📄 বিয়ের শর্ত
বিয়ের রুকন মূলত তিনটি। সেগুলো হলো : * শরঈ দৃষ্টিতে বিবাহের প্রতিবন্ধক নয় এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যেমন: ঔরসগত কারণে অথবা দুগ্ধপানের কারণে বর ও কনে পরস্পর মাহরাম না হওয়া, বর কাফির কিন্তু কনে মুসলিম এরকম না হওয়া ইত্যাদি। * ইজাব বা প্রস্তাবনা, যা মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে পেশকৃত প্রস্তাবনামূলক বাক্য। যেমন: বরকে লক্ষ করে বলা যেতে পারে— “আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম” অথবা এ ধরনের অন্য কোনো কথা। * কবুল বা গ্রহণ, এটি বর বা বরের প্রতিনিধির পক্ষ থেকে সম্মতিসূচক বাক্য। যেমন: বর বলতে পারেন— “আমি গ্রহণ করলাম” অথবা এধরনের অন্য কোনো কথা।
আরও কিছু শর্ত * ইশারা করে দেখিয়ে দেওয়া কিংবা নামোল্লেখ করে শনাক্ত করা অথবা গুণাবলি উল্লেখ অথবা অন্য কোনো মাধ্যমে বর-কনে উভয়কে সুনির্দিষ্ট করে নেওয়া; * বর-কনে উভয়ে একে অপরের প্রতি সন্তুষ্ট হওয়া; * বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে; * বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে;
• বিয়ের প্রচারণা সামাজিকভাবে নিশ্চিত করতে হবে; • অভিভাবককে কনের ধর্মের অনুসারী হওয়া; • অভিভাবক আদীল বা ন্যায়বান হওয়া; • বুদ্ধিমত্তার পরিপক্কতা থাকা। রাসুলুল্লাহ বলেন,
لا نكاح إلا بولي وشاهدي عدل و ما كان من نكاح على غير ذلك فهو باطل فإنّ تشاجروا فالسلطان ولي من لا ولي له
(কনের) ওয়ালী (অভিভাবক) ও দুজন ন্যায়পরায়ণ সাক্ষ্য ব্যতীত বিবাহ হয় না। এর বিপরীতে যেই বিবাহ হবে তা বাতিল। তবে যদি ওলীর সাথে (বিয়ের প্রস্তাব শরঈ ওজর ছাড়া নাকোচ করার কারণে) বাক-বিতণ্ডা হয় তাহলে এক্ষেত্রে তার ওয়ালী হচ্ছে রাষ্ট্রপ্রধান। [৫]
টিকাঃ
[৫] সহীহ ইবনে হিব্বান- ২০৮৩, হাদীস- ৬/৬৯, (আওনুল মা'বুদের শরাহসহ) আবু দাউদ- ৪০৭৫, হাদীস-১/২৮৭
[৬] আল মাবসূত্ব, সারাখসী- ৫/১১-১৪; উমদাতুল ক্বারী, আইনী- ২০/১২১; আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, যুহাইলী- ৪/২৯৩৪; রওদ্বাতুন মুসতাবীন- ১/৭৪৪; রওদ্বাতুত ত্বালেবীন, নববী- ৭/৪৩; কিফায়াতুল আখইয়ার ফী হান্নি গায়াতিল ইখতেসার- ৩৫৬; আল জামে লি আহকামিল কুরআন, কুরতুবী- ৩/১৫৮; ফাতহুল বারী ১/৯০; আওনুল মাবুদ- ৬/১০১; মাজমুউল ফাতাওয়া- ৩২/৫২; আল ইখতিয়ারাত, ইবনু তাইমিয়া- ৩৫০; আল মুগনী- ১/৩৬২
📄 ওয়ালীর শর্ত
◆ মুসলমান, বালেগ, বুদ্ধিমত্তাশীল ও বুঝমান হবে; ◆ স্বগোত্রীয় থেকে হতে হবে। যেমন: বাবা, দাদা, বড় ভাই, চাচা এভাবে স্বগোত্রীয় রক্তসম্পর্কিত নিকটাত্মীয়।
📄 সাক্ষীর শর্ত
◆ দুজন সাক্ষী থাকতে হবে; ◆ আকল বা বুদ্ধিসম্পন্ন, বালেগ, স্বাধীন, আদেল বা ন্যায়বান ও মুসলমান হওয়া। সুতরাং পাগলের ও যিম্মির উপস্থিতি বা সাক্ষ্যে বিয়ে সংঘটিত হবেনা। তবে যিম্মি মহিলার বিবাহে যিম্মি পুরুষ সাক্ষ্য হতে পারবে। আবার কেউ কেউ এই শর্তও দিয়েছেন যে, সাক্ষ্যরা দৃষ্টিমাণ, শ্রবণশীল ও বিবাহের প্রস্তাবিত ও কবুলকৃত ভাষার বুঝমান হতে হবে। তবে কারো কারো মতে আবার ভাষা বোঝা বিবাহের সাক্ষ্যদের জন্যে শর্ত হিসেবে আরোপিত নয়। [৬]
📄 ইসলামে পাত্র-পাত্রী দেখার বিধান
বিয়ের উদ্দেশ্যে পাত্র ও পাত্রী একে অপরকে দেখা ৪ মাযহাব সহ অধিকাংশ আলিমদের মতে একটি মুস্তাহাব আমল। [৭] আল্লাহ বলেন,
(فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء ) তোমরা বিবাহ করো সেই স্ত্রীলোক, যাদেরকে তোমাদের ভালো লাগে। [৮]
টিকাঃ
[৭] শরহে মুসলিম লিন নাওয়াউই- ১/৫৫২ হাদীস- ১৪২৪
[৮] সূরা নিসা- ৩