📘 মুনাফিকী > 📄 মুমিনদের সাথে থাকায় গড়িমসি

📄 মুমিনদের সাথে থাকায় গড়িমসি


যারা মুনাফিক তারা মুমিনদের সাথে জিহাদ কিংবা অনুরূপ কোন কাজে শরীক হ'তে গড়িমসি করে। মূলতঃ মুমিনদের উপর আপতিত বালা-মুছীবত থেকে বাঁচাই তাদের লক্ষ্য। আল্লাহ তা'আলা বলেন, وَإِنَّ مِنْكُمْ لَمَن ليُبَطِّنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيداً 'আর তোমাদের মধ্যে এমন লোকও রয়েছে, যে (জিহাদ থেকে) শৈথিল্য প্রদর্শন করে। যদি তোমাদের কোন বিপদ আসে, তখন সে বলে, আমার উপর আল্লাহ অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না' (নিসা ৪/৭২)।
আল্লাহ তা'আলা মুনাফিকদের স্বভাব-চরিত্র বলতে গিয়ে মুমিনদের লক্ষ্য করে বলেছেন যে, হে মুমিনগণ! তোমাদের দল ও জাতিভুক্ত কিছু লোক, যারা তোমাদের সঙ্গে সাদৃশ্য রাখে এবং যাহির করে যে, তারা তোমাদের দাওয়াত ও মিল্লাতের লোক। আসলে তারা মুনাফিক। তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ-জিহাদে অংশ নিতে তারা গড়িমসি করে। তোমরা তাদেরকে তোমাদের সাথে যেতে বললে নানা অজুহাত ও টালবাহানা করে। তারপর যুদ্ধে যখন তোমাদের কোন ক্ষয়ক্ষতি হয়- যেমন পরাজয় কিংবা নিহত ও আহত হওয়ার মত ঘটনা ঘটে তখন তারা বলে, বেশ হয়েছে, আল্লাহ আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন। এজন্যেই তো তাদের সাথে যুদ্ধে আমরা ছিলাম না। থাকলে আমাদেরও আঘাত, যন্ত্রণা, খুন-খারাবী একটা কিছু ঘটে যেত। বিদ্বেষবশতঃ তোমাদের সাথে যুদ্ধে অংশ না নেওয়ায় তারা খুশি। কেননা আল্লাহ্র পথে যুদ্ধে মুমিনদের যে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং এ ব্যাপারে শিথিলতা দেখালে যে শাস্তির কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে মুনাফিকরা সন্দেহ পোষণ করে। ফলে তারা না পুণ্যের প্রত্যাশী, না শাস্তির ভয়ে ভীত।

টিকাঃ
৩৮. জামিউল বায়ান ৮/৫৩৮।

📘 মুনাফিকী > 📄 জিহাদে অংশ না নিতে অনুমতি প্রার্থনা

📄 জিহাদে অংশ না নিতে অনুমতি প্রার্থনা


وَمِنْهُم مَّنْ يَقُوْلُ الْذَن لِّي وَلَا تَفْتِنِّي أَلا فِي الْفِتْنَةِ سَقَطُوا وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةُ بِالْكَافِرِينَ 'আর তাদের মধ্যেকার কেউ বলে, আমাকে (যুদ্ধ থেকে) অব্যাহতি দিন এবং আমাকে ফিত্নায় ফেলবেন না। সাবধান! ওরা কিন্তু ফিত্নাতেই পড়ে গেছে। আর নিশ্চয়ই জাহান্নাম কাফিরদের বেষ্টনকারী হবে' (তওবা ৯/৪৯)।
আল্লাহ তা'আলা এই আয়াতে তাঁর রাসূলকে উদ্দেশ্য করে কিছু মুনাফিকের স্বভাব তুলে ধরেছেন। তিনি বলছেন, হে রাসূল! কিছু মুনাফিক তোমাকে বলে, আমাকে বাড়ি বসে থাকার অনুমতি দিন। তোমার সাথে যুদ্ধে গিয়ে রোমের সুন্দরী কিশোরীদের ফিত্নায় পড়ে যাই কি-না তাতেই এ অনুমতি চাচ্ছি। আল্লাহ বলেন, এ ধরনের কথা বলে তো ওরা ফিৎনায় পড়েই রয়েছে।

টিকাঃ
৩৯. তাফসীরুল কুরআনিল আযীম ৪/১৬১।

📘 মুনাফিকী > 📄 জিহাদ থেকে পিছনে থাকার জন্য অজুহাত পেশ

📄 জিহাদ থেকে পিছনে থাকার জন্য অজুহাত পেশ


মুনাফিকরা কোন কারণ ছাড়াই যুদ্ধে অংশ নেয় না। এজন্য কৈফিয়তের সম্মুখীন হ'লে তাদের মিথ্যা অজুহাত পেশের অন্ত থাকে না। আল্লাহ তা'আলা সে কথা তুলে ধরেছেন,
يَعْتَذِرُوْنَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ قُل لا تَعْتَذِرُوا لَن تُؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا اللَّهُ مِنْ أَخْبَارِكُمْ وَسَيَرَى اللهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ ثُمَّ تُرَدُّوْنَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُوْنَ -
'তারা তোমাদের নিকট এসে ওযর পেশ করবে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে। তুমি বলে দাও, তোমরা ওযর পেশ করো না। আমরা কখনোই তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের খবর আমাদের জানিয়ে দিয়েছেন। আর এখন আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের কাজকর্ম দেখবেন। অতঃপর তোমরা প্রত্যাবর্তিত হবে গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত মহান সত্তার কাছে। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন' (তওবা ৯/৯৪)।
মুনাফিকদের বিষয়ে আল্লাহ তা'আলা তাঁর নবীকে বলছেন যে, মুসলমানরা যখন তাবুক যুদ্ধ থেকে মদীনায় ফিরে আসবে তখন এই মুনাফিকরা কেন যুদ্ধে যেতে পারেনি সে সম্পর্কে নানা কৈফিয়ত পেশ করবে। তাই রাসূলুল্লাহ (ছাঃ)-কে আল্লাহ তা'আলা পূর্বেই বলে দিচ্ছেন, তুমি তাদের বলবে, তোমাদের আর এসব কৈফিয়ত, অজুহাত পেশ করার দরকার নেই। আমরা তোমাদের বিশ্বাস করি না। তোমাদের খবরাদি আল্লাহ তা'আলা আগেই আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের ক্রিয়াকলাপ অচিরেই দুনিয়াতে মানুষের সামনে তুলে ধরবেন। তারপর কিয়ামতের দিন তোমাদেরকে দৃশ্য-অদৃশ্যের পরিজ্ঞাত মহান আল্লাহ্র নিকট ফিরে যেতে হবে। সেখানে তিনি তোমাদের ভাল-মন্দ সকল কাজের খবর দিবেন এবং তদনুযায়ী প্রতিদান দিবেন।

টিকাঃ
৪০. ঐ, ৪/২০১।

📘 মুনাফিকী > 📄 মানুষের দৃষ্টির আড়াল হওয়ার চেষ্টা

📄 মানুষের দৃষ্টির আড়াল হওয়ার চেষ্টা


আল্লাহ তা'আলা বলেন,
يَسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلاَ يَسْتَخْفُوْنَ مِنَ اللهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيطًا -
'এরা মানুষের কাছ থেকে নিজেদের কর্ম গোপন রাখতে চায়। কিন্তু আল্লাহ তা'আলার কাছ থেকে তারা কিছুই গোপন করতে পারবে না। তারা যখন রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলাপরামর্শ করে যা তিনি পসন্দ করেন না, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণই আল্লাহ তা'আলার জ্ঞানের আওতাধীন' (নিসা ৪/১০৮)।
এ আয়াতে মুনাফিকদের উক্ত আচরণের প্রতিবাদ জানানো হয়েছে। তাদের মন্দ কাজগুলো যাতে মানুষের দৃষ্টিতে ধরা না পড়ে, সেজন্য তারা তা লুকিয়ে করে। যার ফলে মানুষ তাদের প্রতিবাদ করতে পারে না। কিন্তু আল্লাহ তা'আলার কাছে তো তারা তা খোলামেলাই করছে। কেননা তিনি তাদের সব গোপন কথা জানেন এবং তাদের মনের অবস্থা সম্পর্কেও তিনি সুবিদিত। এজন্যই তিনি তাদের ধমক ও ভীতি প্রদর্শন স্বরূপ বলেছেন, রাতের আঁধারে যখন তারা গোপনে সলাপরামর্শ করে যা আল্লাহ্র নিকট পসন্দনীয় নয়, সে সময়েও আল্লাহ তাদের সাথে থাকেন। তাদের সব কাজই আল্লাহ্ আয়ত্তের মধ্যে রয়েছে।

টিকাঃ
৪১. ঐ, ২/৪০৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00