📄 রাসূলুল্লাহ ﷺ এর মায়ের মৃত্যু
রাসূলুল্লাহ ﷺ এর বক্ষবিদারণের ঘটনায় ধাত্রীমাতা হালীমা খুবই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ফলে তিনি তাঁকে ছয় বছর বয়সে মাতা আমিনার কাছে ফেরত পাঠান। অতঃপর তাঁর মাতা আবদুল মুত্তালিবের ব্যবস্থাপনায় তাঁকে নিয়ে ইয়াসরিব তথা মদিনায় গমন করে স্বামী আবদুল্লাহর কবর যিয়ারত করতে যান। তখন তিনি সাথে করে দাসী উম্মে আয়মানকেও নিয়ে যান। অতঃপর কবর যিয়ারত শেষে সেখানে এক মাস অবস্থান করেন। তারপর মক্কায় ফেরত আসার সময় যখন তারা আবওয়া নামক স্থানে পৌঁছলেন, তখন মাতা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর সেই অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে এবং এক সময় তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
টিকাঃ
৩৪ মদনা থেকে মক্কার পথে ২৫০ কিঃমিঃ দূরে অবস্থিত একটি শহরের নাম।
📄 আবদুল মুত্তালিবের আশ্রয়ে রাসূলুল্লাহ ﷺ
রাসূলুল্লাহ এর পিতা আবদুল্লাহ ছিলেন দাদা আবদুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র। রাসূলুল্লাহ এর জন্মের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। ফলে আবদুল মুত্তালিব শিশু মুহাম্মাদ এর প্রতি খুবই দুর্বল হয়ে পড়েন। তারপর যখন মাতা আমিনাও মৃত্যুবরণ করেন, তখন তিনি তাঁকে (মুহাম্মাদকে) নিজের আশ্রয়ে নিয়ে নেন। এদিকে তিনি ইয়াতীম হয়ে পড়ায় তাঁর প্রতি আবদুল মুত্তালিবের ভালোবাসা আরো বৃদ্ধি পায়। তিনি শিশু মুহাম্মাদ-কে সবসময় নিজের কাছাকাছি রাখতেন এবং সকল বিপদাপদে তিনি তাঁকে আড়াল করে রাখতেন।
📄 দাদা আবদুল মুত্তালিবের মৃত্যু
রাসূলুল্লাহ যখন ৮ বছর ২ মাস ১০ দিন বয়সে পদার্পণ করলেন তখন তাঁর দাদা আবদুল মুত্তালিবও ইন্তেকাল করেন। ফলে তিনি আবার একা হয়ে যান এবং শোক যন্ত্রণা ও ব্যথা-বেদনা অনুভব করতে শুরু করেন। মৃত্যুকালে আবদুল মুত্তালিবের বয়স হয়েছিল ৮২ বছর।
📄 চাচা আবু তালিবের আশ্রয়ে রাসূলুল্লাহ ﷺ
রাসূলুল্লাহ দাদাকেও হারালেন তখনই চাচা আবু তালিব তাঁর সাহায্যে এগিয়ে এলেন। তিনি তাঁর লালন পালনের যাবতীয় দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তাছাড়া আবদুল মুত্তালিব মৃত্যুর পূর্বক্ষণে আবু তালিবকে সেই উপদেশই দিয়ে গিয়েছিলেন। ফলে আবদুল মুttaliber মতো তিনিও রাসূলুল্লাহ -কে সবসময় আগলে রাখতেন এবং নিজের পুত্র থেকে তাঁকে বেশি স্নেহ করতেন। অতঃপর রাসূলুল্লাহ এরপরে চাচা আবু তালিবের সাথে দিন অতিবাহিত করতে থাকেন।