📄 পুরুষদের সতর
পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন সতর হচ্ছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত। স্ত্রী ব্যতীত বাকি সকলের সামনে এতটুকু ঢেকে রাখা পুরুষদের জন্য ফরয। এর মানে এই নয় যে, বাকি অংশ ইচ্ছাকৃতভাবে উন্মুক্ত রাখা যাবে। সেগুলোও ঢেকে রাখা জরুরি। এ ছাড়া খালি গায়ে থাকার কারণেও অনেক সময় নাভির নিম্নের স্থান প্রকাশ পেয়ে যেতে পারে, যা কারও দৃষ্টিতে পড়লে কবিরা গুনাহ হবে।
বিশেষ করে সালাতের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ব্যতীত তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রেখেও বাকি অঙ্গ তথা পেট, পিঠ ইত্যাদি উন্মুক্ত রাখে তাহলে এটি মাকরুহে তাহরীমী হবে। [২৯]
আর সালাতের মধ্যে বাধ্যতামূলক ঢেকে রাখার অঙ্গ তথা নাভি থেকে হাঁটুর এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত খোলামাত্রই নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ পরিমাণ খুলে যায়, সে ক্ষেত্রে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে সালাত নষ্ট হয়ে যাবে। [৩০]
উল্লেখ্য, যতটুকু সতর উন্মুক্ত রাখা পুরুষদের জন্য হারাম তা যদি অন্য কোনো পুরুষ উন্মুক্ত রেখে দেয় সেদিকে তাকানোও হারাম। এমনকি অন্য কোনো পুরুষের পোশাকের ওপর দিয়েও গোপনাঙ্গের দিকে তাকানো হারাম। আল্লাহর রাসূল বলেন, لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ
কোনো পুরুষ অন্য পুরুষের গুপ্তাঙ্গের দিকে যেন না তাকায়। [৩১]
এর সাথে প্রাসঙ্গিক, বিভিন্ন খেলাধুলার জন্য বিশেষায়িত পোশাক পুরুষদের সতর ঢাকতে পারে না। এতে খেলোয়ারদের নারী-পুরুষ যারাই এসব দেখছে সকলেরই কবিরা গুনাহ হচ্ছে। এ ছাড়াও খেলা দেখা অনর্থক ও নাজায়েয কাজ।
টিকাঃ
[২৯] রদ্দুল মুহতার- ১/৩৭৯; তাবঈনুল হাক্বায়েক- ১/৯৭
[৩০] ফাতাওয়ায়ে হিন্দিয়া- ১/১০৬
[৩১] সহীহ মুসলিম-৭৯৪