📄 উত্তম চরিত্র ও ধার্মিকতা
সৎ হওয়া। অর্থাৎ ধর্ম ও চরিত্রের দিক থেকে সৎ হওয়া। যে ব্যক্তি ধার্মিক নয় এবং চরিত্রের দিক থেকেও সন্তোষজনক অবস্থানে নেই, তার তো ব্যবসায়িক অংশীদার হওয়ারই যোগ্যতা নেই। তাহলে সে কীভাবে পূর্ণ জীবনের অংশীদার হবে!
এ জন্য নবি ﷺ বলেছেন- 'পৃথিবী এক উপভোগ্য সামগ্রী। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রী হচ্ছে পুণ্যময়ী নারী।' মুসলিম : ১৪৬৭
তিনি আরও ইরশাদ করেন- ‘(সাধারণত) নারীদের চারটি গুণ দেখে বিবাহ করো : তার ধন- সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনদারি। তুমি দ্বীনদার নারীকে বিবাহ করে ধন্য হও।’ বুখারি: ৫০৯০, মুসলিম: ১৪৬৬
তিনি আরও বলেন- ‘যাকে আল্লাহ তায়ালা পুণ্যময়ী স্ত্রী দান করেছেন, তার অর্ধেক দ্বীন পূরণে আল্লাহ তাকে সাহায্য করেছেন। অতএব, বাকি অর্ধেকের ব্যপারে সে যেন আল্লাহকে ভয় করে চলে।’ তাবরানি
ওই নারীই ধার্মিক নারী, যে স্বামীর উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থায় তার অধিকার সংরক্ষণে আল্লাহকে ভয় করে চলে। যেমনিভাবে আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘তাই নেককার স্ত্রীলোকগণ হয় অনুগত। আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, স্বামীর অনুপস্থিতে তা তারা হেফাজত করে।’ সূরা নিসা : ৩৪
হাদিসের বিভিন্ন বর্ণনায় কেবল সম্পদের জন্য নারীদের বিয়ে করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। কারণ, সে হয়তো সম্পদের কারণেই অবাধ্য হয়ে পড়বে। অনুরূপভাবে কেবল সৌন্দর্যের জন্যও বিবাহ করতে নিষেধ করা হয়েছে। কারণ, এই সৌন্দর্যই হয়তো তার ঈমান নষ্টের কারণ হবে; বিশেষ করে যদি পারিবারিক দীক্ষা খারাপ হয়ে থাকে। এমন নারীকে আবর্জনাময় স্থানে উৎপন্ন সবুজ উদ্ভিদের সঙ্গে তুলনা করা হয়েছে।
অন্যদিকে স্বামী নির্বাচনের ক্ষেত্রে হাদিসে নারী ও তার অভিভাবকদের লক্ষ করে বলা হয়েছে- ‘যদি তোমাদের নিকট এমন কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র ও ধার্মিকতা তোমাদের কাছে সন্তোষজনক, তবে তার নিকট বিবাহ দাও। যদি তোমরা এমনটি না করো, তবে ভূপৃষ্ঠে ব্যাপক বিপর্যয় ও বিশৃঙ্খলা দেখা দেবে।’ তিরমিজি, ইবনে মাজাহ ও বাইহাকি।
সালফে সালেহিনদের মাঝে কেউ কেউ বলতেন- 'তোমার মেয়েকে বিবাহ দিতে চাইলে দ্বীনদার পাত্র দেখে বিবাহ দাও। কারণ, সে যদি তাকে ভালোবাসে, তবে তাকে সম্মান করবে। আর যদি তাকে অপছন্দ করে, তবে অন্তত তার প্রতি জুলুম করবে না।'
আবার কেউ কেউ বলেছেন- 'যে ব্যক্তি তার মেয়েকে কোনো ফাসিকের সঙ্গে বিবাহ দিলো, সে যেন তার সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিন্ন করল।'
এ জন্যই আমরা দেখতে পাই, যুগশ্রেষ্ঠ তাবেয়ি সাইদ ইবনে মুসাইয়্যাব (র.) তাঁর মেয়েকে উমাইয়া খলিফার ছেলে, ভবিষ্যৎ খলিফার নিকট বিবাহ দিতে অস্বীকৃতি জানান। এর পরিবর্তে তিনি মেয়েকে এক দরিদ্র ছাত্রের নিকট বিবাহ দেন। কারণ, তিনি খলিফা পুত্রের চেয়ে সেই গরিব ছাত্রের মাঝে অধিক পরহেজগারিতা প্রত্যক্ষ করেছিলেন। তাই তাকেই নিজের মেয়ের জন্য অধিকতর নিরাপদ আশ্রয় মনে করেছেন।
মূলত বিবাহ হলো একজন মানুষের সঙ্গে অপর একজন মানুষের সম্পর্কের বন্ধন। আর মানুষ বলতে তার সম্পদ, শান-শওকত, চেহারা বা দৈহিক আবরণকে বোঝানো হয়নি; বরং বুদ্ধি, বিবেক ও প্রাণই হলো মানুষের প্রকৃত স্বরূপ। কাজেই, বিবাহের ক্ষেত্রে এসবই গুরুত্ব দেওয়া উচিত। কারণ, এসবই টিকে থাকে, আর অন্য সব বাহ্যিক বস্তু সাময়িক ও ক্ষণস্থায়ী।
📄 মনের মিল
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো- পরস্পরের মাঝে মনের মিল। কোনো কোনো মানুষ এমন আছে, যার সাথে কখনো একসঙ্গে থাকতে পারবেন না। হয়তো বাহ্যিকভাবে তার মাঝে তেমন কোনো দোষ নেই। তবে তার মানসিকতার সাথে আপনার মানসিকতা মিলছে না। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে- 'মানবাত্মাসমূহ যেন বিভিন্ন সমষ্টিতে বিভক্ত। (আদিতে) যারা পরস্পর পরিচিত হয়েছে, এখানেও (দুনিয়ায়) তারা পরস্পরকে ভালোবাসবে। আর সেখানে যারা পরস্পর অপরিচিত ছিল, এখানে তাদের মধ্যে অনৈক্য হবে।' বুখারি: ৩৩৩৬
অতএব, আত্মাসমূহের মাঝে মিল থাকলে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। আর অমিল থাকলে অনৈক্য দেখা দেবে।
এ বিষয়টি কখনো কখনো প্রথম দৃষ্টিতেই অথবা প্রথম সাক্ষাতেই উপলব্ধি করা যায়। আবার কখনো-বা ব্যক্তির সঙ্গে কথা বলার পর অথবা ছোটোখাটো আচরণের মাধ্যমে বোঝা যায়। তখন হয়তো দেখা যায়, তার প্রতি কোনো মহব্বত সৃষ্টি হচ্ছে না; বরং দুজনের আন্তরিক সম্পর্কের মাঝে যেন দেখা দিয়েছে অভেদ্য দেয়াল।
হয়তো এ কারণেই নবি বিবাহের জন্য প্রস্তাবকৃত নারীকে আগেই দেখে নিতে বলেছেন। একজন সাহাবি যখন আল্লাহর রাসূল ﷺ-কে জানালেন, তিনি এক নারীকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, 'তুমি কি তাকে দেখেছ?' জবাবে তিনি বললেন, 'না!' তখন আল্লাহর রাসূল বললেন- 'তাকে দেখে নাও। কারণ, এটি তোমাদের মাঝে সম্পর্ক স্থায়ী হওয়ার উত্তম পদ্ধতি।' মুসনাদে আহমাদ: ১৮১৫৪
অর্থাৎ পারস্পরিক দৃষ্টি বিনিময়ের ফলে একে অপরের প্রতি হয়তো টান অনুভূত হবে। কারণ, চোখ হলো অন্তরের দূত। দেখার অধিকার কেবল পুরুষের জন্য নয়; বরং নারীরও অধিকার। এ জন্য পুরুষ যেমনিভাবে তার হবু স্ত্রীকে দেখবে, তেমনি নারীর জন্যও হবু স্বামীকে দেখার ব্যবস্থা করে দিতে হবে। একে অপরের সঙ্গে কথা বলবে, যেন কথাবার্তা ও আচার-আচরণে একে অপরকে বুঝতে পারে। সেইসঙ্গে চেহারা-সুরতের দিক থেকেও যেন একে অপরের মনপূত হয়।
এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এর মাধ্যমে যেন একে অপরের অন্তরে জায়গা করে নিতে পারে। যেন পরস্পরকে ঘনিষ্ঠ, পরিপূরক ও নিজের অংশবিশেষ মনে হয়। যেমন আল্লাহ তায়ালা বলেন- 'তোমরা একে অপরের অংশ।' সূরা আলে ইমরান: ১৯৫
এমন যেন মনে না হয় যে, তাদের দুজন দুই মেরুতে। একজন প্রাচ্যে আরেকজন পাশ্চাত্যে। এমন হলে দুজনের মাঝে কোনো মিল থাকবে না।
পারস্পরিক মনের এই টান-ই হলো 'মনের মিল', যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। এর অর্থ, দুজনের মাঝে এমন মিল থাকবে, যেন দুজন একই ব্যক্তি। এ ক্ষেত্রে আরবি ভাষা তথা কুরআনের ভাষার অন্যতম আকর্ষণীয় বিষয় হলো, দুজন জীবনসঙ্গী প্রত্যেককেই এখানে (زوج) বা জোড় বলা হয়েছে। আর জোড় মানে একই রকম। প্রত্যেকের মাঝেই যেন অপরজন নিহিত রয়েছে। দুজন যেন একাকার হয়ে গেছে।
এখানে আরেকটি বিষয়ে আলোকপাত করতে চাই। তা হলো, ইসলাম বাগদত্তা নারী ও পুরুষ উভয়ের জন্য দেখার যে বিধান রেখেছে, তা আজ অবধি কোনো কোনো মুসলিম দেশে অবহেলিত ও পরিত্যক্ত। বিশেষ করে উপসাগরীয় দেশসমূহে। দেখা যাচ্ছে- প্রস্তাব প্রদানকারী হবু স্বামীকে কোনো অবস্থাতেই তার বাগদত্তা স্ত্রীকে দেখতে দেওয়া হয় না। তারা পূর্বপুরুষদের মূর্খ নীতি অনুসরণ করে ইসলামি বিধানকে দোষের বিষয় মনে করে। তাদের মধ্যে কেউ কেউ মনে করে, কোনো যুবক তার বাগদত্তা স্ত্রীকে অথবা কোনো যুবতী তার বাগদত্তা স্বামীকে বাসর রাতের আগে দেখা অন্যায়। এমনকী তাদের অনেকে আকদের পরও এমনটি মনে করে!
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- এ বাগদত্তা নারী স্কুল, ভার্সিটি, মার্কেট অথবা হাসপাতালে আসা-যা যাওয়া করছে, এমনকী বিভিন্ন আরব দেশ বা ইউরোপিয়ান দেশেও ভ্রমণ করছে। জীবনে অনেক পুরুষকে দেখছে এবং তারাও তাকে দেখছে। যেমন: মার্কেটে বিক্রেতাকে দেখছে, হাসপাতালে ডাক্তারকে দেখছে, ভার্সিটিতে শিক্ষককে দেখছে, বিমানে এয়ার হোস্টকে দেখেছে এবং এভাবে আরও অনেককে দেখছে, অথচ একমাত্র যে বেচারা তাকে দেখতে পারবে না, সে হলো তার হবু বর!
📄 পারস্পরিক উপযুক্ততা
তৃতীয় বিষয় হলো- অর্থ, মানসিকতা, চিন্তা-চেতনা, বয়স ও সামাজিক অবস্থানের দিক থেকে নিজের উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে নেওয়া। যাতে এগুলোর কোনোটির অনুপস্থিতি বৈবাহিক জীবনে অস্থিরতা বা বিচ্ছিন্নতার কারণ হয়ে না দাঁড়ায়। অতএব, দরিদ্র ব্যক্তির জন্য এমন ধনী নারী খোঁজা উচিত নয়, (যার ব্যয়ভার সে বহন করতে পারবে না। উলটো) স্ত্রীর সম্পদে তাকে চলতে হয়। কারণ, মূলনীতি হলো- পুরুষ হবে নারীর ওপর কতৃত্বশীল, সে নারীর ব্যয়ভার বহন করবে। এখন স্ত্রী যদি তার ব্যয়ভার বহন করে, তবে পুরুষ আর স্ত্রীর ওপর পূর্ণ কতৃত্বশীল হতে পারবে না।
অনুরূপভাবে মূর্খ বা অর্ধ-মূর্খ পুরুষের জন্য বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত উচ্চ শিক্ষিত নারী বিবাহ করা উচিত নয়। অন্যদিকে এর বিপরীতে মূর্খ নারীর জন্যেও উচ্চ শিক্ষিত পুরুষকে বিবাহ করা উচিত নয়। কারণ, দুজনের মাঝে জ্ঞানের বিস্তর তফাত থাকে। ফলে দেখা যাবে, তারা কেবল খাবার-দাবার ও যৌন সম্ভোগেই একে অপরের অংশীদার হবে; অন্য কিছুতে নয়।
এমনিভাবে, যুবকের উচিত নয় বৃদ্ধা নারীকে বিবাহ করা এবং যুবতী নারীরও উচিত নয় বৃদ্ধ পুরুষকে বিবাহ করা। কারণ, এ সকল ক্ষেত্রে বেশিরভাগ সময় আর্থিক কারণে বিবাহ ঘটে! এতে বিবাহের মৌলিক উদ্দেশ্য নষ্ট হয় এবং নানাবিধ সমস্যা দেখা দেয়।
এ জন্যই আনসারি যুবক সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ যখন নবি ﷺ-কে নিজের বিবাহের সংবাদ দিলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন- 'সে কি কুমারী, না বিবাহিতা?' তিনি বললেন, 'বিবাহিতা'। তখন নবি বললেন- 'কুমারী বিবাহ করলে না কেন, তাহলে একে অপরের সঙ্গে খেলাধুলা ও হাসি-রসিকতা করতে পারতে?' আল লু'লু' ওয়াল মারজান: ৯৩০
তখন জাবির জানালেন, তার পিতা শাহাদাত বরণ করেছেন এবং তাঁর অনেকগুলো ছোটো বোন রয়েছে। তাদের লালন-পালনের জন্য অভিজ্ঞতাসম্পন্ন নারীর প্রয়োজন (কারণ, তাদের মা ছিল না)। এজন্য যদি তাদের বয়সি কুমারী মেয়ে বিবাহ করেন, তবে হয়তো তাদের সুষ্ঠু লালন-পালন সম্ভব হবে না। তাই তিনি ছোটো বোনদের দিকে লক্ষ করে কুমারী নারী বিবাহ না করে বিবাহিত নারী বিবাহ করেছেন; যেন তাদের মায়ের মতো লালন-পালন করতে পারে।
এতে আমরা বুঝতে পারি, কখনো কখনো বাহ্যিক উপযুক্ততাকে তার চেয়ে বড়ো কোনো কারণে উপেক্ষা করা হয়। তাই কখনো দেখা যায়, কোনো পুরুষ তার চেয়ে বয়সে বড়ো নারীকে বিবাহ করে। আবার কোনো কোনো নারী তার চেয়ে বয়সে ছোটো পুরুষকে বিবাহ করে এমন শক্তিশালী কারণে, যাতে উভয়েই আন্তরিকভাবে পরিতুষ্ট থাকে। ফলে তাদের বৈবাহিক জীবনেও মজবুত ভিত্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে।