📄 বিনোদনের মাঝে শিরক ও জাদু থাকবে না
মহাসমারোহে জ্যোতিষী ও গণক নিয়ে এসে বিনোদনমূলক কাজ করা; চাই এটা বিশেষ কোনো অনুষ্ঠানের আকারে হোক, তাদের কাছে গিয়ে হোক, শহরের অলি-গলিতে হোক, অথবা কোনো কাগজ ইত্যাদিতে লিখিত আকারে হোক, এগুলো সব জাদু ও শিরকের মিশ্রণে করা হয়ে থাকে বিধায় এগুলো সব হারাম।
📄 গাইরুল্লাহর সাথে সম্পৃক্ততা তৈরি করবে না
বিনোদনের মাঝে সর্বদা এই বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে যে, কোনোভাবেই যেন মানুষের হৃদয় আল্লাহবিমুখ করে কেবল বিনোদনমুখী করে না তোলে। কেননা, বিশেষ প্রকারের বিনোদন মানুষকে অধিকাংশই এই পর্যায়ে নিয়ে যায়। কিছু মানুষ নিজের জান-মাল-ধন সবকিছুই এই কাজে উৎসর্গ করে।
📄 হারাম কাজ থেকে দূরে থাকতে হবে
যেমন : বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটানো যাবে না। হাদিস শরিফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامُ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ .
আমার উম্মতের মাঝে অবশ্যই এমন কিছু (কুলাঙ্গার) লোক থাকবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।[৩০]
টিকাঃ
[৩০] সহিহুল বুখারি: ৫৫৯০
📄 নারী-পুরুষের সংমিশ্রণ না ঘটা
বিনোদনের অনেক শাখা-প্রশাখায়—তা ইলেক্ট্রিক্যাল হোক বা অন্য কোনো প্রকারের হোক—নারী-পুরুষ নিজের প্রকৃত অবয়ব গোপন রেখে ম্যাকাপ করে ভিন্ন অবয়ব প্রকাশ করে থাকে। এগুলো ফিতনা ও বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা সৃষ্টিকারী এবং নারী ও পুরুষের মাঝের ব্যবধান বিলোপকারী যা নারী ও পুরুষকে পরস্পরকে ভয়ঙ্করভাবে আকর্ষিত করে ইসলামি আদর্শকে ভূলুণ্ঠিত করতে উস্কে দেয় এবং আল্লাহ তাআলার নির্দেশ থেকে উদাস করে দেয়। যেমন: কুরআনে কারিমে ইরশাদ হয়েছে—
وَ قَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلوةَ وَاتِينَ الزَّكُوةَ وَأَطِعْنَ اللهَ وَرَسُوْلَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرَّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا .
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করবে না। সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে। হে নবিপরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে এবং তোমাদের পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে। [সুরা আল-আহজাব : ৩৩]