📘 মুমিনের পাথেয় > 📄 রহমানের বান্দা যারা

📄 রহমানের বান্দা যারা


তৃতীয় অনুচ্ছেদ
রহমানের বান্দা যারা

চারটি গুরুত্বপূর্ণ উপদেশ
৩৭৬. মাকহুল ইবনু আবী মুসলিম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لَا تَكُونُوا عَيَّابِينَ، وَلَا مَدَّاحِينَ، وَلَا طَعَانِينَ، وَلَا مُتَمَاوِتِينَ
“মানুষের দোষ ধরে বেড়িয়ো না; অতিরিক্ত প্রশংসাও কোরো না; অপবাদ দিয়ো না এবং মরে যাওয়ার ভান কোরো না।”[৪২৪]

মানুষের প্রতি পূর্ণ মনোযোগ প্রদান
৩৭৭. আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কেউ সাক্ষাৎ করতে এলে তিনি মুসাফাহা করতেন। তিনি কখনও নিজের হাত আগে ছাড়িয়ে নিতেন না; ওই লোক চেহারা ঘুরিয়ে নেবার আগে নিজের চেহারা ঘুরিয়ে নিতেন না। তাঁর সঙ্গে বসা লোকের দুই হাতের সামনে কখনও নিজের দুই হাঁটু বাড়িয়ে দেননি তিনি।”[৪২৫]

বিনয় ও নম্রতা শ্রেষ্ঠ ইবাদাত
৩৭৮. আয়িশা রদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, “তোমরা বিনয় ও নম্রতা নামক শ্রেষ্ঠ ইবাদাতকে উপেক্ষা করছ।”[৪২৬]

যার পেছনে মানুষ হাঁটে
৩৭৯. হাইসাম ইবনু খালিদ বলেন, আমি আমার চাচা সুলাইম-এর পেছনে ছিলাম। বাহনে চড়ে তখন আমাদের পাশে এলেন কুরাইব ইবনু আবরাহা, তার পেছন পেছন আসছিল একটি উটের বাচ্চা। সুলাইম চাচা তাকে বললেন, আবূ রিশদিন, উটের বাচ্চাটিকে আপনার পেছনে বহন করে নিতে পারলেন না? তিনি বললেন, এটাকে আবার বহন করার কী আছে? চাচা বললেন, তা হলে উটের বাচ্চাটিকে মাসজিদের ফটক পর্যন্ত আপনার সামনে রাখুন। তিনি বললেন, কেন? চাচা বললেন, ছোটো একটি বাচ্চা দেখলে কি তাকে আপনার পেছনে বহন করতেন না? তিনি বললেন, তা কেন করব? সুলাইম চাচা বললেন, আমি আবুদ দারদা রদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি, "বান্দার পেছনে যতক্ষণ কেউ হাঁটে, বান্দা ততক্ষণ আল্লাহ তাআলা থেকে দূরে সরে যেতে থাকে।”[৪২৭]

অন্যের আত্মা আপন আত্মার মতোই
৩৮০. আবূ মুহাযযিম তামীমি বলেন, "আবূ হুরায়রা রদিয়াল্লাহু আনহু দেখলেন একটি লোক বাহনে চড়ে আসছে এবং একটি বালক তার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। তিনি তখন লোকটিকে বললেন, এই যে আল্লাহর বান্দা! ছেলেটাকে বাহনে তুলে নাও, সে তো তোমার ভাই। তার আত্মা তোমার আত্মার মতোই। ফলে লোকটি ছেলেটিকে বাহনে উঠিয়ে নিল।”[৪২৮]

অশ্লীল কথা ও গালি পরিহার করা
৩৮১. আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গালি-গালাজ করতেন না, অশ্লীল কথা বলতেন না।”[৪২৯]
ইবনু হাইওয়াহ বলেছেন, حاشا -এর জায়গায় فاجا বলেছেন। অর্থাৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খারাপ কথা বলতেন না। বর্ণনাকারী বলেন, আমাদের কেউ কারও দোষারোপ করতে চাইলে বলতেন, “তার কপাল তো লাভবান হয়নি।”

রহমানের বান্দাগণের বৈশিষ্ট্য
৩৮২. ইয়াহইয়া ইবনু মুখতার থেকে বর্ণিত, হাসান বসরি রহিমাহুল্লাহ এই আয়াত তিলাওয়াত করলেন-
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا
“রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিচরণ করে বিনম্রভাবে।” তারপর বললেন, “মুসলিমরা হলো বিনয়ী জাতি। আল্লাহর কসম, তাদের কান, চোখ এবং অঙ্গ-প্রত্যঙ্গ থেকে বিনয় প্রকাশ পায়। এমনকি মূর্খরা তাদের অসুস্থ ভাবে। আল্লাহর কসম, তাদের মধ্যে কোনো অসুস্থতা নেই। নিশ্চয় তারা সবচেয়ে পরি্শুদ্ধ অন্তরের অধিকারী। তাদের মধ্যে আল্লাহভীতি রয়েছে, যা অন্যদের মধ্যে নেই। আখিরাতের জ্ঞান তাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে দিয়েছে। (রহমানের বান্দারা) বলেন, 'সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন।' আল্লাহর কসম, এটা মানুষের সাধারণ দুঃখ নয়। যে-সকল (আমল) দিয়ে (আল্লাহর বান্দারা) দিয়ে তারা জান্নাত প্রত্যাশা করে তা তাদের কাছে কঠিন ও দুঃসাধ্য হয় না। জাহান্নামের ভয় তাদেরকে কাঁদায়। যে ব্যক্তি আল্লাহর তাআলার পক্ষ থেকে সান্ত্বনা পায় না, দুনিয়ার ওপর আফসোসের কারণে তার অন্তর ছিন্নভিন্ন হয়ে যায়। খাদ্য বা পানীয় ছাড়া আল্লাহ তাআলার আর কোনো নিয়ামাত সে দেখতে পায় না, তার জ্ঞান কমে যায় এবং তার কাছে শান্তি উপস্থিত হয়।”[৪৩০]

আল্লাহ তাআলা সবাইকে লক্ষ করছেন
৩৮৩. আয়িশা রদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি একটি নতুন চাদর পরে সেটা দেখতে লাগলাম। তখন আবূ বকর রদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন?”[৪৩১]

পর্দা দেখে দুনিয়ার কথা মনে পড়া
৩৮৪. আযরা ইবনু আবদির রহমান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আয়িশা রদিয়াল্লাহু আনহা-এর ঘরে ঢুকে দরজায় একটি পর্দা দেখতে পেলেন। তাতে বিভিন্ন ছবি আঁকা ছিল। তখন তিনি বলেন-
يَا عَائِشَةُ، أَخْرِيهِ فَإِنِّي إِذَا رَأَيْتُهُ ذَكَرْتُ الدُّنْيَا
“আয়িশা, পর্দাটা নামিয়ে ফেলো। এটা দেখলেই দুনিয়ার কথা মনে পড়ে যায়।”[৪৩২]

জুতার ফিতার কারণে মনোযোগে ব্যঘাত
৩৮৫. আবুন নাদর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর জুতার ফিতা ছিঁড়ে গেল। কেউ একজন নতুন জুতার ফিতা নিয়ে এল। তিনি তখন সালাত পড়ছিলেন। সালাতে থেকেই তিনি নতুন ফিতাগুলোর দিকে তাকাচ্ছিলেন। সালাত শেষ করে তিনি বললেন,
انْزَعُوا هَذَا، وَاجْعَلُوا الْأَوَّلَ
"এই নতুনগুলো নিয়ে যাও, তার জায়গায় আগের (ফিতাগুলোই) লাগিয়ে দাও।” জিজ্ঞেস করা হলো, তা কেন ইয়া রাসূলাল্লাহ?” তিনি বললেন,
إِنِّى كُنْتُ أَنْظُرُ إِلَيْهِ وَأَنَا أُصَلَّى
"সালাত পড়া অবস্থায় সেগুলোর দিকে দৃষ্টি চলে যাচ্ছিল।"[৪৩৩]

টিকাঃ
[৪২৪] সনদ হাসান, মুরসালরূপে বর্ণিত।
[৪২৫] তিরমিযি, সুনান, হাদীস নং ২৪৯০, গরীব হাদীস।
[৪২৬] আহমাদ ইবনু হাম্বল, কিতাবুয যুহদ, হাদীস নং ১৬৪, সনদ সহীহ, মাওকুফ।
[৪২৭] আবূ নুআইম, হিলইয়া, ১/২২১, সনদ দঈফ, মাওকুফ।
[৪২৮] সনদ দঈফ, মাওকুফ।
[৪২৯] বুখারি, হাদীস নং ৩৩৬৬, ৩৫৪৯, ৫৬৮২, ৫৬৮৮।
[৪৩০] আবু জাফর তাবারি, জামিউল বায়ান, ১৯/২২, সনদ দঈফ, মাওকুফ।
[৪৩১] সনদ দঈফ, মাওকুফ।
[৪৩২] হাদীসটির সনদ দুর্বল।
[৪৩৩] হাদীসটির সনদ সহীহ এবং মুরসালরূপে বর্ণিত।

📘 মুমিনের পাথেয় > 📄 সালাতে যাওয়া ও মাসজিদে অবস্থান করার ফজিলত

📄 সালাতে যাওয়া ও মাসজিদে অবস্থান করার ফজিলত


চতুর্থ অনুচ্ছেদ
সালাতে যাওয়া ও মাসজিদে অবস্থান করার ফজিলত

সালাতের উদ্দেশে প্রতিটি পদক্ষেপ একটি সদাকা
৩৮৬. আবূ হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ تَخْطُوهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ
"প্রতিটি ভালো কথা এক একটি সদাকা। সালাতের উদ্দেশে প্রতিটি পদক্ষেপ এক একটি সদাকা।”[৪৩৪]

আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য মাসজিদে আসা
৩৮৭. হাবীব ইবনু আবী সাবিত রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, (আগেকার সময়ে) এই কথা বলা হতো, "তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাঁর ঘরে এসো। আল্লাহর ঘরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করাটাই উত্তম। আসলে আল্লাহ তাআলাই সত্য সম্পর্কে সবচেয়ে বেশি জানেন।”[৪৩৫]

মাসজিদে উঁচু আওয়াজে কথা বলা যাবে না
৩৮৮. সা'দ ইবনু ইবরাহীম তাঁর পিতা রহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করেন, উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু মাসজিদে বসে থাকা এক ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন। তার উদ্দেশে তিনি বললেন, “তুমি কি জানো এখন তুমি কোথায় আছো?"[৪৩৬]

মাসজিদে অনর্থক কথা না বলা
৩৮৯. উবাইদুল্লাহ ইবনু আবী জাফর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ أَجَابَ دَاعِيَ اللهِ، وَأَحْسَنَ عِمَارَةَ مَسَاجِدِ اللَّهِ، كَانَتْ تُحْفَتُهُ بِذَلِكَ مِنَ اللَّهِ الْجَنَّةَ ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا حُسْنُ عِمَارَةِ مَسَاجِدِ اللَّهِ؟ قَالَ: لَا يُرْفَعُ فِيهَا صَوْتُ، وَلَا يُتَكَلَّمُ فِيهَا بِالرَّفْتِ.
“যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলার মাসজিদগুলোর কাঠামো (পরিবেশ) সুন্দর রাখে, এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তার উপহার হলো জান্নাত।" জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার মাসজিদসমূহের পরিবেশ সুন্দর রাখার অর্থ কী? তিনি বললেন: “মাসজিদে কণ্ঠস্বর উঁচু না করা এবং অশ্লীল কথাবার্তা না বলা।”[৪৩৭]

সালাতের অপেক্ষায় থাকার ফজিলত
৩৯০. সুহাইল ইবনু হাসসান কালবি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, “বান্দা যতক্ষণ মাসজিদে বসে থাকে ততক্ষণে একটি তেজি ঘোড়া পুরো পা ছড়িয়ে দৌড়ে জান্নাতে যতটুকু জায়গা অতিক্রম করতে পারবে, আল্লাহ তাকে (জান্নাতে) ততটুকু জায়গা দান করবেন। এবং ফেরেশতাগণ তার ওপর শান্তি ও রহমত বর্ষণের দুআ করতে থাকবে। আর তার নামে আল্লাহর পথে পাহারা দেওয়ার সাওয়াব লেখা হবে।”[৪৩৮]

যুদ্ধের প্রস্তুতি
৩৯১. আল্লাহ তাআলার বাণী,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا
“হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো।"[৪৩৯]
দাউদ ইবনু সালিহ বলেন, আবূ সালামা ইবনু আবদির রহমান রহিমাহুল্লাহ আমাকে বললেন, “ভাতিজা, আয়াতটি কেন নাযিল হয়েছে, জানো?” আমি বললাম, “না।” তিনি বললেন, “রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে সারাক্ষণই যুদ্ধের জন্য প্রস্তুত থাকা লাগত। যেন এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করার মতো।”[৪৪০]

পাপ ঝরে পড়ে যেসব আমলের জন্য
৩৯২. আবূ হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِسْبَاغُ الْوُضُوءِ عِنْدَ الْمَكَارِهِ مِنَ الْكَفَّارَاتِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ مِنَ الْكَفَّارَاتِ، وَانتَظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ مِنَ الْكَفَّارَاتِ، وَذَلِكَ الرِّبَاطُ، وَذَلِكَ الرباط
"কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওজু করলে পাপ মুছে যায়। বেশি বেশি মাসজিদে গেলে পাপ ঝরে পড়ে। এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করলেও পাপ ঝরে যায়। তা আল্লাহর পথে পাহারার সমতুল্য, তা আল্লাহর পথে পাহারার সমতুল্য।”[৪৪১]

প্রতিটি পদক্ষেপের বদলে দশটি নেকি
৩৯৩. উকবা ইবনু আমির জুহানি রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ إِلَى الْمَسْجِدِ، كَتَبَ لَهُ كَاتِبَاهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا عَشْرَ حَسَنَاتٍ، وَالْقَاعِدُ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلَاةَ كَالْقَانِتِ، وَيُكْتَبُ مِنَ الْمُصَلِّينَ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ
“যে ব্যক্তি মাসজিদের উদ্দেশে ঘর থেকে বের হয়, তার সঙ্গের দুইজন লেখক ফেরেশতা মাসজিদের পথে প্রতিটি পদক্ষেপের বদলে তার জন্য দশটি নেকি লেখেন। আর যে ব্যক্তি মাসজিদে সালাতের অপেক্ষায় বসে আছে সে ইবাদাতকারীর মতোই; সে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত তাকে মুসল্লি হিসেবে গণ্য করা হয়।”[৪৪২]

সালাতের জন্য অপেক্ষাকারীও সালাতের মধ্যে রয়েছে
৩৯৪. মুআয ইবনু জাবাল রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “মাসজিদে অবস্থানকারী ব্যক্তিকে দাঁড়িয়ে সালাতরত ব্যক্তির সমতুল্য যে মনে করে না, সে জ্ঞানী নয়।"[৪৪৩]

আল্লাহ তাআলার প্রিয় বান্দা
৩৯৫. খালিদ ইবনু মা'দান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন-
إِنَّ أَحَبُّ عِبَادِي إِلَى الْمُتَحَابُّونَ بِحُتِي، وَالْمُعَلَّقَةُ قُلُوبُهُمْ فِي الْمَسَاجِدِ، وَالْمُسْتَغْفِرُونَ بِالْأَسْحَارِ أُولَبِكَ الَّذِينَ إِذَا أَرَدْتُ أَهْلَ الْأَرْضِ بِعُقُوبَتِهِمْ ذَكَرْتُهُمْ، فَصَرَفْتُ الْعُقُوبَةَ عَنْهُمْ بِهِمْ
"আমার সবচেয়ে প্রিয় বান্দা তারাই যারা আমার ভালোবাসার কারণেই পরস্পরকে ভালোবাসে, যাদের অন্তর মাসজিদের সঙ্গে লেগে থাকে, যারা ভোরবেলায় ক্ষমা প্রার্থনা করে। আমি জমিনের বাসিন্দাদেরকে শাস্তি দিতে চাইলে, ওই বান্দাদের কথা উল্লেখ করি, তারপর তাদের কারণে সবার থেকে শাস্তি ফিরিয়ে নিই।”[৪৪৪]

পাঁচ জিনিস থেকে মাসজিদকে পবিত্র রাখতে হবে
৩৯৬. মুআয ইবনু জাবাল রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “মাসজিদগুলোকে অবশ্যই পাঁচটি জিনিস থেকে পবিত্র রাখতে হবে : ১. মাসজিদে দণ্ডবিধি বাস্তবায়ন করা যাবে না; ২. খুন-জখমের কিসাস গ্রহণ করা যাবে না; ৩. কবিতা আবৃত্তি করা যাবে না; ৪. হারানো-বস্তুর ঘোষণা দেওয়া যাবে না এবং ৫. মাসজিদকে বাজারে পরিণত করা যাবে না।”[৪৪৫]

মাসজিদে পাশের-জনের সাথেও কথা না বলা
৩৯৭. মূসা ইবনু আবদিল্লাহ রহিমাহুমুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, “কখনও কখনও আমি আবদুল্লাহ ইবনু ইয়াযীদ ও আনসারি সাহাবি ইয়াযীদ ইবনু শুরাহবীল আমিরি রদিয়াল্লাহু আনহুমা-কে আসরের পর মাসজিদে পাশাপাশি বসে থাকতে দেখেছি। কিন্তু সূর্য ডোবার আগ পর্যন্ত তাঁরা একে অন্যের সাথে কথা বলতেন না।”[৪৪৬]

তিন ব্যক্তির কথা বাদে সব কথাই অনর্থক
৩৯৮. আবদুল্লাহ ইবনু মুহাইরিয রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, “তিন ব্যক্তির কথা ছাড়া মাসজিদে সব ধরনের কথাই অনর্থক: ১. সালাতরত ব্যক্তি (সালাতে যা কিছু বলে থাকে); ২. আল্লাহর যিকরকারী এবং ৩. অধিকার আদান-প্রদানকারী।”[৪৪৭]

মাসজিদে বান্দা আল্লাহর সঙ্গে ওঠাবসা করে
৩৯৯. আবদুল্লাহ মুআযযিন বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব রহিমাহুল্লাহ-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি মাসজিদে বসল, সে যেন তার রবের সঙ্গেই বসল।" মুহাম্মাদ ইবনু মুসলিম বলেন, “মাসজিদে অবস্থানকারী ব্যক্তির দায়িত্ব হলো শুধুই কল্যাণকর কথা বলা।”[৪৪৮]

উদাসীনভাবে মাসজিদে না যাওয়া
৪০০. আবদুর রহমান ইবনু জুবাইর রহিমাহুল্লাহ বলেন, আবু বকর সিদ্দীক রদিয়াল্লাহ আনহু একটি সেনাবাহিনীকে শামে পাঠাতে প্রস্তুত করলেন। তাদের উদ্দেশে বললেন, “তোমরা শামে যাচ্ছ, তা এমন ভূমি যাতে অনেক কল্যাণ রয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সেই ভূমিতে প্রতিষ্ঠিত করবেন, তোমরা ওখানে অনেক মাসজিদ নির্মাণ করবে। যদি অবহেলা-ভরে ও উদাসীনভাবে মাসজিদে যাও, তা হলে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই তা জানবেন। অহংকার ও ঔদ্ধত্য থেকে দূরে থেকো।”[৪৪৯]

কিয়ামাতের দিন পরিপূর্ণ আলোর ব্যবস্থা
৪০১. ইদরীস খাওলানি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, “যারা অন্ধকারে মাসজিদে যায়, কিয়ামাতের দিন আল্লাহ তাআলা তাদের পেছনে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করবেন।”[৪৫০]

অসুস্থ অবস্থায় ও বৈরী আবহাওয়ায় মাসজিদে যাওয়া
৪০২. সা'দ ইবনু উবাইদা বলেন, "আবূ আবদুর রহমান সুলামি রহিমাহুল্লাহ অসুস্থ থাকা অবস্থায় বৃষ্টি ও কাদার মধ্যেও তাঁকে মাসজিদে নিয়ে যাওয়ার নির্দেশ দিতেন।”[৪৫১]

সালাতের জন্য অপেক্ষার ফজিলত
৪০৩. আতা ইবনু সায়িব বলেন, আমরা আবূ আবদুর রহমান সুলামি-র কাছে গেলাম। তিনি তখন মাসজিদে ছিলেন। তাঁকে বললাম, বিছানায় গিয়ে বিশ্রাম নিলেই তো পারতেন, ক্লান্তিও দূর হতো। তিনি তখন বললেন, জনৈক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا دَامَ فِي مُصَلَّاهُ يَنْتَظِرُ الصَّلَاةَ
"যতক্ষণ কেউ সালাতের স্থানে সালাতের অপেক্ষায় থাকে, ততক্ষণ সে সালাতরত বলেই গণ্য হয়।”[৪৫২]

অন্ধকার রাতে মাসজিদে যাওয়ার প্রতিদান
৪০৪. ইবরাহীম নাখঈ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, “পূর্বসূরিরা বলতেন, অন্ধকার রাতে (মাসজিদে) গেলে (জান্নাত) আবশ্যক হয়ে যায়।”[৪৫৩]

মানুষ জানে না কোনটাতে রয়েছে কল্যাণ
৪০৫. উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু বলেছেন, “আমি কি আমার পছন্দনীয় নাকি অপছন্দনীয় অবস্থায় সকালে উপনীত হলাম, তা নিয়ে কোনো পরোয়া করি না। কারণ, আমার পছন্দনীয় বিষয়ে কল্যাণ আছে নাকি অপছন্দনীয় বিষয়ে, তা তো আমি জানি না।”[৪৫৪]

প্রাপ্তি বড়ো নাকি অপ্রাপ্তি?
৪০৬. মা'মার থেকে বর্ণিত। সালিহ ইবনু মিসমারকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আল্লাহ তাআলা আমাকে যেসব নিয়ামাত দিয়েছেন, সেগুলো বড়ো? নাকি যা আমার থেকে দূরে সরিয়ে নিয়েছেন, সেগুলো বড়ো?-তা আমি জানি না।”[৪৫৫]

টিকাঃ
[৪৩৪] বুখারি, ২৭৩৪, ২৮২৭; মুসলিম, ২৩৮২।
[৪৩৫] আবু নুআইম, হিলইয়া, ১/৬১, সনদ সহীহ, মাওকুফ।
[৪৩৬] সনদ সহীহ, মাওকুফ।
[৪৩৭] সনদ সহীহ, মুরসাল।
[৪৩৮] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত। এই প্রসঙ্গে বহু সহীহ হাদীস বর্ণিত হয়েছে।
[৪৩৯] সূরা আল ইমরান: ২০০।
[৪৪০] আবু জাফর তাবারি, জামিউল বায়ান, ৪/১৪৮, মাওকুফ।
[৪৪১] মুসলিম, হাদীস নং ৬১০; নাসাঈ, আস-সুনানুল কুবরা, ১/৮৯, ৯০, হাদীস নং ১৩৯। হাদীসটির সনদ মুনকাতি; কিন্তু হাদীসের মতন সহীহ।
[৪৪২] হাকিম, আল-মুসতাদরাক, ১/২১১, সনদ হাসান।
[৪৪৩] সনদ সহীহ, মাওকুফ।
[৪৪৪] আবূ নুআইম, হিলইয়া, ৫/২১২, খালিদ ইবনু মা'দান পর্যন্ত হাদীসটির সনদ সহীহ।
[৪৪৫] সনদ সহীহ, মাওকুফ।
[৪৪৬] সনদ সহীহ, মাওকুফ।
[৪৪৭] সনদ হাসান, মাওকুফ।
[৪৪৮] হাদীসটি মাকতুরূপে বর্ণিত।
[৪৪৯] সনদ দঈফ, মাওকুফ।
[৪৫০] হাদীসটি মাকতুরূপে বর্ণিত; এটির সমার্থবোধক হাদীস সহীহ সনদের সঙ্গে মারফুরূপে বর্ণিত হয়েছে। আবূ দাউদ, সুনান, হাদীস নং ৫৫৭; ইবনু মাজাহ, সুনান, হাদীস নং ৭৭৯।
[৪৫১] হাদীসটির সনদ সহীহ।
[৪৫২] হাদীসটির সনদ সালিহ।
[৪৫৩] আবূ নুআইম, হিলইয়া, ৪/২২৫, হাদীসটির সনদ সহীহ, মাওকুফ।
[৪৫৪] হাদীসটির সনদ দুর্বল, মাওকুফ।
[৪৫৫] হাদীসটির সনদ সহীহ, মাওকুফ।

📘 মুমিনের পাথেয় > 📄 অন্তিম মুহূর্তের উপদেশ

📄 অন্তিম মুহূর্তের উপদেশ


পঞ্চম অনুচ্ছেদ
অন্তিম মুহূর্তের উপদেশ

আল্লাহর ওপর ভরসাই সবকিছু
৪০৭. সাঈদ ইবনুল মুসাইয়িব রহিমাহুল্লাহ বলেন, “সালমান ফারিসি ও আবদুল্লাহ ইবনু সালাম রদিয়াল্লাহু আনহুমা একত্র হলেন। তাঁদের একজন অপরজনকে বললেন, "আপনি যদি আমার আগেই আপনার রবের সঙ্গে সাক্ষাৎ করেন, তা হলে (স্বপ্নযোগে) আমার সাথে দেখা করে জানাবেন কেমন আছেন। আর আমি যদি আপনার আগে আমার রবের সাক্ষাতে চলে যাই, তা হলে আমি স্বপ্নযোগে আপনার সাথে দেখা করে জানাব।" তাঁদের একজন মারা যাওয়ার পর অপরজনের সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ করে বললেন, “তাওয়াক্কুল করুন, আর সুসংবাদ গ্রহণ করুন। আমি তাওয়াক্কুলের মতো আর কিছু দেখিনি।” কথাটি তিনি তিনবার বললেন।”[৪৫৬]

একটি গুরুত্বপূর্ণ দুআ
৪০৮. মুহাম্মাদ ইবনু কা'ব কুরাযি বলেন, আবদুল্লাহ ইবনু ইয়ায়িদ রহিমাহুল্লাহ হাদীসটি মারফুরূপে বর্ণনা করেছেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন,
اللَّهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَا يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ، اللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ لِي قُوَّةً فِيمَا تُحِبُّ، وَمَا زَوَيْتَ عَنِّي مَا أُحِبُّ، فَاجْعَلْهُ لِي فَرَاغًا فِيمَا تُحِبُّ
“হে আল্লাহ, আমাকে আপনার ভালোবাসা দান করুন। যা কিছুর ভালোবাসা আমার উপকারে আসবে, সে-সবকিছুর ভালোবাসা দান করুন। হে আল্লাহ, আমার পছন্দের যা কিছু আপনি আমাকে দিয়েছেন, আপনার পছন্দের কাজ করার ক্ষেত্রে সেসবকে আমার জন্য শক্তিতে পরিণত করুন। আমার পছন্দের যা কিছু আপনি দূরে সরিয়ে নিয়েছেন সেসব শূন্য জায়গায় আপনার পছন্দের সবকিছু বসিয়ে দিন।”[৪৫৭]

মজলিস থেকে ওঠার দুআ
৪০৯. আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো মজলিস থেকে উঠে যাওয়ার সময় এই দুআগুলো পাঠ করতেন-
اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ رَحْمَتَكَ، وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا
"হে আল্লাহ! আমাদেরকে তোমার এমন ভয় দান করো, যা আমাদের ও তোমার অবাধ্যতার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে; তোমার এমন আনুগত্য করার সামর্থ্য দাও, যা আমাদেরকে তোমার জান্নাতে পৌঁছে দেবে; এমন সন্দেহমুক্ত ঈমান দাও, যা দুনিয়ার মুসিবতগুলোকে আমাদের কাছে তুচ্ছ করে দেবে! আমাদের শ্রবণশক্তি দিয়ে উপকৃত হতে দাও, দৃষ্টিশক্তি ও শারীরিক শক্তি থেকে উপকৃত হতে দাও, যতদিন তুমি আমাদের বাঁচিয়ে রাখো! এসব শক্তিকে আমাদের ওয়ারিশ বানিয়ে দাও! আমাদের জালিমদের বিরুদ্ধে আমাদের ক্রুদ্ধ করে তোলো! আমাদের শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো; আমাদের দ্বীন-পালনে কোনো মুসিবত রেখো না; দুনিয়া যেন আমাদের সবচেয়ে বড়ো ভাবনার বস্তু না হয়; আমাদের জ্ঞানের লক্ষ্য যেন দুনিয়া না হয়; আমাদের ওপর এমন কাউকে চাপিয়ে দিয়ো না, যে আমাদের ওপর দয়া করবে না!”[৪৫৮]

মৃত্যুর আগে বান্দার শাস্তি প্রত্যক্ষ করা
৪১০. কাসীর ইবনু সুওয়াইদ রহিমাহুল্লাহ জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন, তিনি আবূ হুরায়রা রদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছেন, “বান্দাকে যে শাস্তির ভয় দেখানো হয়েছে, সেই শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত কোনো বান্দাই দুনিয়া থেকে বেরিয়ে যাবে না (বা মৃত্যুবরণ করবে না)।”[৪৫৯]

মৃত্যুসংবাদ প্রচার না করার অনুরোধ
৪১১. রবী' ইবনু খুসাইম থেকে বর্ণিত। তিনি বলেন, “আমার (মৃত্যুর) ব্যাপারে কাউকে টের পেতে দিয়ো না। আমাকে আমার রবের কাছে গোপনে রেখে এসো।”[৪৬০]

কবরের ভীতি
৪১২. শা'বী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, “উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু যখন আহত হলেন, তখন তাঁর জন্য দুধ পাঠানো হলো। তিনি দুধ পান করলেন, কিন্তু জখম দিয়ে বেরিয়ে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাঁর পাশে যাঁরা বসে ছিলেন, তারা তাঁর প্রশংসা করতে শুরু করলেন। তখন তিনি বললেন, আমি দুনিয়াতে যেভাবে এসেছি সেভাবেই খালি হাতে বেরিয়ে যেতে চাই। বিশ্বের সবকিছুই যদি আজ আমার মালিকানায় থাকত, তবে কবরের ভীতি থেকে বাঁচার জন্য আমি তা সদাকা করে দিতাম।[৪৬১]

মৃত্যুর পর দ্রুত দাফন করার নির্দেশ
৪১৩. আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহু আনহুমা বলেছেন, “উমর রদিয়াল্লাহু আনহু- এর মৃত্যু উপস্থিত হলে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। আমি তাঁর মাথা উঠিয়ে কোলের ওপর রাখলাম। এরপর তাঁর জ্ঞান ফিরে এল। তিনি বললেন, আমার মাথাটা মাটিতে রাখো। এই বলে আবার অজ্ঞান হয়ে গেলেন। আমি তাঁর মাথা কোলে নিলাম। আবার তাঁর জ্ঞান ফিরে এল। বললেন, যা করতে বলেছি, তা-ই করো। আমার মাথা জমিনে রাখো। তখন আমি বললাম, আব্বু, আমার কোল ও জমিন তো একই কথা! তিনি বললেন, “হারিয়ে যাক তোমার মা, যা করতে বলেছি, তা-ই করো। আমার মাথা জমিনে রাখো। আর শোনো, আমি মারা গেলে খুব দ্রুত আমাকে কবরে রেখে আসবে। যেখানে আমাকে রেখে আসছ সেটা হয়তো কল্যাণকর হবে; অথবা হবে অকল্যাণকর—যে অকল্যাণ তোমরা তোমাদের ঘাড় থেকে (কবরে) নামিয়ে রাখছ।”[৪৬২]

ক্ষমা না করা হলে ধ্বংস অনিবার্য
৪১৪. উসামা ইবনু যাইদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু তাঁর মৃত্যুর সময় তাঁর ছেলেকে বললেন, “ছেলে আমার, আমার মুখমণ্ডল মাটির ওপর রেখে দাও। হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি রহম করবেন।” আবদুল্লাহ ইবনু উমর মাটি দিয়ে তাঁর দুই গাল মুছে দিলেন। তারপর তিনি একেবারে হুঁশ হারিয়ে ফেললেন। ইবনু উমর বলেন, “আমি তাঁর মাথা কোলের ওপর রাখলাম। তখন তিনি হুঁশ ফিরে পেয়ে বললেন, আমার মুখমণ্ডল মাটির ওপর রেখে দাও, হয়তো আল্লাহ তাআলা আমাকে রহম করবেন। তারপর বললেন, ধ্বংস হোক উমর, ধ্বংস হোক তার মা, যদি তাকে ক্ষমা না করা হয়।”[৪৬৩]

আল্লাহর পক্ষ থেকে দূতের অপেক্ষায়
৪১৫. মা'মার বলেন, ইবরাহীম নাখঈ রহিমাহুল্লাহ মৃত্যুর সময় কাঁদতে শুরু করলেন। তাঁকে জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? তিনি বলেন, “আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দূতের অপেক্ষা করছি, যিনি আমাকে হয়তো জান্নাতের সংবাদ দেবেন নয়তো জাহান্নামের।”[৪৬৪]

মানুষের মৃত্যুই কিয়ামাত
৪১৬. হাম্মাদ ইবনু সাঈদ থেকে বর্ণিত। তিনি বলেন, “যখন আবূ আতিয়্যার মৃত্যু উপস্থিত হলো, তিনি ভয় পেয়ে গেলেন। তাঁকে বলা হলো, আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন? তিনি বললেন, পাব না কেন? মৃত্যুই তো কিয়ামাত। এরপর আমার অবস্থা কী হবে, তা তো আমি জানি না।”[৪৬৫]

আল্লাহর ক্ষমা ছাড়া আর কিছু যথেষ্ট নয়
৪১৭. আবূ নাওফাল থেকে বর্ণিত। তিনি বলেন, “আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় গালে হাত রেখে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের যা কিছুর নির্দেশ দিয়েছেন তা আমরা ছেড়ে দিয়েছি এবং যা কিছু থেকে নিষেধ করেছেন তা আমরা করে ফেলেছি। তাই আপনার ক্ষমা ছাড়া কোনো-কিছুই আমাদের পক্ষে যথেষ্ট নয়। তিনি কথাগুলো বারবার বলছিলেন আর এই অবস্থাতেই মৃত্যুবরণ করলেন।”[৪৬৬]

মৃত্যুর আগে আমর রদিয়াল্লাহু আনহু-এর কথা
৪১৮. আবদুর রহমান ইবনু শিমাসা বলেন, আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু-এর মৃত্যু উপস্থিত হলে তিনি কাঁদতে শুরু করলেন। তখন আবদুল্লাহ তাঁকে বললেন, কাঁদছেন কেন? মৃত্যুকে ভয় পাচ্ছেন নাকি? তিনি বললেন, আল্লাহর কসম, মৃত্যুকে ভয় পাচ্ছি না; কিন্তু মৃত্যুর পরে (কী ঘটবে তার জন্য ভয় পাচ্ছি)। আবদুল্লাহ তাঁকে বললেন, আপনি তো ভালো কাজ করতেন ও সত্যপথের ওপর (অটল) ছিলেন। তিনি তাঁকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাহচর্য ও শামদেশ বিজয়ের কথা মনে করিয়ে দিলেন। তখন আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো (একসময়) এর চেয়েও বড়ো জিনিস ছেড়ে দিয়েছি। তা হলো 'লা ইলাহা ইল্লালাহ'র সাক্ষ্য। ভালো করেই জানি যে, আমি তিনটি অবস্থায় ছিলাম। প্রথমে ছিলাম কাফির। তখন আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি সবচেয়ে কঠোর ছিলাম। সে সময় মারা গেলে জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যেত। তারপর যখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাতে বাইআত নিলাম, তখন আমি তাঁর প্রতি সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলাম। লজ্জার কারণে দুচোখ-ভরে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখতে পারিনি। সে সময় আমি মারা গেলে মানুষ বলত, 'আমরের কল্যাণ হোক। সে ইসলাম গ্রহণ করেছে এবং সত্যের ওপর (অটল) থেকেছে। সে উত্তম অবস্থায় মৃত্যুবরণ করেছে। আশা করা যায় যে সে জান্নাত পাবে।' কিন্তু তারপর আমি এমন সব বিষয়ে জড়িয়ে গেছি যে, আমি জানি না সেগুলো আমার পক্ষে গেছে নাকি বিপক্ষে। তাই আমি মারা গেলে (তোমরা) আমার জন্য বিলাপ করবে না। আমাকে জাহান্নামের অনুগামী বানিয়ো না। গায়ের ওপর আমার চাদর ভালো করে বেঁধে দেবে। আমি অবশ্যই জিজ্ঞাসিত হব। আমার ওপর হালকাভাবে মাটি ছড়িয়ে দেবে। আমার ডান পাশ বাম পাশের চেয়ে বেশি মাটির হকদার নয়। আমার কবরে তোমরা কাঠ বা পাথর কিছুই দিয়ো না। উট জবাই করে তার গোশত কাটতে যতটুকু সময় লাগে ততটুকু সময় শুধু আমার কবরের পাশে বসবে। আমি তোমাদের থেকে ভালোবাসা কামনা করি।”[৪৬৭]

টিকাঃ
[৪৫৬] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১/২০৫, হাদীসটির সনদ সহীহ, মাওকুফ।
[৪৫৭] হাদীসটির সনদ হাসান। তিরমিযি, সুনান, ৩৪৯০। তিনি বলেছেন, এটা হাসান গরীব হাদীস।
[৪৫৮] হাদীসটির সনদ হাসান। তিরমিযি, সুনান, ৩৫০২। তিনি বলেছেন, এটা হাসান গরীব হাদীস।
[৪৫৯] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত।
[৪৬০] আহমাদ ইবনু হাম্বল, কিতাবুয যুহদ, ৩৪০, হাদীসটির সনদ হাসান, মাওকুফ।
[৪৬১] ইবনু সা'দ, আত-তাবাকাত, ৩/৫, হাদীসটির সনদ দুর্বল, মাওকুফ।
[৪৬২] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত; অন্য সনদে এর সমার্থবোধক হাদীস মুত্তাসিলরূপে বর্ণিত হয়েছে। ইবনু সা'দ, আত-তাবাকাত, ৩/৩৬০ ও ৩/৩৫৯।
[৪৬৩] হাদীসটির সনদ দুর্বল, মাওকুফ।
[৪৬৪] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৪/২২৪, হাদীসটির সনদ সহীহ, মাওকুফ।
[৪৬৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৫/১৪, হাদীসটির সনদ দুর্বল, মাওকুফ।
[৪৬৬] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ মুনকাতি।
[৪৬৭] ইবনু সা'দ, আত-তাবাকাত, ৪/২৫৮, হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ সহীহ।

📘 মুমিনের পাথেয় > 📄 মুমিনের শেষ পরিণতি

📄 মুমিনের শেষ পরিণতি


ষষ্ঠ অনুচ্ছেদ
মুমিনের শেষ পরিণতি

মৃত্যুশয্যায় মানুষকে সুসংবাদ জানানো
৪১৯. আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, “মানুষকে জীবদ্দশায় তার রবের ভয় দেখিয়ো। কিন্তু মৃত্যুশয্যায় তাকে সুসংবাদ জানাবে, যাতে সে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারে।”[৪৬৮]

মুমিন বান্দার জন্য মৃত্যুর সময় সুসংবাদ
৪২০. মুহাম্মাদ ইবনু কা'ব কুরাযি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “যখন কোনো বান্দার আত্মা তার কণ্ঠনালীতে চলে আসে তখন ফেরেশতারা তার কাছে এসে বলে, হে আল্লাহর ওলি, আস-সালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করেছেন। তারপর তিনি এই আয়াত পাঠ করেন-
الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
“পবিত্র থাকা অবস্থায় [৪৬৯] ফেরেশতাগণ যাদেরকে (মৃত্যুর মাধ্যমে) গ্রহণ করবেন তাদেরকে বলবেন, তোমাদের প্রতি সালাম, তোমাদের আমলের বদৌলতে জান্নাতে প্রবেশ করো।”[৪৭০]-[৪৭১]

মৃত্যুর পর রহমতপ্রাপ্ত বান্দাদের সাক্ষাৎ ও আলোচনা
৪২১. আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “কোনো বান্দা মারা গেলে আল্লাহ তাআলার রহমত-প্রাপ্ত বান্দারা তাঁর সাথে দেখা করে, ঠিক যেভাবে তারা দুনিয়াতে সুসংবাদ-প্রদানকারীর সাথে দেখা করত। তারা তার কাছে এসে নানা বিষয় জিজ্ঞাসা করে। একজন আরেকজনকে বলে, ভাইটিকে বিশ্রাম নিতে দাও। সে অনেক বিপদের মধ্যে ছিল। কেউ কেউ জিজ্ঞাসা করে, অমুক পুরুষ কী করেছে? অমুক মহিলা কী করেছে? সে মহিলা কি বিয়ে করেছে? তার আগে মারা গেছে, এমন কারও ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, সে তো আমার আগেই মারা গেছে। তখন তারা বলে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে তো হাবিয়া[৪৭২] নামক বাসস্থানে চলে গেছে। তা কতই না নিকৃষ্ট বাসস্থান, কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। তারপর তাদের সামনে ওই বান্দার আমলনামা পেশ করা হয়। আমলনামা ভালো দেখলে তারা আনন্দিত ও উৎফুল্ল হয়ে ওঠে। বলে, হে আমাদের প্রতিপালক, এটা আপনার বান্দার প্রতি আপনার নিয়ামাত। সুতরাং তা পূর্ণ করে দিন। যদি তা খারাপ দেখে তবে বলে, হে আল্লাহ, আপনি আপনার বান্দার (আমলনামা)-কে পুনরায় বিবেচনা করুন।”[৪৭৩]

জমিন মানুষের জন্য কাঁদে
৪২২. দাউদ ইবনু কাইস বলেন, আমি মুহাম্মাদ ইবনু কা'ব কুরাযি রহিমাহুল্লাহ-কে বলতে শুনেছি, "নিশ্চয় এই জমিন কারও কারণে কাঁদে আর কারও জন্যে কাঁদে। যে ব্যক্তি জমিনের ওপর আল্লাহর আনুগত্য করে জমিন তার জন্য কাঁদে। যে ব্যক্তি জমিনের ওপর নাফরমানি করে জমিন তার কারণে কাঁদে।” তারপর তিনি এই আয়াত পাঠ করলেন, فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ
“আকাশ এবং পৃথিবী কেউই তাদের জন্য কাঁদেনি এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি।”[৪৭৪]-[৪৭৫]

মুমিন বান্দাদের আত্মাগুলো পাখির আকৃতিতে থাকবে
৪২৩. খালিদ ইবনু মা'দান থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনু আমর ইবনিল আস বলেছেন, “মুমিন বান্দাদের আত্মাগুলো যুরযুর [৪৭৬] পাখির মতো থাকে, তারা পরস্পরকে চিনতে পারে। জান্নাতের ফল থেকে তারা রিযক পায়।”[৪৭৭]

জীবিত ব্যক্তিদের সংবাদ মৃতদের কাছে পৌঁছায়
৪২৪. উসমান ইবনু আবদিল্লাহ থেকে বর্ণিত, সাঈদ ইবনু জুবাইর রহিমাহুল্লাহ তাঁকে বললেন, “আমার ভাতিজির সাথে একটু দেখা করতে চাই।” তিনি উসমানের স্ত্রী এবং আমর ইবনু আওসের মেয়ে। উসমান বলেন, “আমি অনুমতি দিলাম। এরপর তিনি আমার স্ত্রীর কাছে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, “তোমার স্বামী তোমার সাথে কেমন আচরণ করে?” আমার স্ত্রী জবাব দিলেন, “সাধ্যমতো আমার সাথে ভালো ব্যবহার করে।” এটুকু বলে স্ত্রী আমার দিকে তাকাল। তারপর সাঈদ ইবনু জুবাইর রহিমাহুল্লাহ আমাকে বললেন, “হে উসমান, তোমার স্ত্রীর সাথে সদাচার কোরো। তার সাথে যা-ই করো না কেন তার সংবাদ (তোমার মৃত-শ্বশুর) আমর ইবনু আওসের কাছে পৌঁছে যাবে।” আমি বললাম, “জীবিতদের সংবাদ কি মৃতদের কাছে পৌঁছায়?” তিনি বললেন, “হ্যাঁ, পৌঁছায়। মৃতব্যক্তির কাছে তার নিকটাত্মীয়দের সংবাদ পৌঁছানো হয়। সংবাদ যদি ভালো হয় তবে সে আনন্দিত হয়, উৎফুল্ল হয়, উচ্ছ্বসিত হয়। আর সংবাদ যদি খারাপ হয় তবে সে হতাশ হয়ে পড়ে, কষ্ট পায়। এমনকি সদ্য-মৃত-ব্যক্তি সম্পর্কে তাদের জিজ্ঞেস করা হয়। বলা হয়, সে কি তোমাদের কাছে আসেনি? তারা বলে, তাকে হাবিয়া নামক বাসস্থানে নিক্ষেপ করা হয়েছে।”[৪৭৮]

টিকাঃ
[৪৬৮] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ মুনকাতি।
[৪৬৯] অর্থাৎ, শিরকের অপবিত্রতা থেকে পবিত্র থাকা অবস্থায়।
[৪৭০] সূরা নাহল: আয়াত ৩২।
[৪৭১] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ হাসান।
[৪৭২] হাবিয়া অর্থ গভীর গর্ত। এখানে জাহান্নামের নিম্নস্তর অর্থে ব্যবহৃত হয়েছে।
[৪৭৩] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ সহীহ। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে এর সমার্থবোধক হাদীস সহীহ সনদের সঙ্গে মারফুরূপে বর্ণিত হয়েছে।
[৪৭৪] সূরা দুখান: আয়াত ২৯।
[৪৭৫] আবু নুআইম, হিলইয়া, ৩/২৪২। হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ সহীহ।
[৪৭৬] স্টারলিং বা শালিক-জাতীয় পাখি।
[৪৭৭] মালিক, আল-মুওয়াত্তা, ১/২৪০, হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ সহীহ।
[৪৭৮] হাদীসটি মাওকুফরূপে বর্ণিত এবং এর সনদ দুর্বল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00