📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 নখ বড় রাখার বিধান

📄 নখ বড় রাখার বিধান


আজকাল অনেক নারীকেই দেখা যায় নখ বড় রাখতে। অথচ হাত-পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব এবং একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সাথে পেটে যাওয়ার আশঙ্কা থাকে।

প্রতি সপ্তাহে হাত-পায়ের নখ কাটা সুন্নাহ। অন্তত দুই সপ্তাহে একবার কাটলেও চলবে। তবে ৪০ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে। [২৮]

টিকাঃ
[২৮] সহীহ মুসলিম- ২৫৮

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 নেইলপলিশ পরিধানের বিধান

📄 নেইলপলিশ পরিধানের বিধান


নেইলপলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয়, তাহলে তা ব্যবহার করা জায়েয। তবে নেইলপলিশ যেহেতু পানি প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধক, তাই তা নখে থাকা অবস্থায় ওযু ও ফরয গোসল সম্পন্ন হবে না। নখ থেকে তা তুলে তারপর ওযু ও ফরয গোসল করতে হবে। বারবার ওযুর সুবিধার্থে নেইলপলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ। [২৯] তবে নারীরা তাদের হায়েযের সময় এটি পরিধান করতে পারে যেহেতু সে সময়ে ওযুর তেমন প্রয়োজন হয় না।

টিকাঃ
[২৯] ফতোয়ায়ে হিন্দিয়া- ১/৪; আপকে মাসায়েল- ৭/১৩৭; হাশিয়াতুত ত্বহত্ববী আলা মারাক্কিল ফালাহ- ১/৯৮

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 নারীদের জন্য অলংকার পরিধানের বিধান

📄 নারীদের জন্য অলংকার পরিধানের বিধান


নারীরা কাঁচ, সোনা, রুপা, পিতল, তামাসহ সব রকমের ধাতুর অলংকার পরিধান করতে পারবে। নারীদের জন্য কান ও নাক ফোঁড়ানো এবং তাতে অলংকার পরিধানেও ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। [৩০]

তবে নুপুর বা পায়েলের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, নারীগণ সেসকল নুপুরই কেবল পরিধান করতে পারবে যেই নুপুরে ঝুনঝুন শব্দ হয় না। আল্লাহ বলেন,

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ)

তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে [৩১]।

এই আয়াতটিতে মূলত নুপুরের ব্যাপারেই আলোচনা হয়েছে যেমনটি বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে। সুতরাং এতে বোঝা যাচ্ছে পুরুষদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্য না হলে মেয়েদের 'যীনাত' তথা সাজসজ্জা হিসেবে নারীরা তা পরিধান করতে পারবে।

টিকাঃ
[৩০] আপকে মাসায়েল আওর উনকা হাল্ল- ৭/১৩৮; আল মাজমূ', নববী- ৪/৪৪৪; আসনাল মাত্বা-লিব- ১/৩৭৯; আল ফাতাওয়া আল ফিকহিয়্যাহ আল কুবরা- ১/২৬১
[৩১] সূরা নূর- ৩১

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 কৃত্রিম চুল, কৃত্রিম পলক, কৃত্রিম নখ এবং রঙিন আইলেন্স ব্যবহার

📄 কৃত্রিম চুল, কৃত্রিম পলক, কৃত্রিম নখ এবং রঙিন আইলেন্স ব্যবহার


মানুষের বা শুকরের চুল অথবা লোম থেকে তৈরি চুল ব্যবহার করা সর্বাবস্থায় নাজায়েয। এ ছাড়া শরী'আতে কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত পরচুলা ব্যবহারেরও বৈধতা নেই, এমনকি স্বামীর সন্তুষ্টির জন্যেও তা পরিধান জায়েয নয়। একে সৌন্দর্যের জন্য ব্যবহারকারী ও প্রস্তুতকারীকে আল্লাহর রাসূল ﷺ তাঁর পবিত্র যবানে লা'নত দিয়েছেন। কৃত্রিম পলক যা চোখের পাতায় লাগানোর জন্যে ব্যবহৃত হয় তার বিধানও পরচুলার বিধানের মতো। কেননা তা পরচুলার সাদৃশ্য বহন করে।

তবে যদি গাইরে মাহরামকে দেখানো, ফ্যাশন বা কাউকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এটি ব্যবহার না করা হয় বরং স্বামীকে সন্তুষ্ট করার জন্যে বা স্বামীর সামনে যীনাত বৃদ্ধির জন্যে সেই কৃত্রিম পলক ব্যবহার করা হয়, তাতে শরঈ কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রেও লক্ষণীয়, সেটি মানুষ কিংবা শুকরের চুল বা লোম ব্যতীত অন্য কোনো পশু-পাখির লোম অথবা আর্টিফিশিয়াল তথা কৃত্রিম উপায়ে তৈরিকৃত পলক হতে হবে। তবে কতিপয় চিকিৎসক চোখে কৃত্রিম পলক পরিধানকে চোখের জন্যে ক্ষতিকর বলে থাকেন, তাই এসব প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম।

অনুরূপ বিধান কৃত্রিম নখের ও আইলেন্সের ক্ষেত্রেও। অর্থাৎ, গাইরে মাহরামকে আকর্ষণ কিংবা মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে না হয়ে যদি স্বামীর সন্তুষ্টির জন্য তা পরিধান করা হয় এবং সেটি যদি মানুষ বা শুকরের অঙ্গের কোনো অংশ হতে তৈরিকৃত না হয়ে থাকে তাহলে তা ব্যবহার করা যেতে পারে।

তবে মনে রাখতে হবে, উল্লিখিত মাসআলার ক্ষেত্রে ওযু ও ফরয গোসল করার সময় এসব খুলে ফেলতে হবে, যাতে করে ওযু ও ফরয গোসলের অঙ্গসমূহে বিনা বাধায় পরিপূর্ণভাবে পানি প্রবেশ করতে পারে।

উল্লেখ্য যে, ওযুর ক্ষেত্রে চোখের মধ্যখানে পানি পৌঁছানো জরুরি নয় তাই ওযুর সময় আইলেন্স খোলাও জরুরি নয়, বিশেষ করে তাদের জন্য যারা চোখের সমস্যার কারণে লেজার সার্জারির মাধ্যমে আইলেন্স স্থাপন করে থাকে। [৩২]

টিকাঃ
[৩২] সহীহ বুখারী- ৫২০৫, ৫৯৪১; সহীহ মুসলিম- ২১২২-২১২৩; সুনানে আবু দাউদ- ৪১৭০; সুনানে নাসাঈ- ৫২৫০; সুনানে ইবনু মাজাহ- ১৯৮৮; মুসনাদে আহমাদ- ৩৯৪৫; উমদাতুল ক্বারী- ২০/২০৪; তাবঈনুল হাকায়েক- ১০/৪৬৩, শরহে বেকায়া- ৪/১২৩, ফতহুল কাদীর শহরে হেদায়া- ১৫/৭; বাহরুর রায়েক- ৬/৮; ফাতাওয়াতুল হিন্দীয়্যাহ- ৩/১১৪;

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00