন হয়— এই ধারণাকে জর্জ স্যালিবার মতো বড়ো স্কলারই উড়িয়ে দিয়েছেন। তা ছাড়া গাজালি তার আত্মজীবনীতে স্পষ্ট উল্লেখ করেছেন, ফায়লাসুফরা ধর্মতত্ত্ব আর অধিবিদ্যা নিয়ে টানাহেঁচড়া শুরু করলেই যত সমস্যা শুরু হয়। অন্য কোনো ক্ষেত্রে তার আপত্তি নেই। তিনি আরও লিখেন, ইসলাম যে বিজ্ঞানের বিরুদ্ধবাদী, স্পেসিফিকলি বললে গণিতের বিরুদ্ধবাদী—তা চিন্তা করা মারাত্মক ভুল। আর একটা বই লেখার কারণে যে শত শত মানুষের তৈরি করা সায়েন্টিফিক ট্র্যাডিশন নষ্ট হয়ে যাবে, এটা যে কমন সেন্সের সাথেও যায় না কোনো সময়—সেটা তুই ভালোই বুঝিস।'
এরপর সিনান হেসে দিয়ে বলল—'জর্জ স্যালিবা বলেন, “গাজালির পর মুসলিম বিশ্বে আসল জ্যোতির্বিদ্যার স্বর্ণযুগ শুরু হয় এবং সামগ্রিকভাবে আবিষ্কারের সত্যিকার স্বর্ণযুগ এরপরেই শুরু।” ইসলামি দর্শনের অথোরিটি পিটার অ্যাডামসন বলেন—“গাজালির সময় থেকেই দর্শনের আসল স্বর্ণযুগ শুরু হয়।" এবার?'
'মাইকেল এইচ হার্ট তার The Hundred বইয়ে নিউটনকে দ্বিতীয় স্থানে রেখেছেন। তিনি তো ধর্মপ্রাণ খ্রিষ্টান ছিলেন। কিন্তু কোনো খ্রিষ্টানকে কখনো দেখেছিস ধর্ম টেনে এনে তাকে নিয়ে গর্ব করতে? তোদের এত কেন?'
'আগেরবারের আলাপ থেকে তো তুই কিছু শিখলিই না। বিজ্ঞান সব সময় একটা প্যারাডাইমে কাজ করে। একে ভ্যালু ফ্রি ভাবা বোকামি। আর হ্যাঁ, তাকে ক্রিশ্চিয়ান সায়েন্টিস্ট বলতে দেখেছি, ভারতীয় বিজ্ঞানীদের হিন্দু সায়েন্টিস্ট বলতে দেখেছি। বাকি পড়ালেখা না করে সারাক্ষণ ফেসবুকে বসে থাকলে বুঝবি কীভাবে? আর বর্তমান বিজ্ঞানের সাথে কিছু লাগানো না হলেও এটা কক্ষনো ভ্যালু ফ্রি না। ম্যাটেরিয়ালিজম, পজিটিভিজম, হিস্টোরিসিজম বিভিন্ন প্যারাডাইমে তা কাজ করে। আর আমরা কাউকে নিয়ে গর্ব করি না। আমি অ্যারিস্টটল, ব্রহ্মগুপ্ত, আইনস্টাইন সকলের সেরা কাজের প্রশংসা করি, তার মানে কি এটা নাকি যে তাদের নিয়ে গর্ব করি?'
'তাহলে মুসলিমদের কাজ নিয়ে লাফাস ক্যান?'
'মুসলিম বিজ্ঞানীদের নিয়ে সবচেয়ে বেশি কাজ মুসলিমরা করেনি; নন-মুসলিমরা করেছে। তারা লাফায় ক্যান?'
পালটা প্রশ্ন শুনে আভনিশ বিব্রত।
সিনান বলে চলল—'Work well done is acclaimed. And we are only being fair towards a particular civilization.'
আমি হেসে দিয়ে বললাম— 'আসলেই ব্যাটা! মুসলিমদের কাজ নিয়ে নন-মুসলিমরা প্রশংসা করলে প্রবলেম নেই, মুসলিমরা প্রশংসা করলেই গর্ব করা হয়ে যায়; আরও কত কত সমস্যা!'
কিছুক্ষণ চুপ থেকে আভনিশ বলল—'আর যাই বলিস, মুসলিমদের মধ্য থেকে গত ১২০ বছরে মাত্র তিনজন বিজ্ঞানে নোবেল পেয়েছে...'
সিনান এবারে ক্ষেপে গেল— 'মাত্র তিনজন মুসলিম বিজ্ঞানে নোবেল পেয়েছে— এর কোনো মানেই হয় না। ইসলামি স্বর্ণযুগে যদি বর্তমানের নোবেল প্রাইজের সমমানের কোনো অ্যাওয়ার্ড থাকত, তাহলে তার ৯৫% ই মুসলিমরা পেত। একই কথা ভারতীয় স্বর্ণযুগ, চায়নার স্বর্ণযুগ ইত্যাদির ক্ষেত্রেও খাটে। এখন ইউরোপিয়ান স্বর্ণযুগ চলছে, তো তারা সব পাচ্ছে, এত শক খাওয়ার কী হলো এতে? ইসলামি স্বর্ণযুগে ইউরোপের অবস্থা যে কত খারাপ ছিল! ইতিহাসবিদ ভিক্টর রবিনসন বলেন—“ইউরোপের সবচেয়ে উঁচুশ্রেণির মানুষরাও নিজের নামটা পর্যন্ত লিখতে পারত না।” যেখানে ওই সময় এমন কোনো মুসলিম কৃষকও পাওয়া দুষ্কর ছিল—যে লিখতে বা পড়তে জানত না। বর্তমানে মুসলিমদের অবস্থা কি এতটা খারাপ?'
প্রশ্বাস নিয়ে শান্ত হয়ে সিনান বলল— 'জর্জ সারটন বিজ্ঞানকে ঘোড়ার গাড়ির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন— "এই গাড়ি গ্রিকরা চালিয়েছেন, রোমানরা চালিয়েছেন, সব ধরনের মানুষরাই চালিয়েছেন এবং কিছুদিন আগে চালিয়েছেন মুসলিমরা। এখন চালাচ্ছে ইহুদি আর খ্রিষ্টানরা।" গাড়ি একই, কিন্তু ভিন্ন চালক। এটা এমন গাড়ি—যা শুধু এগিয়ে যায়, কোনো সময় পেছনে ফিরে আসে না। তোর যদি বিজ্ঞানের ইতিহাসের কোনোরকম বুঝ থাকত, তাহলে তুই অমন কথা বলতি না।'
'তারপরও নিউটন আইনস্টাইন, তারাই তো মেইন বিজ্ঞানী, আমরা কি তাদের থেকে বেশি কাউকে সম্মান দিতে পারি?'
সিনান দীর্ঘশ্বাস ফেলল—'আভনিশ, বিজ্ঞানের ইতিহাসে মেইন বলতে কিছু নেই। বিজ্ঞানের ইতিহাস একটা তাসের ঘর। ওপর থেকে কতগুলো সরাবি, তেমন সমস্যা হবে না। কিন্তু নিচ থেকে কয়েকটা নিয়ে যাবি, সব ধূলিস্যাৎ হয়ে যাবে। তেমনই নিউটন, আইনস্টাইন না থাকলেও বেশি সমস্যা হতো না। জীবন চলত। ২০০-৩০০ বছর পর হলেও কেউ না কেউ তাদের জায়গা পূরণ করে দিত। কিন্তু নিচ থেকে অ্যারিস্টটল, টলেমি, ব্রহ্মগুপ্ত, ইবনুল হাইসামকে সরিয়ে দিবি, ভবিষ্যতের ইতিহাস আর লেখা হবে না। আর এখানে ইসলাম আলাদা গুরুত্ব পায়। ইসলাম প্রাচীন আর আধুনিক যুগের মাঝে যোগসূত্র। ট্র্যান্সলেশন মুভমেন্টে ইসলামের আগের প্রায় সকল জ্ঞানকে অ্যারাবিকে রূপান্তর করে নেওয়া হয়। এভাবে এই তাসের ঘর ভেঙে পড়াকে, অর্থাৎ জ্ঞান-বিজ্ঞান ধ্বংস হয়ে যাওয়াকে রক্ষা করে মুসলিমরা।'
মাগরিবের আজান শোনা গেল।
'আচ্ছা আভনিশ, আজ আসি। পরেরবার মজা হবে ইনশাআল্লাহ।' অতঃপর মুচকি হাসি দিয়ে বলল সিনান— 'আর তুই যতই চেষ্টা করিস না কেন, কোনো লাভ নেই আভনিশ। পৃথিবীর ৫৬ জন লিডিং রিসার্চার স্বাক্ষর করেছেন, খ্রিষ্টান পশ্চিম ইসলামি বিশ্বের কাছে ঋণী। '
যাওয়ার সময় আমি চিন্তা করলাম: ইসলাম-বিদ্বেষীরা মনে করে, আমরা বোকা। আর আমরা জানি যে, তারা বোকা।
টিকাঃ
১. হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করলে তিনি এমন উত্তর দেন : Mohammad Akram Nadwi, ‘History of Islamic Sects' Al-Salam Institute.
২. D. E. Smith and L. C. Karpinski, p: 46; 'Medieval Science among the Arabians' in H. S. Williams and E. H. Williams, A History of Science (Harper and Brothers, 1904)
৩. Hank Green, 'The Weird Truth About Arabic Numerals' Online Video, SciShow; তবে হ্যাঙ্ক এই পয়েন্টটি মিস করেছেন যে, সংখ্যাগুলো লেখা ছিল অ্যারাবিকে। এজন্যই অ্যারাবিক নিউমারালস নামকরণ করা হয় প্রধান গুরুত্বটি ভাষায়। কারণ, সেখান থেকেই সংখ্যাগুলো এসেছে।
৪. আরও দেখুন: Asadullah Ali. 'The Structure of Scientific Productivity in Islamic Civilization: Orientalist Fables' Yaqeen Institute for Islamic Research, 2017. pp: 31-48.
৫. George Saliba, p: 21.
৬. W. Montgomery Watt, The Faith and Practice of al-Ghazali (London: George Allen and Unwin Ltd, 1952) p: 34-36.
৭. George Saliba, ch. 7; Peter Adamson and Richard C. Taylor, ed. The Cambridge Companion to Arabic Philosophy (Cambridge: Cambridge University Press, 2005), 6.
৮. Salim al-Hassani, 'Time and the Golden Age of Islam' Online Video, YouTube.
৯. Victor Robinson, The Story of Medicine p: 164 as cited in Hamza Tzortzis op. cit. 'Europe was dirty, Cordova built a thousand baths; Europe was covered with vermin. Cordova changed its undergarments daily; Europe lay in mud, Cordova's streets were paved; Europe's palaces had smoke-holes in the ceiling, Cordova's arabesques were exquisite; Europe's nobility could not sign its name, Cordova's children went to school: Europe's monks could not read the baptismal service, Cordova's teachers created a library...
১০. E. H. Wilds and K. V. Lottich, 'Foundations of Modern Education', (4th edition, Holt McDougal, 1970) as cited in Salim al-Hassani op. cit.
১১. George Sarton, Introduction to the History of Science op. cit. vol. 2, p: 109.
১২. George Saliba, p: 2.
১৩. Charles Burnett. 'Mont Saint-Michel or Toledo: Greek or Arabic Sources for Medieval European Culture' Muslim Heritage.
📄 ইবনুন নাফিসের কৃতিত্ব
'তারিক, কী অবস্থা তোর?' নির্বাচনী পরীক্ষা আসন্ন। এক আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে আমাদের কথোপকথন।
'আমার তো প্লাজমা অবস্থা।'
'মানে?'
'মানে না বুঝলে মুড়ি খা!'
'নির্বাচনী পরীক্ষার ভয়ে আমার তো যে অবস্থা, তুই কিছু পারিস না, তবু এত উৎফুল্ল থাকিস কীভাবে?'
'নির্বাচনী পরীক্ষার জ্বালা... কবে যে এটা শেষ হবে, আবার মুভি দেখা শুরু করতে পারব!'
এই সময়ে সিনান বলল—'কেন যে তোরা মুভি দেখোস। একটা তিন ঘণ্টার মুভি দেখে তুই যা শিখতে পারবি, দেড় ঘণ্টার একটা ডকুমেন্টারি দেখে তার ১০-১২ গুণ বেশি শিখতে পারবি।'
'কী লাভ এত কিছু শিখে? এত জ্ঞান অর্জন করার ফায়দা কী?'
'উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া যে আবিষ্কার করেছিল, সে যদি চিন্তা করত—“এটা করে কী লাভ”, তাহলে আজ আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আসতে পারতাম না।'
তারিক কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল—'আচ্ছা, বায়োলজির কথা যখন তুলেই ফেলেছিস, তখন জীববিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীরা কী করেছেন—সে সম্পর্কে কিছু বল।'
'সেক্ষেত্রে উল্লেখ করতে হয় ইবনুন নাফিসের কথা।'
'জানি, তিনি হৃৎপিণ্ডের রক্তসঞ্চালন প্রক্রিয়াটি উদ্ঘাটন করেছেন।'
'ঠিক হৃৎপিণ্ডের রক্তসঞ্চালন প্রক্রিয়া না মূলত, শুধু ফুসফুসীয় সংবহন। যাহোক, প্রথমে বলে রাখছি, ওই সময়ে গ্যালেন আর ইবনে সিনার মতের বিপরীত কিছু বলা মানে ছিল পাগলামি। কেউ এমন কিছু করলেই পাবলিক ছি ছি করত। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে, গ্যালেন আর ইবনে সিনার মত একই ছিল। তো এবার বুঝ, তাদের বিপরীতে গিয়ে কিছু বলার জন্য কত্ত সাহস দরকার। ইবনুন নাফিস উলটো আরও আত্মবিশ্বাস নিয়ে তাদের বিপরীতে লিখেছেন। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? শেষের দিকে মনোযোগ দিয়ে শুনিস। যাহোক, ইবনুন নাফিস কিন্তু ছোটো হননি। তবে ইবনে আবি উসাইবিআ, ইবনুন নাফিসের সমকালীন হওয়ার পরও তার বিখ্যাত বিজ্ঞানের ইতিহাসের বইয়ে ইবনুন নাফিসকে রাখেননি। তার কাছে ইবনুন নাফিস ছিল মূর্খ!
গ্রিক ও ইসলামি সাম্রাজ্যে মানবদেহ ব্যবচ্ছেদ করা নিষিদ্ধ থাকায় গ্যালেন ও ইবনে সিনা ভুল বুঝেছেন। অবশ্য, ইসলামের কোনো আইনের বইয়ে এটাকে নিষিদ্ধ বলা হয়নি। ইবনুন নাফিস নিজেও লিখেন, মানবদেহ ব্যবচ্ছেদ না করতে পারায় আমরা আরও উন্নতমানের তথ্য দিতে পারি না। বর্তমানে অবশ্য বিভিন্ন স্কলার বলেন, ইবনুন নাফিস গোপনে ব্যবচ্ছেদ করেছিলেন।
ইবনুন নাফিস তার শারহু তাশরিহিল-কানুন লি ইবনে সিনা বইয়ে রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা করেন। গ্যালেনের মতে—ডান দিকের প্রকোষ্ঠে; মানে এখন যেটাকে নিলয় বা ventricle বলি, সেখানে রক্ত পরিশোধিত হয়ে বাম দিকের প্রকোষ্ঠে যাওয়া দরকার। তিনি বলেন, এটা অদৃশ্য পথের মাধ্যমে হয়। কিন্তু ইবনুন নাফিস বলেন—এ দুটার মাঝে আদান-প্রদানের কোনো পথ নেই।'
তারিক হাসা শুরু করে দিলো। আমি জিজ্ঞেস করলাম— 'কী হয়েছে?'
'গ্যালেন পথ আবিষ্কার করতে পারেনি বলে অদৃশ্য পথের কাহিনি বানিয়েছে।'
তারিকের কথা শুনে আমরাও হেসে উঠলাম।
সিনান চালিয়ে গেল—'ইবনুন নাফিস ভিন্নভাবে দেখিয়েছেন। ফুসফুসীয় ধমনি দিয়ে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যায়। তারপর পরিশোধিত হয়ে পালমোনারি শিরার মাধ্যমে পুনরায় হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলে পৌঁছায়।'
'অসাধারণ ব্যাখ্যা!' আমি বললাম।
'বর্তমানের ব্যাখ্যা এর থেকে জটিল বটে, তবে মেইন জিনিস এটাই। এটা ছাড়া সম্পূর্ণ রক্ত সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করা সম্ভব হতো না।
এখন প্রশ্ন হচ্ছে ইবনুন নাফিসের কাজ ইউরোপে কতটুকু প্রভাব ফেলেছে। তার ইবনে সিনার ব্যাখ্যা গ্রন্থটি মুসলিম বিশ্বে ইবনে সিনার কানুন ফিত-তিব্ব-এর জায়গা দখল করে নেয়। এই বই লিখে ইবনুন নাফিস বিরাট ধনী হয়ে যান। কিন্তু পশ্চিমে এর প্রভাব কমই পড়েছে। ভালো কথা! ইবনুন নাফিসের কিন্তু কোনো ল্যাটিন নাম নেই।'
'কী বলিস! ইবনে সিনার বই তো ইউরোপে ২০ শতক পর্যন্ত চলেছে। ইবনুন নাফিসেরটার এই দুর্দশা কেন?'
'সেটা অনুবাদ করা হয়নি বলে। তবে তার রক্ত সঞ্চালন অংশটা আন্দ্রেয়া আল্পাগো অনুবাদ করেছিলেন। তিনি অ্যারাবিক জ্ঞান অর্জনের জন্য ৩০ বছর সিরিয়ায় কাটান।'
কথাটা বুকে গিয়ে বিঁধল। একজন নন-মুসলিম অ্যারাবিক শেখার জন্য ৩০ বছর নিজ গৃহ হতে দূরে কাটায়, আমরা মুসলিম হওয়ার পরও ঘরে বসে হলেও অ্যারাবিক শেখার কোনোরূপ ইচ্ছাই প্রদর্শন করি না। তা-ও তার ছিল সেক্যুলার কারণ, আর আমাদের কুরআন বোঝার কত বড়ো কারণ রয়েছে।
'তিনি বইটি ইউরোপে নিয়ে আসার পর থেকেই বিভিন্ন ইউরোপিয়ান বিজ্ঞানী পালমোনারি সারকুলেশনের বর্ণনা দিতে থাকেন।'
'তাহলে তো হয়েছেই, প্রমাণিত।'
'নাহ, বিজ্ঞানের ইতিহাসে এমন ট্র্যান্সমিশন প্রমাণ করতে হলে তার রুট বর্ণনা করা লাগে। সুস্পষ্ট হলেও ইতিহাসবিদরা গ্রহণ করেন না। তারা Smoking Gun খোঁজে! এত বেশি কঠিন করাটা আসলে ভাল্লাগে না, তবে এটা ঠিক। স্ট্রিক্ট স্টাডি মেথডোলজি কারও ভালো না লাগলে তার নিয়তে সমস্যা আছে।
যাহোক, ফুসফুসীয় রক্ত সংবহন বেশ কয়েকজন বিজ্ঞানী ব্যাখ্যা করেছেন। যেমন : আন্দ্রেয়াস ভেসালিয়াস, মাইকেল সারভেটাস, মারসেলো মালপিগি, রিয়েল্ডো কলম্বো, হুয়ান ভালভারদে, আন্দ্রেয়া চেসালপিনো ইত্যাদি। এদের মধ্যে ভেসালিয়াস আর সারভেটাস অ্যারাবিকে ফ্লুয়েন্ট ছিলেন। উইলিয়াম হার্ভির কৃতিত্ব হলো, ইবনুন নাফিস শুধু ফুসফুস-হৃৎপিণ্ডতে রক্ত সঞ্চালন ব্যাখ্যা করেন, যেখানে হারভি পুরো রক্ত সঞ্চালনই ব্যাখ্যা করেন।
সারভেটাস যে ইবনুন নাফিসের থেকে নিয়েছিল, এটাতে তো সন্দেহ নেই। তার ওপর, উইলিয়াম হার্ভির বর্ণনা ইবনুন নাফিসের বর্ণনার সাথে মেলে। আল্পাগোর অনুবাদটা পাদুয়াতে ছিল। হারভি ১৫৯৭-তে পাদুয়ায় যান। তা ছাড়াও সেই সময়ে পাদুয়া ইউনিভার্সিটিতে অসংখ্য অটোমান মুসলিম পড়ত। সুতরাং লিঙ্ক আছে।
তো, ইবনুন নাফিসের এ আবিষ্কারটা খুবই তুচ্ছ মনে হয়, তাই না?'
'হ্যাঁ, অনেকটা।'
'শূন্যের ব্যবহার প্রতিষ্ঠা গণিতে যে রকম গুরুত্বপূর্ণ, ইবনুন নাফিসের ফুসফুস-ধমনির মধ্যবর্তী রক্ত সঞ্চালন আবিষ্কার আধুনিক মেডিসিনে তেমনই গুরুত্বপূর্ণ। '
'কি!'
'হুম। জর্জ সারটন বলেন, ইবনুন নাফিসের ব্যাপারটা সত্য প্রমাণিত হলে তিনি ইতিহাসের সবচেয়ে সেরা বিজ্ঞানীদের একজনে পরিণত হবেন। এখন তা প্রমাণিত এবং এ ব্যাপারে কোনো সন্দেহই নেই।
একই ক্ষেত্রে, তিনি উল্লেখ করেন—নিশ্চিতভাবেই ফুসফুসীয় ধমনি ও শিরার মাঝে সূক্ষ্ম সংযোগ থাকবে অর্থাৎ কৈশিক জালিকা। তিনি এটি অ্যাক্রেডিটেড বিজ্ঞানী মারসেলো মালপিগির ৩০০ বছর আগে বলেন।'
'Whoa! কৈশিক জালিকার কথাও বলে গিয়েছেন তিনি।'
'এখনও তো أخي, আরও অনেক কিছু বাকি।' মুচকি হেসে বলল সিনান।
'করোনারি ধমনি রক্ত সঞ্চালনে কী ভূমিকা রাখে, সেটাও ইবনুন নাফিস বের করে দিয়ে যান। এখানেও ইবনে সিনার কাজকে সংশোধন করেন তিনি। Trachoma নামক জীবাণু (Chlamydia trachomatis) দ্বারা সংক্রমিত একটা রোগ। এর ফলে চোখের পাতার পেছনের অংশ শক্ত হয়ে যায়। যার ফলে ব্যথা হয়, মারাত্মক আকার ধারণ করলে একজন অন্ধও হয়ে যেতে পারে। এই রোগের নিরাময়ের জন্য তিনি ওষুধ তৈরি করেন। মানবদেহের বিপাক ক্রিয়াও তিনিই প্রথম বর্ণনা করেন। আরমান, বল তো, মৌলবিপাক কাকে বলে?'
'সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহ দ্বারা ব্যবহৃত শক্তিকে মৌলবিপাক বলা হয়।' আমি গড়গড় করে মুখস্থ বললাম।
'বৃক্কের পাথর আর মূত্রথলির পাথরের মধ্যে ইবনুন নাফিসই প্রথম পার্থক্য করেন। এর চিকিৎসায়ও তিনি এমন পদ্ধতি ব্যবহার করেন, যা আজ পর্যন্ত ব্যবহৃত হয়। তিনি করোনারি সার্কুলেশনও ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানের ইতিহাসবিদরা কী আর সাধে তাকে সঞ্চালনমূলক শরীরবিদ্যার জনক বলে!” কন্টিনুইটি দ্যাখ। আব্দুল কাহির ভাই বলেছিলেন, ফখরুদ্দিন রাজি ইবনে সিনার মেডিকেল কাজের ওপর ব্যাখ্যা লিখেছিলেন। ইবনুন নাফিস ফখরুদ্দিন রাজির কাজের ওপর বিল্ড করেন। মানে পুরাতনটা ব্যবহার না করে সবচেয়ে আপডেটেডটা ব্যবহার করেছেন।
ইবনুন নাফিস ইসলামের বড়ো আলিম ছিলেন। শাফিই ফিকহ আর হাদিসে ছিল তার মাস্টারি। বুখারি ও মুসলিমের ওপর তিনি ব্যাখ্যাও লিখেছেন, অনেক জায়গায় পড়ানো হয় তার কাজ। '
'কি রে ব্যাটা!' তারিক বলল—'তাহলে তো এটা উলামার মাঝে বিজ্ঞান কন্টিনুইটি হয়ে গেল।'
'হ্যাঁ আসলেই' আমি বললাম।
সিনান সামনে গেল—'তিনি লিখেন আর-রিসালাতুল কামিলিয়াহ ফিস-সিরাতিন নাবাউইয়াহ বা কিতাব ফাদিল ইবনে নাতিক। কারণ, নায়কের স্টোরি ফাদিল ইবনে নাতিক নামের একজন ন্যারেট করেন। হাই ইবনে ইয়াকজানের মতো একটা দর্শনভিত্তিক উপন্যাস। এটি ইউরোপে Theologus Autodidactus নাম ধারণ করে। অবশ্য এটি তেমন আলোচিত হয়নি। দুই বইয়ের লক্ষ্যে কিছুটা ভিন্নতা আছে। ইবনে তোফায়েল বলেছেন—যুক্তি ও ওহি শেষে একই জায়গায় আসে। ইবনুন নাফিস বলেন—যুক্তি ও ওহি একে অপরকে পূর্ণ করে, সমান্তরালভাবে দুটোই লাগে। কিন্তু একই রেজাল্টের ব্যাপারে তিনি কিছু লিখেননি। হ্যাঁ, প্রাথমিকভাবে অকলুষিত যুক্তি দিয়ে একজন আল্লাহকে পেতে পারে, এমনকী নবিকেও চিনতে পারে। তবে ধর্মের আরও গভীর বিষয়গুলো কেউ কখনো একা একা বুঝবে না। অথোরিটি ফলো করতে হবে। আরও লিখলে—ইবনে তোফায়েলও নিশ্চিতভাবে এটা বলতেন।'
'বাকিটা অন্যদিন বলিস, এবার পড়ে যা।'
'কি, মজা লাগছে না?'
'আগে যা বলেছিস, তার তুলনায় না।'
'ঠিক আছে। তবু কিছু মূল কথা বলে নিই। ইবনুন নাফিসের বইটা ইতিহাসের প্রথম ধর্মতাত্ত্বিক উপন্যাস। মানে Philosophical Theology টাইপের আরকি। এখানেও একটা নির্জন দ্বীপ আছে—যেখানে কামিল নামের এক ছেলের বাস। কামিল মানে তো জানিসই; Perfect। এখানে কামিল একজন খাঁটি মুসলিমের প্রতিনিধিত্ব করে। এর মাধ্যমে তিনি মুহাম্মাদ-এর জীবনের আর মুসলিম জাতির ইতিহাসের ঘটনা, তার নিজের জীবনকালে হওয়া মোঙ্গলদের আক্রমণ আর সে সময়ে মুসলিম শাসকদের অবস্থা বিমূর্ত চিন্তার মাধ্যমে দেখিয়েছেন। অবশেষে লিখেছেন, সবই আল্লাহর নির্দেশে হয়েছে। আর এর থেকে ভালো কিছু ঘটা সম্ভব ছিল না। আখিরাত আর আত্মার অস্তিত্ব প্রমাণে তিনি তার বইতে যুক্তিভিত্তিক আর্গুমেন্ট দেন।
জাবির বিন হাইয়ানের চিন্তাধারা সায়েন্স ফিকশনের প্রথম চিহ্ন। এদিকে ইবনুন নাফিস তার বইয়ে ইসলাম অনুযায়ী শেষ জামানার দিনগুলোকে গল্পের মধ্যে যুক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করেন। তাই অনেকে তার বইকে ইতিহাসের প্রথম সায়েন্স ফিকশন বলে খেতাব দেন। বইটি বায়োলজি, জিওলজি, কসমোলজি সাথে দিয়ে ফিউচারোলজির মিশেল। বর্তমানের তরুণরা তো সায়েন্স ফিকশন ভালোবাসে। রবার্ট হাইনলাইন, আইজ্যাক আসিমভ, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদদের নিয়ে তাদের অনেক মাতামাতি। এই লেখকদের নিজের দক্ষতা অস্বীকার করছি না, কিন্তু এই সাহিত্যের ধরনের আবির্ভাব হয়েছিল মুসলিমদের কলমে।'
সিনানের বাসা চলে এলো— 'ইবনুন নাফিস মেডিসিনের ওপর ৮০ খণ্ডের এক বিশাল এনসাইক্লোপিডিয়া লিখতে শুরু করেছিলেন।'
'কি!' আমি অবাক হলাম।
তারিক বলল—'একটার পর একটা রেকর্ড ভাঙছে। প্রথমে মনে করেছিলাম, ইমাম তাবারি সবচেয়ে বড়ো বই লিখেছেন; পরে খবর পেলাম, মারওয়ান ইবনে হাইয়ান ইতিহাস লিখেছেন ৬০ খণ্ডে। এখন মেডিসিনের বই ৮০ খণ্ড। ইবনে আসাকিরের তারিখুল দিমাস্ক ৮০ খণ্ডে পাবলিশ হয়েছে। ইতিহাসের বই নাহয় বড়ো লেখা যায়, কিন্তু মেডিসিনের বই এত বড়ো কীভাবে?'
সিনান বলল—'মূলত তিনি ৩০০ খণ্ড করতে চেয়েছিলেন। তবে আগেই আল্লাহ তাঁকে নিয়ে যান। বইটির ২৮ খণ্ড বর্তমানে প্রকাশিত হয়েছে, আজও চিকিৎসাবিজ্ঞানীরা বইটি ব্যবহার করেন। এই জাতের বই একজন লিখেছেন, এটাই সবচেয়ে বড়ো আশ্চর্য। দুঃখজনক, ইবনুন নাফিস এর সঠিক খ্যাতি পেলেন না। চিন্তা করে দেখ, এমন একটি জটিল বিষয়ে এমন একটা বই লিখতে কীরকম পরিশ্রম হয়ে থাকবে।'
'যা! বিশ্বাস হয় না। এত বড়ো বই একজনে কীভাবে লেখে আবার!'
'তুই বিশ্বাস করিস না, পাণ্ডুলিপি পড়ে আছে আলেপ্পো আর অক্সফোর্ডে!'
'মৃত্যুর আগে ইবনুন নাফিস তার বিশাল আলিশান বাড়ি আর লাইব্রেরি কালাউন হাসপাতালকে দান করে দেন।' গেটের ভেতর ঢুকতে ঢুকতে বলে গেল সিনান।
টিকাঃ
১. Saeed Changizi Ashtiyani and Mohsen Shamsi. 'The Discoverer of Pulmonary Blood Circulation: Ibn Nafis or William Harvey?' Middle-East Journal of Scientific Research. 18:5 (2013), 562-568.
২. Emilie Savage-Smith. 'Attitudes Toward Dissection in Medieval Islam.' Oxford Journal. 50:1 (1955), 74.
৩. 'ইবনুন নাফিস' in আ.ফ.ম আব্দুল হক ফরিদী op. cit. vol. 4.
৪. রক্ত সঞ্চালনের অংশ ‘ইবনুন নাফিস’ in আ.ফ.ম আব্দুল হক ফরিদী op. cit. vol. 4.-হতে দেওয়া। আরও তথ্যের জন্য: John B. West. "Ibn al-Nafis, the Pulmonary Circulation, and The Islamic Golden Age" Muslim Heritage.
৫. মাজেদা বেগম ও অন্যান্য, জীববিজ্ঞান ২য় পত্র (কাজল ব্রাদার্স লিমিটেড, ২০১৯) পৃষ্ঠা: ১৮০-১৮১.
৬. Ehsan Masood p: 110
৭. স্মোকিং গান মানে অকাট্য প্রমাণ।
৮. Rabie el-Said Abdel-Halim. 'Contributions of Ibn Al-Nafis to the Progress of Medicine and Urology' Muslim Heritage.
৯. Michael H. Morgan p: 215
১০. J. Schacht, Ibn al-Nafis, Servetus and Colombo p: 317 336, in M. Shamsher Ali op. cit.
১১. Rabie el-Said Abdel-Halim. 'Contributions of Ibn al-Nafis to the Progress of Medicine and Urology' Muslim Heritage.
১২. Ghalioungui, P. 'Was Ibn al-Nafis unknown to the scholars of the European Renaissance?' (Clio medica, 1983) p. 38
১৩. Ekmeleddin Ihsanoglu. 'The History of Scientific Interaction' Muslim Heritage.
১৪. Michael H. Morgan p: 214
১৫. Marmaduke William Pickthall and Muhammad Asad, Islamic Culture (Islamic Culture Board. 1971)
১৬. John B. West. 'Ibn al-Nafis, the Pulmonary Circulation, and The Islamic Golden Age' Muslim Heritage.
১৭. Arman Zargaran. 'Avicenna or Ibn Nafis; who did mention to the role of coronary arteries in blood supply of the heart?' International Journal of Cardiology. 247 (2017), 47.
১৮. Emilie Savage Smith. 'Drug Therapy in Trachoma and its sequelae as presented by Ibn al-Nafis' Pharmacy in History. 14:3 (1972), pp: 95-110.
১৯. 'Metabolism: The Physiological Power-Generating Process' pulse.embs.org
২০. Rabie el-Said Abdel-Halim. 'Contributions of Ibn al-Nafis to the Progress of Medicine and Urology' Muslim Heritage.
২১. Ibid
২২. Ibid
২৩. Nahyan Fancy. 'Verification and Utility in the Arabic Commentaries on the Canon of Medicine: Examples from the Works of Fakhr al-Din al-Razi (d. 1210) and Ibn al-Nafis (d. 1288)' Journal of the History of Medicine and Allied Sciences. 75:4 (2020), pp. 361-382.
২৪. Sami Haddad and Amin A. Khairallah, 'A Forgotten Chapter in the History of the Circulation of Blood' Annals of Surgery. 104:1 (1936), 1-8.
২৫. John Freely, Light from the East: How the Science of Medieval Islam Helped to Shape the Western World. (I. B. Tauris. 2015)
২৬. আ.ফ.ম আব্দুল হক ফরিদী op. cit. vol. 4. c, vt 553
২৭. Dr. Abu Shadi al-Roubi (1982), 'Ibn Al-Nafis as a philosopher', Symposium on Ibn al-Nafis, Second International Conference on Islamic Medicine: Islamic Medical Organization, Kuwait; available at: http://www.islamset.com/isc/nafis/drroubi.html
২৮. 'Medical Knowledge' in 'Hospital' in Salim al-Hassani op. cit.
২৯. Charles Coulston Gillispie (edt), Dictionary of Scientific Biography (Scribner, 1978) pp. 602-06.