📄 কর্তৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য
এবার আসি ‘উলুল আমর' তথা কর্তৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য প্রসঙ্গে। তাদের কারও আনুগত্য রাসূলের আনুগত্য অনুযায়ী হলে, তা মেনে নেওয়া আবশ্যক। তবে তাদের আনুগত্য করা স্বতন্ত্র কোনো ফরয নয়। যেমনটা নবি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে,
'মুসলিম ব্যক্তির অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে প্রত্যেক প্রিয় এবং অপ্রিয় ব্যাপারে (দায়িত্বশীলের) আনুগত্য করা, যতক্ষণ না তাকে আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয়। যদি আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয়, তাতে আনুগত্য (করার বিধান) নেই।'
খেয়াল করুন, আয়াতের পরবর্তী অংশে অর্থাৎ 'আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও'-এখানে ঠিক একই ইঙ্গিত পাওয়া যায়। এখানে বলা হয়নি, 'আল্লাহর দিকে এবং তাঁর রাসূলের দিকে ফিরিয়ে দাও।' কারণ আল্লাহর দিকে ফেরানো, আর রাসূলের দিকে ফেরানো একই কথা। কুরআনের দিকে ফেরানো হলে তার অর্থ আল্লাহ ও তাঁর রাসূল-উভয়ের দিকে ফেরানো। আবার সুন্নাহর দিকে ফেরানো মানেও আল্লাহ ও রাসূল-উভয়ের দিকেই ফেরানো। সুতরাং, আল্লাহ তাআলা কোনো বিষয়ে বিধান দিলে, সেটা তাঁর রাসূলেরও বিধান। আবার রাসূল ﷺ কোনো বিষয়ে বিধান দিলে, সেটাও স্বয়ং আল্লাহর বিধান বলেই গণ্য হবে। কাজেই, আমরা যদি মতভেদের জায়গাগুলো আল্লাহর দিকে অর্থাৎ তাঁর কিতাবের দিকে ফিরিয়ে দিই, তবে আমরা আল্লাহ এবং রাসূল উভয়ের দিকে ফেরালাম। আবার যদি রাসূলের দিকে অর্থাৎ তাঁর সুন্নাহর দিকে ফিরাই, তবে সেটা আল্লাহর দিকেই ফিরিয়ে দেওয়া বলে গণ্য হবে। এই বিষয়টি কুরআনের অন্যতম সূক্ষ্ম তাৎপর্য।
টিকাঃ
[৪১] সহীহ মুসলিম, হাদীস নং: ১৮৩৯; সহীহ বুখারি, হাদীস নং: ৭১৪৪।
📄 উলুল আমরের পরিচয়
ইমাম আহমাদ ইবনু হাম্বল ‘উলুল আমর’ বা কর্তৃস্থানীয় ব্যক্তি সম্পর্কে দুটি মত বর্ণনা করেছেন। প্রথম মতানুসারে কর্তৃস্থানীয় ব্যক্তি হচ্ছেন আলেমগণ। আর দ্বিতীয় মতানুসারে (ইসলামি) শাসকবৃন্দ। এই আয়াতের তাফসীরে দুটি মতই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। বাস্তবতা হচ্ছে, এখানে দুই দলই অন্তর্ভুক্ত হবেন। ১. উলামায়ে কেরাম, ২. (ইসলামি বিধান প্রয়োগকারী) শাসক। কারণ, রাসূল-এর আনীত দ্বীনের কর্তৃত্ব উলামা এবং শাসক—উভয় শ্রেণীর ওপরই ন্যস্ত।
১. উলামায়ে কেরাম: উলামাগণ দ্বীনের বিষয়াদি রক্ষণাবেক্ষণ করেন। মানুষকে দ্বীনের কথাগুলো বয়ান করে বুঝিয়ে দেন এবং বাতিলপন্থিদের খণ্ডন করেন। কেউ সংশয় সৃষ্টি করলে, দ্বীনের বিকৃতি ঘটাতে চাইলে, বা রিদ্দার পথে হাঁটলে, তাদের অপনোদন করেন। এসব বিষয়ে আল্লাহ তাআলাই তাদেরকে দায়িত্ব প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন,
‘সুতরাং যদি এরা এগুলোকে প্রত্যাখ্যানও করে, তবে আমি এমন এক সম্প্রদায়ের প্রতি এগুলোর দায়িত্ব অর্পণ করেছি-যারা তা প্রত্যাখ্যান করবে না।
বস্তুত এটা এক মহান দায়িত্ব, যার অধিকারীদের আনুগত্য করা এবং তাদের শরণাপন্ন হতে লোকে বাধ্য। আর সাধারণ মানুষের তো তাদের অনুসরণ না করে উপায় নেই।
২. (ইসলামি বিধান প্রয়োগকারী) শাসক : শাসকদের দায়িত্ব হচ্ছে দ্বীনের বিষয়াদি বাস্তবায়ন করা, পৃষ্ঠপোষণ করা, রাষ্ট্রে দ্বীন কায়েম করা, জিহাদে নেতৃত্ব দেওয়া এবং দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহকারীদের দমন করা। এই দুই শ্রেণীর মানুষ কর্তৃস্থানীয়/উলুল আমর। অন্য সবাই তাদের অনুসারী আর অধীনস্থ।
টিকাঃ
[৪২] শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ বলেন, ইমাম আহমাদসহ অনেকেই উভয় দলকেই উলুল আমর আখ্যা দিয়েছেন। কারণ আল্লাহর নির্দেশের অনুগামী হলে উভয় দলের কথাই মান্য করা আবশ্যক। নবি ﷺ-এর জীবদ্দশাতে এবং তাঁর পরবর্তী খলিফাদের যুগে উভয় দলই একত্রে ছিলেন। -মাজমুউল ফাতাওয়া : ১৮/১৫৮
[৪৩] তাফসীরুত তাবারি: ৫/৯৩-৯; তাফসীরুল কুরতুবি: ৫/২৫৯-২৬০; আদদুররুল মানছুর : ২/৫৭৩-৫৭৬
[৪৪] সূরা আনআম, ৬ : ৮৯
📄 মতভেদ ঘটলে করণীয়
এরপর আল্লাহ তাআলা বলেন, 'যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তাহলে সে বিষয়কে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং আখিরাত-দিবসের প্রতি ঈমান এনে থাকো।' দ্বীনি কোনোকিছু নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লে, তার প্রতিটি বিষয়ই যে আমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দিতে বাধ্য—এ আয়াতটি তার অকাট্য প্রমাণ। অতএব আল্লাহ ও রাসূলের দিকে ফেরাতে যে বাধা দেবে, সে আল্লাহর আদেশের বিপরীত কাজ করবে। বিতর্কের সময় আল্লাহ ও রাসূলকে বাদ দিয়ে অন্যের ফায়সালার প্রতি যে আহ্বান করে, তার এই আহ্বান জাহিলিয়্যাতের আহ্বান ছাড়া কিছু নয়। মোটকথা, বান্দা যতক্ষণ না নিজেদের মতবিরোধ আর বিতর্কের জায়গাগুলোতে আল্লাহ ও তাঁর রাসূলের দ্বারস্থ না হবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। এজন্যই আল্লাহ তাআলা শর্তারোপ করে বলেছেন, 'যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনে থাকো...।'
বিষয়টি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে, শর্ত চলে গেলে শর্তাধীন বিষয়টির অস্তিত্বও নেই বলেই ধর্তব্য হবে। এর দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি মতবিরোধের স্থানে কিংবা জীবন সমস্যার সমাধানে আল্লাহ ও তাঁর রাসূল ছাড়া অন্য কোনো পথ এবং মতকে ফায়সালাকারী নিযুক্ত করে, আল্লাহর প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি তাঁর ঈমান মূল্যহীন। সে ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়।
এই আয়াতটি যে কতটা তাৎপর্যপূর্ণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কুরআন-হাদীসের দলিলকে ইনিয়ে-বিনিয়ে বিরোধিতাকারীদের গোমর ফাঁস করতে এবং কিতাব-সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরা মুমিনদেরকে সত্যায়ন করতে, এই আয়াতটি সত্যিই অনন্য।
'যে ধ্বংস হওয়ার, সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয়। আর যে জীবিত থাকার, সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী৷'
সকল উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে, আল্লাহর কাছে দ্বারস্থ হওয়ার অর্থ হচ্ছে তাঁর কিতাবের দ্বারস্থ হওয়া। আর রাসূলের কাছে দ্বারস্থ হওয়ার অর্থ হচ্ছে নবিজির জীবদ্দশায় তাঁর কাছে এবং ওফাতের পর তাঁর সুন্নাহর দ্বারস্থ হওয়া।
টিকাঃ
[৪৫] সূরা আনফাল, ৮ : ৪২
📄 সুন্দরতম পরিণতি
অতঃপর আল্লাহ তাআলা বলছেন, ‘এটাই উত্তম এবং সুন্দরতম পরিণাম।’ অর্থাৎ, ‘তোমাদেরকে আমার আনুগত্য ও আমার রাসূলের আনুগত্য এবং কর্তৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্যের নির্দেশ দিলাম। তোমাদের জীবনের সমস্যার সমাধানে আমার ও আমার রাসূলের দ্বারস্থ হবে। এগুলো মূলত তোমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্যই। তোমাদের উভয় জগতের সফলতা এখানেই—আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যে। ফায়সালা দেওয়ার একমাত্র অধিকার আহকামুল হাকিমীন ও তাঁর হাবীবের জন্য সংরক্ষিত রাখার মধ্যেই তোমাদের কল্যাণ।’
আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, যাবতীয় অন্যায় আর অকল্যাণ নিয়ে চিন্তা করি, তবে তার মূল কারণ হলো, রহমাতুল্লিল আলামীনের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। যতটুকু কল্যাণ অবশিষ্ট আছে, তা রাসূলের অনুসরণের বরকতে। একইভাবে পরকালের অকল্যাণ, শাস্তি এবং যাবতীয় দুর্যোগও আল্লাহর রাসূল-এর অবাধ্যতা ও তাঁর বিরোধিতারই ফলাফল। মানুষ যথাযথভাবে আল্লাহর রাসূলের আনুগত্য করলে, এ জগতে আর কোনো অকল্যাণ থাকত না। এটা যেমন সার্বজনীন বালা-মুসিবত ও দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনিভাবে বান্দার অভ্যন্তরীণ দুঃখ-কষ্ট ও চিন্তা-পেরেশানির ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা এই দুটিই সংঘটিত হয় নববি আদর্শের উলটা পথে হাঁটার কারণে। আর নববি আদর্শ হচ্ছে এমন এক দুর্গ, সেখানে প্রবেশ করার অর্থই হচ্ছে নিজেকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেওয়া। এটা এমন এক গুহা, যেখানে আশ্রয় নেয়ার অর্থই হচ্ছে সব ধরনের অকল্যাণ এবং অনিষ্ট থেকে নিষ্কৃতি লাভ করা।
অতএব দুনিয়া ও আখিরাতের সর্ব প্রকার অকল্যাণের কারণ একটা—রাসূলের আনীত আদর্শের ব্যাপারে অজ্ঞতা ও সে আদর্শ থেকে বিচ্যুতি। বান্দার মুক্তির পথ একটাই—তাকে আল্লাহর রাসূলের আদর্শকে জানতে এবং তা আমলে বাস্তবায়িত করতে প্রাণপণ চেষ্টা করতে হবে। এটাই তার সৌভাগ্যের সোপান। তবে এই সৌভাগ্য ও কল্যাণের পূর্ণতা পেতে আরও দুটি বিষয় প্রয়োজন।
প্রথমত, মানুষকে এই আদর্শের দিকে দাওয়াত দেওয়া। দ্বিতীয়ত, সে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য্য এবং অবিচলতার পরিচয় দেওয়া। সুতরাং মানব জীবনের পূর্ণতা এই চার স্তরের মধ্যেই সীমাবদ্ধ : ১. রাসূলের আদর্শকে জানা, ২. কাজেকর্মে সুন্নাহর বাস্তবায়ন, ৩. মানুষের মাঝে সুন্নাহর প্রচার-প্রসার ও মানুষকে সেদিকে আহ্বান করা, ৪. এ দায়িত্ব পালনে চেষ্টা-সাধনা করা এবং ধৈর্যের পরিচয় দেওয়া। সুতরাং যে ব্যক্তি সাহাবিদের পথ জানতে চায়, তাদেরকে অনুসরণের ইচ্ছা করে, তাদের পথ এটাই। তাদের সাথে সম্পর্ক জুড়তে চাইলে তাদের পথে চলা শুরু করুন। দেখবেন, সে পথ দিবালোকের ন্যায় স্পষ্ট।