📘 মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায় > 📄 হতাশা শয়তানের হাতিয়ার

📄 হতাশা শয়তানের হাতিয়ার


শয়তানের শয়তান হয়ে ওঠার পেছনে হতাশা প্রাথমিকভাবে দায়ী। তাই শয়তানও চায় আল্লাহর বান্দাদেরকে হতাশাগ্রস্ত করতে। শয়তানের হতাশার নিশানা নারী-পুরুষ নির্বিশেষে সকলেই। কিন্তু পুরুষদেরকে হতাশাগ্রস্ত করা অধিক সহজ। হতাশা সেই ঘরেই থাকে যেই ঘরে সবর নেই। আর পুরুষদের মাঝে তুলনামূলক সবর কম বিধায় হতাশা তাদেরকে গ্রাস করে খুব সহজেই। এ ছাড়া পুরুষদের জীবনে স্থিরতা কম। মাঝে মাঝে পুরুষের জীবন খুব আনন্দময়। দুনিয়ার আনন্দে বুঁদ হয়ে ধ্যান-জ্ঞান খোয়াতে পারে খুব সহজেই। এই আবার জীবন ক্ষণে ক্ষণে নিমিষেই বিষিয়ে ওঠে। তখন হতাশা গ্রাস করে। হৃৎপিণ্ডের গলা চিপে ধরে অক্কা পেতে ইচ্ছে করে। এই হতাশা থেকেই আত্মহত্যার ঘটনাগুলো খবরের কাগজে রচিত হয়। জেনে অবাক হতে হয়, বিশ্বব্যাপী নারীদের তুলনায় পুরুষদের আত্মহত্যার হার অধিক। পাশ্চাত্যের নর্দমায় সংখ্যাটা ৩ থেকে ৪ গুণ বেশি। [৩]

পুরুষদের জীবন মাত্রাধিক্য রোমাঞ্চকর। জীবিকা নির্বাহের তাগিদে পুরুষদের মিশে যেতে হয় এই দুনিয়ার সাথে। আর নিঃসন্দেহে দুনিয়া অন্তরের জন্য বিষ। পুরুষদেরকে খুব সকালে জলদি জলদি ঘুম থেকে উঠে নিজেকে দিনটির জন্য প্রস্তুতি নিতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে অন্তরাত্মাকে সে নিজে প্রশ্ন করে, "নতুন দিন, নতুন আরেক যুদ্ধ। পারব তো?" একবার নিজেকে দেখে নিয়ে লম্বা একটা শ্বাস গ্রহণ করে চোখটা বুঝেই দেয় ছুট। দিন শেষে ঘরে ফিরে বদরী চাঁদের হাসি নিয়ে। বাবাকে দেখে সন্তানের হই-হুল্লোর, স্ত্রীর এগিয়ে এসে অভ্যর্থনা জানানো, এই তো সাময়িক স্বস্তি। কিন্তু ভেতরে ভেতরে পুরুষ সয়ে নেয় অনেক কিছু। কাদামাখা রাস্তায় পাশ দিয়ে গাড়ি ক্রম করে হাঁকিয়ে যাওয়া; বসের কাছে বকুনি খাওয়া; নাম, ব্যক্তিত্ব বা সামান্য ভুঁড়ির জন্য কলিগের হাসির পাত্র হওয়া। মাঝে মাঝে ঝগড়া, হাতাহাতি, পুলিশের কেস-ঘুষ, অন্যকে মিথ্যা বলে ঠকিয়ে নিজেকে লাভবান করা আরও কী কী যুদ্ধ যে করতে হয় পুরুষকে। এবার ভাবুন দ্বীনদারির স্থান থেকে। ওপরের নমুনার যাবতীয় যুদ্ধ তো আপনাকে করতে হচ্ছেই, সেই সাথে কর্পোরেট জীবনে হালাল-হারام মেনে চলা, সুদ-ঘুষকে পুরোপুরি এড়িয়ে চলা, লিবাস-দাঁড়ির জন্য কলিগদের মাধ্যমে উত্ত্যক্তের শিকার হওয়া ইত্যাদি। জীবনের অপর মুদ্রায় নিজের ফরয ইবাদাত ঠিক রাখা, হকের প্রতি মানুষকে দা'ওয়াত দেয়া, সারাদিনের কাজের পর স্ত্রী-সন্তানদেরকে 'কোয়ালিটি টাইম' দেয়ার প্রতিশ্রুতি, মাইর-বকুনি-জেল-হাজতের কথা সর্বদা মাথায় গিজগিজ করা, পরিবার-নিকটাত্মীয়দের কাছ থেকে দ্বীন পালনের কারণে হাসি-ঠাট্টার পাত্র হওয়া, দ্বীনের বিরুদ্ধে কেউ আঙুল তুললে তাকে এক হাত দেখে নেয়া ইত্যাদি ইত্যাদি। এত উপাদান আছে পুরুষদের জীবনে, তবুও পুরুষগুলো বেঁচে থাকে? এটাই বিস্ময়কর নয় কি?

দুনিয়া জীবনকে দুমড়ে-মুচড়ে দেবে। তবুও হতাশ হওয়া যাবে না। যে হতাশ হয়ে যায় সে আবার কেমন পুরুষ? পূর্ববর্তী প্রায় সকল জাতিই তাদের পুত্রসন্তানদের শৈশবকাল থেকে যোদ্ধা হিসেবে গড়ে তুলত। আসন্ন জীবনের জন্য তাদেরকে প্রস্তুত করত। আমাদেরও এভাবেই নিজেদেরকে যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে। পুরুষদের মাঝে হতাশ হওয়ার এত উপাদান যেহেতু বিদ্যমান রয়েছে, কাজেই বুঝে নিতে হবে পুরুষদেরকে আল্লাহ হতাশার সাথে যুদ্ধ করারও সক্ষমতা দিয়েছেন। কারণ আল্লাহ বলেন,

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا)

আল্লাহ কারও সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। [৪] কুরআনে আল্লাহ আরও বলেন,

قُلْ يَعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হোয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। [৫]

টিকাঃ
[৩] https://ourworldindata.org/grapher/male-female-ratio-of-suicide-rates
[৪] সূরা বাকারাহ- ২৮৬
[৫] সূরা যুমার- ৫৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00