📄 কিবলা পরিবর্তনের ঘটনা
মদীনায় হিজরতের পর তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ করেই সলাত আদায় করতেন। তিনি জিবরীল (আ) কে বলেছিলেন- আমার আশা, আল্লাহ্ তা'আলা যেন আমার চেহারা ইহুদীদের কিবলা হতে ফিরিয়ে দেন। আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করলেন- قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ، فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا، فَوَلَّ وَجْهَكَ شَطْرَ المَسْجِدِ الْحَرَامِ "নিশ্চয়ই আমি তোমাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি তোমাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব, যাকে তুমি পছন্দ কর। এখন তুমি মাসজিদুল হারামের দিকে মুখ কর এবং তোমরা যেখানেই থাক, সেদিকেই মুখ কর"। (সূরা বাকারা-২:১৪৪)
এটি ছিল হিজরতের ১৬ মাস পরের ঘটনা। কিবলা পরিবর্তনের এই ঘটনায় বড় বড় অনেকগুলো হিকমত রয়েছে। আল্লাহ্ তা'আলা সংবাদ দিয়েছেন যে, আল্লাহ্ যাকে ইচ্ছা সঠিক পথের সন্ধান দেন। তিনিই তাদেরকে এই কিবলার দিকে হিদায়াত করেছেন। এটি মুসলিমদেরই কিবলা, তারাই এদিকে মুখ ফিরানোর হকদার। পরিশেষে আল্লাহ্ তা'আলা সংবাদ দিয়েছেন যে, মুসলিম মিল্লাতের উপর তাঁর নিয়ামাতকে পরিপূর্ণ করার এবং তাদেরকে সঠিক পথের দিশা দেয়ার জন্যই কিবলাকে পরিবর্তন করেছেন। আল্লাহ্ তা'আলা কিবলা পরিবর্তনের সাথে সাথে দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত সলাতের পূর্বে আযান দেয়াও শরীয়তের অন্তর্ভূক্ত করেছেন। সেই সাথে যোহর, আসর ও ইশার সলাতের রাকআত সংখ্যাও বাড়িয়ে দুইএর স্থলে চার করেছেন।