📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 তায়েফ গমন

📄 তায়েফ গমন


নবুওয়াতের ১০ম বছর শাওয়াল মাস অর্থাৎ ৬১৯ খ্রিস্টাব্দের মে মাস। রাসূলুল্লাহ মক্কার মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দাওয়াত প্রদানের জন্য তায়েফ গমন করেন। তায়েফ মক্কা থেকে আনুমানিক ৬০ মাইল দূরত্বে অবস্থিত। এ দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটেই অতিক্রম করেছিলেন। সাথে ছিলেন মুক্ত করা ক্রীতদাস যায়েদ ইবনে হারিস (রাঃ)। পথিমধ্যে যে গোত্রের মধ্যেই উপস্থিত হতেন তাদের কাছেই ইসলামের দাওয়াত প্রদান করতেন। কিন্তু এতে কেউ সাড়া দিত না।
সে সময় তায়েফে সাকীফ গোত্র বসবাস করত। সে গোত্রের তিন নেতা যথাক্রমে আবদে ইয়ালাইল, মাসউদ ও হাবীব তাদের নেতৃত্ব প্রদান করত। এরা তিনজনই ছিল সহোদর ভাই। রাসূলুল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করে আল্লাহর আনুগত্য করার এবং ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করার দাওয়াত প্রদান করলেন। তখন তারা সবাই ভিন্ন ভিন্ন উত্তর প্রদান করেছিল। একজন বলেছিল, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাক, তাহলে কাবা ঘরের পর্দা ফেঁড়ে দেখাও। দ্বিতীয়জন বলেছিল, নবী পাঠানোর জন্য আল্লাহ তা'আলা কি তোমাকে ছাড়া আর কাউকে পাননি? আর তৃতীয়জন বলেছিল, তোমার সাথে আমি কোন ক্রমেই কথা বলব না। কেননা তুমি যদি সত্যিই নবী হয়ে থাক, তাহলে তোমার কথা প্রত্যাখ্যান করা আমাদের জন্য বিপজ্জনক। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচার করে থাক, তাহলে তোমার সাথে আমাদের কথা বলা উচিত নয়।
তাদের এ ধরনের কথাবার্তায় রাসূলুল্লাহ খুবই মনঃক্ষুণ্ণ হলেন এবং ফিরে আসার সময় তাদেরকে এসব আলোচনা গোপন রাখতে বললেন। কিন্তু তারা বিষয়গুলো গোপন না রেখে রাসূলুল্লাহ-কে আরো অপমানের সাথে তাড়িয়ে দিল। ফলে রাসূলুল্লাহ ফিরে আসার সময় শিশু-কিশোর ও যুবকদের দ্বারা উত্যক্ত ও অপমানের শিকার হয়েছিলেন। এ সময় তারা তাঁকে নানা ধরনের অশ্লীল ভাষায় গালমন্দ করেছিল এবং পাথর ছুড়ে মেরেছিল। আর যায়েদ বিন হারিস (রাঃ) তাকে যথাসম্ভব আড়াল করে রেখেছিলেন। এরপরও আঘাতের কারণে রাসূলুল্লাহ এর পায়ের জুতা পর্যন্ত রক্তাক্ত হয়ে গিয়েছিল। অবশেষে রাসূলুল্লাহ একটি আঙ্গুরের বাগানে আশ্রয় গ্রহণ করলেন। বাগানটি ছিল রাবিয়ার পুত্র উতবা ও শায়বার। এটি ছিল তায়েফ থেকে তিন মাইল দূরে। রাসূলুল্লাহ বাগানে প্রবেশ করলে দুরাচার তায়েফবাসীরা নিজ নিজ ঘরের দিকে ফিরে যায়।

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 জিবরাঈল (আঃ) এর প্রস্তাব

📄 জিবরাঈল (আঃ) এর প্রস্তাব


রাসূলুল্লাহ যখন তায়েফবাসীদের দ্বারা অপমানের শিকার হয়ে উক্ত বাগানে বিশ্রাম নিচ্ছিলেন, তখন জিবরাঈল (আঃ) আগমন করে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে আচরণ করেছে আল্লাহ তা'আলা সবকিছুই শুনেছেন এবং দেখেছেন। এখন তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে আপনার জন্য প্রেরণ করেছেন। আপনি তাদেরকে যা ইচ্ছা নির্দেশ প্রদান করুন। এরপর পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা রাসূলুল্লাহ-কে সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মাদ! কথা একটাই, আপনি যদি চান এদেরকে আমি দুই পাহাড় একত্রিত করে পিষে মারি, তাহলে তাই হবে। তখন রাসূলুল্লাহ বললেন, না- বরং আমার আশা এই যে, আল্লাহ তা'আলা এদের পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন, যারা একমাত্র তাঁর ইবাদাত করবে এবং অন্য কাউকে তাঁর সাথে অংশীদার সাব্যস্ত করবে না।
এভাবে রাসূলুল্লাহ এত নির্যাতন ও অপমানের পরও তাদের প্রতি চরম সহমর্মিতা ও উদারতার পরিচয় দিয়েছিলেন।

টিকাঃ
৬ সহীহ বুখারী, হা/৩২৩১; সহীহ মুসলিম, হা/১৭৯৫; মিশকাত, হা/৫৮৪৮।

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 আয়েশা (রাঃ) এর সাথে রাসূলুল্লাহ ﷺ এর বিবাহ

📄 আয়েশা (রাঃ) এর সাথে রাসূলুল্লাহ ﷺ এর বিবাহ


সাওদা (রাঃ) এর বিবাহের ঠিক এক বছরের মাথায় রাসূলুল্লাহ উসমান বিন মাযউন (রাঃ) এর স্ত্রী খাওলা বিনতে হাকীম (রাঃ) এর প্রস্তাবে আবু বকর (রাঃ) এর কন্যা আয়েশা (রাঃ) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।৭ এ সময় আয়েশা (রাঃ) নাবালিকা ছিলেন। অতঃপর তিন বছর অতিক্রান্ত হলে যখন তিনি সাবালিকা হন তখন তিনি রাসূলুল্লাহ এর ঘরে গমন করেন। সে সময় তার বয়স হয়েছিল নয় বছর। রাসূলুল্লাহ যখন আয়েশা (রাঃ)-কে বিবাহ করেন, তখন ছিল নবুওয়াতের ১১তম বর্ষ। আর যখন তিনি তাঁকে ঘরে নেন তখন ছিল হিজরীর প্রথম বর্ষ শাওয়াল মাস।৮

টিকাঃ
৭ মুসনাদে আহমাদ, হা/২৫৮১০; মুস্তাদরাকে হাকেম, হা/২৭০৪।
৮ সহীহ বুখারী, হা/৩৮৯৬; সহীহ মুসলিম, হা/১৪২২।

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 জিনদের ইসলাম গ্রহণ

📄 জিনদের ইসলাম গ্রহণ


তায়েফ থেকে ফেরার পথে ওয়াদীয়ে নাখলা নামক স্থানে অবতরণ করলেন এবং সেখানেই রাত অতিবাহিত করলেন। রাসূলুল্লাহ সেখানে কয়েক দিন পর্যন্ত অবস্থান করেছিলেন।
সেখানে থাকা অবস্থায় রাসূলুল্লাহ প্রতিদিনের মতো এক রাতে সালাত আদায় করার সময় কুরআন তিলাওয়াত করছিলেন। এমন সময় একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পেয়ে থেমে যায় এবং মনোযোগ দিয়ে তা শ্রবণ করে। অতঃপর তারা নিজ জাতির কাছে গিয়ে এ সম্পর্কে বর্ণনা করে। কিন্তু রাসূলুল্লাহ এ ব্যাপারে তখনো কোন কিছু অবগত ছিলেন না। অতঃপর আল্লাহ তা'আলা আয়াত নাযিল করে রাসূলুল্লাহ -কে সবকিছু জানিয়ে দিলেন। আল্লাহ তা'আলা বলেন,
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ ، فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنْصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنْذِرِينَ- قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِنْ بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَى طَرِيقٍ مُسْتَقِيمٍ- يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُجِرْكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ- وَمَنْ لَّا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزِ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِنْ دُونِهِ أَوْلِيَاءُ أُولَئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ
যখন আমি একদল জিনকে তোমার দিকে নিয়ে এসেছিলাম, যাতে তারা কুরআন শুনে। যখন তারা ঐ জায়গায় পৌঁছল (যেখানে তুমি কুরআন পাঠ করছিলে) তখন একে অপরকে বলছিল, তোমরা চুপ থাকো। তারপর যখন কুরআন পড়া শেষ হয়ে গেল, তখন তারা নিজ সম্প্রদায়ের নিকট সতর্ককারী হয়ে ফিরে গেল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়! আমরা এমন এক কিতাব শুনলাম, যা মূসা (আঃ) এর পরে নাযিল করা হয়েছে, যা এর আগের কিতাবগুলোর সত্যায়ন করে এবং সত্য ও সঠিক পথের সন্ধান দেয়। হে আমাদের সম্প্রদায়! যে আল্লাহর দিকে ডাকে তাঁর ডাকে সাড়া দাও এবং তাঁর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং কষ্টদায়ক আযাব থেকে বাঁচাবেন। আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না তার জন্য দুনিয়ায় এমন কোন শক্তি নেই, যে আল্লাহকে পরাজিত করতে পারে। আর তার এমন কোন সহায়কও নেই (যে তাকে আল্লাহর থেকে বাঁচাতে পারে)। এসব লোক স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। (সূরা আহকাফ, ২৯-৩২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00