📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 পাত্র সম্পর্কিত প্রশ্ন

📄 পাত্র সম্পর্কিত প্রশ্ন


১. পাত্র যদি ইসলামী কোনো ব্যাংকে চাকরি করে তাহলে সেইখানে বিয়ের জন্য রাজি হওয়া কি উচিত হবে? ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা কি বৈধ?

• এদেশে আসলে কোনো ইসলামী ব্যাংক নেই। উক্ত প্রস্তাব ফিরিয়ে দেওয়াই উত্তম হবে।

২. দ্বীনদার কাউকে পছন্দ হলে আল্লাহর কাছে কি তাকে চাওয়া যাবে নিজের অর্ধ দ্বীন পূরণের জন্য? মানে নির্দিষ্ট করে ওই মানুষটাকে?

◆ চাওয়া যাবে। তবে বলতে হবে, "আল্লাহ, যদি তার মাঝে আমার জন্য কল্যাণ নিহিত থাকে তাহলে তাকে পাওয়া আমার জন্য সহজ করুন।"

৩. বিয়ের জন্য যদি পাত্রীর ছবি শুধু পাত্র দেখে, এমন অবস্থায় পাত্রীর ছবি দেওয়া ঠিক হবে?

• ছবি দেখায় সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে বিয়ে না হলেও পাত্রের কাছে উক্ত ছবি স্থায়ীভাবে থেকে যাওয়া। তাই ছবি আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে।

৪. পরিবার থেকে বিয়ের জন্য এমন পাত্রের কথা বলা হয় যার দাড়ি নেই, ৫ ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ে না। এককথায় বলতে গেলে দ্বীনদার না। সবাই বলে যে, বিয়ের পর দ্বীনদার বানিয়ে নিলেই তো হবে। এরকম যুক্তি দেয় যে, ভালো মানুষ তো সবাই চায়। একজন বেদ্বীন মানুষকে যে দ্বীনের পথে আনতে পারে সেই তো প্রকৃত ভালো মানুষ। এটা আসলে কতটুকু যৌক্তিক? আর যেখানে আমিই দ্বীন ভালোমতো বুঝি না সেখানে আরেকজনকে কী শিখাবো? এক্ষেত্রে করণীয় কী?

• এসব যুক্তির কোনো ভিত্তি নেই, এসব ক্ষেত্রে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হবে।

৫. বিয়ে ঠিক হওয়ার পরে ছেলে-মেয়ে যে মাহরামের উপস্থিতিতে একে অপরকে দেখবে এবং কিছু জানার থাকলে প্রশ্ন করবে, সেক্ষেত্রে মেয়ে যতক্ষণ প্রশ্ন করবে সে পুরোটা সময়ই কি ছেলের সামনে মুখ খোলা রাখতে পারবে? নাকি প্রশ্ন করা শেষ হয়ে গেলে ছেলেকে মুখ খুলে দেখিয়ে আবার মুখ ঢেকে ফেলবে? মেয়ে যদি প্রশ্ন করার সময় মুখ খোলা রাখে, তাহলে কি গুনাহ হবে বা পর্দার খেলাফ হবে?

◆ না এতে সমস্যা নেই, পুরো সময় মুখ খোলা রাখতে পারবে, গুনাহ হবে না।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 বিয়ের গুরুত্ব না বোঝা পরিবার সম্পর্কিত প্রশ্ন

📄 বিয়ের গুরুত্ব না বোঝা পরিবার সম্পর্কিত প্রশ্ন


৬. আমার বয়স ২৩। বিয়ে করা খুব জরুরি। বাসার সকলকে বহুবার বুঝিয়েছি। কেউই পাত্তা দেয় না। আমার ব্যাপারে কেউ দায়িত্বপালন করে না। সবাই সবার কাজে ব্যস্ত। কোনো প্রস্তাব এলেও না বলে দেয়। বয়স হয়ে গেলে বিয়ে কঠিন হয়। আমার বড় ৪ বোন নিজেদের পছন্দে বিয়ে করেছে, তাও অনেক বয়সে (প্রায় ২৬) কিন্তু আমি কোনো হারাম সম্পর্কে যেতে পারবো না। বাসায় একমাত্র আমিই দ্বীন সম্পর্কে জ্ঞান রাখি, সবাই দ্বীনবিমুখ। আমি জব করতে চাই না, তাই বিয়ে করতে চাই তাড়াতাড়ি। বাসায় পর্দা করাও বেশ কষ্টকর। আমি এসব মিলে বেশ চিন্তিত। আমার কী করা উচিত?

◆ উপযুক্ত পাত্রের কাছে প্রস্তাব দেওয়া উচিত আর নিজের অবস্থা মা-বাবাকে আরও ভালো করে বোঝানো উচিত। এতেও না মানলে ভয় দেখানো যেতে পারে যে, তারা বিয়ে না দিলে আপনি নিজে নিজেই বিয়ে করে ফেলবেন।

৭. আমি অবিবাহিত। যখন যৌন উত্তেজনা জাগে তখন কল্পনায় বা মনে মনে কোনো পুরুষকে নিয়ে নানান রকম কল্পনা আসে আর এই কল্পনাটা ইচ্ছায় নাকি অনিচ্ছায় বুঝতে পারি না। এতে করে কি গুনাহ হয়?

◆ এই ধরনের কল্পনা থেকে নিজেকে যথাসম্ভব বিরত রাখতে হবে নাহলে গুনাহ হবে। আর বাসায় বিয়ের জন্য বাবা-মাকে বোঝাতে হবে।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 বিয়ের পর নিজ পরিবারের খিদমত সম্পর্কিত প্রশ্ন

📄 বিয়ের পর নিজ পরিবারের খিদমত সম্পর্কিত প্রশ্ন


৮. আমার আর কোনো ভাই-বোন নেই তাই আমার মা বিশেষ করে চায় যে বিয়ের পর যেন বাবার বাড়িতেই থাকি। তারা এমন পাত্রের সাথে বিয়ে দিতে চায় যার সাথে বিয়ে হলে বাবার বাড়িতেই থাকা যাবে। কিন্তু আমার কাছে বিয়ের পর বাবার বাড়িতে থাকাটা লজ্জাজনক মনে হয়। এক্ষেত্রে আমার করণীয় কী? আর আমার যেহেতু আর কোনো ভাই-বোন নেই তাহলে বিয়ের পর যদি স্বামীর বাড়িতে থাকি সেক্ষেত্রে কীভাবে বাবা-মার সেবা করব? আমার ওপর বাবা-মার কতটুকু হক থাকবে?

• স্বামীর বাড়ি থেকেই আপনি চাইলে বাবা-মার খেদমত করতে পারেন। দরকার হলে হবু স্বামীকে এ কথা সুবিস্তারিত জানিয়ে বিয়ের জন্য আগাবেন।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 স্বামীর সাথে আচরণবিধি

📄 স্বামীর সাথে আচরণবিধি


৯. স্বামীর সামনে কি পালাজো, গেঞ্জি পরিধান করা যাবে? সেক্ষেত্রে কখনো হাসবেন্ডের গেঞ্জি পরলে সমস্যা আছে?

• পালাজো পরা যাবে। নারীসুলভ গেঞ্জি পরিধান করা যাবে কিন্তু পুরুষের গেঞ্জি পরিধান করা যাবে না।

১০. স্বামী-স্ত্রী যদি কোনো কারণে আলাদা থাকে অথবা স্বামী যদি বিদেশে থাকে তাহলে কি স্বামীকে নিজের গোপনাঙ্গের ছবি দেওয়া যাবে? অথবা ভিডিও কলের মাধ্যমে দেখানো যাবে?

• ছবি না তুলে রেকর্ড থাকে না এমন ভিডিও করা যাবে। তৃতীয় ব্যক্তি যাতে কোনোমতেই এর নাগাল না পায় সেটা খেয়াল রাখতে হবে। তবে এর মাধ্যমে যদি স্বামীর গোপন পাপে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিরত থাকতে হবে।

১১. স্বামী আর্থিকভাবে সচ্ছল হলে, স্ত্রী স্বামীর টাকা থেকে তার বাবা-মাকে কিছু দিতে পারবে অথবা সাহায্য করতে পারবে?

◆ জি, পারবে।

১২. স্বামী-স্ত্রী যদি পারিবারিক সমস্যার কারণে একে অপর থেকে দূরে থাকে এবং একে অপরের সাথে দেখা করতেও বাধার সম্মুখীন হতে হয়, আর এইক্ষেত্রে যদি তারা বাসায় মিথ্যা বলে একে অপরের সাথে দেখা করে; তাহলে কি গুনাহ হবে?

• মিথ্যা না বলে কৌশলে কথা বলবে, যাতে মিথ্যাও না হয় আবার সত্যটাও লুক্কায়িত থাকে।

১৩. সহবাসের পর গোসল করে পাক হয়ে যাওয়ার পরেও লজ্জাস্থান থেকে পানির মতো কিছু জিনিস বের হয়ে পায়জামা সামান্য ভিজে যায়। এটা কি পাক নাকি নাপাক? (আবার ফরয গোসল করতে হবে কিনা) এই পায়জামা পরেই কি নামায পড়া যাবে?

• ওযু করে নিলেই হবে। যদি লজ্জাস্থান থেকে তা নির্গত হয়ে কাপড়ে লাগে তাহলে ওই অংশটুকু চিহ্নিত করে ধুয়ে নিতে হবে। এরপর সেই কাপড়ে নামায পড়া যাবে।

১৪. একজন দ্বীনদার বোন, যার বিয়ে হয়েছে ২ বছর আগে। এখন তিনি জানতে পেরেছেন তার স্বামী পর্নোসক্ত। এটা নিয়ে বোন তার স্বামীর সাথে আলোচনা করতে গেলে স্বামী কোনো সহযোগিতা করে না। বোন অনেক হতাশায় ভুগছেন। স্বামীর এমন নির্লিপ্ততা দেখে স্বামীর প্রতি প্রচণ্ড ঘৃণাবোধ কাজ করছে, ছোট বাচ্চা থাকার কারণে আলাদা হতেও চাচ্ছেন না। শাইখের কাছে প্রশ্ন, বোনের এখন কী করণীয়? স্বামীর প্রতি অন্তরে ভালোবাসা না থাকার দরুন আগের মতো স্বামীর আদেশ-নিষেধ না মানার কারণে বোন কি গুনাহগার হবেন? এই পরিস্থিতিতে সেই বোনের প্রতি আল্লাহর নির্দেশ কী?

• স্বামীর যেসব আদেশ-নিষেধ শরী'আতসম্মত তা এ মুহূর্তেও মানতে হবে যদিও আগের মতো ভক্তি, শ্রদ্ধা ও আনুগত্যবোধ না থাকে।

১৫. স্ত্রীর শারীরিক-মানসিক অবস্থা বিবেচনা না করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে প্রতিদিনই নিজের প্রয়োজন মিটানোর জন্য জোর করাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? জ্বর বা এই জাতীয় অসুস্থতা নিয়েও স্বামীর প্রয়োজন মিটানো জরুরি? স্বামীকে বোঝানোর পরও না মানলে কি করা যাবে?

◆ এটা জুলুম। যদি স্ত্রীর অসহনীয় অসুখ হয় এবং স্বামীকে বোঝানোর পরেও না বুঝে তাহলে স্ত্রী চাইলে সর্বাত্মকভাবে স্বামীকে বাধা দিতে পারে।

১৬. বহুবিবাহের ব্যাপারে স্বামীকে অনুৎসাহিত করা কি অনুচিত?

• যদি ১ম স্ত্রী স্বামীর সকল স্ত্রীসুলভ চাহিদা পূরণ করে থাকে তাহলে তাকে এব্যাপারে নিরুৎসাহিত করতে সমস্যা নেই। তবে আল্লাহর বিধান অবশ্যই স্বীকার করতে হবে যে, এটি পুরুষদের জন্য ইনসাফের শর্তে জায়েয।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00