📄 যে নারীর ইদ্দত নেই
ছোট বা বড় সকল স্ত্রীর ওপরই তালাকের পর ইদ্দত পালন করা ওয়াজিব, তবে চার শ্রেণির নারী ব্যতীত-
(১) সহবাস বা খালওয়াতের (তথা স্বামী-স্ত্রী নির্জনে বসবাস করার) পূর্বে তালাক দিলে;
(২) এমন হারবিয়্যাহ নারী যে দারুল ইসলামে নিরাপত্তা নিয়ে এসেছে এবং তার স্বামীকে দারুল হারবে রেখে এসেছে। দারুল ইসলামে এসে যদি সে ইসলাম গ্রহণ করে নেয় তাহলে তার জন্য ইদ্দত পালন করা ওয়াজিব নয়।
(৩) দুই বোনকে এক মজলিসে বিয়ে করার পর উভয়ের মধ্যে বিয়ে ভেঙে ফেললে।
(৪) চারের অধিক বিয়ে করার পর পঞ্চমজনের বিয়ে ভেঙে দিলে। [৩৫]
টিকাঃ
[৩৫] সূরা আহযাব- ৪৯; ফাতাওয়ায়ে হিন্দিয়াহ- ১/৫৫২; আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ৩/২৩৭; আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ- ৪/১০০
📄 ইসলামে হিলা/হিল্লার হুকুম
হিলা )حيلة( আরবী একটি শব্দ। যার শাব্দিক অর্থ হলো- কৌশল অবলম্বন করা, কোনো উপায় গ্রহণ করা, জটিল কোনো স্থানে ছল-চাতুরীর আশ্রয় গ্রহণ করা।
পরিভাষায় হিলা বলা হয়, যখন শরী'আতের কোনো বিষয়ে মানবজীবনে জটিলতা দেখা দেয় তখন শরী'আতসম্মত এমন কোনো উপায় অবলম্বন করা, যার দ্বারা শরী'আতের বিধান ঠিক থাকার সাথে সাথে মানুষ ওই জটিলতা থেকে বের হয়ে আসতে পারে। আরবী ভাষায় একে 'হিলা' বা 'হিল্লা' বলে।
তালাকের ক্ষেত্রে হিলা/হিল্লা বলা হয়, যখন কোনো স্বামী ইচ্ছা বা অনিচ্ছায় অথবা রাগান্বিত হয়ে তার স্ত্রীকে তালাক দেয়, অতঃপর পরবর্তী স্বাভাবিক অবস্থায় সে তার তালাক দেয়া স্ত্রীকে নিজ অধীনে রাখতে চায়, অথচ ইসলামী আইনের কারণে তা সম্ভব হয়ে উঠে না বিধায় তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে তার নিকট ফিরিয়ে নেওয়ার যে উপায় রয়েছে, তাকে হিলা/হিল্লা বলা হয়। স্বামী স্ত্রীকে পূর্ণ তালাকের পর কেবল তখনই ফিরিয়ে নিতে পারবে যখন নিম্নের পাঁচটি কাজ সম্পাদিত হবে: (১) তিন মাস ইদ্দত অতিবাহিত করতে হবে; (২) অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হতে হবে; (৩) দ্বিতীয় স্বামীর সাথে শুধু নামেমাত্র বিবাহ হলে চলবে না; বরং তার সাথে যথারীতি সংসার ও সহবাস করতে হবে; (৪) দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তাকে তালাক প্রদান করবে এবং এ তালাকের জন্য পুনরায় তিন মাস ইদ্দত পালন করতে হবে; (৫) পুনরায় প্রথম স্বামীর সাথে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।
এমনটি হলে তা শরী'আত সমর্থন করে। যেমন আল্লাহ বলেন,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
যদি সে (প্রথম স্বামী) তালাক দিয়ে দেয়, তাহলে তার জন্য এ স্ত্রী আর জায়েয নয় যতক্ষণ না সে নারী অন্য কোনো স্বামীর সাথে বিবাহ করে (এরপর বিচ্ছেদ হয়)। [৩৬]
কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে শরী'আতের এই বিধানে অনেকেই ফাঁকফোকর খোঁজে। দেখা যায়, তিন তালাকের পরই স্বামী-স্ত্রী উভয়েই নানাভাবে হিলা নামের বাহানার আশ্রয় নেওয়া শুরু করে। সেটা যেমন অশালীন, তেমনি শরী'আতের দৃষ্টিতে অবৈধ ও লা'নতযোগ্য কাজ।
হিলা বলতে মানুষের মাঝে একটা কুসংস্কার রয়েছে। আর তা হলো, হিলা/হিল্লা বলা হয় কোনো পুরুষ তিন তালাকপ্রাপ্তা নারীকে এ শর্তে চুক্তি করা যে, বিয়ের পর সহবাস শেষে সেই নারীকে তালাক দিয়ে দেবে যাতে সে পূর্বের স্বামীর জন্য হালাল হয়ে যায় এবং সে তাকে পুনরায় বিবাহ করতে পারে। আবার কখনো কখনো কোনো পাগলের সাথেও বিয়ে করিয়ে বিনা সহবাসে তালাক দেওয়ার জন্যেও বাধ্য করা হয়ে থাকে। এ বিবাহ বাতিল ও অশুদ্ধ। এভাবে নারী তিন তালাক প্রদানকারী স্বামীর জন্য হালাল হয় না। বরং এমন গর্হিত কাজ করার কারণে হিলার সাথে যুক্ত সকলের ওপর আল্লাহর লা'নত পতিত হয়। রাসূলুল্লাহ বলেন,
لَعَنَ اللَّهُ الْمُحِلَّ وَالْمُحَلَّلَ لَهُ وَالْمُحَلَّلَةَ
(হিলা-বাহানার মাধ্যমে অন্যজনের জন্য স্ত্রী) হালাল করার উদ্দেশ্যে বিবাহকারী, যার জন্য হালাল করা হয়েছে এবং যে হালাল হচ্ছে প্রত্যেকের ওপরই আল্লাহর লা'নত [৩৭]
টিকাঃ
[৩৬] সূরা বাক্বারাহ- ২৩০
[৩৭] সুনানে আবু দাউদ- ২০৭৬; মুসান্নাফে ইবনে আবী শাইবা- ১৭৩৬৪
📄 তালাক বিষয়ক বিশটি মাসায়িল
মাসআলা-১
যদি খুলা তালাকে তিন তালাকের কথা উল্লেখ না থাকে, তাহলে খুলা তালাকের মাধ্যমে এক তালাকে বায়িন হবে। কেননা আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল খুলাকে (স্বাভাবিক অবস্থায়) এক তালাকে বাইন সাব্যস্ত করেছেন। [৩৮]
আর এ অবস্থায় যদি স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে চায়, তাহলে নতুন করে বিয়ে করে নিতে হবে। নতুন মোহর ধার্য করে, দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম সাক্ষীর উপস্থিতিতে বিয়ের প্রস্তাব ও কবুল করার মাধ্যমে নতুন করে বিয়ে করে নিলে তারা আবার একসাথে থাকতে পারবে। [৩৯]
মাসআলা-২
তালাকের শর্তসমূহ হচ্ছে, (১) স্বামী কেবল নিজ স্ত্রীকেই তালাক দিতে পারবে। সুতরাং অন্যের স্ত্রীকে তালাক দিলে কিংবা বিয়ে হওয়ার পূর্বেই কোনো নারীকে অথবা হবু স্ত্রীকে তালাক দিলে তা তালাক হিসেবে বিবেচিত হবে না; (২) বালেগ (প্রাপ্তবয়স্ক) হতে হবে। সুতরাং কোনো শিশু ও কিশোরের তালাক গ্রহণযোগ্য হবে না; (৩) জ্ঞানসম্পন্ন ব্যক্তি হতে হবে; (৪) অস্পষ্ট ও ইশার-ইঙ্গিতমূলক তালাকের ক্ষেত্রে ইচ্ছা এবং নিয়ত থাকতে হবে; (৫) জাগ্রত থাকা, অর্থাৎ গভীর নিদ্রায় ঘুমন্ত থাকা অবস্থায় মুখে তালাক উচ্চারণ করলে তা পতিত হবে না। [৪০]
মাসআলা-৩
তালাকের শব্দ স্পষ্টও হতে পারে আবার অস্পষ্টও হতে পারে, যেকোনো শব্দেও হতে পারে, আবার উরুফে (সামাজে) প্রচলিত কথার মাধ্যমেও হতে পারে, ইচ্ছায়ও হতে পারে আবার ইচ্ছার বিরুদ্ধেও হতে পারে (অস্পষ্ট ও ইঙ্গিতমূলক শব্দে তালাকের নিয়ত না থাকলে তালাক পতিত হবে না)। এমনকি হাসি-ঠাট্টার ছলে বা রাগের মাথায় তালাক দিলেও তালাক পতিত হয়ে যায়। [৪১]
মাসআলা-৪
অধিকাংশ হানাফী উলামায়ে কেরামদের নিকট স্বেচ্ছায় মদ ও নাবীয পান করে নেশাগ্রস্ত ও মাতাল অবস্থায় তালাক দিলে তা পতিত হবে। এর সমর্থনে চার মাযহাবের ইমাম ও ফক্কিহদের থেকে বর্ণনা পাওয়া যায়। এ ছাড়াও অনেক সাহাবায়ে কেরام থেকেও এমন বর্ণনা রয়েছে。
তবে উসমান, হানাফী মাযহাবের ইমাম কারাখী, ইমাম ত্বহাবী এবং কিছুসংখ্যক শাফেঈ ফক্কিহদের মতে, ইমাম আহমাদের একটি মতানুসারে এবং আল্লামা ইবনে তাইমিয়া সহ কতিপয় ফক্কিহদের নিকট এ অবস্থায় তালাক দিলে তা পতিত হবে না। অনুরূপভাবে বাক্শক্তিহীন কোনো মূক ও বোবা ব্যক্তি ইশারায় তালাক দিলেও তা পতিত হবে। [৪২]
মাসআলা-৫
মেসেজ বা কোনো কিছুতে লিখে তালাক দিলে তালাক হয়ে যাবে। [৪৩]
মাসআলা-৬
কেউ বলল, তুমি তালাক ইন শা আল্লাহ। এতে তালাক পতিত হবে না। [৪৪] কারণ আল্লাহ কখনোই চান না যে কোনো দম্পতির মাঝে তালাক হয়ে যাক।
মাসআলা-৭
সুস্পষ্ট তালাক পতিত হওয়ার জন্য স্বামীর নিয়তের প্রয়োজন নেই। নিয়ত থাকা বা না থাকা; যে কোনো অবস্থায় 'তালাক' শব্দ বলে ফেললে বা লিখে দিলেই তালাক হয়ে যায়। এমনকি নিজস্ব ভাষায় তালাকের সমার্থক বা প্রচলিত শব্দ বলে ফেললেও তালাক পতিত হবে। [৪৫] রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। অবশ্য কারও যদি প্রচণ্ড রাগের ফলে বেহুঁש হওয়ার উপক্রম হয় আর এ অবস্থায় সে কী বলেছে তার কিছুই মনে না থাকে অর্থাৎ তার আকল, বুদ্ধি ও মস্তিষ্ক একদমই তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বদ্ধ পাগলের মতো হয়ে যায় (তবে এমনটি বিরল ঘটনা), তাহলে ওই অবস্থার তালাক কার্যকর হবে না। [৪৬]
মাসআলা-৮
হায়েয অবস্থায় এক তালাক বা তালাকে রাজঈ দিলে তা প্রত্যাহার করে পবিত্র অবস্থায় আবার তালাক দেওয়া উচিত। কেননা, হায়েয অবস্থায় তালাক দেওয়া জায়েয নেই; তবে তা পতিত হয়ে যাবে। [৪৭]
মাসআলা-৯
হাস্যরস বা ঠাট্টাচ্ছলে তালাক দিলেও তা পতিত হয়। অনেকের ধারণা- এটি তো দুষ্টুমিমাত্র, এতে কি আর তালাক হবে? অথচ এতেও তালাক হয়ে যাবে। হাদীসে এসেছে,
ثَلَاثُ جَدُّهُنَّ جَدُّ، وَهَزْلُهُنَّ جَدُّ النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
তিনটি বিষয় ঠাট্টার ছলে করলেও পতিত হয়ে যায়। বিবাহ, তালাক ও 'তালাকে রজঈ' ফেরত নেওয়া। [৪৮]
মাসআলা-১০
কেউ আগে এক তালাক বলেছে এখন অবশিষ্ট আরও দুইটি তালাকের নিয়ত করে বলল, তোমাকে 'দুই তালাক'; তাহলে আগের এক তালাক ও বর্তমানের দুই তালাক মিলে তিন তালাকই পতিত হয়ে যায়। কিন্তু যদি সে ব্যক্তির নিয়ত পাক্কা থাকে যে, 'দুই তালাক' বলে দুইটি তালাক নয় বরং 'দ্বিতীয় তালাক' উদ্দেশ্য নিয়েছে, তাহলে তার নিয়ত অনুযায়ী দ্বিতীয় তালাকই গণ্য হবে। [৪৯]
মাসআলা-১১
স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, 'যা চলে যা/বের হয়ে যা' অথবা এমন অস্পষ্ট ও ইঙ্গিতমূলক শব্দ প্রয়োগ করে, সে ক্ষেত্রে স্বামী এই বাক্যে তালাকের নিয়ত না করলে তালাক হবে না; আর যদি তালাকের নিয়ত করে এ বাক্যসমূহ উচ্চারণ করে, তাহলে এতে এক তালাক পতিত হয়ে যাবে। [৫০]
মাসআলা-১২
কেউ তার স্ত্রীকে বলল, 'তুই বায়িন তালাক', 'তোকে সবচেয়ে নিকৃষ্ট তালাকটি দিলাম', 'তোকে সবচেয়ে বড় তালাক দিলাম', 'তোকে শয়তানের তালাক দিলাম', 'তোকে বিদআত তালাক দিলাম', 'তোকে বড় পাহাড় সমতুল্য তালাক দিলাম', 'তোকে কঠিন তালাক দিলাম' ইত্যাদি-এতে করে স্বাভাবিক অবস্থায় এক তালাকে বায়িন হয়ে যাবে। আর যদি তিন তালাকের নিয়তে এ কথাগুলো বলে, তাহলে তিন তালাকই পতিত হবে। [৫১]
মাসআলা-১৩
তালাককে শর্তযুক্ত করার পর তা থেকে রুজু করা (ফিরে আসা) যায় না। যেমন: তুমি যদি তোমার বাবার বাড়িতে ভবিষ্যতে যাও, তাহলে তুমি তিন তালাক! এ ক্ষেত্রে বাঁচার উপায় হলো, উক্ত স্ত্রীকে এক তালাক দিয়ে দেবে। তালাকপ্রাপ্তা হবার পর তিন হায়েয পরিমাণ ইদ্দত পালন করবে। ইদ্দত শেষে তাকে আবার নতুন মোহর ধার্য করে, দুইজন সাক্ষীর সামনে পুনরায় বিয়ে করে নেবে। এরপর বাবার বাড়িতে গেলেও আর কোনো তালাক পতিত হবে না। তবে স্বামী পরবর্তী সময়ের জন্য আর দুই তালাকের অধিকারী থাকবে। [৫২]
মাসআলা-১৪
একসাথে একই মজলিসে তিন তালাক দেওয়া যদিও গুনাহের কাজ, তবে কোনো পাপিষ্ঠ ব্যক্তি এমন করে ফেললে তিন তালাকই পতিত হবে। এরপর শরী'আতসম্মত হিলা ব্যতীত পূর্বের স্বামীর নিকট ফেরত যাওয়া যাবে না। এ ব্যাপারে ৪ মাযহাবের সকল ইমাম ও সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে। যদি এর বিপরীত কতিপয় আলেমদের বিচ্ছিন্ন মত পাওয়া যায়, তবে তা গ্রহণযোগ্য নয়। [৫৩] ইবনে তাইমিয়া (যিনি এক তালাক হওয়ার প্রবক্তা) বলেন, একসাথে তিন তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যাবে এবং তিন তালাকপ্রাপ্তা হয়ে যাবে। এটা ইমাম মালেক, ইমাম আবু হানীফা ও ইমাম আহম্মদের শেষ উক্তি এবং অধিকাংশ সাহাবা ও তাবেঈ থেকে বর্ণিত। [৫৪]
মাসআলা-১৫
আমাদের সমাজে দুইটি গর্হিত কাজ প্রায়ই করতে দেখা যায়।
(১) কোনো তালাক ও খুলা ছাড়াই আরেকজনের শরী'আতসম্মত বৈধ স্ত্রীকে বিয়ে করা।
(২) তালাকপ্রাপ্তা কিংবা বিধবাকে ইদ্দত চলাকালীন অবস্থায় বিয়ে করা।
এই দুইটি গুনাহের কাজ আর এতে বিয়েও শুদ্ধ হয় না। [৫৫]
মাসআলা-১৬
কোনো ব্যক্তি যদি ভুলে, অনিচ্ছায় বা তালাকের মূল অর্থ না বুঝেই ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে তালাক দেয় অথবা অনিচ্ছায় নিজ স্ত্রীকে সুস্পষ্ট শব্দে তালাক দেয়, তাতেও তালাক হয়ে যাবে। [৫৬]
মাসআলা-১৭
অনেকে মনে করে শুধু 'তালাক' বললে তালাক হয় না, বরং তালাকের সঙ্গে 'বায়িন' শব্দও যোগ করা আবশ্যক। এটি ভুল ধারণা। শুধু তালাক শব্দ দ্বারাই তালাক হয়ে যায়। 'বায়িন' শব্দ যোগ করার কোনো প্রয়োজন নেই। উপরন্তু এ শব্দের সংযোজনও নাজায়েজ। তবে কেউ যদি এক তালাক বায়িন বা দুই তালাক বায়িন দিয়ে দেয়, তাহলে সে মৌখিকভাবে রুজু করার (আবার স্ত্রী হিসেবে গ্রহণ করার) পথ বন্ধ করে দিলো। এ ক্ষেত্রে শুধু একটি পথই খোলা থাকে। তা হলো নতুনভাবে শরী'আতসম্মত পন্থায় বিবাহ দোহরানো (অর্থাৎ বিবাহ নবায়ন করা)। অথচ শুধু তালাক বললে এক তালাক বা দুই তালাক পর্যন্ত মৌখিক রুজুর (ফিরিয়ে আনার) পথ খোলা থাকে।
মাসআলা-১৮
অনেকের ধারণা, স্বামী তালাকের সময় কোনো সাক্ষী না রাখলে তালাক পতিত হয় না। এটাও মনগড়া মাসআলা। সাক্ষীর প্রয়োজন হয় বিবাহের সময়। তালাকের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই।
মাসআলা-১৯
অনেকের ধারণা, তালাকের শব্দ স্ত্রীর শুনতে হবে নচেৎ তালাক হবে না। এজন্য অনেকে বলে থাকে যে, 'স্বামী যখন তালাকের শব্দ উচ্চারণ করছিল তখন আমি কানে আঙুল দিয়ে রেখেছিলাম।' অথচ তালাকের শব্দ স্ত্রী না শুনলেও তালাক পতিত হবে। তাই কানে আঙুল দিয়ে লাভ নেই।
মাসআলা-২০
অনেকের ধারণা, তালাকনামায় স্বামী-স্ত্রী উভয়ে স্বাক্ষর করা ছাড়া তালাক হয় না। অথচ ইসলামের বিধান হলো, যেহেতু তালাক বিবাহের মতো দ্বিপক্ষীয় কাজ নয়, বরং তালাক এক পক্ষ থেকেই পতিত হয়ে যায় আর তালাকের অধিকারী হচ্ছে পুরুষ, তাই তালাকনামায় স্বামী স্বাক্ষর করলেই তালাক হয়ে যায়; স্ত্রীর স্বাক্ষর জরুরি নয়।
টিকাঃ
[৩৮] সুনানে দারা কুতনী- ৪০২৫; মুসান্নাফ ইবনে আবী শাইবা- ১৮৪৪৮; সুনানুল কুবরা, বাইহাক্বী- ১৪৮৬৫
[৩৯] ফতোয়ায়ে কাযীখান- ১/৪৭২; ফতোয়ায়ে তাতারখানিয়া- ৩/৩৮০; বজলুল মাযহুদ- ৩/২৮৮; আওযাজুল মাসালিক- ১০/১০৯
[৪০] মুসনাদে আহমাদ- ৬/১০০-১০১, ২৭৬; মুসতাদরাকে হাকেম- ২/৫৯, ১৯৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা- ৪/২৪; হাশিয়ায়ে ইবতে আবিদীন- ৩/২৩০, ২৩৫, ২৪৩; বাদায়েউস সানায়ে- ৪/২৬৭, ৩৩৩; মুগনীল মুহতায- ৩/২৭৯; আস-শরহুল কাবীর- ২/৩৬৫; আল মাওসু'আতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়া- ২৯/১৪-২০
[৪১] সুনানে আবী দাউদ- ২১৯১, ২১৯৪; সুনানুত তিরমিযী- ১১৮৪; সুনানে ইবনে মাজাহ- ২০৩৯; নসবুর রয়াহ, যাঈলায়ী- ৩/২৯২; মুসান্নাফে আব্দুর রযযাক ৬/৪০৯, হাদীস- ১১৪১৫; আদ দিরায়াহ ফী তাখরিজিল হিদায়াহ- ২/৬৯; ফাতহুল বারী- ৯/৩৯৩; হাশিয়া ইবনে আবিদীন- ৩/২৪৭; আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ২/১৭৪-১৭৫; আল মুগনী- ৭/৩১৮-৩২৯; মুগনীল মুহতায- ৩/২৮০; হাশিয়াতুত দাসুকী- ২/৩৭৮-৩৮০
[৪২] আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ৩/১৭৪-১৭৫; বাদায়েউস সানায়ে- ৪/২৬৭; মুখতাসারুত ত্বহাবী, পৃষ্ঠা- ১৯১, ২৮০; আল হিদায়া- ২/৫৩৬; আল মাবসূত্ব- ৬/১৭৬; শারহু ফাতহিল ক্বাদীর- ৩/৪৮৯; আল বিনায়া- ৫, ২৭, ২৮; মুদাওয়ানাতুল কুবিরা- ৬/২৪; আল মুনতাক্কা, বাজী- ৪/১২৬; শারহুস সগীর (হাশিয়াতুস সাউই সহ)- ৩/৩৪৯; কিতাবুল উম্ম, শাফেঈ- ৫, ২৫৩, ২৭৬; রওযাতুত ত্বলেবীন- ৮/২৩; মুখতাসারুল মুযানী, পৃষ্ঠা- ১৯৪, ২০২; আল হাউই আল কাবীর- ১৩/১০৩, ১০৫; আল ওয়াসিত্ব ফিল মাযহাব- ৫/৩৯০; আল মুগনী- ৮/২৫৫; আল ইনসাফ- ৮/৪৩৪; ই'লামুল মুয়াক্কিঈন- ৪/৩৯
[৪৩] হিদায়া- ২/৩৯৯-৪০০; রদ্দুল মুহতার- ৩/২৪৬; ফতোয়ায়ে দারুল উলূম যাকারিয়া- ৪/৫৬
[৪৪] হিদায়া- ২/৩৮৯; তানভীরুল আবসার, তুমুরতাশী- ৩/৩৬৬; ইমদাদুল আহকাম- ২/৪১৬; ফতোয়ায়ে মাহমুদিয়া- ১৩/১১৩; ফতোয়ায়ে দারুল উলুম যাকারিয়া- ৪/৫৭
[৪৫] আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ৩/১৭৬; ফাতাওয়ায়ে হিন্দিয়াহ- ১/৪৪৭; ফাতোয়ায়ে তাতারখানিয়া- ৪/৪৬৩, নং-৬৬৭৮; রদ্দুল মুহতার- ৪/৫৩০
[৪৬] রদ্দুল মুহতার- ৩/২৪৪
[৪৭] সহীহ বুখারী- ৫২৫১, সহীহ মুসলিম- ১৪৭১, আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ৩/১৭৩; রদ্দুল মুহতার- ৩/২৩২ থেকে ২৩৪
[৪৮] সুনানে আবু দাউদ- ২১৯৪; সুনানে তিরমিযী- ১১৮৪; সুনানে ইবনে মাজাহ- ২০৩৯; রদ্দুল মুহতার- ৪/৪৩২
[৪৯] মুসান্নাফে ইবনে আবী শাইবাহ- ১/৫৪৪, হাদীস- ১৮২০১; রদ্দুল মুহতার- ৪/৫২১; ফতোয়ায়ে কাযীখান ১/৪০৪; ফাতাওয়ায়ে হিন্দিয়াহ- ১/৩৯০
[৫০] বাদায়েউস সানায়ে ৩/১১১; রদ্দুল মুহতার- ৪/৫২৯-৫৩৮, ৫৫১; বাহরুর রায়েক- ৩/৫২৬; ফাতাওয়ায়ে হিন্দিয়াহ- ১/৪৪২; ফতোয়ায়ে তাতারখানিয়া- ১/৪৬৮; ফাতাওয়া কাসিমিয়া- ১৭/৭০৮
[৫১] ফাতহুল কাদীর- ৮/১১৮; তানভীরুল আবসার পৃ. ১২৩; আল ইখতিয়ার লি তা'লীলিল মুখতার- ৩/১৮২
[৫২] তাবঈনুল হাকায়েক- ৩/১১৮; রদ্দুল মুহতার- ৪/৬০৯; মাজমাউল আনহুর- ২/৬২
[৫৩] সূরা বাক্বারাহ- ২২৯; ফাতহুল বারী- ১/৫৮১, হাদীস- ৫২৬১, ১৩/২৬৬; উমদাতুল কারী- ২০/২৪, হাদীস- ৪৬২৫; সহীহ মুসলিম- ১৪৭২; শারহু মুখতাসারিত ত্বহাবী, জাসসাস- ৫/৬১; আল মাবসূত্ব, সারাখসী- ৬/৭৩; কানযুদ দাকায়েক, নাসাফী, পৃষ্ঠা- ২৭৫; আল বিনায়াহ- ৫/৩৫৪; তাকমিলায়ে ফাতহিল মুলহিম- ১/১১২ থেকে ১১৪; ই'লাউস সুনান- ৭/৭০৬ থেকে ৭১২; আহসানুল ফাতাওয়ার- ৫/ ২২৫ থেকে ৩৭২; মাওয়াহিবুল জালীল- ৫/৩৩৫; আত তাজু ওয়াল ইকলীল, মাউওয়াক- ৪/৫৮; আল কাফী ফী ফিকহি আহলিল মাদীনাহ, ইবনু আব্দিল বার- ২/১০৪৬; হাশিয়াতুদ দাসূকী- ২/৩৬৪; রওযাতুত ত্বলেবীন- ৮/৭৯; শারহু মিনতাহাল ইরাদাত- ৩/৯৯; মাত্বালিবু উলিন নুহা- ৫/৩৭১; আল মুগনী- ৭/৪৩০; কাশশাফুল কিনা- ৫/২৪০
[৫৪] ফাতাওয়ায়ে ইবনে তাইমিয়াহ- ১৭/৮
[৫৫] ফাতাওয়ায়ে হিন্দিয়াহ- ১/২৮০; বাদায়েউস সানায়ে- ২/৫৪৫; বাহরুর রায়েক- ৩/১০৮; রদ্দুল মুহতার- ৪/২৭৪, ৫/১৯৭; ফতোয়ায়ে কাযীখান- ১/৩৭৬; খুলাসাতুল ফাতাওয়া- ২/১১৮
[৫৬] রদ্দুল মুহতার- ৩/২৪১ ও ২৪২