📄 সন্তানের জন্ম থেকেই মাতৃত্ব ও পিতৃত্বের সৃষ্টি
পরিবারে সন্তান জন্মের সাথে সাথেই মাতৃত্ব ও পিতৃত্বের সৃষ্টি হয়। এ দুটো বিষয় অনেক গুরুত্বপূর্ণ; উষ্ণ স্নেহ ও ভালোবাসার অপূর্ব উৎস।
মাতৃত্ব হচ্ছে সন্তানের প্রতি মায়ের অবারিত দান। মা শুধু দিয়েই যান, কিন্তু বিনিময়ে কিছু গ্রহণ করেন না। কোনো স্বার্থ ছাড়াই আত্মত্যাগ করে যান। মা সন্তানের জন্য তার স্বাস্থ্য, যৌবন ও শান্তি সবই দিয়ে দেন, কিন্তু এসবের জন্য খোঁটা দেন না। সন্তানের ঘুমের জন্য রাত জাগা এবং তার শান্তির জন্য কষ্ট করাকে তিনি উপভোগ করেন। সেইসঙ্গে সন্তানকে খাওয়ানো এবং বড়ো করার জন্য নিজে ক্ষুধার্ত থাকার কষ্ট উপভোগ করেন।
মা সন্তানের জন্য ঘরের ভেতরে কষ্ট করেন। আর বাবা সন্তানের প্রয়োজনীয় খরচ জোগানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে বাইরে পরিশ্রম করেন।
পিতা-মাতা প্রত্যেকের জন্য রয়েছে অনেকগুলো অধিকার ও কর্তব্য।
📄 পিতা-মাতার অধিকার
ছেলে হোক বা মেয়ে হোক, সকল সন্তানের ওপর পিতা-মাতার প্রথম অধিকার হচ্ছে- তাদের সাথে সদ্ব্যবহার ও সদাচারণ করা। সকল আসমানি ধর্মে এ অধিকারের প্রতি আহ্বান করা হয়েছে।
তাওরাতে বর্ণিত দশটি নির্দেশনার মাঝে রয়েছে- 'তোমার পিতা-মাতাকে সম্মান করো।' Book of Exodus: 13-15/20
এমনিভাবে ঈসা (আ.)-এর ইঞ্জিলেও নির্দেশ এসেছে।
আর কুরআনে এ ব্যাপারে এমনভাবে জোর দেওয়া হয়েছে, যার নজির পৃথিবীর আর কোনো ধর্মে নেই। আল্লাহ তায়ালা বলেন- 'আর ইবাদত করো আল্লাহর, তাঁর সাথে অপর কাউকে শরিক করো না। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো।' নিসা: ৩৬
আরও ইরশাদ করেন- 'তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো।' সূরা ইসরা : ২৩
অন্যত্র বলেন- 'আমি নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও।' সূরা লুকমান : ১৪
যেহেতু তাওহিদের পরেই পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব, তাই শিরকের পরে মারাত্মক গোনাহ হচ্ছে তাদের অবাধ্য হওয়া। নবি করিম ﷺ এটিকে অন্যতম মারাত্মক কবিরা গোনাহ হিসেবে সাব্যস্ত করেছেন।
পিতা-মাতা যখন বার্ধক্যে উপনীত হয়, দুর্বল হয়ে পড়ে এবং দেখাশোনা ও যত্নের মুখাপেক্ষী হয়, তখন তাদের সাথে সদ্ব্যবহার ও সদাচরণের জন্য ইসলামে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় তাদের অনুভূতি খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল থাকে। যেকোনো অনুপযুক্ত কথা যেমন বিরক্তি প্রকাশকারী, তেমনি 'উফ' শব্দও তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এ জন্যই আল্লাহ তায়ালা বলেন- 'তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের 'উফ' শব্দটিও বলো না এবং ধমক দিও না এবং তাদের সাথে শিষ্ঠাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে, নম্রভাবে বাহু নত করে দাও এবং বলো: হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।' বনি ইসরাইল: ২৩-২৪
📄 মায়ের সাথে সদ্ব্যবহার
কুরআনে পিতা-মাতা উভয়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও পিতার কষ্টের চেয়ে মাতার কষ্টের কথা বেশি বলা হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন-
'আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও।' সূরা লুকমান: ১৪
আল্লাহ তায়ালা অন্যত্র বলেন-
'আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে লেগেছে ত্রিশ মাস।' সূরা আহকাফ : ১৫
আল্লাহ তায়ালা পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং মায়ের ব্যথা ও কষ্টসমূহ তথা গর্ভ, সন্তান প্রসব ও দুধ পান করার কথা উল্লেখ করেছেন।
এ জন্যই আল্লাহর রাসূল ﷺ মায়ের ব্যাপারে তিনবার নির্দেশ দিয়েছেন এবং পিতার ব্যাপারে একবার নির্দেশ দিয়েছেন। যখন একজন সাহাবি তাঁকে জিজ্ঞেস করলেন-
'মানুষের মধ্যে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত কে? তখন তিনি বললেন, 'তোমার মা।' জিজ্ঞেস করলেন, 'তারপর কে?' বললেন, 'তোমার মা।' আবার জিজ্ঞেস করলেন, 'তারপর কে?' বললেন, 'তোমার মা।' আবার জিজ্ঞেস করলেন, 'তারপর কে?' বললেন, 'তোমার পিতা।' বুখারি: ৫৯৭১, মুসলিম: ২৫৪৮
তিনি আরও বলেন-
'আল্লাহ তায়ালা তোমাদেরকে মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তারপর তোমাদেরকে মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তারপর তোমাদেরকে মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তারপর তোমাদেরকে পিতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তারপর পর্যায়ক্রমে নিকটাত্মীয়দের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন।' তাবরানি, বাইহাকি ও ইবনে মাজাহ
এ হাদিসের ব্যাখ্যায় কোনো কোনো আলেম বলেন, সদ্ব্যবহারের তিন-চতুর্থাংশ মায়ের অধিকার আর এক-চতুর্থাংশ বাবার। কারণ, মা এমনসব কষ্ট সহ্য করেন, যা বাবাকে করতে হয় না, আর সে কারণেই মায়ের জন্য সন্তানের সদ্ব্যবহার অধিক প্রয়োজন। পিতা তার সম্পদ দ্বারা নিজের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু মা পারে না। অন্যদিকে সন্তানগণ মায়ের সাথে যে আচরণের সাহস করতে পারে, বাবার সাথে তা পারে না।
📄 সমাজের ওপর মাতৃত্বের অধিকার
পিতা-মাতার দেখাশোনা করার দায়িত্ব কেবল সন্তানের মাঝেই সীমাবদ্ধ নয়; বরং পুরো সমাজব্যাপী বিস্তৃত। সমাজের দায়িত্ব হচ্ছে- সন্তান প্রসব পর্যন্ত নারীর মাতৃত্বের যত্ন নেওয়া এবং শান্তি ও নিরাপত্তার মাঝে তাকে খাদ্য, চিকিৎসা ও সামাজিক সেবা দিয়ে সহযোগিতা করা।
মা যদি কর্মজীবী হয়, তবে গর্ভাবস্থায় তার চাকরির কাজ হালকা করতে হবে; বিশেষ করে গর্ভের শেষ দিনগুলোতে। সন্তান প্রসবের পর তাকে উপযুক্ত মাতৃত্ব ও দুগ্ধ পানকালীন ছুটি দিতে হবে।
সেই ছুটি হয়তো এমনও হতে পারে, যেমন কুরআনে বলা হয়েছে- 'আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদের পূর্ণ দুবছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়ানোর পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়।' সূরা আল-বাকারা: ২৩৩
উক্ত সময়কালে তাদের পূর্ণ বেতনসহ ছুটি দিতে হবে। কারণ, ওই মা সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিচ্ছে। আর তা হলো- নবাগত প্রজন্মকে প্রতিপালন করছে। মাতৃজাতি প্রকৃতপক্ষে উৎপাদনকারী জাতি। তারা ধন-সম্পদ উৎপাদন করে না; মানুষ উৎপাদন করে।
অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক গ্যারি বেকের কাতারের দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের প্রথম অধিবেশনে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন-
'বাচ্চাদের যত্ন ও প্রতিপালনের জন্য যে সকল নারী ঘরে থাকেন, তারা জাতীয় অর্থনীতির উন্নতিতে ২৫% থেকে ৫০% হারে অংশগ্রহণ করেন। অথচ এই তথ্য অনেকেই জানে না। অনেকে মনে করে, যে সকল নারী ঘরের দায়িত্ব পালন করেন, তারা বেকার। তাদের দৃষ্টিতে, নারীগণ জাতীয় উৎপাদনের ওপর বোঝাস্বরূপ! অথচ আমরা দেখছি, আন্তর্জাতিক অর্থনীতি তার বিপরীত স্বাক্ষ্য দিচ্ছে।'