📄 পূর্ণ সম্মতির ভিত্তিতে আনুগত্য
আবার কিছু লোকের অন্তরে কুরআন-সুন্নাহর টেক্সটের প্রতি অনেক বিদ্বেষ (লুকিয়ে থাকে)! প্রবৃত্তির অনুসরণ করার জন্য ওরা ইনিয়ে বিনিয়ে কত কথাই-না বলে। তাদের মনের বাসনা এমন—এই বিধানগুলো না এলেই তো ভালো হতো!
আল্লাহ তাআলা এতটুকুতেই শেষ করেননি। এর সাথে আরও যুক্ত করেছেন, ‘এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়’। অর্থাৎ আল্লাহর রাসূল স. যা ফায়সালা দেবেন, তা স্বেচ্ছায় মেনে নেবে। সন্তুষ্টচিত্তে সেই ফায়সালার সামনে আত্মসমর্পণ করবে। বল প্রয়োগকারী স্বৈরাচারের কাছে পরাভূত ব্যক্তির মতো বাধ্য হয়ে আত্মসমর্পণ নয়; বরং একজন অনুগত গোলামের মতো নিজেকে সঁপে দেওয়া, যার কাছে মনিব সবার চেয়ে প্রিয়। সে এটা অনুধাবন করতে পারে যে, নিজেকে মনিবের কাছে সমর্পণ করার মধ্যেই তার যত সুখ ও সফলতা। সে ভালো করে জানে, মনিবই তার সর্বাধিক আপন, তার প্রতি সবচেয়ে সদয়। তিনিই সবচেয়ে বেশি কল্যাণকামী এবং তাকে রক্ষা করতে সবচেয়ে বেশি তৎপর। এ সব কিছুতে তিনিই সর্বাগ্রে। এমনকি তার নিজের চেয়েও বেশি। বান্দা যখন আল্লাহর রাসূলের ব্যাপারে এই উপলব্ধি হৃদয়ে গেঁথে নিতে সক্ষম হবে, তখন বিনাবাক্যে নিজেকে সোপর্দ করবে তাঁর কাছে। অন্তরের প্রতিটি অংশ তাঁর কাছে সঁপে দেবে। আর এটা বিশ্বাস করবে যে, রাসূলের কাছে নিজেকে সমর্পণ করা ও তাঁর আনুগত্য করার মাঝেই নিজের সৌভাগ্য ও সফলতা।
এই বিষয়টি আসলে ভাষায় প্রকাশ করার সম্ভব নয়। হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করার বিষয়। এটা শুধুই বোঝার বিষয়, বোঝানোর নয়। কেবল আশা কিংবা দাবির মাধ্যমেও অর্জন করার কোনো বিষয়ও এটি নয়। ভালোবাসার মানুষের নাম জানা এবং ভালোবাসার (ব্যাপারে নিজের) অবস্থান-এ দুয়ের মাঝে তফাত আছে। কোনো অবস্থার নাম জানা এবং অবস্থা সম্পর্কে অবগত হওয়া, দুটিকে অনেকেই এক করে ফেলে। সুস্থতা সম্পর্কে জানা অসুস্থ ব্যক্তি এবং সুস্থতার বর্ণনা দিতে অক্ষম সুস্থ ব্যক্তির মাঝেও পার্থক্য আছে। আবার ভয় সম্পর্কে জানে এমন ব্যক্তি এবং ভীত ব্যক্তিও একরকম নয়।
টিকাঃ
[২০] আল কিয়ামাহ, ৭৫ : ১৪-১৫ (বিঃ দ্রঃ এটি মূল বইয়ের ২৬ পৃষ্ঠার রেফারেন্স)
📄 বিভিন্ন আঙ্গিকে জোর প্রদান
আয়াতটিতে আল্লাহ তাআলা নবি ﷺ-এর আনুগত্য করতে বিভিন্ন আঙ্গিকে জোর দিয়েছেন। একটু লক্ষ করুন :
১. শপথের শুরুতে 'না' যুক্ত করা: কেউ কেউ এই 'না'-কে অতিরিক্ত ধারণা করলেও প্রকৃতপক্ষে আরবদের কথায় এটার ব্যাপক প্রচলন আছে। তারা কোনো বিষয়ে জোর বুঝানোর জন্য কথার শুরুতে 'না' এবং শপথের শব্দ ব্যবহার করে থাকে। কুরআনুল কারীমের অনেক জায়গাতে এর দৃষ্টান্ত রয়েছে। যেমন কুরআনের সত্যতার ব্যাপারে কাফিররা মিথ্যা অভিযোগ করেছিল। তারা একে কবিতা, যাদু এমনকি গণকের কথা সাব্যস্ত করেছিল। তাদের কথা রদ করে আল্লাহ তাআলা বলেছেন,
'অতএব না! (তাদের কথা সঠিক নয়,) আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি। নিশ্চয়ই এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে! অবশ্যই এটা সম্মানিত কুরআন।
আল্লাহ তাআলা আরও বলেন,
'অতএব না! (তাদের কথা সঠিক নয়,) আমি শপথ করছি সেসব নক্ষত্রের যা পশ্চাতে সরে যায়, যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়! শপথ করছি রাতের, যখন তার অবসান হয়! এবং প্রভাতের, যখন তার আগমন ঘটে! নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবাহকের আনীত বাণী।
অন্য জায়গায় বলেন,
'না! (পুনরুত্থানের বিষয়ে তাদের মত সঠিক নয়,) আমি শপথ করছি কিয়ামাত-দিবসের! আরও শপথ করছি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়! মানুষ কি মনে করে আমি তাদের অস্থিসমূহ একত্র করব না? ওপরন্তু আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করতে সক্ষম৷’
মোটকথা, এভাবে না-বোধক শব্দ দ্বারা শপথ শুরু করার উদ্দেশ্যে হচ্ছে— শপথকৃত বিষয়টি আরও জোরদার করা এবং তার বিপরীত বিষয়টিকে চূড়ান্তভাবে রদ করা।
২. শপথের মাধ্যমে জোর প্রদান: সরাসরি শপথের মাধ্যমেও জোর দেওয়া হয়েছে।
৩. শপথকৃত বিষয়ের গুরুত্ব বুঝানো: কোনো সৃষ্টির নামে শপথ না করে, স্বয়ং নিজ সত্তার শপথ করা। আল্লাহ তাআলা কখনও নিজ সত্তার শপথ করেন, আবার কখনও তাঁর কোনো সৃষ্টির শপথ করেন। (কিন্তু এই ক্ষেত্রে নিজের নামে কসম করেছেন)।
৪. হৃদয়ের সংকীর্ণতাকে নাকচ: এর মাধ্যমে আত্মসমর্পণের শর্তারোপ করে, জরুরি তাগিদ করা হয়েছে।
৫. ক্রিয়ার সাথেও জোর প্রদান: আরবি ব্যাকরণের পরিভাষায় একে 'আত-তাকীদ বিল মাসদার' বলা হয়। আর এভাবে তাকীদযুক্ত করে উল্লেখ করার দ্বারা, বিষয়টির গুরুত্ব বুঝে আসে।
টিকাঃ
[২৪] ওয়াক্বিআহ, ৫৬ : ৭৫-৭৭
[২৫] সূরা তাকভীর, ৮১ : ১৫-১৯
[২৬] সূরা কিয়ামাহ, ৭৫ : ১-৪