📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 মাহরাম, গাইরে মাহরাম ও বিবিধ সম্পর্কিত প্রশ্নোত্তর

📄 মাহরাম, গাইরে মাহরাম ও বিবিধ সম্পর্কিত প্রশ্নোত্তর


৮. বাড়িতে বা আত্মীয়ের বাসায় অনাকাঙ্ক্ষিতভাবে গাইরে মাহরামের সামনে পর্দা ছাড়া পড়ে গেলে কি গুনাহ হবে?
◆ তাওবা করে নিলেই হবে। ভবিষ্যতে সতর্ক থাকতে হবে।

৯. স্বামী বাদে মাহরাম যেকোনো পুরুষের সামনে কি বাচ্চাকে ব্রেস্ট-ফিডিং করানো যাবে?
◆ করানো যাবে না, তবে আর কোনো সুযোগ না থাকলে পর্দা দিয়ে পূর্ণভাবে ঢেকে তারপর ব্রেস্ট-ফিডিং করাবে।

১০. পুরুষ উস্তাযকে কুরআন তিলাওয়াত শোনানোর ক্ষেত্রে পর্দার বিধান কী? রেকর্ড করা তিলাওয়াত কি তাঁকে শোনানো যাবে?
◇ মহিলা উস্তায বিকল্প হিসেবে না থাকলে শোনানো যাবে তবে কোনো সুর দিয়ে পড়বে না, মোটা গলায় মাখরাজ সহকারে পড়বে।

১১. পুরুষ ডাক্তার দেখানোর ক্ষেত্রে পর্দার বিধান কী?
◆ মহিলা ডাক্তার না পেলে প্রয়োজনে পুরুষ ডাক্তারকে যতটুকু না দেখালেই নয় স্রেফ ততটুকু দেখানো যাবে।

১২. কেউ বাইরে যাওয়ার সময় পরিপূর্ণ পর্দা করে। কিন্তু শ্বশুর বাড়িতে তার দেবরও তাদের সাথে থাকেন। যেহেতু বাসায় রান্না থেকে শুরু করে অনেক কাজ করতে হয়। আর বাসায় সবাই একসাথে বসে খায়, তাই সবসময় মুখ ঢাকাটা কষ্টের হয়ে যায়। এক্ষেত্রে সে যদি তার দেবরের সামনে শুধু মুখ আর হাতের কব্জি পর্যন্ত খোলা রাখে তাহলে কি তার গুনাহ হবে?
◆ দেবরের সামনে মুখ খোলা যাবে না, দরকার হলে বড় ঘোমটা ব্যবহার করবে। তবে হাতের কব্জি পর্যন্ত খোলা যাবে।

১৩. আমার বেশিদিন হয়নি দ্বীনের বুঝ এসেছে। এর আগে অনেক ছবি তোলা হতো। বুঝ আসার পর থেকে যথাযম্ভব ছবি সরিয়ে ফেলেছি। অনেক বন্ধু-বান্ধবীদেরকেও মেসেজ দিয়ে অনুরোধ করেছি। আলহামদুলিল্লাহ, বেশির ভাগই মেনেছে। কিন্তু সহপাঠীদের মধ্যে ২-৩ জন আছে (ছেলে) এমন যে একদম নাছোড়বান্দা। ব্যাচের সাথে গ্রুপ ছবিগুলো তারা সরাতে চায় না। তো এক্ষেত্রে আমি ছেলেদেরকে ঠিক কয়বার বলতে পারবো? আর যদি এমন হয় যে, বলেও লাভ হচ্ছে না বরং উল্টাপাল্টা কথা বলছে বা ঝামেলা করছে তাহলে আমার করণীয় কী?
◆ প্রথমত, আপনার জন্য ছেলেদের এই ব্যাপারে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, মেয়েদেরকে কয়েকবার বোঝানোর চেষ্টা করুন। না বুঝলেও আপনি আপনার দায়িত্ব থেকে ইন শা আল্লাহ মুক্ত থাকবেন।

১৪. বাসায় কোনো গাইরে মাহারাম নিকট আত্মীয় যেমন চাচাতো-মামাতো ভাই, দুলাভাই, ভাসুর আসলে তাদেরকে পর্দার আড়াল থেকে সালাম/কেমন আছেন ইত্যাদি জিজ্ঞাস করা যাবে? আর পর্দা অবস্থায় সামনে পড়ে গেলে জিজ্ঞাস করা যাবে?
◆ যাবে তবে বেশি আলাপচারিতা করা যাবে না।

১৫. এক বোন ও তার নাবালক ছোট ভাই তাদের শৈশবে একে অপরের গোপনাঙ্গে হাত দেয়। তার ছোট ভাই সেই বোনের স্তনও মুখে নিয়েছিল। সেই বোন জানতে চান এতে কি তাদের সম্পর্কের কোনো ক্ষতি হয়েছে কিনা বা তাদের বাবা-মায়ের সম্পর্ক এতে ঠিক আছে কিনা?
◆ না সম্পর্কচ্ছেদ হয়নি। কিন্তু খাসভাবে তাওবা করতে হবে।

১৬. মামা শ্বশুর বা চাচা শ্বশুর কি মাহরাম?
◆ না, মাহরাম না।

১৭. সৎ বাবা/চাচা/ মামা/ দাদা/ নানা কি মাহরাম?
◆ সৎ বাবার সামনে পর্দার ব্যাপারে শিথিলতা আছে। আর সৎ চাচা/ মামা/ দাদা/ নানার ক্ষেত্রে, যদি বাবা অথবা মা সৎ হন তাহলে সেই সৎ চাচা/ মামা/ দাদা/ নানা মাহরাম নন। আর যদি বাবা অথবা মা আপন হন সেক্ষেত্রে সেই সৎ চাচা/ মামা/ দাদা/ নানা মাহরাম।

১৮. হোস্টেলে একই ফ্লোরে হিন্দু, খ্রিস্টান মেয়েদের সাথে অবস্থান করলে পর্দার ক্ষেত্রে কী করণীয়?
◇ মুখ খোলা রেখে অন্যান্য অঙ্গগুলো তাদের সামনে যথাসম্ভব ঢেকে রাখবে।

১৯. আমি যৌথ পরিবারের বউ। এখানে দ্বীন পালনে তারা সবাই খুবই সচেষ্ট আলহামদুলিল্লাহ। আমি পরিবারের ছোট বউ হওয়ায় সবাই আমাকে যথেষ্ট স্নেহ করে আলহামদুলিল্লাহ। আমার ২ ভাসুরও ছোট বোনের মতোই স্নেহ করে। ছোট বোনের সাথে যেমন খুনসুঁটি করে তেমনই তারা করেন। আমি কিছুটা গুটিয়ে থাকি। কারণ আমি যতটা জানি উনারা আমার মাহরাম নন। সাধারণত বড় ওড়না দিয়ে হিজাবের মতো করে পড়ে থাকি। কথা বার্তাও প্রয়োজন ব্যতীত বলি না। কিন্তু উনারা আমাকে ফ্রি করতে আমার সাথে প্রায়ই যেচে অপ্রয়োজনীয় কথাও বলেন। বলাবাহুল্য, আমি উনাদের চেয়ে বয়সেও প্রায় ১৫/২০ বছরের ছোট। আমার বিয়ে হয়েছে ৬ মাস চলছে। আমার বর ও উনাদের এই ফ্রি মিক্সিংটা পছন্দ করেন না। এখনও উনাদের কিছু বলতে পারছেন না স্বাভাবিক কারণেই। আমাকে বলেছেন এড়িয়ে চলতে। আমার প্রশ্ন হচ্ছে আমি তাদেরকে এড়িয়ে চলার পরও যে উনারা কথা বলছেন, এখানে কি আমার গুনাহ হচ্ছে? এবং এই পরিস্থিতিতে আমার করণীয় কী? আমার পর্দা কি ঠিক আছে?
◆ যথাসম্ভব এড়িয়ে চলবেন, যেহেতু তাদের দ্বীনের বুঝ আছে তাই সরাসরি তাদের বা তাদের স্ত্রী অথবা শাশুড়িকে বুঝিয়ে বলে সতর্ক করাবেন। এরপরেও এমন হলে আপনার গুনাহ হবে না।

২০. হজ্জের সময় মেয়েদের মুখ ঢাকতে হয় না কিন্তু এখনকার হচ্ছে প্রায় লাখ লাখ পুরুষ উপস্থিত থাকে। এক্ষেত্রে কী করব?
◇ হজ্জের সময়েও পুরুষদের সামনে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিন্তু সেটি আলগা কাপড় দ্বারা হতে হবে এবং তা ইহরামের কাপড়ের সাথে সেলাইযুক্ত হওয়া যাবে না। হজ্জে আলগা নেকাবের আলাদা ক্যাপ কিনতে পাওয়া যায় সেটি পরা যাবে। হজ্জের সময় নারী সাহাবিয়াতগণও পুরুষ দেখলে আলগা পোশাক দিয়ে নিজেদের চেহারা ঢাকতেন এই মর্মে আম্মাজান আয়েশা ও তাঁর বোন আসমা থেকে সহীহ হাদীস পাওয়া যায় এবং এ ব্যাপারে পূর্বেও আলোচনা এসেছে।

২১. সালাত আদায় করার সময় পরপুরুষ দেখে ফেললে সেক্ষেত্রে সালাত হবে?
◆ সালাত হবে। তবে গাইরে মাহরাম যাতে না দেখে তার পূর্ণ ব্যবস্থা করতে হবে।

২২. বয়স্ক বা অসুস্থ পুরুষের সামনে মুখ খোলা রাখা যাবে? আর ষাটোর্ধ বয়স্ক মহিলারা মুখ খোলা রাখতে পারবে?
◆ পুরুষ যদি এতটাই বৃদ্ধ হয় যে তার শারীরিক কোনো সক্ষমতা নেই তাহলে তার সামনে মুখ খোলা জায়েয। আর ষাটোর্ধ মহিলার চেহারা যদি ধুতরে যায় আর বিয়ের উদ্দেশ্যও না থাকে তাহলে তার জন্য মুখ খোলা রাখা জায়েয।

২৩. আমার সামনে কোনো পুরুষ আসলে আমি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু এক সেকেন্ডে যতটুকু দেখলাম তাতে যদি আমার কোনো যৌন অনুভূতি না আসে বা আবার দেখার ইচ্ছা না জাগে কিন্তু যদি এইটা মনে হয় যে লোকটা সুন্দর বা তার পোশাকটা মানিয়েছে... এই চিন্তাটাও কি ফেতনা?
◆ এক্ষেত্রে এটা স্বাভাবিক। তবে নজর হেফাযত করতে হবে এবং এমন চিন্তাও না আনাই উত্তম।

২৪. আমার পরিবার দ্বীনদার না। বড় বোনের আকদ হওয়ায় এখন দুলাভাই প্রায় সবসময়ই বাসায় থাকছেন। উনার সাথে পর্দা করেই চলি, কিন্তু দেখা যাচ্ছে পরিবারের সবাই মিলে বসলে, উনার সাথেও অপ্রয়োজনীয় কথা বলা হয়ে যাচ্ছে। কতটুকু ছাড় শরী'আহ দেয় এমন অবস্থায়? আমার কি একদমই উনার আশপাশে যাওয়া উচিত হবে না, নাকি এভাবে সবাই বসলে আমিও পর্দার সাথে বসতে পারব, কিছু কথা বলতে পারব?
◆ এভাবে সবাই বসলে যেসব অপ্রয়োজনীয় কথাবার্তা হয় এতে দুলাভাই বা দেবরেরা বেশ পুলকিত হয়! ওই সময় অবচেতন মনেই তাদের ভিতরে ভিন্ন রকম অবস্থা তৈরি হতে পারে। তাই একদম জরুরি কিছু না হলে এই আড্ডাখানা পরিত্যাগ করতে হবে।

২৫. নিজের বরের ভাগ্নে বা ভাতিজা যেহেতু আমার মাহরাম হবে না, এমনকি আমার বাচ্চাদেরও মাহরাম হবে না! সেক্ষেত্রে, যেন ওদেরকে আমার এবং আমার বাচ্চাদের মাহরাম বানাতে পারি সে নিয়তে আমি কি ওদের দুধ মা হতে পারব?
◇জি, পারবেন।

২৬. আমার দূরসম্পর্কীয় চাচাতো ভাই আমার ছোট ভাইয়ের সাথে আমার আম্মু থেকে দুধ পান করে, তাহলে সেই চাচাতো ভাই আর তার বাবা কি আমার মাহরাম হবে?
◇ দূরসম্পর্কীয় ওই চাচাতো ভাই আপনার মাহরাম হবে। তবে ওই চাচা মাহরাম নয়।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 সহশিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর

📄 সহশিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর


২৭. আমি একটি সরকারি মেডিকেলে পড়ছি। মেয়েদের পর্দা করে মেডিকেলে পড়া এবং ভবিষ্যতে ডাক্তারি বা চাকরি করা কি জায়েয? নারী-পুরুষ অবাধ মেলামেশা থাকে মেডিকেল সেক্টরে, নাইট ডিউটি করতে হয় ইন্টার্নিতে, মাহরাম ছাড়া হোস্টেল এ থাকতে হয়। এমতাবস্থায় কী করণীয়?
◇ একটু ত্যাগ স্বীকার করে হলেও পর্দার মৌলিক বিধানগুলো মেনে চলতে পারলে ডাক্তারি পড়া উচিত। কেননা দ্বীনদার মহিলা ডাক্তারদের অভাবে পর্দানশীন বোনেরা চিকিৎসার ক্ষেত্রে হতাশায় ভোগে, কিন্তু পর্দার মৌলিক বিধানটুকুও যদি পালন করা সম্ভব না হয় তাহলে এই পড়াশোনা করা যাবে না।

২৮. আমি একজন মেডিকেল ছাত্রী, অনেক সময় প্র্যাকটিকাল কাজ করতে হাত মোজা খোলা লাগে, হ্যান্ড গ্লাভসও পরতে দেয় না অনেক শিক্ষক। এখন আমার কি পর্দা লঙ্ঘনের গুনাহ হবে?
◇ অতি প্রয়োজনে হাত মোজা খোলা জায়েয।

২৯. মেসেঞ্জারে প্রাতিষ্ঠানিক কিছু গ্রুপে যুক্ত আছি। ক্লাস, এসাইনমেন্ট, পরীক্ষা-বিষয়ক তথ্য সেখান থেকে পাই। এসব গ্রুপে ছেলে-মেয়ে উভয়ই আছে। গ্রুপে দরকারি/অ-দরকারি (কোনো মেয়ে বন্ধুর) মেসেজের রিপ্লাই দিতে গেলে কি আমার পর্দা লঙ্ঘনের গুনাহ হবে?
◇ দরকারি ছাড়া অ-দরকারি কোনো ম্যাসেজ দেওয়া যাবে না।

৩০. মাহরাম যদি সফর দূরত্বে পৌঁছিয়ে দিয়ে আসে, তাহলে কি হলে বা হোস্টেলে (মাহরাম ছাড়া) থেকে পড়াশোনা করা যাবে? এতে কি গুনাহ হবে?
◇ এটা জায়েয নেই। তবে বিশেষ জরুরত হলে ভিন্ন কথা।

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 চাকরি বা ব্যবসা বিষয়ক প্রশ্নোত্তর

📄 চাকরি বা ব্যবসা বিষয়ক প্রশ্নোত্তর


৩১. কেউ যদি পড়াশোনা শেষ করে শুধু বাবা-মায়ের খেদমতের জন্যই চাকরি করে আয় করতে চায় এবং বিয়ের পরেও অর্জিত অর্থ তার বাবা-মাকে দিয়ে দিতে চায়। তার এই সিদ্ধান্ত ঠিক কি হবে?
◆ মেয়ের অর্জিত বা মালিকানাধীন টাকা সম্পূর্ণ তার। এটি তিনি যেকোনো জায়েয ও হালাল খাতে ব্যয় করার পূর্ণ অধিকার রাখেন। কিন্তু কথা হলো তিনি চাকরি কেন করবেন? বাবা-মা কি অক্ষম কিংবা তাদের পরিবার চালানোর আর কেউ নেই? নাকি আবেগ থেকেই এমন চিন্তা এসেছে? কেবল এরকম আবেগের বশে মেয়েদের চাকরি করা জায়েয নেই।

৩২. আমি একটি চাকরি করি। এখানে সব সময়ই গাইরে মাহরামদের সাথে কাজ করতে হয়। বোরকা পরলেও নিকাব পরা সম্ভব হয় না। আমার স্বামী চায় যে আমি চাকরি করি। চাকরির কারণে আরো কিছু বিষয় আমাকে করতে হয় বা মেনে নিতে হয়, যা শরী'আহ অনুমোদন দেয় না। যেমন শহীদ মিনারে ফুল দেওয়া, গানের অনুষ্ঠান আয়োজন করা বা অংশগ্রহণ করা ইত্যাদি। চেহারা খোলা থাকায় কি আমার গুনাহ হচ্ছে? চাকরিটা কি আমার জন্য হালাল হচ্ছে?
◆ চেহারা খোলা থাকলে গুনাহ হবে, গাইরে মাহরামদের থেকে দূরত্ব বজায় রেখে না চলা, মিনারে ফুল দেওয়া, গানের অনুষ্ঠান আয়োজন করা- এগুলো সবই হারাম কাজ। স্বামীর কথা এ ক্ষেত্রে মানা জায়েয নেই।

৩৩. নারী ডাক্তার কি পুরুষের চিকিৎসা করতে পারবে? যেমন ডেন্টিস্টদের কাজই থাকে মুখের ভিতর। তাহলে তারা কি পুরুষদের চিকিৎসা করতে পারবে?
◆ ছোট বাচ্চা আর একদম বয়োবৃদ্ধ পুরুষ ছাড়া অন্যান্য পুরুষদের চিকিৎসা করতে পারবে না।

৩৪. কোনো স্বামী যদি স্ত্রীর ভরণ-পোষণের খরচ বহন না করে এমনকি স্ত্রীকে যদি চাকরি করার অনুমতি না দেয় সেক্ষেত্রে ওই স্ত্রীর চাকরি করা কি জায়েয হবে?
◆ পর্দা রক্ষা করে জায়েয।

৩৫. আমরা দুই বোন। আমাদের বাবা-মা বয়স্ক এবং আমরা ব্যতীত কার্যক্ষম আর কেউ নেই। এমতাবস্তায় পরিবার চালানোর জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে চাকরি করলে কি গুনাহ হবে?
◆ শরী'আতের বিধান ঠিক রেখে চাকরি করতে পারলে গুনাহ হবে না ইন শা আল্লাহ। তবে বিবাহিত হলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে।

৩৬. বর্তমান সময় অনেক পুরুষই তার স্ত্রীকে নিচু করে দেখে শুধু সে যথেষ্ট শিক্ষা অর্জন করেও কোনো চাকরি করে না বলে। তারা ভাবে সংসারে তাদের আর্থিক কোনো অবদান নেই বলে তাদের মতামতেরও কোনো গুরুত্ব নেই। পারিপার্শ্বিক পরিবেশে পুরুষদের এই মনোভাব দেখে দ্বীনের বুঝদার অনেক বোনও চাকরি করা ছাড়া বিয়ে করতে চান না। এক্ষেত্রে বোনদের জন্য নাসীহাহ কী হবে?
◆ সামাজিক এই বিরূপ মানসিকতা দূর করতে হবে। বোনদের বুঝতে হবে আসল সম্মান ও মর্যাদা তা-ই যা আল্লাহ ও তাঁর রাসূল নির্ধারণ করেছেন। এতেই পরম সৌভাগ্য ও সম্মান নিহিত। দুনিয়ার মানুষের নির্ধারিত সম্মান প্রকৃত সম্মান নয়। আল্লাহ নারীদের সংসার গোছানো ও সংসারে সন্তানের দ্বীনি তারবিয়াতের দায়িত্ব প্রদান করেছেন। এতেই তাদের সম্মান নিহিত। সর্বোপরি দ্বীনদার মেয়েদের উচিত দ্বীনদার কোনো পাত্র দেখে বিয়ে করা। কেননা একজন প্রকৃত দ্বীনদার পুরুষ এমন চিন্তাধারা লালন করবে না বরং সে চাইবে তার স্ত্রীকে তাবত দুনিয়ার মানুষের নজর থেকে আগলে রাখতে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00