📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 রাসূলুল্লাহ ﷺ এর লালন পালন

📄 রাসূলুল্লাহ ﷺ এর লালন পালন


রাসূলুল্লাহ ﷺ এর জন্মের কিছুদিন পূর্বে তাঁর পিতা মারা যান। সুতরাং তিনি জন্মগ্রহণের পর থেকেই ইয়াতীম অবস্থায় লালিত পালিত হন। তাঁর জন্ম গ্রহণের পর সর্বপ্রথম তাঁকে দুধ পান করান মাতা আমিনা, তারপর আবু লাহাবের দাসী সুওয়ায়বা।
তারপর তখনকার আরবদের নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ-কে সুস্থ-সবল ও সুস্পষ্টভাষী হিসেবে গড়ে তোলার জন্য দাদা আবদুল মুত্তালিব ধাত্রী মা হালিমা বিনতে যুবায়েরের নিকট সমর্পণ করেন। রাসূলুল্লাহ ﷺ শিশুকালে সেখানেই লালিত পালিত হতে থাকেন। তারপর যখন রাসূলুল্লাহ ﷺ এর লালন পালন করার জন্য চুক্তির দুই বছর পূর্ণ হয়ে যায়, তখন হালিমা বিনতে যুবায়ের রাসূলুল্লাহ-কে মাতা আমিনার কাছে ফেরত দিতে যান। তখন হালিমা শিশু মুহাম্মাদ-কে আরো কিছুদিন নিজেদের কাছে রাখার জন্য আবেদন করেন। এতে মাতা আমিনা রাজি হয়ে যান। ফলে মা হালিমা শিশু মুহাম্মাদ-কে ফেরত না দিয়ে আরো কিছুদিন নিজের কাছে রাখার জন্য সাথে করে নিয়ে আসেন।

টিকাঃ
** আর রাহীকুল মাখতুম, পৃঃ ৮৮।

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 রাসূলুল্লাহ ﷺ এর বক্ষবিদারণ

📄 রাসূলুল্লাহ ﷺ এর বক্ষবিদারণ


রাসূলুল্লাহ ﷺ এর বক্ষবিদারণের ঘটনাটি ছিল একটি অলৌকিক ঘটনা। এটি ঘটেছিল হালিমা যখন রাসূলুল্লাহ ﷺ-কে দ্বিতীয় মেয়াদে নিয়ে আসেন তার পর। তখন তাঁর বয়স ছিল চার অথবা পাঁচ বছর। এ ঘটনাটির বর্ণনায় হাদীসে এসেছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَتَاهُ جِبْرِيلُ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظِّ الشَّيْطَانِ مِنْكَ . ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي كِثْرَهُ فَقَالُوا إِنَّ مُحَمَّⴷًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقَعُ اللَّوْنِ . قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرَى أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ
আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ এর নিকট জিবরাঈল (আঃ) আগমন করলেন। তখন তিনি শিশুদের সাথে খেলছিলেন। অতঃপর তিনি তাঁকে ধরে শুয়ে দিলেন এবং বুক চিরে তাঁর হৃদপিণ্ডটি বের করে আনলেন। তারপর তিনি তা থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এ অংশটি হলো শয়তানের। এরপর হৃদপিণ্ডটিকে একটি স্বর্ণের পাত্রে রেখে যমযমের পানি দিয়ে ধৌত করলেন এবং তা যথাস্থানে স্থাপন করলেন। তখন ঐ শিশুরা দৌড়ে তাঁর দুধ মায়ের (হালীমা এর) কাছে গেল এবং বলল, মুহাম্মাদ -কে হত্যা করা হয়েছে। কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখল যে, তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন। আনাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-এর বুকে সেই সেলাই এর চিহ্ন দেখেছি।

টিকাঃ
* সহীহ মুসলিম, হা/৪৩১; মুসনাদে আহমাদ, হা/১২৫২৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩৭৭১২; মুস্তাখরাজে আবু আওয়ানা, হা/২৫৭; মিশকাত, হা/৫৮৫২।

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 রাসূলুল্লাহ ﷺ এর মায়ের মৃত্যু

📄 রাসূলুল্লাহ ﷺ এর মায়ের মৃত্যু


রাসূলুল্লাহ ﷺ এর বক্ষবিদারণের ঘটনায় ধাত্রীমাতা হালীমা খুবই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ফলে তিনি তাঁকে ছয় বছর বয়সে মাতা আমিনার কাছে ফেরত পাঠান। অতঃপর তাঁর মাতা আবদুল মুত্তালিবের ব্যবস্থাপনায় তাঁকে নিয়ে ইয়াসরিব তথা মদিনায় গমন করে স্বামী আবদুল্লাহর কবর যিয়ারত করতে যান। তখন তিনি সাথে করে দাসী উম্মে আয়মানকেও নিয়ে যান। অতঃপর কবর যিয়ারত শেষে সেখানে এক মাস অবস্থান করেন। তারপর মক্কায় ফেরত আসার সময় যখন তারা আবওয়া নামক স্থানে পৌঁছলেন, তখন মাতা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর সেই অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে এবং এক সময় তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

টিকাঃ
৩৪ মদনা থেকে মক্কার পথে ২৫০ কিঃমিঃ দূরে অবস্থিত একটি শহরের নাম।

📘 মুহাম্মদ সা সম্পর্কে ভুল ধারনা ও তার জীবনী > 📄 আবদুল মুত্তালিবের আশ্রয়ে রাসূলুল্লাহ ﷺ

📄 আবদুল মুত্তালিবের আশ্রয়ে রাসূলুল্লাহ ﷺ


রাসূলুল্লাহ এর পিতা আবদুল্লাহ ছিলেন দাদা আবদুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় পুত্র। রাসূলুল্লাহ এর জন্মের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। ফলে আবদুল মুত্তালিব শিশু মুহাম্মাদ এর প্রতি খুবই দুর্বল হয়ে পড়েন। তারপর যখন মাতা আমিনাও মৃত্যুবরণ করেন, তখন তিনি তাঁকে (মুহাম্মাদকে) নিজের আশ্রয়ে নিয়ে নেন। এদিকে তিনি ইয়াতীম হয়ে পড়ায় তাঁর প্রতি আবদুল মুত্তালিবের ভালোবাসা আরো বৃদ্ধি পায়। তিনি শিশু মুহাম্মাদ-কে সবসময় নিজের কাছাকাছি রাখতেন এবং সকল বিপদাপদে তিনি তাঁকে আড়াল করে রাখতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00