📄 বিকল্প বিনোদন কি শরিয়তের অভিপ্রায়?
শরিয়ত বিনোদনকে অনুমোদন দেওয়ার কারণে কিছু মূলনীতিও নির্ধারণ করে দিয়েছে। অতএব, বিকল্প বিনোদনের ব্যবস্থা করা অপরিহার্য। বিশেষকরে এই যুগে, যখন হারাম বিনোদন মহামারি আকার ধারণ করেছে; যেন মানুষ হারাম বিনোদন থেকে নিজেকে রক্ষা করার উপায় খুঁজে পায়। কারণ, বর্তমান যুগে বিনোদন ও খেলাধুলার উপকরণগুলো 'সৌন্দর্য লাভের মাধ্যম ও অতিরিক্ত বিষয়' এর স্তর অতিক্রম করে জরুরি বিষয় হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে এবং মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা থেকে একেবারে বিচ্ছিন্ন থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। অতিরিক্ত আকর্ষণের কারণে মানুষ বিনোদনের জন্য স্বতন্ত্র সূচি তৈরি করেছে এবং একাধিক সময় নির্ধারণ করেছে। এখানেই শেষ নয়; বরং বিনোদন নিয়ে বাড়াবাড়ি করতে করতে এখন তা ইসলামি শরিয়তের অনভিপ্রেত কাজের মধ্যে ঢুকে পড়েছে।
আমাদের আলোচ্য বিষয় সেই বিকল্প বিনোদন, যা গর্হিত ও শরিয়ত কর্তৃক নিষিদ্ধ বিষয়াবলি থেকে মুক্ত হবে। বরং আরও পরিষ্কারভাবে বলা যায়, শরিয়তের অনুগামিতাই মূল উদ্দেশ্য, আর বিনোদন তার সহযোগী একটি অনুসঙ্গ মাত্র।
তবে হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপট বিকল্প হিসেবে এমন বিনোদনের নিবেদন করছে, যা মানুষকে পদস্খলিত করে হারাম বিনোদনে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে।
কিন্তু বর্তমান যুগে বিকল্প বিনোদন নিয়েও সমস্যা। কারণ, যেই ব্যবস্থাত মানুষের স্বার্থে করা হয়, আত্মভোলা হয়ে মানুষ সেটাকেই ধ্যান-জ্ঞান ও চাওয়া-পাওয়ার বিষয় বানিয়ে ফেলে। সেটা ছাড়া তারা আর কিছুই বোঝার চেষ্টা করে না।
যার কারণে কোনো খতিব, কোনো দাঈ, কোনো আলিম বা কোনো মুফতি যখন ইসলামি শরিয়তের আলোকে হালাল-হারাম-বিষয়ক কোনো বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হন, তখনই তার প্রতি যাচিত ও অযাচিত প্রশ্ন ও আপত্তির তুফান আসতে শুরু করে। যেমন-
হুজুর, এর বিকল্প কী হতে পারে? কোথায় পাওয়া যাবে??
হুজুর, যখন এ বিষয়ে কোনো বিকল্প পাওয়া না যাবে, তখন আমরা কী করব?
হুজুর, আপনার কাছে যদি কোনো বিকল্পব্যবব্যবস্থা না থাকে, তাহলে মানুষের জন্য প্রচলিত পথকে রুদ্ধ করা কি ঠিক হবে?
এখানেই শেষ নয়; বরং অনেক গর্হিত কাজেও মানুষ ব্যাপকহারে বিকল্প পদ্ধতির দাবি করে থাকে। তো এই বিকল্প পদ্ধতির বিষয়টি দলিল বানিয়ে অনেকেই মাকরুহ কাজ তো আছেই, হারাম কাজকেও বৈধতা প্রদানের অপচেষ্টা করছে। এমন লোকেরা আলিমদের কাছে প্রশ্ন করছে—
সিনেমা ও নাটকের বিকল্প কী?
টিভি স্টেশনের বিকল্প কী?
গান ও মিউজিক শোনার বিকল্প কী?
রেসলিং খেলা, যেখানে সাধারণত চেহারাতেই আঘাত করা হয়, এর বিকল্প কী?
গানের কনসার্ট, রোমান্টিক মুভি, কমেডি মুভি এবং হাসির নাটকের বিকল্প কী?
গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য বিভিন্ন স্থানে—দেশের বাইরে বা অভ্যন্তরে ভ্রমণের বিকল্প কী?
সাঁতার কি মৌলিকভাবে জায়িজ নয়?
তাহলে আমরা ছুটির সময়গুলো কোথায় কাটাব?
অতএব, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে, আলিম-উলামা ও দায়িদের ওপর কি বর্তমান যুগে প্রচলিত সমস্ত অনিষ্টতা ও হারাম বিষয়ের বিকল্প উদ্ভাবন করা ওয়াজিব? প্রত্যেক হারাম কাজের বিকল্পপন্থা আবিষ্কার করা কি তাদের দায়িত্ব?
মনে রাখতে হবে, একজন প্রকৃত মুসলিম ও সুস্থ মস্তিষ্কের অধিকারী বুদ্ধিমান মানুষের জন্য বৈধ-শরিয়তসম্মত বিনোদনের অনুসরণই যথেষ্ট।
একটি মূলনীতি খুব ভালোভাবে বুঝতে হবে যে, কোনো বস্তু যখন সীমালঙ্ঘন করে ফেলে, তখন তার মূলের দিকে ফিরে আসে। ঠিক তেমনিভাবে বিনোদন যখন তার সীমা অতিক্রম করবে, তখন তার মূল 'হারাম'-এর দিকে ফিরে আসবে।
অতএব, মানুষ যখন সমস্ত হারাম বিনোদনেরই বিকল্প খোঁজার চেষ্টা করবে, খেল-তামাশা, বিনোদন ও কল্পনাজগতের উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে সীমানাহীন ভাটির দিকে ভেসে যাবে, তখন তার পরিসমাপ্তি ঘটে মূল হারামের দিকেই ফিরে আসবে। কারণ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিই করেছেন তাঁর ইবাদত করার জন্য; বিনোদন ও খেলাধুলা করার জন্য নয়। আল্লাহই তাদের পরিণতি সম্পর্কে ভালো জানেন।
📄 বিকল্প বিনোদনের উত্স
যারা দ্বীনকে আঁকড়ে ধরতে চান বা কমপক্ষে অনিষ্টতা থেকে দূরে থাকতে চান, তাদের ক্ষেত্রেও বিষয়টি কেবল ইসলামি বিকল্প আবিষ্কারের প্রচেষ্টা ও পাপমুক্ত বিনোদন অন্বেষণের ওপরই ক্ষান্ত নেই; বরং তারা এক্ষেত্রে বিভিন্ন প্রকার হারাম বিনোদনের দিকেও অগ্রসর হয়েছে। আমরা কোনোভাবেই এগুলো সমর্থন করি না, সমর্থন করতে পারি না। বরং যারা অনৈসলামি হারাম কালচারকে ইসলামের নামে মুসলিমদের ঘরে পুশ-ইন করার অপপ্রয়াস চালায়, আমরা কঠিনভাবে তাদের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ করি এবং যথাসাধ্য প্রতিরোধ করার চেষ্টা করি।
সুতরাং আমরা বিকল্পব্যবস্থার শিরোনামে অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়া মুসলিম উম্মাহর ঘাড়ে চেপে বসা ইসলামি ভিডিও, ইসলামি কার্টুন, ইসলামি গান, ইসলামি থিয়েটার ও ইসলামি কমেডি নিয়ে আলোচনা করব।
লক্ষণীয় বিষয় হলো, অনেকেই বিনোদননামক এই কর্মকাণ্ডে সীমাতিরিক্তভাবে পদস্খলনের শিকার হয়েছেন। বিনোদনজগতের কর্মসূচি প্রণয়ন করতে গিয়ে তাদের অনেকেই এমন স্তর পর্যন্ত পৌঁছে গেছেন, শরিয়তের উলামায়ে রব্বানির সাথে ও সত্যিকারের ইসলামি অনুশাসন মান্যকারী আল্লাহভীরু আলিমদের সাথে যার ন্যূনতম সম্পর্কও নেই। তারা কোনোভাবেই এগুলো অনুমোদন করেন না।
ইসলামের নামে কিছু ভিডিও ক্লিপ এমন রয়েছে, যেগুলোতে ধিমতালে সুরতরঙ্গ সৃষ্টি করা হয় এবং এমন অঙ্গভঙ্গি করা হয়, যা কোনোভাবেই পুরুষত্বের সাথে যায় না; বরং অনেক ক্ষেত্রেই পাপাচারী গায়কদের সাথে সাদৃশ্য সৃষ্টি হয়। যেমন: হাত-পা নাড়িয়ে জমিনে বা হাতের সীমার মধ্যে থাকা বস্তুতে মৃদু আঘাত করা। উপরন্তু কিশোরীদের মাধ্যমে এসব গান উপস্থাপন করা, যা কোনোভাবেই ইসলামি অভিপ্রায়ের অনুকূল নয়। অথচ এগুলো চালিয়ে দেওয়া হচ্ছে ইসলামি সংস্কৃতির নামে।
এগুলো কি কোনোভাবেই সেই শর্তাবলির আওতায় উত্তীর্ণ হতে পারে, ইসলামি শরিয়তের আলোকে যেগুলো প্রণয়ন করা হয়েছে? কোনোভাবেই কি এগুলো ইসলামি শরিয়তের প্রতিকূল বিষয়গুলো থেকে নিরাপদ হতে পারে?
ইসলামি সংগীতের জন্য যেসব শর্ত আরোপ করা হয়েছে, বাদ্যযন্ত্রের কোনো প্রকারকেই তা সমর্থন করে না। অনুরূপ সেসব সাউন্ড সিস্টেমকেও সমর্থন করে না, যেগুলোর মাধ্যমে আওয়াজকে তার প্রকৃত অবস্থা থেকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। এরপরও এগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে, বিকল্প ইসলামি বিনোদনের মাপকাঠিতে উত্তীর্ণ। কিন্তু আমরা যখন ইসলামি সংগীতকে এই সকল আনুষঙ্গিকতা থেকে মুক্ত করে উপস্থাপন করি, তখন সেগুলোর ভক্ত ও শ্রোতা নিতান্তই কম হয়ে যায়! অথচ সাউন্ড সিস্টেমমুক্ত এসব সংগীতই হলো ইসলামের অভিপ্রায় মোতাবেক নির্ভেজাল ইসলামি সংগীত।
বিশেষ বিশেষ দিবসগুলোতে এমন সংগীতও পরিবেশন করা হয়, যেগুলোতে করতালির খই ফোটে, সৃষ্টি হয় নারী-পুরুষের সংমিশ্রণের অবাধ জোয়ার। অথচ এগুলোকেও আখ্যায়িত করা হয় 'ইসলামি অনুষ্ঠান' হিসেবে!
ওই সমস্ত ফিল্মকেও ইসলামি বলে আখ্যায়িত করা যাবে না, যেগুলো গান ও মিউজিকের সাউন্ড থেকে মুক্ত করা হয়েছে। ওই সমস্ত শিরক, কুফুর ও পাপাচারে ভরা ফিল্মকেও ইসলামি বলে আখ্যায়িত করা যাবে না, যেগুলোতে কেবল ইসলামি কালচারের লেবেল লাগানো হয়েছে।
কেবল ইসলামি কালচারের লেবেল লাগালেই বা গান ও মিউজিকের আওয়াজ মুক্ত করলেই প্রকৃত ইসলামি বিনোদন হয়ে যায় না। কেননা, ইসলামি বিনোদনের ক্ষেত্রে পরিষ্কারভাবে এই শর্তগুলো আরোপিত হয়েছে যে, অনৈসলামি আকিদার প্রলেপ থাকা যাবে না, শিরকি কোনো শব্দের মিশ্রণ থাকা যাবে না, ইসলামের প্রতিষ্ঠিত চিন্তা-চেতনা ও আদর্শের পরিপন্থি কোনো বিষয় থাকা যাবে না। যেমন : বাম হাতে পানাহার করা, উপুড় হয়ে শোয়া, নারী-পুরুষের অবাধ মিশ্রণ, শারীরিক অসঙ্গতি বোঝানোর জন্য চলমান কোনো নারীর প্রদর্শন ইত্যাদি। এই শর্তগুলোর প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেও কোনো বিষয়কে ইসলামি বলা কেবলই পরিহাস!
এমন অনেক ইসলামি ভিডিও ক্লিপও প্রকাশিত ও প্রচারিত হয়েছে, যেগুলোতে এমন অনেক সুন্দরী ললনাদের উপস্থিতি রয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ১০ থেকে ১২ বছর। তারা সেখানে ইসলামি গান পরিবেশন করছে। কখনও দফের বাজনার তালে তালে অঙ্গভঙ্গিও প্রদর্শন করছে। আবার কখনও তাদের সাথে সমুদ্রের কিনারে বা পাহাড়ের পাদদেশে যুবকদেরও গান গাইতে দেখা যায়, যেখানে কিশোরীরা রং-বেরঙের পোশাক পরিধান করে যুবকদের সামনে জাদুময় মুচকি হাসির স্বর্গীয় মোহময় পরিবেশ সৃষ্টি করে তোলে।
বরং অবস্থা তো এত দূর পর্যন্ত গড়িয়েছে যে, কেউ কেউ এই অনুষ্ঠানগুলোতে ইসলামি ডিস্কো নারীর আবেদনও করে! এমন ইসলামি থিয়েটারের দাবি করে, যেখানে যুবকেরা ব্র্যাঙ্কেট পরিধান করবে! অনেকেই সেখানে কৃত্রিম দাড়ি ও গোঁফ ব্যবহার করে! অনেক যুবক এমন লজ্জাকর ড্যান্স পরিবেশন করে, যা কোনো মুসলিম যুবকের জন্য শোভা পায় না! আবার অনেকে কুকুরের মতো শব্দ করে নানা প্রকার কথা বলে!
থিয়েটারগুলোতে এমন অনেক নাটক পরিবেশন করা হয়, যেখানে কোনো ইসলামি উপাখ্যান বা ইসলামি ব্যক্তিত্বের ইতিহাস তুলে ধরা হয়। কিন্তু সেগুলোতে নারী-পুরুষকে একসাথে উপস্থাপন করা হয় এবং আকর্ষণ বৃদ্ধি করার জন্য মিউজিকও ব্যবহার করা হয়। আবার সাথে এটাও বলা হয় যে, এগুলো ইসলামি থিয়েটার!
এমন অনেক অনুষ্ঠানকেও ইসলামি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যেগুলোতে ইসলামের নামে কোনো মেসেজ তো নেই-ই, উপরন্তু হাসি, তামাশা ও শরিয়ত-গর্হিত বিষয়াদি দিয়ে ভরপুর!
আমাদের সন্তানদের নির্ধারিত দর্শনে প্রতিপালন করা হচ্ছে না, তাদের জন্য ইমানি দীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না। যদি এভাবেই চলতে থাকে, তাহলে তাদের মাঝে তো অসচ্চরিত্র বাসা বাঁধবেই।
নাম দেওয়া হচ্ছে ইসলামি নাটক; কিন্তু পরিতাপের বিষয় হলো, কিছু নাটকে শরিয়ত-গর্হিত বিষয়ের ছড়াছড়ি রয়েছে, আর কিছু নাটকে রয়েছে ইসলামির আকিদার বিকৃতি ও পদস্খলন। যেগুলো সংস্কার করে পরিশুদ্ধ করা ইসলামের দৃষ্টিতে একান্ত অপরিহার্য। যেমন : কিছু নাটকে কাফির ও মুনাফিকদেরকে মহৎ বলে উপস্থাপন করা হচ্ছে, পাপমুক্ত থাকা ও দায়িত্বশীলতার বিষয়কে হালকাভাবে তুলে ধরা হচ্ছে, নারী-পুরুষকে একত্রে পেশ করা হচ্ছে, মিউজিক ও গান পরিবেশন করা হচ্ছে, ভ্রান্ত আকিদা ভাইরাল করা হচ্ছে। অথচ এগুলোর পরিশুদ্ধি অপরিহার্য, যেন সেগুলোকে প্রকৃত অর্থেই ইসলামি মূলনীতির আলোকে গ্রহণ করা যায়।
বিকল্প ইসলামি বিনোদনের মাঝে এই বিঘ্নতার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তা হলো-
এমন নষ্ট ও ভ্রান্ত বিনোদনের প্রতি আকর্ষণ ও প্রতিযোগিতার নেশা তৈরি হচ্ছে, সচেতন নাগরিক ও অধিকাংশ আলিমের মতে যেগুলো নিজেই পরিশুদ্ধ বিকল্পের মুখাপেক্ষী!
একথা অজানা থাকার কথা নয় যে, দ্বীন থেকে ডাইভার্ট হয়ে যাওয়া মূলনীতিগুলোকে সংস্কার করে, স্খলিত বিষয়গুলোকে উদ্ধার করে দ্বীনের অভিপ্রায়ের অনুকূল করে উপস্থাপন করতে হবে। এদিকে প্রচলিত ইসলামি বিকল্পবিনোদনগুলো এত নিচে নেমে গেছে যে, এগুলো দ্বারা হারাম বিনোদনের প্রতিদ্বন্দ্বিতা ও মোকাবিলা করা সম্ভব নয়।
উপরন্তু বিনোদন শিল্পের কারিগরেরা, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে এই শিল্পের জন্য কাজ করছে, বিকল্প ইসলামি বিনোদন শিল্পের মাধ্যমে তাদের কাছাকাছি যাওয়া অসম্ভব না হলেও সেটা যে অসম্ভবপ্রায়, তাতে কোনো সন্দেহ নেই।
এখানে একটি উদ্যোগই ফলপ্রসূ হতে পারে, তা হলো, মানুষের হৃদয়ে হারাম বিনোদন ও বিকল্প ইসলামি বিনোদনের পার্থক্যের বিষয়টি প্রবেশ করিয়ে জায়িজ বিনোদনের প্রতি আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করা এবং হারাম বিনোদনের প্রতি ঘৃণাবোধ জাগানো।
যেমন ধরুন ইসলামি গান। এগুলোর প্রতিষ্ঠাতারা মনে করে, হারাম গানের বিপরীতে এগুলো বিকল্প ইসলামিব্যবস্থাপনা। কিন্তু এগুলোর প্রতি গভীর দৃষ্টি দিলে পরিষ্কার হয়ে যায়, অনেক দিক থেকেই হারাম গানের সাথে এগুলোর সাদৃশ্য রয়েছে। যেমন : ডেকোরেশন ও লাইটিং করার দিক থেকে ইসলামি অনুষ্ঠান ও অনৈসলামি অনুষ্ঠানের মাঝে সাদৃশ্য, বসার ক্যাটাগরির মাঝে সাদৃশ্য, উপস্থিতির চেয়ারের মাঝে, লিখিত ডায়েরি ও মাইক্রোফোন ইত্যাদির মাঝে প্রায় শত ভাগ সাদৃশ্য রয়েছে।
ইসলামি নীতিমালার সাথে এতগুলো অসঙ্গতি থাকা সত্ত্বেও এগুলো কীভাবে হারাম গানের বিকল্প হতে পারে? তারপরও বলতে হবে, নেশা, স্বাদ ও উপভোগের দিক থেকে হারাম গানগুলো অধিক কঠিন ও প্রভাব বিস্তারকারী। আপনি হারাম গানের মাঝে যে আকর্ষণ পাবেন, ইসলামি গানের মাঝে সে আকর্ষণ কখনও পাবেন না। কেননা, হারাম গানের মাঝে প্রভাব বিস্তারকারী এমন মিউজিক থাকে, যা নামকাওয়াস্তে হলেও ইসলামি গানের মাঝে থাকে না, যার কারণে এসব ইসলামি গানকে কিছু আলিম হালাল বলছেন।
খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, হারাম গান থেকে মানুষকে বিরত রাখার জন্য তাদের হৃদয়ে ইমানকে জাগ্রত ও বলিয়ান করতে হবে এবং হারাম গানের নিষিদ্ধতা মজবুতভাবে অন্তরে বসানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং আমি কখনও এ কথা বলব না যে, গান ছাড়ুন এবং গজল ধরুন; বরং আমি বলব, গান ছাড়ুন! কেননা, তা হারাম ও আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ।
তবে আমার কথার অর্থ এই নয় যে, আমাদের কাছে ইসলামি গান এবং এ বিষয়ে বিশুদ্ধ ভবিষ্যৎপরিকল্পনা থাকবে না, যেগুলোর ক্ষেত্রে ইসলামি নীতিমালার অনুসরণ করা হবে, ডেকোরেশন থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বিষয়ে হারাম গানের সাথে যার কোনোরূপ সাদৃশ্য থাকবে না। পাশাপাশি আমি এটাও বলছি না যে, আমরা বিজাতীয়দের অন্ধ অনুকরণ করব, তাদের ব্যবহৃত জিনিসগুলো ব্যবহার করব, তাদের আবিষ্কৃত বস্তুগুলো গ্রহণ করব এবং তাদের সামনে আত্মসমর্পণ করব।
বরং আমি বলতে চাচ্ছি, হারাম গানের কাছে তো যাবই না, হারামের সাথে সাদৃশ্যপূর্ণ নামকাওয়াস্তে ইসলামি গানও শুনব না। যথাসম্ভব এগুলো থেকে দূরে থাকব। -অনুবাদক)