📄 অজ্ঞতা কাদের ক্ষেত্রে কতোক্ষণ পর্যন্ত ‘ওযর’
তৃতীয়ত: জাহালত-অজ্ঞতা কাদের ক্ষেত্রে কতোক্ষণ পর্যন্ত 'ওযর' হিসেবে ধর্তব্য হবে? সকল মাযহাবের প্রায় সকল ফিকহের কিতাবে বলা হয়েছে, কেউ যদি নতুন মুসলমান হয় অথবা উলামায়ে কেরাম বা নাগরিক জীবন থেকে দূরে বহুদূরে অবস্থান করে, তখন তার নিকট কথাটি পৌঁছা পর্যন্ত তার অজ্ঞতা 'ওযর' হিসেবে গণ্য হবে। তবে কথাটি না পৌঁছালেও সে বিষয়টি জেনে নিতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি জেনে না নেয়, তাহলে তা ‘ওযর' হিসেবে ধর্তব্য হবে না। আমি প্রত্যেক মাযহাবের ফকিহদের কিছু উদ্ধৃতি উল্লেখ করবো। অন্যান্য উদ্ধৃতি পাঠক নিজেই বের করে নিতে পারবেন।
📄 আবু সুলাইমান আলখাত্তাবি আশশাফেয়ি
আবু সুলাইমান আলখাত্তাবি আশশাফেয়ি (মৃ-৩৮৮ হি.) প্রথম যুগে যে সকল ক্ষেত্রে অজ্ঞতা 'ওযর' হিসেবে ধর্তব্য হয়েছে, পরবর্তীতে কেনো তা ধর্তব্য হবে না; উভয় যুগের পার্থক্য আলোচনা করতে গিয়ে তিনি বলেন- منها قرب العهد بزمان الشريعه التي كان يقع فيها تبديل الأحكام. ومنها وقوع الفترة بموت النبي ﷺ وكان القوم جهالاً بأمور الدين وكان عهدهم حديثاً بالإسلام فتداخلتهم الشبهة فعذروا كما عذر بعض من تأول من الصحابة في استباحة شرب الخمر ....... فأما اليوم فقد شاع دين الإسلام واستفاض علم وجوب الزكاة حتى عرفه الخاص والعام واشترك فيه العالم والجاهل فلا يعذر أحد بتأويل يتأوله في إنكارها. وكذلك الأمر في كل من أنكر شيئاً مما أجمعت عليه الأمة من أمور الدين إذا كان علمه منتشراً كالصلوات الخمس وصيام شهر رمضان والاغتسال من الجنابة وتحريم الزنا والخمر ونكاح ذوات المحارم في نحوها من الأحكام، إلا أن يكون رجل حديث عهد بالإسلام لا يعرف حدوده، فإذا أنكر شيئاً منه جهلاً به لم يكفر وكان سبيله سبيل أولئك القوم في تبقية اسم الدين عليه. (معالم السنن للخطابي, كتاب الزكاة, ٨/٢, شرح صحيح مسلم للنووي, ٣٠٠/١, إكفار الملحدين, ص٩١)
“তন্মধ্যে একটি হচ্ছে, শরিআত প্রবর্তনের সময় নিকটবর্তী হওয়া যাতে বিধান পরিবর্তন হতো। আরেকটি হচ্ছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনতিকালের কারণে অবসন্নতা ছড়িয়ে পড়া। সাধারণ মানুষ দ্বীনি বিষয় সম্পর্কে অজ্ঞ ছিলো এবং নতুন মুসলমান ছিলো। তাই তাদের মাঝে বিভিন্ন সংশয় সৃষ্টি হয়েছে। এ কারনেই তাদের 'ওযর' গ্রহণযোগ্য হয়েছে, যেমনিভাবে মদ পান করার বৈধতার ব্যাপারে কিছু সংখ্যক সাহাবির 'তাবিল' ব্যাখ্যা 'ওযর' হিসেবে গ্রহণ করা হয়েছে। ..... কিন্তু বর্তমানে ইসলাম ছড়িয়ে পড়েছে এবং যাকাত ফরয হওয়ার বিষয়টি এমনভাবে প্রসিদ্ধ হয়েছে যে সাধারণ ও বিশেষ সকলেই তা জানে। এক্ষেত্রে আলেম-জাহেল সকলেই সমান। তাই যাকাত অস্বীকার করতে গিয়ে কোনো ব্যাখ্যার আশ্রয় নিলে তা 'ওযর' হিসেবে গ্রহণযোগ্য হবে না। যে কেউ দ্বীনি যে সকল বিষয়ের উপর উম্মাহর ঐকমত্য প্রতিষ্ঠা হয়ে গেছে, তার কোনো একটিকে অস্বীকার করবে; তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে। যখন তা জানা-শুনার বিষয়টি ব্যাপক হবে, যেমন পাঁচ ওয়াক্ত নামায, রমযানের রোযা, 'জানাবাত' শারীরিক অপবিত্রতা থেকে গোসল করা এবং যিনা, মদ ও 'মাহরাম' যাদের সঙ্গে বিবাহ বৈধ নয় তাদেরকে বিবাহ করা হারাম হওয়া ইত্যাদি বিভিন্ন বিধি-বিধান। হাঁ! কেউ যদি নতুন মুসলমান হয় যে এখনো হালাল হারামের পার্থক্য বুঝেনি; সে যদি অজ্ঞতার কারণে কোনোটিকে অস্বীকার করে, তাকে কাফের বলা হবে না। মুসলমান বলার ক্ষেত্রে তাকে প্রথম শ্রেণির লোকের বিবেচনায় রাখা হবে।” (মাআলিমুস সুনান, ২/৮, শরহে সহিহে মুসলিম, ১/৩০০, ইকফারুল মুলহিদিন, পৃ: ৯১)
📄 বুরহানুদ্দিন আলমারগিনানি আলহানাফি
বুরহানুদ্দিন আলমারগিনানি আলহানাফি (মৃ-৫৯৩ হি.)
لأنها تتفرغ لمعرفة أحكام الشرع والدار دار العلم فلم تعذر بالجهل. (الهداية, كتاب النكاح, باب في الأولياء والأكفاء, ٣١٧/٢)
“কেননা সে শরিআতের আহকাম জানার সুযোগ পায়, কারণ অঞ্চলটি ইলম ব্যাপক হয়ে থাকা অঞ্চল। সুতরাং অজ্ঞতা 'ওযর' হিসেবে ধর্তব্য হবে না।” (হিদায়া, ২/৩১৭)
📄 ফখরুদ্দিন রাযি আশশাফেয়ি
ফখরুদ্দিন রাযি আশশাফেয়ি (মৃ-৬০৬ হি.)
والوجه الثالث: أن يكون المراد منه أن يأتي الإنسان بالمعصية مع أنه لا يعلم كونه معصية لكن بشرط أن يكون متمكناً من العلم بكونه معصية، فإنه على هذا التقدير يستحق العقاب، ولهذا المعنى أجمعنا على أن اليهودي يستحق على يهوديته العقاب، وإن كان لا يعلم كون اليهودية معصية، إلا أنه لما كان متمكناً من تحصيل العلم بكون اليهودية ذنباً ومعصية، كفى ذلك في ثبوت استحقاق العقاب. (التفسير الكبير للرازي, سورة النساء – الآية: ١٧, ٥/١٠)
“তৃতীয় ব্যাখ্যা. তা দ্বারা উদ্দেশ্য কেউ গোনাহকে গোনাহ না জেনে তাতে লিপ্ত হওয়া। কিন্তু কেউ যদি কাজটি গোনাহ হওয়ার ইলম অর্জন করতে সক্ষম হয়, তাহলে সে শাস্তির উপযুক্ত হবে। এজন্যই আমরা এ ব্যাপারে একমত যে, ইহুদি ইহুদি হওয়ার কারণে শাস্তি ভোগ করবে, যদিও সে জানে না যে ইহুদি হওয়া অন্যায়। কেননা তার এই ইলম অর্জন করার সুযোগ ছিলো যে ইহুদি হওয়া গোনাহ ও অপরাধ, এতোটুকুই শাস্তির উপযুক্ত হওয়ার জন্য যথেষ্ট।” (আততাফসিরুল কাবির, ১০/৫, সুরা নিসা, আয়াত: ১৭)