📄 আরাফাহ
আরাফাহ এবং আরাফাত এই দুটো শব্দই আরবীতে প্রচলিত আছে। আরাফাহ বা আরাফাত হচ্ছে, দুই মাইল দৈর্ঘ্য এবং দুই মাইল প্রস্থ বিশিষ্ট একটি বিরাট সমতল ময়দানের নাম। এটি ৩ দিকেই পাহাড় বেষ্টিত ধনুকাকৃতির এবং এর দক্ষিণ পাশ নতুন মক্কা-হাদা-তায়েফ রিং রোডে অবস্থিত। এই রোডের দক্ষিণ পাশেই আবেদীয়া উপত্যকায় নতুন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় নগরী প্রতিষ্ঠিত হয়েছে। আরাফাতের উত্তর সীমান্তে রয়েছে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও এক হাজার মিটার। সেখান থেকে দক্ষিণে নামেরার সাথে গিয়ে আরাফাত সীমান্ত শেষ হয়েছে।
এই ময়দানেই ৯ই জিলহজ্জ হাজীরা অকুফে আরাফাহ করে। অকুফে আরাফাহ হজ্জের অন্যতম ফরজ এবং রোকন।
মক্কার মোয়াল্লা থেকে আরাফাতের মক্কা সংলগ্ন পশ্চিম সীমান্তের দূরত্ব সাড়ে ২১ কিলোমিটার। ঠিক এই পশ্চিম সীমান্তেই, আরাফাতের সীমানা শুরুর স্থানে দু'টো পিলার নির্মাণ করা হয়েছে, অবশিষ্ট তিনদিকের সীমান্তেও পিলার নির্মাণ করা হয়েছে। আরাফাহ সাগরের স্তর থেকে ৭৫০ ফুট উপরে অবস্থিত। আরাফার সকল অংশই حَلّ অর্থাৎ হারাম এলাকার ) حُدُودُ حَرَم( বাইরে।
হারাম সীমানা যেখানে শেষ, সেখানেই আরাফাতের সীমানা শুরু হয়েছে।
আরাফার পশ্চিমে এবং পশ্চিম-দক্ষিণ কোণে অবস্থিত উপত্যকাটির নাম হচ্ছে ওরানা। এই ওরানা হারাম এলাকার ভেতর অন্তর্ভুক্ত। ওরানার পশ্চিম সীমান্ত হচ্ছে মোযদালেফা। ওরানা বিরাট এক উপত্যকার নাম। পূর্বে মসজিদে নামেরা ওরানার মধ্যে ছিল। কিন্তু বর্তমান যুগের মসজিদে নামেরার পশ্চিমের অর্ধেক ওরানায় এবং পূর্বের অর্ধেক আরাফাতে অবস্থিত। মসজিদের পশ্চিম দিকে বের হওয়ার কোন দরজা নেই। মসজিদের পূর্বের অর্ধাংশে অবস্থান করলে অকুফে আরাফাহ হয়ে যাবে। আরাফাহর সাথে হারাম সীমান্তের দুটো পিলার আছে। পিলারের পূর্বে আরাফাত এবং পশ্চিমে হারাম এলাকা।
রাসূলুল্লাহ (সা) মসজিদে নামেরায় খোতবা দেয়ার পর জোহর এবং আসরের নামাজ একসাথে পড়েন এবং সূর্য ঢলে যাওয়ার পর তিনি আরাফাতে অকুফ (অবস্থান) করেন।
আরাফাহ সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআন উল্লেখ করেছেন। তিনি বলেন: فَإِذَا أَفَضْتُمْ مِّنْ عَرَفَاتِ - (بقره : ۱۹۸) অর্থ: 'যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে।'
মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ এবং ইমাম আহমদ জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন, আমি এখানে জবেহ করেছি। মিনার সর্বত্রই জবেহ করা যায়। তোমরাও কুরবানী কর। আমি এখানে অকুফ করেছি। আরাফাহর সর্বত্র অকুফের স্থান। মোযদালেফার সর্বত্রই অকুফের স্থান।
আরাফাহর যে কোন জায়গায় ৯ই জিলহজ্জ দাঁড়িয়ে, বসে বা শুয়ে এবং জেনে বা ন জেনে অবস্থান করলেই অকুফ হয়ে যাবে। হযরত আবদুর রহমান বিন ইয়ামার আদদাইলী বলেন, আমি রাসূলুল্লাহ (সা) এর সাথে আরাফাতে উপস্থিত ছিলাম। তখন তাঁর কাছে নাজদ থেকে আগত কিছু লোক প্রশ্ন করল যে, হজ্জ কি? রাসূলুল্লাহ (সা) জবাব দেন হজ্জ হচ্ছে অকুফে আরাফাহ! যে ব্যক্তি মোযদালেফার রাত্রে সোবহে সাদেকের আগ পর্যন্ত আরাফাতে আসবে তার অকুফ হয়ে যাবে এবং হজ্জ শুদ্ধ হবে। (তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, আবু দাউদ, হাকেম, বায়হাকী)।
অকুফের সময় হচ্ছে, ৯ই জিলহজ্জ তারিখ সূর্য হেলে যাওয়ার পর থেকে মোযদালেফার রাত্রির সোবহে সাদেকের আগ পর্যন্ত। অর্থাৎ ফজরের সময়ের পূর্ব পর্যন্ত। এটাই হানাফী, শাফেঈ, মালেকী মাজহাব এবং অধিকাংশ উলামায়ে কেরামের মত। কেননা, রাসূলুল্লাহ (সা) এবং খোলাফায়ে রাশেদার সবাই দুপুরে সূর্য হেলে যাওয়ার পর অকুফ শুরু করেন। ইমাম আহমদের মতে, অকুফে আরাফার সময় হচ্ছে, ৯ই জিলহজ্জের ফজর থেকে মুযদালেফার রাত কুরবানীর দিনের ফজর শুরুর আগ পর্যন্ত। দিন এবং রাত্রের যেকোন সময় আরাফায় অকুফ করলে হজ্জ সহীহ হয়ে যাবে।
কেননা, নাসাঈ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ এবং বায়হাকী মোদাররিস আত-তাঈ থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে মোযদালেফায় ফজরের নামায পড়েছে, আমরা মিনায় রওনা দেয়ার আগ পর্যন্ত অকুফ করেছে এবং ইতিপূর্বে আরাফায় রাত বা দিনে অকুফ করেছে, তার হজ্জ পরিপূর্ণ হয়েছে। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। ইমাম আহমদ ব্যতীত অন্যান্য ইমামগণ রাসূলুল্লাহ (সা) এর কাজকে তাঁর বক্তব্যের উপর প্রাধান্য দিয়ে বলেছেন, তিনি নিজে সূর্য হেলার পর আরাফাতে অকুফ করেছেন। তাই এটিই অকুফের প্রথম সময়।
কেননা, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জ সংক্রান্ত মাসআলা গ্রহণ কর। অকুফের সর্বশেষ ওয়াক্তের ব্যাপারে আলেমদের মধ্যে কোন মতভেদ নেই। মতভেদ হচ্ছে, অকুফের ওয়াক্ত শুরুর ব্যাপারে। অকুফে আরাফার পেছনে যে হেকমত কাজ করে তা হচ্ছে, হাজীরা আরাফাতে আল্লাহর ভয় এবং আশা ভরসা নিয়ে হাজির হয়। আল্লাহর কাছে তাদের কবুল কিংবা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। এই মহান দিবসে তারা হাশরের বিচার দিনকে স্মরণ করবে। কেননা, এটি হাশরের ময়দানের একটি ছোট নমুনা। হাশরের দিন বহুলোক সৌভাগ্য ও দুর্ভাগ্যের অধিকারী হবে। মুসলিম বিশ্বের প্রতিনিধিদের এই সম্মেলনে মুসলমানরা বিশ্ব ভ্রাতৃত্বের নমুনা তুলে ধরে এবং তাদের ইমাম বা নেতা তাদের সামনে পারলৌকিক সৌভাগ্য এবং চিরন্তন হেদায়েতের ব্যাপারে বক্তব্য পেশ করেন। এই সবের আলোকে তারা ইচ্ছা করলে দুনিয়া-আখেরাতের কল্যাণের ব্যাপারে আরো অনেক বেশী উপকৃত হতে পারে।
আরাফাতের ফজীলত:
আরাফাতে অবস্থান করা আল্লাহর কাছে বেশী প্রিয়। মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ এবং বায়হাকী থেকে বর্ণিত আছে, হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন-
'আরাফাতের দিন ছাড়া আর অন্য কোন দিন, এত বেশী বান্দাহকে আল্লাহ দোযখের আগুন থেকে মুক্তি দেন না। সেদিন আল্লাহ নিকটবর্তী হন, ফেরেশতাদের কাছে গর্ব-অহংকার করেন এবং বলেন, আমার এই বান্দাহগণ কী চায়?
মোয়াত্তা ও হাকেম হযরত আবু দারদা (রা) থেকে বর্ণনা করেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: 'আরাফাতের দিন আল্লাহর রহমত নাজিল এবং বান্দাহর বড় বড় গুনাহসমূহ মাফ হতে দেখে শয়তানকে অন্য কোনদিন এত বেশী ছোট, নাজেহাল, অপমানিত, ঘৃণিত ও রাগান্বিত হতে দেখা যায়নি, তবে অনুরূপ শুধু বদর যুদ্ধের দিন দেখা গিয়েছিল।' প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! বদর যুদ্ধের দিন শয়তান কী দেখে ঐরকম হয়েছিল? রাসূলুল্লাহ (সা) জবাবে বলেন, 'শয়তান দেখেছিল যে জিবরীল (আ) ফেরেশতাদেরকে পরিচালনা করছেন।'
আরাফাতের ফজীলত সম্পর্কে হযরত জাবের (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেছেন; রাসূলুল্লাহ (সা) বলেছেন:
'জিলহাজ্জ মাসের ১ম ১০ দিনের চাইতে আর কোন উত্তম দিন নেই।' তখন একজন লোক জিজ্ঞেস করল: হে রাসূলুল্লাহ! এই দিনগুলো উত্তম, নাকি আল্লাহর রাস্তায় জেহাদে সমপরিমাণ দিন উত্তম? রাসূলুল্লাহ (সা) জবাবে বলেন: আল্লাহর রাস্তায় জেহাদের সমপরিমাণ দিনের চাইতে এগুলোই উত্তম। আল্লাহর নিকট আরাফাতের দিবসের চাইতে উত্তম কোন দিন নেই।
এই দিন আল্লাহ ১ম আসমানে নেমে আসেন এবং আকাশের ফেরেশতাদের কাছে যমিনের অধিবাসীদের সম্পর্কে গর্ব করেন। তিনি বলেন: 'তোমরা আমার বান্দাহদের প্রতি তাকাও, তারা ধূলা-মলিন ও রৌদ্রদগ্ধাবস্থায় দুনিয়ার সকল প্রান্ত থেকে আমার উদ্দেশ্যে ছুটে এসেছে, তারা আমার কাছে রহমত প্রত্যাশা করে, অথচ তারা আমার আযাব দেখেনি।' আরাফাত দিবস অপেক্ষা অন্য কোনদিন এত বেশী সংখ্যক লোককে দোজখের আগুন থেকে মুক্তি দিতে দেখা যায় না। (বায়যার, আবু ইয়ালা, ইবনে খোযায়মা ও ইবনে হিব্বান)
তবে ইবনে খোযায়মা আরো একটু বাড়িয়ে বলেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, 'আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি: আমি তাদেরকে ক্ষমা করে দিলাম।' ফেরেশতারা বলবে: তাদের মধ্যে অমুক অমুক ব্যক্তি পাপী রয়েছে। তখন আল্লাহ জবাবে বলবেন, 'আমি তাদেরকে মাফ করে দিলাম।'
ইবনে মাজাহ এবং বায়হাকী আবদুল্লাহ বিন কেনানাহ বিন আব্বাস বিন মেরদাস থেকে বর্ণনা করেছেন যে আবদুল্লাহর পিতা তাঁর দাদা আব্বাস থেকে বর্ণনা করেছেন: আরাফাত দিবসের বিকেলে রাসূলুল্লাহ (সা) নিজ উম্মতের ক্ষমা প্রার্থনা করেন। রাসূলুল্লাহ (সা) এর দোয়া কবুল হল, কিন্তু আল্লাহ বলেন, আমি জালেমকে ক্ষমা করলাম না বরং তার কাছ থেকে মজলুমের অধিকার আদায় করে ছাড়বো। রাসূলুল্লাহ (সা) পুনরায় ফরিয়াদ করলেন, হে রব! আপনি চাইলে মজলুমকে বেহেশত দিতে পারেন এবং জালেমকে ক্ষমা করতে পারেন। কিন্তু আরাফাতের বিকেলে ঐ দোয়া কবুল হয়নি। রাসূলুল্লাহ (সা) রাত্রে মোযদালেফায় পৌছে পুনরায় ঐ দোয়া করলেন। এবার তাঁর দোয়া কবুল হল। রাসূলুল্লাহ (সা) মুচকি হাসলেন। তখন হযরত আবু বকর এবং উমর (রা) বলেনঃ হে রাসূলুল্লাহ (সা)! আপনার জন্য আমাদের মাতা-পিতা কোরবান হউক; এই সময়েতো আপনার হাসার কথা নয়। কেন আপনি হাসলেন, আল্লাহই আপনাকে হাসিয়েছেন? রাসূলুল্লাহ (সা) জবাবে বলেন: আল্লাহর দুশমন ইবলিশ যখন জানতে পারল যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আমার উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন, তখন সে নিজ মাথায় মাটি নিক্ষেপ শুরু করল এবং তার ধ্বংস ও ক্ষতির জন্য আহ্বান জানাল। আমি তার এই কষ্ট ও পেরেশানী দেখে হেসেছি। বায়হাকী বলেছেন এই হাদীসের সমার্থক আরো অনেক হাদীস আছে। সেগুলো তিনি كتاب البعث - এ উল্লেখ করেছেন।
ইবনে মোবারক উত্তম সনদ সহকারে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন: রাসূলুল্লাহ (সা) আরাফাতে সূর্যাস্তকালীন সময়ে হযরত বেলাল (রা) কে ডেকে বলেন: হে বেলাল! লোকদেরকে আমার কথা শোনার জন্য চুপ করতে বল। বেলাল লোকদেরকে চুপ করতে বলেন এবং লোকেরা চুপ করে। রাসূলুল্লাহ (স) বলেন, হে লোকেরা! এই মাত্র আমার কাছে জিবরীল এসে আল্লাহর সালাম পৌঁছে দিয়ে গেল এবং বলল, আল্লাহ আরাফাতবাসী এবং মোযদালেফার মাশআরুল হারামের অবস্থানকারীদের গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি ক্ষমা করার পর তাদের জুলুম উঠিয়ে নিয়েছেন। হযরতন উমর (রা) দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! এই ক্ষমা কি শুধু আমাদের জন্য সীমিত? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলে, এই ক্ষমা তোমাদের জন্য এবং কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবার জন্য। তখন হযরত উমর (রা) মন্তব্য করেন: আল্লাহর কল্যাণ অনেক বেশী এবং এটা সুখপ্রদ।
বাজ্জার, তাবারানী এবং ইবনে হিব্বান হযরত আবদুল্লাহ বিন উমর (রা) থেকে একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। সেই হাদীসের অংশবিশেষ হল: রাসূলুল্লাহ (সা) বলেন, আরাফাতের বিকেলে সেখানে তোমাদের অবস্থানের সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন: 'আমার বান্দাহগণ আমার কাছে দুনিয়ার সকল প্রান্ত থেকে এখানে ছুটে এসেছে, তারা ধূলা-মলিন। তোমাদের গুনাহ যদি বলুকারাশি, অগণিত বৃষ্টির ফোঁটা কিংবা সাগরের অসংখ্য ফেনারাশির মতও হয়, আমি তা মাফ করে দিলাম। তোমরা নিষ্পাপ অবস্থায় ফিরে যাও এবং যাদের জন্য তোমরা দোআ' করেছ তাদের গুনাহও মাফ করে দিলাম।'
রাসূলুল্লাহ (সা) আরও বলেছেন: أَعْظَمُ النَّاسِ ذَنْبًا مَنْ وَقَفَ بِعَرَفَةً فَظَنَّ أَنَّ اللَّهَ لَمْ يَغْفِرْ لَهُ -
অর্থ: সে ব্যক্তি সবচাইতে বড় গুনাহগার যে হজ্জের দিন আরাফার ময়দানে অবস্থান করেও ধারণ করে যে, আল্লাহ তাকে ক্ষমা করেননি।
এই হচ্ছে, আরাফাতের ক্ষমা দয়া, রহমত ও পুরস্কারের ঘোষণা। এ আরাফাতে গুনাহ মাফ না হলে, আর কোথায় গুনাহ মাফের এত উত্তম জায়গা পাওয়া যাবে? তাই আরাফাতের অবস্থানকে অর্থবহ করে সত্যিকার অর্থে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আরাফাতের মূল শিক্ষা রাসূলুল্লাহর (সা) বিদায় হজ্জের খোতবার মধ্যে নিহিত।
আরাফাতের দিনে হাজীদের গোসল করা এবং জাবালে রহমতের কাছে গিয়ে দাঁড়ানো সুন্নত। তবে পাহাড়ে উঠা সুন্নত নয়। পাহাড়ের পেছনে কিবলামুখী হয়ে দোয়া করা, তাকবীর, তাহলীল এবং আল্লাহর প্রশংসা করা উচিত। বেশী বেশী তালবিয়া পড়া উত্তম। এই দিনে বেশী বেশী তত্তবা ও এস্তেগফার করা দরকার। রাসূলুল্লাহ (সা) জাবালে রহমতকে ডানে রেখে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন।
আরাফাতে রাসূলুল্লাহ (সা)-এর বিদায় ভাষণ:
রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যে ভাষণ দেন তা বিশ্বের দিশেহারা মানবতার কল্যাণের জন্য মুক্তিসনদ। মুসলিম, আবু দাউদ এবং ইবনে মাজায় হযরত জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত আছে। আরাফাতের দিন রাসূলুল্লাহ (সা) বলেন, তোমাদের রক্ত ও সম্পদ আজকের এই পবিত্র দিন, মাস এবং শহরের মতই পবিত্র ও নিষিদ্ধ। জেনে রেখ, জাহেলিয়াতের সকল জিনিস আমার পায়ের নীচে এবং এগুলো সবই বাতিল। জাহেলিয়াতের রক্তপণ বাতিল। আমাদের পক্ষ থেকে আমি সর্বপ্রথম ইবনে রবিআ বিন হারেস বিন আবদুল মোত্তালিবের রক্তপণ প্রথা বাতিল ঘোষণা করছি। সে বনি সাদ গোত্রে দুধ পানকারী পোষ্য শিশু ছিল। হোজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহেলিয়াতের সুদকে আমি বাতিল ঘোষণা করছি এবং আমাদের পক্ষ থেকে আমি প্রথম আব্বাস বিন আবদুল মুত্তালিবের সকল প্রাপ্য সুদকে বাতিল করছি। এগুলো সবই বাতিল। নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা তাদেরকে আল্লাহর জামানতে গ্রহণ করেছ এবং আল্লাহর নির্দেশ দ্বারা তাদের লজ্জাস্থানকে হালাল করেছ। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে, তোমাদের বিছানায় কোন লোককে স্থান না দেয়া। যা তোমরা কখনও পছন্দ করবে না। যদি তারা অনুরূপ করে তাহলে তাদেরকে জখম না করে মেরে শাস্তি দাও। কিন্তু স্মরণ রেখ, তোমাদের উপর তাদের ইনসাফপূর্ণ ভরণ-পোষণের দায়িত্ব অর্পিত হয়েছে। আমি তোমাদের উদ্দেশ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি। তোমরা যে পর্যন্ত এই দুটো জিনিসের অনুসরণ করবে সে পর্যন্ত গোমরাহ ও পথভ্রষ্ট হবে না। সে দুটো জিনিস হচ্ছে, আল্লাহর কিতাব ও আমার সুন্নাত। আমার দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করলে কি বলবে? সবাই উত্তর দেয় আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন এবং উপদেশ দিয়ে গেছেন। তিনি বৃদ্ধাঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে বলেন, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক।
আরাফাতের শিক্ষা:
রাসূলুল্লাহ (সা) আরাফাতের বিদায় হজ্জের ভাষণে প্রধান ৫টা বিষয়ের উপর আলোকপাত করেছেন। এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার না থাকলে আরাফাতে এসে আকাঙ্ক্ষিত ফায়দা লাভ করা যাবে না।
তিনি প্রথমতঃ জানমালের নিরাপত্তার কথা বলেছেন। আমরা কি একে অপরের জান-মালের নিরাপত্তা দিতে পারছি? কথায় কথায়, মানুষ হত্যা করা, গুলী করা এবং মানুষের ইজ্জত সম্মান ছিনিয়ে নেয়া কি রাসূলুল্লাহ (সা) এর এই ভাষণ বিরোধী নয়? আমাদের সমাজে বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা নেই। চুরি-ডাকাতি-রাহাজানী, নিত্য-নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। এই হচ্ছে মুসলিম দেশের অবস্থা। অমুসলমান দেশগুলোতেও জান-মালের নিরাপত্তাহীনতা রয়েছে। এ ছাড়াও যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে এই মানবিক নীতিকে আরো বেশী পদদলিত করা হচ্ছে।
দ্বিতীয়তঃ রাসূলুল্লাহ (সা) বলেছেন, জাহেলিয়াতের সকল বিষয় ও রীতি-নীতি বিলুপ্ত করা হয়েছে। আরাফাত থেকে আমাদের সমাজের দিকে তাকালে আমরা কি সেখানে জাহেলিয়াতের সকল রীতি-নীতি, আইন-কানুন ও পরিবেশ বহাল দেখতে পাইনা? জাহেলিয়াতের মতই আমাদের সমাজে উলঙ্গপনা-বেহায়াপনা, অশ্লীল নাচ-গান, উপন্যাস, মারামারি, হানাহানি, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা ইত্যাদি বিরাজ করছে না? বরং আগের জাহেলিয়াত থেকে বর্তমান জাহেলিয়াত আরো বেশী জঘন্য। অশ্লীল ছায়াছবি, পত্র-পত্রিকা, রেডিও টেলিভিশনের অরুচিকর কর্মসূচী ইত্যাদি আগের জাহেলিয়াতকেও হার মানায়।
তৃতীয়তঃ রাসূলুল্লাহ (সা) অনৈসলামী অর্থনীতির প্রধান বাহন সুদকে হারাম ঘোষণা করেছেন। ইসলামী রাজনীতি তথা কোরআন ও হাদীসের আইন ছাড়া কোন সমাজে ইসলামী অর্থনীতি কায়েমের স্বপ্ন দেখাও সম্ভব নয়। আমরা কি আমাদের সমাজ ও রাষ্ট্র, ব্যাংক বীমা-ব্যবসা-বাণিজ্য, সরকারী ও বেসরকারী খাত থেকে অভিশপ্ত সুদকে দূর করেছি? যদি না করে থাকি তাহলে, আরাফাতে হাজিরা দিয়ে লাভ কি? আরাফাতে হাজিরা দিয়ে আরাফাতের এই শিক্ষা গ্রহণ না করে খালি হাতে আরাফাত থেকে বিদায় নেয়ার সার্থকতা কোথায়?
চতুর্থঃ রাসূলুল্লাহ (সা) নারী-অধিকারের কথা বলেছেন। আমাদের সমাজে নারীরা তাদের উপযুক্ত মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। ইসলাম তাদের যে সকল অধিকার দিয়েছে, আমরা সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত রাখছি। আমরা তাদের উপযুক্ত শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করি না। ওয়ারিশ হিসেবে তাদের উত্তরাধিকার সূত্রে পাওনা সম্পত্তি দেইনা এবং আমরা মহিলা আত্মীয়দের খোঁজ-খবর নেই না। তাদের দেন-মোহর আদায়ের ব্যাপারেও আমরা সচেষ্ট নই। এগুলো গুরুতর অন্যায় এবং হারাম কাজ। তাদের অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য রাসূলুল্লাহ (সা) আদেশ দিয়েছেন।
পঞ্চমতঃ রাসূলুল্লাহ (সা) আমাদেরকে কোরআন ও হাদীস আঁকড়ে ধরার নির্দেশ দিয়ে বলেছেন, এ দুটো অনুসরণ করলে তোমরা গোমরাহ বা পথভ্রষ্ট হবে না। আর এ দু'টোকে বাদ দিয়ে অন্য কিছুকে অনুসরণ করলে পথভ্রষ্ট ও গোমরাহ হয়ে যাবে। আমাদের সমাজ ও রাষ্ট্র এবং নাগরিকেরা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ (সা) এর হাদীসের পরিবর্তে মানব রচিত মতাদর্শ ও মতবাদ অনুসরণ করছে। এগুলো সবই ভুল ও ভ্রান্ত এবং এগুলোর একমাত্র পরিণতি হচ্ছে দুনিয়ায় বিভিন্ন রকম আজাব-গযব এবং পরকালে দোজখের কঠিন শাস্তি। কোরআনে এসেছে: إِنَّ الدِّينَ عِنْدَ اللهِ الْإِسْلَامُ (آل عمران - ১৯) 'নিশ্চয়ই আল্লাহ ইসলামকেই একমাত্র দ্বীন ও জীবন ব্যবস্থা এবং আইন-কানুন হিসেবে মনোনীত করেছেন।'
ইসলাম ছাড়া আর যত মানব রচিত মতবাদ আছে, ইসলামের দৃষ্টিতে সেগুলো হচ্ছে জাহেলিয়াত। আরাফাতে হাজিরাদানকারী একজন হাজীর জীবনে আরাফাতের শিক্ষা হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা এবং মানব রচিত মতবাদ সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদকে অস্বীকার করা। ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করে সমাজ থেকে অন্যান্য জাহেলী মতবাদকে উচ্ছেদ করার জন্য রাসূলুল্লাহ (সা) এর অনুসরণে জেহাদের ডাক দিয়ে সবাইকে সংগঠিত করে বাতিলের উৎখাতের জন্য ঝাঁপিয়ে পড়া আরাফাতের অন্যতম শিক্ষা।
বিদায় হজ্জের দিন সর্বশেষ এই আরাফাতের ময়দানেই কোরআন নাযিল হয়। এরপর আর কোরআন নাযিল হয়নি।
আরাফাতের নাযিল হওয়া সর্বশেষ আয়াতটি হচ্ছে:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَاتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الإِسْلامَ دِينًا - (المائدة - ٩)
অর্থ: 'আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।' এই আয়াতে পরিষ্কার বলা হয়েছে যে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর অর্থ হল, এতে মানব জীবনের সকল দিক ও বিভাগের প্রয়োজনীয় আইন ও বিধান রয়েছে। তাই একজন মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে সামষ্টিক জীবনের সকল ক্ষেত্রে ইসলাম বিরোধী সকল মত ও পথ ত্যাগ করতে হবে এবং মানব রচিত মতাদর্শ গ্রহণ করা থেকে দূরে থাকতে হবে। শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি-অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য মানবাধিকার, স্বাধীনতা ইত্যাদি ক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের প্রদর্শিত ব্যবস্থা কায়েম করতে হবে। ইসলামের বিশ্বব্যাপী এই আদর্শিক আন্দোলনে, একজন হাজী হচ্ছে আল্লাহর একজন বিরাট সৈনিক। উপরোক্ত আয়াতটি যেহেতু আরাফাতে নাযিল হয়েছে, তাই আরাফাতে অবস্থানকারী ও হাজিরাদানকারী হাজীদের এটি ভাল করে বুঝা ও বাস্তবায়ন করার দায়িত্ব অন্যদের চাইতে বেশী।
আরাফাত থেকে বিদায় নেয়ার পর স্বয়ং রাসূলুল্লাহ (সা) এবং সাহাবায়ে কেরাম কেউ দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব এবং দ্বীনের দাওয়াত ও জেহাদ থেকে হাত-পা গুটিয়ে বসেছিলেন না বরং আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা দ্বীনী আন্দোলনের কাজ করে গেছেন। রাসূলুল্লাহ (সা) ও সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণের জন্য তাঁদের মতই আমাদের হজ্জ পরবর্তী ভূমিকা গ্রহণ করা জরুরী। হজ্জ করে তারা একথা মনে করেননি যে, আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, এখন আমরা বিশ্রাম করি এবং এখন আর আমাদের আগের মত দ্বীনের দাওয়াত ও জেহাদ করার দরকার নেই। বিপরীত পক্ষে, তাঁরা মনে করেছেন, আরাফাতে যাওয়ার পর আমাদের উপর আরো কিছু বাড়তি দায়িত্ব এসেছে এবং সেই দায়িত্ব পালনে তাঁরা পিছিয়ে ছিলেন না। রাসূলুল্লাহ (সা) এবং সাহাবায়ে কেরামের অনুসরণের মধ্যেই আমাদের মুক্তি নিহিত রয়েছে। তাই অন্যান্য বিষয়গুলোর মত এক্ষেত্রেও আমাদেরকে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের শিক্ষা গ্রহণ করে আমাদের মহান হজ্জ ও প্রাসঙ্গিক এবাদতসমূহ সফল করার চেষ্টা করতে হবে।
আরাফাহ দিবসের দোয়া:
মালেক ও বায়হাকী তালহা বিন আবদুল্লাহ বিন কোরাইশ থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন- أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ (১) قَبْلِي : لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ -
অর্থ : আরাফাহ দিবসের দোয়াই উত্তম দোয়া এবং আমি সহ আমার আগের অন্যান্য আম্বিয়ায়ে কেরাম যে উত্তম দোয়াটি পড়েছেন তা হচ্ছে : লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু। অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়। তাঁর কোন শারীক নেই। ইমাম তিরমিযী দোয়াটি আরো একটু বেশী যোগ করে বর্ণনা করেছেন। لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى (২) كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
অর্থ : রাজত্ব তাঁর প্রশংসাও তাঁর। তিনি সকল কিছুর উপর শক্তিবান।
হযরত আমর বিন শোয়াইব তাঁর দাদা থেকে বর্ণনা করেন, যে আরাফাতের দিন রাসূলুল্লাহ (সা) উপরোক্ত দোয়াটি বেশী করে পড়তেন। হযরত যোবাইর বিন আওয়াম (সা) থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে আরাফাতের দিন নিম্নোক্ত আয়াতটি পড়তে শুনেছি- شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا (৩) بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ .
অর্থ : আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি ছাড়া কোন মাবুদ নেই। ফেরেশতা এবং জ্ঞানীরাও ইনসাফের সাথে সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোন মাবুদ নেই। তিনি সম্মানী, শক্তিশালী এবং বিজ্ঞ।
তিনি দোয়াটি পড়ে বলতেন, হে রব, আমিও একথার সাক্ষ্য দিচ্ছি।
হযরত আলী (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যে উত্তম দোয়াটি পড়েছেন তা হলো, উপরোক্ত দোয়াটির মত। তবে এর শেষে আরো একটু যোগ করেছেন
اللَّهُمَّ اجْعَلْ فِي بَصَرِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَفِي قَلْبِي نُورًا (8) اللَّهُمَّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي - اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وسواس الصَّدْرِ وَشَتَاتِ الأَمْرِ وَشَرِّ فِتْنَةَ الْقَبْرِ وَشَرَّ مَا يَلِجُ فِي اللَّيْلِ وَشَرِّ مَا يَلِجُ فِي النَّهَارِ وَشَرِّ مَا تَهِبُّ بِهِ الرِّيَاحُ وَشَرَبُوَائِقَ الدَّهْرِ . (بيهقی)
অর্থঃ হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে নূর (আলো) দাও, আমার শ্রবণ শক্তিতে নূর দাও এবং আমার অন্তরে নূর দাও। হে আল্লাহ! আমার বক্ষকে প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও। হে আল্লাহ! আমি তোমার কাছে আমার অন্তরের ওয়াসওয়াসা, কাজের বিশৃংখলা, কবর আজাব, রাত ও দিনে অনুপ্রবেশকারী মন্দ, অনিষ্টকর বাতাস প্রবাহের ক্ষতি এবং যুগের ধ্বংসাত্মক ক্ষতিসমূহ থেকে পানাহ চাই।
হযরত আলী বলেন, রাসূলুল্লাহ (সা) আরাফাতের ময়দানে নিম্নোক্ত দোয়াটিও বেশী বেশী পড়তেন:
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِي نَقُولُ وَخَيْرًا مِّمَّا نَقُولُ اللَّهُمَّ لَكَ (1) صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي وَإِلَيْكَ مَا بِي وَلَكَ رَبِّ تُرَاثَى اللَّهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَوَسْوَةِ الصَّدْرِ وَشْتَاتِ الْأَمْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَهِبُّ بِهِ الرِّيحُ - (الترمذي)
অর্থ: 'হে আল্লাহ! আমরা যে রকম পারি সে রকম কিংবা তার চাইতেও শ্রেষ্ঠ সকল প্রশংসা একমাত্র তোমারই প্রাপ্য। হে আল্লাহ! তোমার উদ্দেশ্যেই আমার নামায, কোরবানী, জীবন ও মৃত্যু নিবেদিত; তোমার দিকেই আমার প্রত্যাবর্তন এবং তোমার জন্যই আমার উত্তরাধিকার। হে আল্লাহ! আমি কবর আজাব, মনের ওয়াসওয়াসা এবং কাজের বিশৃংখলা থেকে পানাহ চাই! হে আল্লাহ! আমি বাতাসের প্রবাহের অনিষ্ট হতে আশ্রয় চাই।'
হযরত উমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা) বলেছেন। আল্লাহ বলেন, مَنْ شَغَلَهُ ذِكْرٌ عَنْ مَسْأَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِيَ السَّائِلِينَ - (৬) (اخرجه ابوذر)
অর্থ: 'আমার জেকরের কারণে যে ব্যক্তি আমার কাছে কিছু চাইতে পারেনি আমি তাকে প্রার্থনাকারীদের চাইতেও উত্তম দান করবো।'
হযরত আলী (রা) বলেন, আরাফাতের যে সুযোগ পেয়েছি তা হাতছাড়া করবো না। কেননা, এই দিনেই যমীনে আল্লাহর বহু বান্দাহ মুক্তি পাবে। আরাফাতের দিনের চাইতে অন্য কোন দিন এত বেশী লোককে আল্লাহ দোজখের আগুন থেকে মুক্ত দেন না। এই জন্য নিম্নের দোয়াটি বেশী বেশী পড়া দরকার।
اللَّهُمَّ أَعْتِقْ رَقَبَتِي مِنَ النَّارِ وَأَوْسِعْ لِي مِنْ الرِّزْقِ الْحَلَالِ (৯) واصْرِفْ عَنِّى فَسَقَةَ الْجِنِّ وَالْإِنْسِ .
অর্থ: হে আল্লাহ! দোজখের আগুন থেকে আমার গর্দানকে মুক্ত কর। আমার জন্য হালাল রিজক প্রশস্ত কর এবং জ্বিন ও মানুষ শয়তানকে আমার থেকে দূরে রাখ। তিনি বলেন, আজকে এটাই হবে আমার স্বাভাবিক দোয়া। (মুসীরুল গারাম)
হযরত ইবনে উমর তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর একবার বলতেন- لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ - (৬)
অর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি একও অদ্বিতীয়, রাজত্ব ও প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য
তারপর তিনবার বলতেন اللَّهُمَّ اهْدِنِي بِالْهُدى وَاعْصِمْنِي بِالتَّقْوى فِي الْآخِرَةِ وَالْأُولى - (۵)
অর্থ: হে আল্লাহ আমাকে সত্য পথ দেখাও এবং তাকওয়া দ্বারা দুনিয়া ও আখেরাতকে হেফাজত কর।
তারপর সূরা ফাতেহা পড়ার পরিমাণ সময় চুপ করে থাকতেন। এরপর আগের মত ঐ দোয়াগুলো পড়তেন। সবশেষে পড়তেন:
(১০) اللَّهُمَّ اجْعَلْ حَجًّا مَّبْرُورًا وَذَنْبًا مَّغْفُورًا হে আল্লাহ হজ্জ কবুল কর এবং গুনাহ মাফ কর।
হযরত ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ (সা) আরাফাতের ময়দানে যে সকল দোয়া পড়েছেন তার মধ্যে একটি হল:
اللَّهُم إِنَّكَ تَسْمَعُ كَلَامِي وَتَرَى مَكَانِي وَتَعْلَمُ سِرِّى وَعَلَانِيَتِي (دد) وَلَا يَخْفَى عَلَيْكَ شَيْءٌ مِّنْ أَمْرِي أَنَا الْبَائِسُ الْفَقِيرُ الْمُسْتَغِيْثُ مُسْتَجِيرُ الْوَجَلُ الْمُشْفِقُ الْمُعْتَرِفُ بِذَنْبِهِ أَسْأَلُكَ مَسَالَةَ الْمِسْكِينِ وَابْتَهِلُ إِلَيْكَ ابْتِهَالَ الْمُذْنِبِ الدَّلِيلِ وَادْعُوكَ دُعَاءَ الْخَائِفِ الضَّرِيرِ مَنْ خَضَعَتْ لَكَ رَقَبَتُهُ وَفَاضَتْ لَكَ عَبْرَتُهُ وَذَلَّ لَكَ خَدُّهُ وَرَغِمَ لَكَ أنْفُهُ اللَّهُم لَا تَجْعَلْنِي بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَكُنْ بِي رَوْفًا رَّحِيمًا يا خَيْرَ الْمَسْقُ لِينَ وَيَا خَيْرَ الْمُعْطِينَ - ( اخرجه ابوذر )
অর্থঃ হে আল্লাহ! তুমি আমার কথা শুনতে পাও; তুমি আমার অবস্থান দেখতে পাও প্রকাশ্য ও গোপনীয় সবকিছু জান। আমার কোন বিষয় তোমার কাছে গোপন নেই। আমি বিপদগ্রস্ত, দরিদ্র, সাহায্য প্রার্থনাকারী, আশ্রয় প্রার্থী, ভীত-সন্ত্রস্ত, নিজ গুনাহ স্বীকারকারী; তোমার কাছে মিসকীনের ফরিয়াদ জানাই এবং লাঞ্ছিত পাপীর করুণ অনুশোচনা নিবেদন করি, তোমার কাছে ভীত-সন্ত্রস্ত লোকের দোয়া চাই; যার গর্দান তোমার অনুগত, তোমার জন্য যার চোখের পানি ঝরে, যার গণ্ডদেশ বিনীত এবং যার নাক তোমার জন্য ধূলা-মলিন। হে আল্লাহ! তোমার কাছে দোয়া কবুলের ব্যাপারে আমাকে হতভাগ্য করোনা এবং আমার প্রতি তুমি সদয় ও মোহেরবান হও। হে উত্তম প্রার্থনার কেন্দ্র ও সর্বোত্তম দাতা!
হযরত আলী এবং আবদুল্লাহ বিন মাসুদ (রা) থেকে বর্ণিত আছে, তারা উভয়ে বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন, আরাফাতের ময়দানে নিম্নোক্ত দোয়ার চাইতে আর কোন উত্তম কথা ও কাজ নেই। আল্লাহ আরাফাতে সেই ব্যক্তির দিকেই প্রথম লক্ষ্য করবেন যে ব্যক্তি কিবলামুখী হয়ে দোয়ার জন্য দু'হাত তুলে তিনবার তিনবার করে তালবিয়া ও তাকবীর বলবে এবং এই দোয়াটি ১০০ বার পড়বে: لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ يُحْيِي (৫২) وَيُمِيتُ بِيَدِهِ ٱلْخَيْرَ
অর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর। তিনি জীবন ও মৃত্যু দেন। তাঁর হাতে সকল কল্যাণের চাবিকাঠি। তারপর এই দোয়াটি ১০০ বার পড়বে: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللَّٰهِ ٱلْعَلِيِّ ٱلْعَظِيمِ أَشْهَدُ أَنَّ ٱللَّٰهَ عَلَىٰ كُلِّ (৫৩) شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ ٱللَّٰهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا .
অর্থ: আল্লাহ ছাড়া কোন শক্তি নেই। তিনি বড় ও মহান। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ সকল কিছুর উপর শক্তিমান এবং সকল বিষয়ে জ্ঞানের অধিকারী। তারপর তিনবার পড়বে: أَعُوذُ بِٱللَّٰهِ مِنَ ٱلشَّيْطَانِ ٱلرَّحِيمِ أَنَّ ٱللَّٰهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ - (৫৪)
অর্থ: আমি অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাই। নিশ্চয়ই আল্লাহ শ্রোতা ও জ্ঞানী। তারপর বিসমিল্লাহ পড়ে তিনবার সূরা ফাতিহা পড়তে হবে এবং শেষে বলবে 'আমীন'। তারপর বিসমিল্লাহসহ সূরা এখলাস (قُلْ هُوَ ٱللَّٰهُ أَحَدٌ) একশ'বার পড়তে হবে। তারপর রাসূলুল্লাহ (সা) এর উপর একশ'বার নিম্নোক্ত দরূদ পাঠ করতে হবে। صَلَّىٰ ٱللَّٰهُ وَمَلَائِكَتُهُ عَلَى ٱلنَّبِيِّ ٱلْأُمِّيِّ وَعَلَىٰ آلِهِ وَعَلَيْهِ (৫৫) السَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ .
অর্থ: আল্লাহ ও তাঁর ফেরেশতারা নিরক্ষর নবী ও তাঁর বংশধরের উপর দরুদ ও সালাম পাঠায়। নবীর উপর সালাম এবং আল্লাহর রহমত ও বরকত কামনা করি।
তারপর নিজের জন্য দোয়া করবে, নিজের মা-বাপ-আত্মীয় স্বজন এবং সকল মোমেন নর-নারীর জন্য দোয়া করবে। দোয়া থেকে অবসর হওয়ার পর হাদীসের প্রথম অংশে বর্ণিত বাণীটা তিনবার উচ্চারণ করবে (এই জায়গায় নিম্নোক্ত দোয়া ছাড়া কোন উত্তম কথা ও কাজ নেই) তারপর যখন সন্ধ্যা হয়ে আসে আল্লাহ তাঁর ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, হে ফেরেশতারা, দেখ, আমার এই বান্দাহ কিবলামুখী হয়ে আমার তাকবীর, তালবিয়া, তাসবীহ, তাহলীল ও হামদ প্রকাশ করেছে। আমার অতিপ্রিয় সূরাগুলো পাঠ করেছে, এবং আমার নবীর উপর দরূদ পাঠ করেছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে, আমি তার আমল কবুল করেছি, আমার উপর এর বিনিময় ওয়াজিব করেছি, তার গুনাহ মাফ করে দিয়েছি, তাকে সুফারিশপ্রাপ্ত লোকদের শ্রেণীভুক্ত করেছি এবং যদি তাকে আরাফাতে অবস্থানকারী সুফারিশপ্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় তাহলে তাও হতে পারে।
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ (সা) বলেছেন, কোন বান্দাহ বা উম্মত যদি আরাফার রাত্রে ১ হাজার বার নিম্নোক্ত ১০টি কালেমা পাঠ করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে যা চাবে তাই দেবেন। শুধু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অথবা বিশেষ পাপী ব্যক্তি ব্যতীত। সেই কালেমাগুলো হচ্ছে-
(১) سُبْحَانَ الَّذِي فِي السَّمَاءِ عَرْشُهُ (২) سُبْحَانَ الَّذِي فِي (السَّمَاءِ) الْأَرْضِ مَوْطِنُهُ (৩) سُبْحَانَ الَّذِي فِي الْبَحْرِ سَبِيلُهُ (٤) سُبْحَانَ الَّذِي فِي النَّارِ سُلْطَانُهُ (٥) سُبْحَانَ الَّذِي فِي الْجَنَّةِ رَحْمَتُهُ (٦) سُبْحَانَ الَّذِي فِي الْقَبْرِ قَضَاؤُهُ (۷) سُبْحَانَ الَّذِي رَفَعَ السَّمَاءَ (۸) سُبْحَانَ الَّذِي وَضَعَ الْأَرْضَ (۹) سُبْحَانَ الَّذِي لَا مَنْجَى وَلَا مَلْجَا مِنْهُ إِلا إِلَيْهِ (۱۰) سُبْحَانَ الَّذِي فِي الْقُرْآنِ وَحْيُهُ .
অর্থ: সেই আল্লাহর জন্য পবিত্রতা ১. যাঁর আসন আসমানে, ২. যাঁর পায়ের স্থান যমীনে, ৩. যাঁর পথ সাগরে, ৪. যাঁর কর্তৃত্ব দোযখে, ৫. যাঁর রহমত বেহেশতে, ৬. যাঁর ফয়সালা কবরে, ৭. যিনি আসমানকে উপরে সৃষ্টি করেছেন, ৮. যিনি যমীনকে নীচে সৃষ্টি করেছেন, ৯. যিনি ছাড়া আর কোন মুক্তি ও আশ্রয়কেন্দ্র নেই, ১০. এবং কোরআনে যাঁর আদেশ রয়েছে।
ইমাম শাফেয়ী বলেছেন, আরাফাতের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। এজন্য সেখানে কান্নাকাটা করে বেশী বেশী দোয়া ও এস্তেগফার করা দরকার। সেখানে দোয়া কবুল হয় এবং আল্লাহর উত্তম বান্দাহদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে যাদের বন্ধু আল্লাহর কোন প্রিয়ভাজন ব্যক্তি নয়, সে নিতান্ত দুর্ভাগা। তবে মোবাহ কোন কাজে ব্যস্ত থাকলে গুনাহ হবে না। উচিত হল নেক ও সওয়াবের কাজ করা।
যোগাযোগ:
বর্তমানে মোযদালেফা-মিনার সাথে আরাফাতের যানবাহন যোগাযোগ এবং পায়ে হেঁটে চলার জন্য ৯টি পাকা রাস্তার সংযোগ সৃষ্টি করা হয়েছে। আরাফাতের ভেতরেও বহু সড়ক তৈরি করা হয়েছে। তাতে যানবাহন চলাচলের যথেষ্ট সুবিধা হয়েছে।
আরাফাত থেকে মোযদালেফা-মিনাগামী রাস্তাগুলোর মধ্যে ২ টাকে হাজীদের পায়ে চলার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং এগুলোকে গাড়ীর রাস্তা থেকে পৃথক করা হয়েছে। আরাফাতের চারদিকে ৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করা হয়েছে। এতে ৪টা ওভারব্রীজ আছে। দু'টো ওভারব্রীজ পায়ে চলার রাস্তায় আর দুটো গাড়ীর রাস্তায় পড়ে। আরাফাতে বর্তমানে ৪টি সংযোগ সড়ক আছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আরাফাতে ভবিষ্যতে ৩০ লাখ হাজীর প্রয়োজন পূরণের জন্য প্রধান সড়ক, সংযোগ সড়ক, পায়ে চলার পথ, গাড়ীর রাস্তা, হাজীদের জন্য আঙ্গিনা, সুয়েরেজ এবং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বিরাট পরিকল্পনা নিয়েছে।
আরাফাতের উত্তর পার্শ্বে আগমনকারী গাড়ীর জন্য ২ লাখ ৪০ হাজার বর্গমিটার আয়তনের উপর গাড়ীর পার্ক নির্মাণ করা হয়েছে। তাছাড়াও আরাফাত থেকে মোযদালিফা-মিনা হয়ে মসজিদে হারামে পৌঁছার জন্য মাহবাসূল জিনের সুড়ঙ্গমুখ পর্যন্ত এয়ারকণ্ডিশনযুক্ত শেড নির্মাণ করা হয়েছে, এর মাধ্যমে হাজীদের পায়ে চলার রাস্তাকে ছায়াদার বানানো হয়েছে। গরমকালে, ছায়াদানের জন্য আরাফাতের বহু গাছ লাগানো হয়েছে।
পানি সেবা:
১৪০৯ হিজরীতে, আরাফাত ময়দানে ১৪ লাখ ৭৭ হাজার হাজী ১ লাখ ২৫ হাজার ঘনমিটার পানি ব্যবহার করে। এত বিপুল সংখ্যক লোকের পানির চাহিদা পূরণ করার জন্য সৌদী সরকার আরাফাতে মোট ৪টি পানির রিজার্ভার নির্মাণ করেছে। সেগুলো হচ্ছেঃ
১নং রিজার্ভার: আরাফাতের উত্তরে রিং রোডের উপর আরাফাতের এই প্রধান রিজার্ভারটি ৫০ হাজার ঘনমিটার পানি ধারণ ক্ষমতার অধিকারী। এটি সাগরের স্তর থেকে ৪০৬ মিটার উপরে এবং এর উচ্চতা হচ্ছে ৮ মিটার। ১৩৯২ হিজরীতে এটি চালু হয়। শোয়াইবিয়া পানি প্রকল্প সরবরাহ লাইন থেকে চওড়া পাইপের মাধ্যমে এতে পানি আনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এতে জমুম হয়ে নোমান উপতক্যার পানি আনার ব্যবস্থাও রয়েছে। এর পানি বিশুদ্ধ করা হয় এবং মক্কা পানি নেটওয়ার্কে তা সরবরাহ করা হয়।
২নং রিজার্ভার: ২০ হাজার ঘনমিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন এই রিজার্ভারটি দক্ষিণ আরাফাতের রিং রোডে, সাগরের স্তর থেকে ৩৬৫ মিটার উপরে নির্মিত। এর উচ্চতা হচ্ছে ৬ মিটার। ১৪০৮ হিজরীতে তা চালু হয়। জমুম পানি নেটওয়ার্ক এবং শোয়াইবিয়া পানি প্রকল্প নেটওয়ার্ক থেকে এতে পানি এনে তা বিশুদ্ধ করার পর সরবরাহ করা হয়।
৩নং রিজার্ভার: ১ হাজার ঘনমিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন এই রিজার্ভারটির নাম হচ্ছে শাইর রিজার্ভার। এটি আরাফাতের পূর্ব দিকের পাহাড়ের চূড়ায় অবস্থিত।
৪নং রিজার্ভার: মসজিদে নামেরার ভূগর্ভস্থ ৬টি রিজার্ভারে ১২ হাজার ঘনমিটার পানি ধরে। তা ছাড়াও মাটির উপরে নির্মিত দুটো রিজার্ভারে ২ হাজার ঘনমিটার পানি ধরে।
আরাফাত থেকে মিনা পর্যন্ত রাস্তার পার্শ্বে মোট ৭৪০টি স্থানে ঠাণ্ডা পানি পান করার ব্যবস্থা করা হয়েছে। প্রতি স্থানে টেপ লাগানো আছে। শোয়াইবিয়া পানি প্রকল্পের সরবরাহ লাইনের পানি এতে সরবরাহ করা হয়। আরাফাত ময়দানেও অনুরূপ ৪ হাজার পানিপান কেন্দ্র আছে। সৌদি সরকার আরাফাতে হাজীদের সুবিধার্থে হাজার হাজার টয়লেট নির্মাণ করেছে।
📄 মোযদালেফা
মোযদালেফা হচ্ছে মিনা এবং আরাফাতের মধ্যে অবস্থিত একটি জায়গার নাম।
হাজীরা আরাফাহ থেকে ৯ই জিলহজ্জ সূর্যাস্তের পর মিনার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর, এখানেই রাত্রি যাপন করেন। মূলত: মোযদালেফা হচ্ছে আরাফাগামী মাজেমাইন নামক দুই পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ পথ মাদীক এবং মোহাস্সার উপত্যকার মাঝামাঝি অবস্থিত ৪ হাজার ৩শত ৭০ মিটার দীর্ঘ একটি স্থানের নাম।
মোযদালেফার নাককরণের ব্যাপারে অনেকগুলো মতভেদ আছে। সেগুলো হচ্ছে (১) এযদেলাফ থেকে মোযদালেফা শব্দের উৎপত্তি হয়েছে। এযদেলাফ অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। মোযদালেফায় সকল হাজী একত্রিত হয় বলে একে অপরের নিকটবর্তী হয়। তাই একে মোযদালেফা বলা হয়। (২) মোযদালেফায় অবস্থানের মাধ্যমে হাজীরা আল্লাহর নিকটবর্তী হয় বলে একে মোযদালেফা বলা হয়। (৩) এযদেলাফ অর্থ হচ্ছে মিলিত বা জমা হওয়া। লোকেরা সেখানে মিলিত ও জমা হয়। তাই একে মোযদালেফা বলা হয়। (৪) আল্লাহর কুদরতে এখানে হযরত আদম (আ) এবং হাওয়া মিলিত হয়েছেন বলে একে মোযদালেফা বলা হয়। (৫) এখানে হাজীরা মাগরিব এবং এশার নামায এক সাথে মিলিয়ে পড়ে বলে একে মোযদালেফা বলা হয়।
মোযদালেফায় রাত্রি যাপন করা ওয়াজিব। হযরত ইবনে উমরের মতে গোটা মোযদালেফাই মাশআরুল হারাম। তাই এর যে কোন জায়গায় রাত্রি যাপন করা যাবে। অন্যান্য আলেমদের মতেও মোযদালেফার সর্বত্র রাত্রি যাপন করা যাবে। কেননা, রাসূলুল্লাহ (সা) বলেছেন, 'মোযদালেফার সর্বত্র অকুফের স্থান।' তবে তাঁরা মাশাআরুল হারাম বলতে মোযদালেফার মধ্যবর্তী স্থান 'কোযাহ' পাহাড়কে বুঝান। তাঁরা এই জায়গায় হাজীদের অবস্থান ও রাত্রি যাপন, আল্লাহর জেকর ও শোকর এবং এবাদত করাকে মোস্তাহাব বলেছেন। বিশুদ্ধ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) রাত্রে এখানেই অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ (সা) এর অনুকরণে এই জায়গায় অবস্থান উত্তম। মোযদালেফার বর্তমান মসজিদের স্থানে ফজরের নামাযের পর রাসূলুল্লাহ (সা) দোআ ও জিকরে ব্যস্ত ছিলেন এবং সুর্যোদয়ের আগে আকাশ ফর্সা হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখেন। অনেকের মতে, গোটা মোযদালেফাই মাশআরুল হারাম।
আল্লাহ কুরআন মজীদে বলেছেন- فَإِذَا أَفَضْتُمْ مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ - (بقره : ۱۹۸)
অর্থ: 'তোমরা যখন আরাফাত থেকে ফিরে আস তখন মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ কর এবং তিনি যেভাবে তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন সেভাবে তোমরা আল্লাহকে স্মরণ কর।' মাশআরুল হারাম অর্থ এবাদতের সম্মানিত নির্দশনের স্থান।
মুসলিম শরীফে হযরত জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) মোযদালেফায় এসে এশার সময় মাগরেবের এবং এশার নামাযকে একই আযান ও দু' একামত সহকারে আদায় করেছেন।
এমনকি দুই নামাযের মাঝখানে কোন সুন্নাত পড়েননি এবং কোন নফল এবাদতও করেননি। এর দ্বারা বুঝা যায় যে, মোযদালেফায় সুন্নাতও নফল ত্যাগ করাই হচ্ছে সুন্নাত। কেননা, রাসূলুল্লাহ (সা) এগুলো আদায় করেননি। তবে বিতরের নামায আদায় করতে হবে। যাই হোক, এরপর তিনি রাত্রের খানা খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে মোযদালেফায় ঘুমানো সুন্নাহ। এর মাধ্যমে শরীরের দাবী পূরণ করে তিনি উম্মাহর জন্য বিশেষ শিক্ষা রেখে গেছেন। তিনি সোবহে সাদেকের আগে উঠেছেন এবং সোবহে সাদেকের অন্ধকার দূর হওয়ার আগেই আজান ও একামত সহকারে ফজরের নামায পড়েছেন। একেবারে প্রথম ওয়াক্তে নামায পড়ার উদ্দেশ্য হল, পরে যেন দোয়া ও তাসবীহ-তাহলীলের সময় বেশী পাওয়া যায়। তারপর তিনি কোসওয়া নামক উষ্ট্রীর পিঠে চড়ে মাশআরে হারামে আসেন এবং কেবলামুখী হয়ে তাকবীর তাহলীল পাঠ করেন এবং আল্লাহর একত্ববাদ ঘোষণা করেন। তিনি ফদল বিন আব্বাস (রা)-কে মোযদালেফা থেকে কংকর সংগ্রহ করে দেয়ার জন্য বলেন। সে অনুযায়ী ফদল (রা) ১ম দিন জামরাহ আকাবায় নিক্ষেপের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) এর জন্য কংকর এনে দেন।
সূর্য উঠার একটু আগে আকাশ যখন বেশ ফর্সা হয়ে উঠল তখন তিনি মোযদালেফা থেকে রওনা দেন এবং মোহাম্সার উপত্যকায় এসে একটু জোরে চলেন। তিনি মোযদালেফা থেকে যে রাস্তায় মিনায় আসেন তার বর্তমান নাম হচ্ছে 'সোকুল আরব'। এর আগে তিনি মিনা থেকে আরাফাতে যাওয়ার সময় দব নামক রাস্তা দিয়ে যান, রাসূলুল্লাহর (সা) অভ্যাস ছিল এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এরপর তিনি বড় জামরাহমুখী রাস্তা দিয়ে বড় জামরাহর কাছে অবস্থিত গাছের নিকট অবতরণ করেন এবং সূর্যোদয়ের কিছু পর বড় জামরায় ৭টি পাথর টুকরো নিক্ষেপ করেন। প্রত্যেক বার কংকর নিক্ষেপের সাথে তিনি তাকবীর বলেন এবং পরে জবেহখানার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনিসহ সাহাবায়ে কেরামের জন্য আনীত ১শ' উটের মধ্যে তিনি নিজ হাতে ৬৩টি জবেহ করেন এবং বাকীগুলো হযরত আলী (রা) কে জবেহ করার নির্দেশ দেন। পরে তিনি কোরবানীর গোশত খান।
জাহেলিয়াতের সময় লোকেরা সূর্যোদয়ের পর মোযদালেফা থেকে রওনা হত এবং বলত সাবির পাহাড়ে আলো এসেছে, আমরা যেন রওনা হই। রাসূলুল্লাহ (সা) জাহেলিয়াতের রীতি-নীতির বিরোধিতা করে সূর্যোদয়ের সামান্য আগে, মোযদালেফা থেকে মিনা রওনা হন।
জাহেলিয়াতের সময় আরাফাত থেকে মোযদালেফায় আগমনকারী লোকদের উদ্দেশ্যে আগুন জ্বালানো হত যেন তারা ঠিকমত পৌঁছতে পারে এবং পথ না হারায়। হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সা) মোযদালেফায় আসার সময় সেখানে আগুন জ্বলছিল। তিনি সেই আগুনের পার্শ্বে অবতরণ করেন। হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা), হযরত আবু বকর, উমর এবং উসমান (রা) এর সময়ও মোযদালেফায় আগুন জ্বালানো হত।
'অকুফে মোযদালেফা'র ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। হযরত উমরের মতে- ৯ই জিলহজ্জ দিবাগত রাত সোবহে সাদেক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত সময়ই হচ্ছে অকুফে মোযদালেফার সময়। আমর বিন মায়মুন থেকে বর্ণিত আছে যে, হযরত উমর (রা) মোযদালেফায় আমাদেরকে নিয়ে ফজরের নামায পড়েছেন, তারপর অকুফ করেছেন এবং বলেছেন, মোশরেকগণ সূর্যোদয়ের আগে মোযদালেফা ত্যাগ করত না। কিন্তু রাসূলুল্লাহ (সা) তাদের এই কাজের বিরোধিতা করেন এবং সূর্যোদয়ের আগেই মোযদালেফা থেকে রওনা দেন। (আহমদ ও আবু দাউদ)
ইমাম আবু হানীফাসহ অন্যান্য আলেমদের মতে, সোবহে সাদেক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত সময়ই হচ্ছে অকুফে মোযদালেফার সময়। কেউ যদি বিনা ওজরে ঐ সময়ে অকুফ না করে, তাহলে তাকে দম দিতে হবে। যে কেউ ঐ সময় মোযদালেফায় থাকলে তার অকুফ হয়ে যাবে। চাই সে মোযদালেফায় রাত্রি যাপন করুক বা নাই করুক। ঐ সময়ের অকুফে মোযদালেফা ওয়াজিব। মোযদালেফায় রাত্রি যাপন করা সুন্নাত।
ইমাম শাফেঈ এবং আহমদের মতে, অর্ধরাত্রির পর যে কোন সময়ে অকুফ করলে তা আদায় হবে এবং মাঝরাতের আগে কেউ মোযদালেফা ত্যাগ করলে তাকে দম দিতে হবে। তবে ইমাম মালেকের মতে, কেউ মোজদালেফায় মাগরেব ও এশার নামায আদায় করার পর রাত্রির খাওয়া শেষে মোযদালেফা ত্যাগ করলে তা জায়েয হবে। মালেকী মাজহাবে, পানি পান করানোকারী ব্যক্তি এবং রাখাল ছাড়া অন্যদের জন্য মোযদালেফায় রাত্রি যাপন করা ওয়াজিব। কেননা, রাসূলুল্লাহ (সা) এই দুই শ্রেণীর লোকদের অনুমতি দিয়েছিলেন।
ইমাম আহমদ ও শাফেঈর মতে মাঝরাতের পর থেকে অকুফে মোযদালেফা ওয়াজিব। কেউ মাঝ রাতের পর কিছু সময় অকুফ করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। অপরদিকে হানাফী মাযহাবে মোযদালেফায় রাত্রি যাপন সুন্নাতে মোয়াক্কাদাহ এবং সোবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ পর্যন্ত অকুফ ওয়াজিব।
যাদের ওজর রয়েছে, রাসূলুল্লাহ (সা) তাদেরকে মোযদালেফায় রাত্রি যাপন কিংবা সোবহে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত অকুফ করার জন্য নির্দেশ দেননি। তাঁর কাছে রাখাল ও হাজীদেরকে পানি পান করানোকারী ব্যক্তিরা এসে অনুমতি চাওয়ায় তিনি তাদেরকে মোযদালেফা থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছেন।
অনুরূপভাবে, শিশু ও নারীদেরকেও মোযদালেফা ত্যাগের অনুমতি দিয়েছেন। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা), আমাদের আবদুল মোত্তালিব বংশের কিছু সংখ্যক ছোট বালককে রাত্রে মোযদালেফা থেকে পাঠিয়ে দিয়েছেন। তিনি আমাদের গায়ে স্নেহ করে হালকা থাপড় দিয়ে বললেন, হে আমার সন্তানরা! সূর্যোদয়ের আগ পর্যন্ত তোমরা জামরায় কংকর নিক্ষেপ করোনা।
হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মোযদালেফায় পৌঁছার পর সাওদা বিনতে যামআ' লোকদের ভীড়ের আগে মিনায় পৌঁছার অনুমতি প্রার্থনা করেন। তিনি ধীর গতি সম্পন্ন ছিলেন। তিনি লোকের ভীড়ের আগেই রওনা দেন।
আমরা সকাল পর্যন্ত মোযদালেফায় থাকার পর, পরে রওনা দেই। হযরত আয়েশা থেকে বর্ণিত অপর হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সা) হযরত উম্মে সালমাকে মোযদালেফার রাতে সোবহে সাদেকের আগে পাঠিয়ে দিয়েছেন। ঐদিন রাসূলুল্লাহ (সা) তাঁর সাথে রাত্রি যাপনের পালা ছিল। উম্মুল মোমেনীন উম্মে হাবীবা বিনতে আবি সুফিয়ান থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) তাঁকে মোযদালেফার রাত্রে রাত অবশিষ্ট থাকা অবস্থায় পাঠিয়ে দিয়েছেন। যোবায়েরের স্ত্রী আসমা বিনতে আবী বকর থেকে বর্ণিত আছে, তিনি রাতে জামরায় কংকর নিক্ষেপ করেছেন। তিনি আরো বলেন, আমরা রাসূলুল্লাহ (সা) এর যুগে এরূপই করতাম। তালহা বিন যোবায়ের এবং আবদুল্লাহ বিন উমর (রা) দুর্বল লোক এবং নারী ও শিশুদেরকে রাত্রেই মোযদালেফা থেকে মিনায় পাঠিয়ে দিতেন।
মূলকথা, ওজরগ্রস্ত এবং অসুস্থ ও দুর্বল লোকদেরকেও কিছুক্ষণ অকুফ করার পর রাত্রেই মোযদালেফা থেকে মিনায় পাঠিয়ে দেয়া জায়েয আছে।
অকুফে মোযদালেফার জন্য ৬টি সুন্নাহ আছে। সেগুলো হচ্ছে- (১) অর্ধরাত্রির পর গোসল করা ও পানি না পেলে তায়াম্মুম করা। (২) ফজরের নামায প্রথম ওয়াক্তে পড়া যেন পরে অকুফের সময় বেশী পাওয়া যায়। (৩) মাশআরুল হারামে এসে কিবলামুখী হয়ে দোয়া করা। (৪) হানাফী, শাফেঈ এবং হাম্বলী মাযহাবসহ অধিকাংশ উলামায়ে কেরাম আমর বিন মায়মুনের বর্ণনা অনুযায়ী সূর্যোদয়ের সামান্য আগে মোযদালেফা ত্যাগ করাকে সুন্নাহ বলেছেন। ইমাম মালেকের মতে, ভোরে আকাশ ফর্সা হওয়ার আগে মোযদালেফা ত্যাগ করা যায়। (৫) ধীরে সুস্থে মোযদালেফা থেকে মিনায় পৌঁছা। শুধুমাত্র মোহাম্সার উপত্যকায় দ্রুত চলতে হবে। ইবনে আব্বাস (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) মোযদালেফায় এসে ফজল বিন আব্বাসকে নিজের সওয়ারীর পিছনে বসান এবং বলেন, হে লোকেরা, উট ও ঘোড়া দৌড়ানোর মধ্যে কোন নেক নেই। তোমরা ধীর স্থিরভাবে চল। রাসূলুল্লাহ (সা) মিনায় পৌঁছা পর্যন্ত ধীর-স্থির ছিলেন। (আবু দাউদ, বায়হাকী) (৬) মোহাস্সার উপত্যকায় দ্রুত চলা। চাই পায়ে হেঁটে হউক কিংবা সওয়ারী ও গাড়ীর উপরই হউক না কেন সর্বাবস্থায় তা দ্রুত পার হতে হবে। নাসাঈ শরীফে হযরত জাবের থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) মোহাম্সার উপত্যকা দ্রুত পার হয়েছেন।
মাশআরুল হারামে নির্মিত মসজিদে আগে শুধু একটি মিনারা ছিল। সৌদী আমলে সেখানে একটি সুন্দর মসজিদ নির্মিত হয়। তাতে ২টি মিনারা আছে। মসজিদটির আয়তন হচ্ছে ৫ হাজার ৪শ' বর্গমিটার এবং এতে একসাথে দুই লক্ষ মুসল্লি নামায পড়তে পারে। মোযদালেফায় অকুফের রাত্রির জন্য পানির চাহিদা পূরণের লক্ষ্যে নিকটবর্তী পাহাড়ে ৫০ হাজার ঘনমিটার পানি ধারণকারী একটি ধাতব রিজার্ভার নির্মাণ করা হয়েছে। এছাড়াও মসজিদের রিজার্ভারে ২ হাজার ঘনমিটার পানি ধরে। সেখানে বেশ কিছু টয়লেটও তৈরি করা হয়েছে।
এছাড়াও মোযদালেফায় গাড়ী ও পায়ে চলার জন্য সকল রাস্তা পাকা করা হয়েছে এবং আরাফাতের দিকে মোযদালেফার উপর দিয়ে ৮টি সড়ক তৈরি করা হয়েছে। এছাড়াও মোযদালেফায় মাঝামাঝি বাদশাহ ফয়সল ওভারব্রীজ তৈরি করা হয়েছে। সম্প্রতি হাজীদের সুবিধার্থে এতে, প্রয়োজনীয় পানি সরবরাহ, রিজার্ভার নির্মাণ এবং সুয়েরেজের ব্যবস্থাসহ মোট ২ হাজার টয়লেট নির্মাণ করা হয়েছে।
📄 ওয়াদী মোহাস্সার : আবরাহা বাদশাহর ধংসস্থল
মোহাস্সার উপত্যকা হচ্ছে মিনা এবং মোযদালেফার মাঝে দুই পাহাড়ের মধ্যবর্তী ৫৪৫ হাত দীর্ঘ একটি স্থানের নাম। এই জায়গায় আবরাহা বাহিনীর উপর আল্লাহর গযব নেমে আসে এবং তারা পুরো ধ্বংস হয়। মোহাস্সার শব্দের অর্থ হচ্ছে অচল ও অক্ষম হওয়া। হস্তিবাহিনীর হাতীগুলো সামনে চলতে অক্ষম হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে মোহস্সার।
খৃস্টানরা এই জায়গায় অকুফ করত বা অবস্থান করত। তাই হাজীদের সেই জায়গা দ্রুত পার হওয়া এবং খৃস্টানদের বিরোধিতা করা জরুরী। মুসলিম এবং আবু দাউদ শরীফে হযরত জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত আছে। নবী করীম (সা) যখন মোযদালেফা হতে মিনার দিকে রওনা হন তখন মোহাস্সার উপত্যকায় চলার গতি দ্রুত করে দেন।
ইমাম নওয়ী বলেছেন, আবরাহার হস্তীবাহিনীর ধ্বংসলীলা এই স্থানেই সংঘটিত হয়েছিল। যে সকল জায়গায় আল্লাহর গযব নাযিল হয়েছে, সে সকল জায়গা তাড়াতাড়ি অতিক্রম করা রাসূলুল্লাহ (সা) এর নিয়ম ছিল।
📄 ওয়াদী মোহাস্ছব
অনেকে মুহাস্সার এবং মোহাচ্ছাব এই দু'টো উপত্যকাকে এক মনে করেন। আসলে এদু'টো এক নয়, ভিন্ন দু'টো উপত্যকা। মোহাচ্ছাব উপত্যকা হচ্ছে সাবেক বাতহা এবং বর্তমান মায়াবদা এলাকা। এখানে মসজিদে এজাবাহ অবস্থিত।
মোহাচ্ছাব শব্দের অর্থ হচ্ছে, জমাকৃত পাথরের টুকরার স্থান। বন্যার পানিতে উপরোল্লিখিত স্থানে পাথরের টুকরা জমা হওয়ায় একে মোহাচ্ছাব বলা হয়। মোহাচ্ছাব হচ্ছে সেই স্থান, মিনা থেকে মক্কা ফেরার সময় যেখানে অবতরণ করা মোস্তাহাব। এই স্থানটি আবতাহ নামক জায়গায় দুই পাহাড়ের মাঝে অবস্থিত। এর বর্তমান নাম হচ্ছে মাআ'বদাহ।' মিনা থেকে মক্কায় ফেরার পথে রাসূলুল্লাহ (সা) এই জায়গায় অবতরণ করেন। মসজিদে হারামের বাবুস সালাম থেকে মোহাচ্ছাবের দূরত্ব হচ্ছে ৩ কিলোমিটার। বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) সেখানে মাগরিবের নামায পড়েছেন। বর্তমানে সেখানে একটি সুন্দর মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে এজাবাহ। এতে ১ টি সুন্দর মিনারা আছে।