📄 অন্যায়ের আদেশ ও ন্যায়ের নিষেধ
মুমিনরা যেখানে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ করে থাকে, সেখানে মুনাফিকরা তার বিপরীতে মানুষকে অন্যায় কথা ও কাজের আদেশ দেয় এবং ন্যায় কথা ও কাজ করতে নিষেধ করে। আল্লাহ তা'আলা তাদের এ আচরণ অবৈধ আখ্যায়িত করে বলেছেন,
الْمُنَافِقُوْنَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُم مِّن بَعْضٍ يَأْمُرُوْنَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُوْنَ
'মুনাফিক পুরুষ ও নারী পরস্পরে সমান। তারা অসৎ কাজের আদেশ দেয় ও সৎকাজে নিষেধ করে এবং তাদের হাত সমূহ বন্ধ রাখে (অর্থাৎ আল্লাহ্র পথে ব্যয় থেকে কৃপণতা করে)। তারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাদের ভুলে গেছেন। নিশ্চয় মুনাফিকরাই হ'ল পাপাচারী' (তওবা ৯/৬৭)।
তাদের হাত গুটিয়ে রাখার অর্থ আল্লাহ্ পথে জিহাদ ও জনকল্যাণমূলক কাজে তারা অর্থ ব্যয় করে না। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ তারা আল্লাহ্র যিকির করতে ভুলে গেছে। ফলে আল্লাহও তাদের ভুলে গেছেন অর্থ- তাদেরকে ভুলে যাওয়া লোক যেমন আচরণ তাদের সাথে করে, তিনিও তাদের সাথে সেরূপ আচরণ করবেন। যেমন তিনি অন্যত্র বলেছেন, وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا ‘আর বলা হবে, তোমরা যেমন এই দিনের সাক্ষাৎ লাভের কথা ভুলে গিয়েছিলে, আজ আমিও তেমনি তোমাদের ভুলে গিয়েছি' (জাছিয়া ৪৫/৩৪)। আর মুনাফিকরা পাপিষ্ট অর্থ তারা সত্যপথ থেকে বিচ্যুত; বাতিল পথের অন্তর্ভুক্ত।
টিকাঃ
৩৬. ঐ ৪/১৭৩।
📄 জিহাদকে অপসন্দ করা এবং তা থেকে পিছুটান দেয়া
মুনাফিকরা ইসলামের খাতিরে জিহাদে অংশগ্রহণে মোটেও আগ্রহ বোধ করে না; বরং জিহাদে অংশগ্রহণ না করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আল্লাহ তা'আলা তাদের এ আচরণ প্রসঙ্গে বলেন,
فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِِمَقْعَدِهِمْ خِلافَ رَسُوْلِ اللهِ وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيْلِ اللَّهِ وَقَالُوْا لَا تَنفِرُوا فِي الْحَرِّ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَّوْ كَانُوا يَفْقَهُونَ -
'(তাবুকের যুদ্ধ থেকে) পিছনে রয়ে যাওয়া লোকেরা আল্লাহ্র রাসূলের বিপরীতে ঘরে বসে থাকতে পেরে উৎফুল্ল হয়েছিল। তারা আল্লাহ্র রাস্তায় তাদের মাল ও জান দিয়ে যুদ্ধ করতে অনীহা প্রকাশ করেছিল এবং তারা বলেছিল, এই দাবদাহে তোমরা যুদ্ধে বের হয়ো না। তুমি বল, জাহান্নামের আগুন এর চেয়ে কঠিনভাবে উত্তপ্ত, যদি তারা বুঝত' (তওবা ৯/৮১)।
তাবুক যুদ্ধে কিছু মুনাফিক নানা বাহানা তুলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছাহাবীগণের সঙ্গে যুদ্ধে যায়নি। ছাহাবীগণের যুদ্ধে বেরিয়ে পড়ার পর তারা বাড়ীতে বসে থাকল এবং সেজন্য আনন্দিত হ'ল। তারা নিজেদের জান-মাল ব্যয় করে তাদের সাথে আল্লাহ্ পথে যুদ্ধ করতে একেবারেই অনাগ্রহী, অনিচ্ছুক ছিল। তাইতো তারা একে অপরকে বলছিল, এই গরমে যুদ্ধের জন্য বাইরে বের হয়ো না। তাবুক যুদ্ধ যে সময় হ'তে যাচ্ছিল, তখন ছিল প্রচণ্ড গরম। ছায়া ও ফলমূল ভাল লাগার সময়। তাইতো তারা বলেছিল, এই গরমে বাইরে বের হওয়ার দরকার নেই। তদুত্তরে আল্লাহ তা'আলা তাঁর রাসূলকে বললেন, তুমি ওদের বলে দাও, আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতার জন্য যে জাহান্নামের আগুনের দিকে তোমরা ধাবিত হচ্ছ, তা তোমাদের পালিয়ে বাঁচা গরম থেকে বহু বহু গুণ বেশী গরম।
টিকাঃ
৩৭. ঐ ৪/১৮৯।
📄 যুদ্ধ না করতে উদ্বুদ্ধ করা এবং ভীতিকর গুজব ছড়ানো
[ঈমানদাররা যাতে যুদ্ধের ময়দানে না যায়, আর গিয়ে থাকলে যাতে ময়দান ছেড়ে চলে আসে মুনাফিকরা সেজন্য তাদের অনুপ্রাণিত করে এবং তাদের মাঝে এমন কথা ছড়ায় যাতে ভয়ে তাদের মন অস্থির হয়ে পড়ে।]
আল্লাহ তা'আলা বলেন,
وَإِذْ يَقُوْلُ الْمُنَافِقُوْنَ وَالَّذِينَ فِي قُلُوْبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُوراً - وَإِذْ قَالَت طَّائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُوْنَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةً وَمَا هِيَ بِعَوْرَةٍ إِنْ يُرِيدُوْنَ إِلَّا فِرَاراً -
'আর স্মরণ কর, যখন মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলতে লাগল, আল্লাহ ও তাঁর রাসূল আমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন তা প্রতারণা বৈ কিছুই নয়। আর তাদের একটি দল বলেছিল, হে ইয়াছরিবের অধিবাসীরা! আজ (শত্রুবাহিনীর সামনে) তোমাদের দাঁড়াবার মত কোন জায়গা নেই। অতএব তোমরা ফিরে যাও। তাদের একাংশ নবীর কাছে এই বলে অনুমতিও চাইছিল যে, আমাদের বাড়ী-ঘরগুলো অরক্ষিত (তাই আমাদের ফিরে যাওয়ার অনুমতি দিন)। অথচ তা অরক্ষিত ছিল না। এরা আসলে ময়দান থেকে পালাতে চেয়েছিল' (আহযাব ৩৩/১২-১৩)।
📄 মুমিনদের সাথে থাকায় গড়িমসি
যারা মুনাফিক তারা মুমিনদের সাথে জিহাদ কিংবা অনুরূপ কোন কাজে শরীক হ'তে গড়িমসি করে। মূলতঃ মুমিনদের উপর আপতিত বালা-মুছীবত থেকে বাঁচাই তাদের লক্ষ্য। আল্লাহ তা'আলা বলেন, وَإِنَّ مِنْكُمْ لَمَن ليُبَطِّنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيداً 'আর তোমাদের মধ্যে এমন লোকও রয়েছে, যে (জিহাদ থেকে) শৈথিল্য প্রদর্শন করে। যদি তোমাদের কোন বিপদ আসে, তখন সে বলে, আমার উপর আল্লাহ অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না' (নিসা ৪/৭২)।
আল্লাহ তা'আলা মুনাফিকদের স্বভাব-চরিত্র বলতে গিয়ে মুমিনদের লক্ষ্য করে বলেছেন যে, হে মুমিনগণ! তোমাদের দল ও জাতিভুক্ত কিছু লোক, যারা তোমাদের সঙ্গে সাদৃশ্য রাখে এবং যাহির করে যে, তারা তোমাদের দাওয়াত ও মিল্লাতের লোক। আসলে তারা মুনাফিক। তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ-জিহাদে অংশ নিতে তারা গড়িমসি করে। তোমরা তাদেরকে তোমাদের সাথে যেতে বললে নানা অজুহাত ও টালবাহানা করে। তারপর যুদ্ধে যখন তোমাদের কোন ক্ষয়ক্ষতি হয়- যেমন পরাজয় কিংবা নিহত ও আহত হওয়ার মত ঘটনা ঘটে তখন তারা বলে, বেশ হয়েছে, আল্লাহ আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন। এজন্যেই তো তাদের সাথে যুদ্ধে আমরা ছিলাম না। থাকলে আমাদেরও আঘাত, যন্ত্রণা, খুন-খারাবী একটা কিছু ঘটে যেত। বিদ্বেষবশতঃ তোমাদের সাথে যুদ্ধে অংশ না নেওয়ায় তারা খুশি। কেননা আল্লাহ্র পথে যুদ্ধে মুমিনদের যে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং এ ব্যাপারে শিথিলতা দেখালে যে শাস্তির কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে মুনাফিকরা সন্দেহ পোষণ করে। ফলে তারা না পুণ্যের প্রত্যাশী, না শাস্তির ভয়ে ভীত।
টিকাঃ
৩৮. জামিউল বায়ান ৮/৫৩৮।