📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 সম্পাদকের কথা

📄 সম্পাদকের কথা


মুহস্বানাত-সেই সকল নারী যারা নিজেদের আব্রু রক্ষা করে চলে। একজন নারীর জন্য 'মুহস্বানাত' শব্দটির ব্যাপকতা অনেক। একজন মু'মিনা নারী চোখ বুজে কালের স্রোতে গা ভাসিয়ে দেয়ার মতো নিম্নমানের চিন্তাধারা লালন করে না। তার জীবন জুড়ে রয়েছে অসংখ্য দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্বের দিক থেকে তার অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান। আর সেই দায়িত্ব পালন সম্পর্কে জ্ঞান রপ্ত করতে দরকার প্রচুর পড়াশোনা।

জেনারেল শিক্ষিত নারীরা হিদায়াত লাভের পর থেকেই এ সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতন হতে থাকে। সে তার সাধ্যমতো নানান মাধ্যম থেকে এ বিষয়ে পড়াশোনা করতে শুরু করে। বইপত্র ও ইন্টারনেট ঘাটাঘাটি বা দ্বীনি আলাপ-আলোচনায় অংশগ্রহণ করার মাধ্যমে সেই পড়াশোনা চলতে থাকে। কিন্তু পর্দার আড়ালে তার এ সকল পরিশ্রমেও বিশাল একটা ফাঁক-ফোকর থেকেই যায়। তার প্রয়োজন পড়ে শরঈ বিষয়ে বিজ্ঞ কোনো ব্যাক্তির সোহবতে থেকে সরাসরি দ্বীনি ইলম অর্জনের। কিন্তু তার পক্ষে বাসার বাইরে বের হয়ে ঘুরে ঘুরে ইলম অর্জন অসম্ভবপ্রায়।

নানান বিষয়ের ক্ষেত্রে তাকে সুস্পষ্ট শরঈ জ্ঞান অর্জন করতে হয়; যেমন- ত্বহারাত, বিবাহ, বর্তমান ফিতনার সমাজ, ফেমিনিজম, সন্তান লালন-পালন ইত্যাদি। এখানেই শেষ নয়, ইলম অনুযায়ী আমলকে সঠিকভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে ফিক্বহী বিষয় থেকে বের হয়ে এসে তাকে নানান জীবনমুখী জ্ঞানও অর্জন করতে হয়। যেমন: পর্দা কীভাবে করবে, কাদের সামনে করবে আর কাদের সামনে করবে না-এসব সম্পর্কে সহজে জানা গেলেও প্রতিকূল অবস্থায় পর্দা কীভাবে রক্ষা করবে তাকে সেটা নিজ থেকেই জানতে হয়। যেহেতু জেনারেল শিক্ষায় শিক্ষিত বোনদেরকে না চাইতেও প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়; তাই পুরুষদের যৌন মানসিকতা, নারীবাদীদের ভয়ানক থাবা, পর্নোগ্রাফির নীল অন্ধকারের কুপ্রভাবসহ আরও নানান বিষয়ে জ্ঞান আহরণ করতে হয়। আবার পবিত্রতা বিষয়ে মৌলিক জ্ঞানগুলো অর্জন করা সম্ভব হলেও প্রতিনিয়ত নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে, যার কোনো উত্তর সে খুঁজে পায় না। পবিত্রতা, বিবাহ, গর্ভধারণ ইত্যাদি ক্ষেত্রে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মেডিকেল দৃষ্টিকোণ থেকে জেনে রাখাও প্রতিটি নারীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখানে চলে আসে মেডিকেল বিষয়ক অনেক প্রশ্ন। কিন্তু একজন মু'মিনা নারীর জন্য যখন তখন কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়াটাও সহজতর নয়। এসব কিছুকে সন্নিবেশিত করা হয়েছে ইনবাত এডুকেশন কর্তৃক পরিচালিত 'ওনলি সিস্টার্স কোর্স' এর মাধ্যমে। আর 'মুহস্বানাত' সেই কোর্সেরই পাঠ্যপুস্তক।

বহু দিক বিবেচনায় রেখে 'মুহস্বানাত' কে সাজানো হয়েছে। নারীদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত ফিক্কহী মাসআলাগুলোর সকল উত্তর প্রদান করেছেন বিজ্ঞ আলিমে দ্বীন শাইখ আব্দুল্লাহ আল মামুন, যা কোর্সে দারসের মাধ্যমে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করে থাকেন মুহতারমাহ আনিকা তুবা। অপরদিকে মুহতারমাহ সায়মা সাজ্জাদ মৌসি মেডিকেল বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যাখ্যা যথেষ্ট বোধগম্য ভাষায় প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। পুরুষদের মনস্তত্ত্ব অংশটুকু The Nafs Psychological & Spiritual Wellness Centre এর পরিচালিকা মুহতারমাহ খন্দকার মারিয়াম হুমায়ুনের অসামান্য সংযোজন। এছাড়াও বইয়ের বিষয়বস্তু নির্ধারণ করা, Men's Psychology Survey থেকে প্রাপ্ত উপাত্ত নিরূপণ, পুরুষদের অনুষাঙ্গিক বিষয়াদি উল্লেখ ও সম্পাদনা করেছেন আমার উস্তায ও উত্তম অর্ধেক আব্দুল্লাহ ইবনে জা'ফর। আর নারীদের দৈনন্দিন প্রায়োগিক জ্ঞান সম্পর্কে সামান্য সংযোজন ও সম্পাদনা করার চেষ্টা করেছি আমি বারিয়াহ বিনতে আতিয়ার। সেই সাথে শতাধিক ত্বলিবাহ বোনদের প্রশ্নোত্তরের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে 'মুহস্বানাত'। আল্লাহ সকলকে নিরাপত্তার চাঁদরে ঢেকে নিক। আমীন।

এক মহা সুনামি। সেই সুনামির ঢেউ আঁচড়ে পড়ছে জন সমুদ্রে। নাজেহাল করে দিচ্ছে পরিবারের গিঁট। ছিন্ন হচ্ছে দাম্পত্যের মধুর বন্ধনগুলো। দুমড়ে-মুচড়ে যাচ্ছে রবের নির্দিষ্ট করে দেওয়া হারাম-হালাল পার্থক্যকারী দেওয়াল। ফলে আমরা সাক্ষী হচ্ছি হালের ভয়ানক সব অভিজ্ঞতার। আমাদেরই এই অবস্থা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কী হতে চলেছে তা কি ভাবা যায়! এই ফিতনার সুনামি থেকে রক্ষা পায়নি দ্বীনিমহলও। বাকি তিন উপেক্ষা করে শুধু দ্বীন দেখে বিয়ে করার পরও অনেকের সংসার ভেঙে যাচ্ছে অল্প সময়েই। এর স্বরূপ সন্ধান হয়ে পড়েছিল সময়ের দাবি। মুহস্বানাতের মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করেছি। কিতাবটিতে পুরুষদের মনস্তত্ত্বের ব্যবচ্ছেদ করে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর ওপর বিস্তর আলোচনার মাধ্যমে খুঁটিনাঁটি বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে রয়েছে ৮০ জন পুরুষের ওপর "ইনবাত মেন'স সাইকোলজি সার্ভে” এর রিপোর্ট। এর সাথে আবার যুক্ত করা হয়েছে নারীদের বিভিন্ন বিষয়ে পুরুষদের মন্তব্য যার মাধ্যমে নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিকোণ ও চিন্তাধারা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।

ইনবাত এডুকেশন-এর ওনলি সিস্টার্স কোর্সের পাঠ্যপুস্তক হিসেবে 'মুহস্বানাত'- এ পবিত্রতা, পর্দা, সাজগোজ, বিবাহ পূর্ববর্তী-পরবর্তী, সন্তান-লালন ইত্যাদি বিষয়গুলোর ওপর মাসআলাগত আলোচনা ও জীবনধর্মী বিষয়সমূহের বাস্তবিক প্রয়োগ পদ্ধতির পাশাপাশি হায়েয-নিফাস, বিবাহ, গর্ভকাল ইত্যাদি বিষয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে পুরুষদের মনস্তত্ত্ব। আমরা আশা করি যে, 'মুহস্বানাত' কিতাবটি থেকে আহরিত জ্ঞান একজন নারীর জন্য দ্বীন মেনে চলতে সহায়ক হবে, পরপুরুষদের থেকে পবিত্র নারীদের আব্রু রক্ষার্থে এবং আপন স্বামীর মন বুঝে তাকে সন্তুষ্টি রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।

আসন্ন ভয়াবহ দাজ্জালীয় ফিতনার মোকাবেলায় 'মুহস্বানাত' কতটুকু ঢাল হিসেবে কাজে দেবে এই গায়েবী বিষয়ের ইলম যেই সত্তার কাছে রয়েছে, তিনিই সবচেয়ে ভালো জানেন। সেই সাথে মুহস্বানাতের পিছনে ব্যয়কৃত আমাদের অক্লান্ত, রাত জাগা পরিশ্রমের বিষয়েও সেই রবই সাক্ষী। আমরা এর প্রতিদান কেবল সেই মহান সত্তার রব্বুল আলামীনের কাছেই আশা করি। আল্লাহ আমাদের সকলকে তার মনোনীত বান্দাদের মাঝে শামিল করে নিন, আমীন।

সম্পাদকদ্বয়
বারিয়াহ বিনতে আতিয়ার, আব্দুল্লাহ ইবনে জা'ফর
১১ জুমাদাল আউয়াল ১৪৪২
২৭ ডিসেম্বর ২০২০

📘 মুহস্বানাত (পবিত্র নারীদের পাঠশালায়) > 📄 শরঈ সম্পাদকের কথা

📄 শরঈ সম্পাদকের কথা


نحمده حمداً كثيراً، فلا أحد أحق بالحمد منه، ولن نبلغ كمال حمده مهما حمدناه، ونشكره على ما هدانا وأولانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له؛ من عرفه أحبه و عظمه و عبده و لهج بحمده وشكره والثناء عليه بما هو أهله، ومن جهله تمزق قلبه، وضاق صدره، وشقي في دنياه وأخراه ﴿ وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا) وأشهد أن محمداً عبده ورسوله؛ كان أكثر الناس بالله تعالى علما و معرفة، وأشدهم حبا وتعظيم له سبحانه، وأكثرهم خضوعاً وتعبداله عز وجل، قام ليلة يصلي فاقتربت منه عائشة رضي الله عنها فقال: «يَا عَابِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي» فما زال يصلي و يبكي حتى الفجر، صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين أما بعد

আল্লাহ -এর এক অপরুপ সৌন্দর্যমন্ডিত সৃষ্টি হচ্ছে নারীজাতি। পুরুষকুলের মানসিক স্বস্তি ও মানবকুল বিস্তারে তারাই অগ্রনী ভুমিকা পালন করে থাকেন। আল্লাহ বলেন,
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا )

তিনি ঐ সত্ত্বা যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এবং এর মাঝ থেকেই তিনি তোমাদের একে অপরের (বৈবাহিক) জোড়া নির্ধারণ করেছেন যাতে করে সে তার কাছে স্বস্তি পেতে পারে। [১]

মহান আল্লাহ কুরআনুল কারীমে নারীদের ফজিলত ও তাদের ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধিবিধান নিয়ে স্বতন্ত্র সূরাই নাযিল করেছেন যার নাম 'আন নিসা'। 'নিসা' শব্দের অর্থই হচ্ছে- 'নারী'। এছাড়াও নেককার নারীদের প্রতিনিধিত্ব করে এমন এক সৎকর্মশীল নারীর নামেও আল্লাহ আলাদা একটি সূরা নাযিল করেছেন যার নাম 'আল মারিয়াম'।

এছাড়াও আরও বহু আয়াত ও হাদীসে তাদের ব্যাপারে যেসব বক্তব্য এসেছে তাতে ঈর্ষান্বিত হওয়া ছাড়া উপায় নেই। অথচ পুরুষ জাতির ব্যাপারে এসব দৃষ্টান্ত বেনজির! এতেই বুঝা যাচ্ছে আল্লাহ পুণ্যবতী নারীদের ব্যাপারে কতটা সজাগ ও সদয়! আল্লাহ বলেন,
فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتُ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ

সুতরাং পুণ্যবতী নারীরা (যারা) অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে (নিজেদের) হিফাযত করে ঐ বিষয়ের যা স্বয়ং আল্লাহ হিফাযত করেছেনে। [২]

পুণ্যবতী ও পবিত্র নারীদের ফজিলতের ব্যাপারে বহু হাদীস বর্ণিত হয়েছে। নিম্নে কতিপয় হাদীস বর্ণনা করা হচ্ছে-

الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة
গোটা দুনিয়াই হচ্ছে সম্পদ আর এর মাঝে উত্তম সম্পদ হচ্ছে পুণ্যবতী নারী। [৩]

أربع من السعادة : المرأة الصالحة، والمسكن الواسع، والجار الصالح، والمركب الهنيء وأربع من الشَّقاوة: الجار السوء، والمرأة السوء، والمسكن الضيق، والمركب السوء
৪টি বিষয় হচ্ছে সৌভাগ্যের-নেককার নারী, সুপ্রশস্থ ঘর, নেককার প্রতিবেশী এবং দ্রুতগামী তবে নিরাপদে চলে এমন আরোহন। আর ৪টি বিষয় হচ্ছে দুর্ভাগ্যের- বদকার প্রতিবেশী, বদকার নারী, সংকীর্ণ (স্থানের) ঘর আর খারাপ আরোহন। [৪]

قيل يا رسول الله، أي النساء خير؟ قال: التي تسرُّهُ إِذا نَظَرَ ، وتُطِيعُهُ إذا أمر، ولا تُخالفه في نفسها ولا في ماله بما يكره

নবীজি -কে জিজ্ঞাস করা হলো যে, “হে আল্লাহর রাসূল! কোন নারী উত্তম?” তিনি বললেন- "ঐ স্ত্রী যার দিকে তুমি তাকালে তোমাকে সে খুশি করে। তাকে নির্দেশ দিলে আনুগত্য করে। তুমি তার থেকে অনুপস্থিত থাকলে সে তার নিজেকে এবং তোমার সম্পদকে সকল অনিষ্ট হতে হেফাজত করে।” [৫]

সাহাবাগণ একবার বললেন-
يَا رَسُولَ اللهِ ، أَيُّ الْمَالِ نَتَّخِذُ؟ فَقَالَ : لِيَتَّخِذْ أَحَدُكُم قَلْبًا شَاكِرًا، وَلِسَانًا ذَاكِرًا وزوجةً مُؤْمِنَةً تُعِينُ أَحَدَكُم عَلَى أَمرِ الآخِرَةِ

হে আল্লাহর রাসূল, কোন সম্পদ আমরা গ্রহণ করব?" তিনি বললেন- "তোমরা শুকরিয়া আদায়কারী অন্তর, সদা সর্বদা আল্লাহর যিকিরে লিপ্ত জিহ্বা এবং তোমাদের আখিরাতে সফল করতে সহায়তা করবে এমন স্ত্রীদেরকে উত্তম সম্পদ হিসেবে গ্রহণ করো।” [৬]

جَاءَ رَجُلُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: أُمُّكَ قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ : ثُمَّ أُمُّكَ قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ : ثُمَّ أُمُّكَ قَالَ : ثُمَّ مَنْ؟ قَالَ : ثُمَّ أَبُوكَ

এক ব্যক্তি রাসূলুল্লাহ -এর কাছে এসে জিজ্ঞাস করলেন যে, “কোন ব্যক্তি আমার উত্তম আচরণের অধিক হকদার?" তিনি বললেন- "তোমার মা।" লোকটি বলল- "অতঃপর কে?" তিনি আবারও জবাব দিলেন- "তোমার মা।" লোকটি আবার বলল- "অতঃপর কে?" তিনি এবারও জবাব দিলেন- "তোমার মা!" এরপর লোকটি একই প্রশ্ন আবার করলে এবার নবীজি উত্তর দিলেন- “তোমার বাবা!” [৭]

নেককার ও পুণ্যবতী নারীদের ফজিলত বুঝাতে উল্লেখিত আয়াত ও হাদীস সমূহ দ্বারা সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

নেককার নারী যেমনিভাবে সম্মান, আক্র, মর্যাদা ও উপকারের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে; অনুরুপভাবে নারী যদি বদকার হয় তাহলে সে ব্যাক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও জাতির জন্য অভিশাপ ও অনিষ্টকারিনী হয়ে থাকে। নারী যেমন তার পুণ্য ও পবিত্রতা দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির নির্মলতা বজায় রেখে সেগুলো গড়ে তুলতে ভূমিকা রাখে; তদ্রূপ বদকার নারী উল্টো পরিবার, সমাজ এবং জাতির জন্য হয়ে উঠে বিধ্বংসী!

নবীজি বলেন,
مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ
আমার চলে যাওয়ার পর আমি পুরুষদের উপর ফিতনার (পরীক্ষার) বিষয় হিসেবে নারী অপেক্ষা অধিকতর ক্ষতিকর আর কিছু রেখে যাচ্ছি না! [৮]

অন্যত্র বর্ণিত রয়েছে যে,
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا: قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلاتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةُ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ( وفي رواية: من مسيرة خمسمائة عام)

দুই প্রকার জাহান্নামী মানুষ আমি (এখন পর্যন্ত) প্রত্যক্ষ করি নি (অর্থাৎ, আমার পরে তাদের আবির্ভাব ঘটবে)- এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। আর পোশাক পরিহিত উলঙ্গ নারী (অর্থাৎ নারীরা এমন নগ্ন ও পাতলা পোশাক পরবে যে, বাস্তবে উলঙ্গ থাকবে), (পর পুরুষকে) নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও (পর পুরুষের প্রতি) আকৃষ্ট হবে। (ফ্যাশন ও স্টাইল করার নিমিত্তে) তাদের মাথা (চুলের গোছা) হবে উটের হেলে যাওয়া কুঁজের মতো! এ ধরনের নারীরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে (এক বর্ণনায় রয়েছে যে, তা ৫০০ বছরের দূরত্ব থেকে পাওয়া যায়)। [৯]

আরেকটি হাদীসে বর্ণিত আছে যে,
سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي رِجَالٌ يَرْكَبُونَ عَلَى سُرُوحٍ، كَأَشْبَاهِ الرِّحَالِ، يَنْزِلُونَ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ ( وفي رواية الحاكم: سَيَكُونُ فِي آخِرِ هَذِهِ الْأُمَّةِ رِجَالٌ يَرْكَبُونَ عَلَى الْمَيَاثِرِ حَتَّى يَأْتُوا أَبْوَابَ مَسَاجِدِهِمْ ، نِسَاؤُهُمْ كَاسِيَاتُ عَارِيَاتُ، عَلَى رُءُوسِهِمْ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْعِجَافِ الْعَنُوهُنَّ، فَإِنَّهُنَّ مَلْعُونَاتُ، لَوْ كَانَتْ وَرَاءَكُمْ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَخَدَمْنَ نِسَاؤُكُمْ نِسَاءَهُمْ، كَمَا يَخْدِمْنَكُمْ نِسَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ

অচিরেই আমার উম্মতের মাঝে শেষ যামানায় একদল পুরুষের আবির্ভাব হবে, যারা বাহনে বসার জন্য তৈরিকৃত নরম ও রেশমের কাপড়ে তৈরি গদিতে আরোহন করবে। এমনকি তাদের ঐ যানবাহন নিয়েই তারা মসজিদে সালাত পড়তে আসবে (লোক দেখানোর উদ্দেশ্যে)! তাদের মেয়েরা কাপড় পরিহিত হয়েও উলঙ্গ থাকবে! (ফ্যাশন ও স্টাইল করার নিমিত্তে) তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুঁজের মতো! ওদের অভিশাপ দাও কেননা ওরা সবাই অভিশপ্ত! যদি আল্লাহ এই উম্মতের পর অন্য কোন উম্মত সৃষ্টি করতেন তাহলে এসব নারীদেরকে তাদের পরবর্তী উম্মতের খাদেমা হিসেবে নিযুক্ত করতেন যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতের (বনী ইসরাইলের) নারীদেরকে (তাদের অকৃতজ্ঞতা ও নাফরমানির কারণে) তাদের পরবর্তী উম্মতের খাদেমা নিযুক্ত করা হয়েছিল! [১০]

এসব হাদীস থেকে অনুমান করা যায় যে, বদকার নারী আল্লাহ ও তাঁর রাসূল দৃষ্টিতে নিন্দিত ও অভিশপ্ত।

এজন্যই একজন নারী শরী'আতে ইসলামীর বিধি-নিষেধ জেনে কিভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ও পুণ্যবতী হয়ে মর্যাদা ও সম্মানের অধিকারিনী হতে পারে এবং কিভাবে একটি পবিত্র ও সুন্দর পরিবার, সমাজ এবং জাতি গঠনে ভূমিকা রাখতে পারে তারই নজির ও দৃষ্টান্ত পেশ করার নিমিত্তে আমাদের 'ইনবাত এডুকেশন'-এর উদ্যোগে অনলাইনে নারী বিষয়ক একটি কোর্সের আয়োজন করা হয়েছিলো। কোর্সের অংশগ্রহণকারী প্রায় সকল বোনই এখান থেকে বেশ উপকৃত হয়েছে বলে আমরা আশা করি। সেই উপকারকে আরও সুবিস্তৃত করতে এই অধমের আগ্রহে ইনবাত এডুকেশনের সম্মানিত পরিচালক ও ইনবাত পাবলিকেশনের প্রকাশক সাহেব কোর্সের মোডিউলশীট কিছুটা হ্রাস-বৃদ্ধি করে বই আকারে প্রকাশ করতে সিদ্ধান্ত নেন। এরপর বইটির নাম কি হতে পারে সেই চিন্তায় আল্লাহ এই অধমের অন্তরে কুরআনের সূরা নিসা- ২৪, ২৫; সূরা আম্বিয়া- ৯১; সূরা নুর- ২৪ সহ কয়েকটি আয়াত মনে করিয়ে দিলেন।

যেখানে আল্লাহ পবিত্র, সতীসাধ্বী ও পতিব্রতা নারীদের কে 'মুহস্বানাত' )محصنات( শব্দ দ্বারা সম্বোধন করেছেন। আমার নিকট নেককার নারীদেরকে 'আল-মুহস্বানাত- 'আল-হুসনাত' শব্দ দ্বারা উপাধি দেওয়া অপেক্ষা অন্য কিছুকে উত্তম মনে হয়নি। সুতরাং প্রকাশক সাহেবের সাথে পরামর্শক্রমে বইটির নাম রাখা হয়েছে 'মুহসানাত (পবিত্র নারীদের পাঠশালায়)' আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল।

অধমের পাশাপাশি বইটি সাজাতে পুরুষদের মনস্তাত্ত্বিক, নারীদের প্রায়োগিক ও মেডিক্যাল বিষয়াদি লেখা লিখে সম্পন্ন করতে সার্বিকভাবে অক্লান্ত, নিরলস ও আন্তরিক ভুমিকা রেখেছেন প্রিয় অনুজ উস্তায আব্দুল্লাহ ইবনে জা'ফর (যাদ্দাল্লাহু হিম্মাতাহু), বারিয়াহ বিনতে আতিয়ার (আফাল্লাহু আনহা), সায়মা সাজ্জাদ মৌসি (কাশাফাল্লাহু গুম্মাতাহা), খন্দকার মারিয়াম হুমায়ুন (হাস্সানাল্লাহু আখলাক্বাহা)। আল্লাহ এই কিতাবের সাথে সংশ্লিষ্ট আমাদের সবাইকে এর উত্তম বিনিময় দুনিয়া ও আখিরাতে প্রদান করুন। আমীন।

এত কিছুর পরেও মানুষ ভুলের উর্ধ্বে নয়। তাই এই বইয়ের শরী'আহ সম্পর্কিত লেখালেখির যা কিছু সঠিক ও উপকারী বিষয় বিবেচিত হবে তা মহান আল্লাহর পক্ষ থেকে এবং যেসব ভুল হবে তার দায়ভার আমার ও বিতাড়িত শয়তানের দিকে সম্পৃক্ত হবে!

ইন আহসান্তু ফামিনাল্লাহ, ওয়া ইন আসা'তু আও আখতা'তু ফামিন নাফসি ওয়াশশায়ত্বান।

আহক্বারুল ই'বাদ-
আব্দুল্লাহ আল মামুন (উ'ফিয়া আনহু)
১৫ জুমাদাল আউয়াল ১৪৪২
৩১ ডিসেম্বর ২০২০

টিকাঃ
[১] সূরা আ'রাফ- ১৮৯
[২] সূরা নিসা- ৩৪
[৩] সহীহ মুসলিম- ১৪৬৭; সুনানে ইবনু মাজাহ- ১৮৫৫
[৪] মুসনাদে আহমাদ- ১৪৪৮; সহীহ ইবনু হিব্বান- ৪০৩২, হাদীসটির মান সহীহ।
[৫] সুনানে আবু দাউদ- ১৬৬৪; সুনানে নাসাঈ- ৩২৩১; সুনানে ইবনু মাজাহ- ১৮৫৭; মুসনাদে আহমাদ- ২/৪৩২, ৪৩৮, ২৫১, হাদীস ৭৪২১; মুস্তাদরাকে হাকেম- ২/১৬১, সনদ হাসান।
[৬] মুসনাদে আহমাদ- ২২৪৩৭; জামেউস সগীর- ৭৫২৬; সুনানে ইবনু মাজাহ- ১৮৫৬, শাইখ শুয়াইব আল আরনাউত্ব একে হাসান লি গইরিহী বলেছেন এবং অনেক মুহাদ্দিস এর সনদকে সহীহ লি গইরিহী আখ্যায়িত করেছেন।
[৭] সহীহ বুখারী- ৫৯৭১; সহীহ মুসলিম- ২৫৪৮
[৮] সহীহ বুখারী- ৫০৯৬; সহীহ মুসলিম- ২৭৪০
[৯] সহীহ মুসলিম- ২১২৮; শরহু মুসলিম, নববী- ১৭/১৯১; মাজমুউল ফাতাওয়া- ১৪৬/২২
[১০] মুসনাদে আহমাদ- ১১/৬৫৪; সহীহ ইবনু হিব্বান- ৫৭৫৩; মুস্তাদরাকে হাকেম- ৪/৪৩৬; ফতহুর রব্বানী, আহমাদ আব্দুর রহমান আল বান্না- ১৭/৩০১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00