📄 মানুষের ফায়েদা কখনো একটি বাক্য বিনিময়ের মাধ্যমেও হতে পারে
মু'আবিয়া থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূল কে বলতে শুনেছি তিনি বলেন:
إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ: كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ نَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا .
"নিশ্চয়ই তুমি যদি মানুষের দোষ-ত্রুটির পেছনে পড়ো তা হলে তুমি যেন তাদেরকে একেবারেই ধ্বংস করে দিলে কিংবা তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করলে"।
আবুদ্দারদা' বলেন: এটি এমন একটি কথা যা মু'আবিয়া রাসূল এর পবিত্র মুখ থেকে শুনেছেন। আল্লাহ্ তা'আলা এরই মাধ্যমে তাকে প্রচুর লাভবান করেছেন”। (আবু দাউদ ৪৮৮৮ স্বা'হী'হুত-তারগীবি ওয়াত-তারহীব ২৩৪২)
'আউনুল-মা'বুদ কিতাবে এর ব্যাখ্যায় বলা হয়েছে, যখন তুমি তাদের দোষ-ত্রুটিগুলো খুঁজে বের করে জনসম্মুখে তা প্রচার করবে তখন তোমাকে দেখে তারা আর লজ্জা পাবে না। বরং তারা প্রকাশ্যে সে ধরনের অপরাধ করতে আরো উৎসাহী হবে। ('আউনুল-মা'বুদ: ৩/১৫৯)
📄 মানুষের ফায়েদা কখনো দো‘আর মাধ্যমেও হতে পারে
আবৃদ্দারদা' থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
مَنْ دَعَا لِأَخِيْهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِيْنَ وَلَكَ بِمِثْلٍ.
"যে ব্যক্তি তার কোন মোসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দো'আ করে তখন তার প্রতি দায়িত্বপ্রাপ্ত ফিরিস্তা বলেন: হে আল্লাহ্! আপনি তার দো'আটুকু কবুল করুন এবং তার জন্যও সে রকম কিছু করুন"। (মুসলিম ২৭৩)
📄 রাস্তা-ঘাটে মানুষের ফায়েদা করার চেষ্টা করা
বারা বিন্ 'আযিব থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল আন্সসারী সাহাবীগণের একটি মজলিসের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদেরকে উদ্দেশ্য করে বললেন:
إِنْ أَبَيْتُمْ إِلَّا أَنْ تَجْلِسُوْا فَاهْدُوا السَّبِيْلَ، وَرُدُّوا السَّلَامَ، وَأَعِيْنُوا الْمَظْلُوْمَ .
"তোমরা যদি একান্ত রাস্তায় বসতেই চাও তা হলে পথহারাকে রাস্তা দেখাবে, মানুষের সালামের উত্তর দিবে ও মাযলুমকে সহযোগিতা করবে”। (বায়হাক্বী ৯০৮৫ সিলসিলাতুল-আ'হাদীসিস্ব-স্বা'হী'হাহ্ ১৫৬১)
কারোর ফায়েদা করা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং যথাসাধ্য পশুদেরও ফায়েদা করার চেষ্টা করতে হবে। কারণ, তাদেরকে খাবার দেয়া ও পানি পান করানো এমনকি যে কোনভাবে তাদের সার্বিক আরামের ব্যবস্থা করার মাঝে এক জন মু'মিনের প্রচুর সাওয়াব রয়েছে।