📄 ৫.১৬ : মুরজিয়াদের বক্তব্য : ভীতিসঞ্চারকারী আয়াত-হাদিসে শুধু ভয় দেখানোর উদ্দেশ্যই করা হয়েছে, সত্যিকারার্থে আজাব দেওয়ার উদ্দেশ্য করা হয়নি
মুরজিয়ারা বলে, “পাপের ব্যাপারে ভীতিসঞ্চারকারী আয়াত-হাদিস কেবল ভয় দেখানোর জন্যই বলা হয়েছে। আসলে মুসলিমদের কোনো শাস্তি দেওয়া হবে না। এগুলো স্রেফ শাস্তির ভীতিপ্রদর্শন, যার বাস্তবতা বলতে কিছু নেই।” এটা বাতিল কথা। এতে শরিয়তকে মিথ্যা প্রতিপন্ন করা হয়।
এই কথার জবাব-শরিয়তের দলিলগুলো তখনই ভীতিপ্রদর্শক বিবেচিত হবে, যখন ভয় দেখানোর বিষয়টা সংঘটিত হওয়া সম্ভবপর হবে। আর সেটা যদি ঘটার সম্ভবনাই না থাকে, তাহলে সেখানে আর ভীতিপ্রদর্শন থাকে না। কেননা বুদ্ধিমানরা যখন জানবে, বাস্তবে ভীতিকর কিছু নাই, তখন ভয় দূরীভূত হয়ে যাবে; তাদের বক্তব্য অনুযায়ী বিষয়টি যদি এমন হয়ে থাকে, তাহলেই কেবল এটা ঘটবে।
মুরজিয়ারা এটাও বলে যে, “আশাপ্রদানকারী দলিলগুলো নিঃশর্তভাবেই বহাল থাকবে; অন্যান্য দলিলের মাধ্যমে এগুলোকে শর্তযুক্ত করা যাবে না।”