📄 হযরত আলীর (রা) জন্মস্থান
হযরত আলী (রা) যেই ঘরে জন্মগ্রহণ করেন, সেই ঘরটি নবী করীম (সা) এর জন্মস্থানের নিকটবর্তী জায়গায় শে'বে আলীতে অবস্থিত। এই ঘরের সামনে লেখা ছিল : هٰذَا مَوْلِدُ أَمِيرِ الْمُؤْمِنِينَ অর্থাৎ, এটি আমীরুল মোমেনীন এর জন্মস্থান। এই ঘরেই হযরত মুহাম্মাদ (সা) এরও প্রতিপালন হয়। উল্লেখ আছে যে, এই ঘরের দেয়ালে একটি পাথর আছে। ঐ পাথরটি নাকি রাসূলুল্লাহ (সা) এর সাথে কথাবার্তা বলত।
৬০৮ হিজরীতে, আহমদ নাসের লি-দীনিল্লাহ ঐ ঘরটি পুনর্নির্মাণ করেন। সেখানে নিরক্ষরতা দূর করার উদ্দেশ্যে 'মাদরাসাতুন নাজাহ' নামক একটি নৈশ শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে এবং নতুন করে ঘরটি তৈরী করা হয়েছে। বর্তমানে ঐ ঘরটি ভেঙ্গে ফেলা হয়েছে। কেননা, শে'বে আলী থেকে জাবালে আবু কোবায়েসের নীচ দিয়ে মিনা অভিমুখী দু'টো সুড়ঙ্গ তৈরি করায় শে'বে আলীর সকল বাড়ী ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। হযরত আলী বিন আবি তালেব প্রথম ৪ জন মুসলমানের একজন। তিনি রাসূলুল্লাহ (সা) এর চাচাতো ভাই, ফাতিমা বিনতে মুহাম্মদের স্বামী এবং হযরত হাসান ও হোসাইনের বাপ ছিলেন। তিনি ইসলামের ৪র্থ খলীফা ছিলেন। রাসূলুল্লাহ (সা) তাবুক যুদ্ধের সময় তার সম্পর্কে বলেছিলেন,-
أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّكَ لَسْتَ بِنَبِيِّ
অর্থ : 'আমার কাছে তোমার মর্যাদা হচ্ছে মূসা (আ) এর কাছে হারুন (আ) এর মত। তবে পার্থক্য হচ্ছে এইটুকু যে, তুমি নবী নও।' তিনি ৪০ হিজরীর ১৭ই রমযান শহীদ হন। তাঁর খেলাফত সাড়ে তিন মাস কম ৫ বছর স্থায়ী ছিল।
আবু সুফিয়ানের (রা) ঘর: খাদীজার ঘরের কাছেই ছিল আবু সুফিয়ানের ঘর। সেখানে বর্তমানে আল-কাব্বান হাসপাতাল অবস্থিত। এর বিপরীতেই মসজিদে হারামের বাবুন্নবী।
হামযার (রা) ঘর: রাসূলুল্লাহর (সা) চাচা হামযার ঘর ছিল মসজিদে হারামের দক্ষিণে আধা কিলোমিটার দূরে মেসফালায়। সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে।
আবু জাহেলের বাড়ী: এ বাড়ীটিতে বর্তমানে টয়লেট ও ওজুখানা নির্মাণ করা হয়েছে। সেটি মসজিদে হারামের উত্তর-পূর্বদিকে এবং আবু সুফিয়ানের বাড়ীর কাছে ছিল।
📄 মোআল্লাহ কবরস্থান : অনেক সাহাবীর কবর
মক্কার কবরস্থানের ফজীলত ও মর্যাদা অনেক বেশী। এই কবরস্থানে ৪৫ জন মহিলা ও পুরুষ সাহাবায়ে কেরামসহ আরো অনেক বুজুর্গের কবর রয়েছে।
মক্কার সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে হুজুনের কাছে মোয়াল্লাহ কবরস্থান। মোয়াআল্লাহ শব্দের অর্থ হচ্ছে উঁচু। এই কবরস্থানটি মক্কার উঁচুদিকে অবস্থিত বলে একে মোয়াল্লাহ বলা হয়। বেশীর ভাগ মত অনুযায়ী, হযরত খাদীজা (রা) এর কবর এখানে অবস্থিত। কারো কারো মতে, তখনকার যুগে মক্কার কবরস্থান অন্যত্র ছিল এবং সেই কবরস্থানের বিশেষ কোন চিহ্ন বর্তমানে অবশিষ্ট নেই।
মোয়াল্লাহ কবরস্থানে দাফনকৃত লোকদের সৌভাগ্য বেশী। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজী ও উমরাহ আদায়কারী লোকেরা এখানে কবর যিয়ারত করে এবং মুর্দাদের জন্য দোয়া করে। দোয়াকারীদের মধ্যে কত না নেককার লোক রয়েছেন, যাদের দোয়া আল্লাহ কবুল করেন! এছাড়াও মোয়াল্লাহ কবরস্থানের বেশীর ভাগ মুর্দার নামাযে জানাযা মসজিদে হারামে অনুষ্ঠিত হয়। এই দিক থেকেও এখানকার কবরবাসীরা ধন্য।
মোয়াল্লাহ কবরস্থানের উপর দিয়ে বর্তমানে হুজুন ওভার ব্রীজ তৈরি করাতে বাহ্যতঃ কবরস্থানটি দুইভাগে বিভক্ত দেখা যায়। অবশ্য ওভারব্রীজের নীচ দিয়ে দুই দিকে পারাপারের ব্যবস্থা আছে।
📄 জু-তওয়া : রাসূলুল্লাহর (সা) মক্কা প্রবেশের অবতরণস্থল
জু-তওয়া মক্কার প্রসিদ্ধ কূপসমূহের অন্যতম। এটি জারওয়ালের বর্তমান ম্যাটারনিটি ও চিলড্রেন হসপিটালের সামনে অবস্থিত। হাদীসে এ কূপের আলোচনা এসেছে। রাসূলুল্লাহ (সা) সেখানে অবতরণ করে গোসল করেছেন এবং রাত্রি যাপন করেছেন। হযরত আবদুল্লাহ বিন উমর (রা) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) মদীনা থেকে মক্কায় আসার সময় প্রথমে জু-তওয়ায় অবতরণ করেন এবং সেখানে ফজরের নামায পড়া পর্যন্ত রাত কাটান। সেখানে রাসূলুল্লাহ (সা) এর নামাযের স্থান হচ্ছে বর্তমান মসজিদের আরো পরে এবং নীচে। হযরত ইবনে উমরের বর্ণনায় আরো এসেছে যে, রাসূলুল্লাহ (সা) জু-তওয়ায় রাত্রিযাপন, ফজরের নামায পড়া এবং সেখানে থেকে গোসল করা ব্যতীত দিনে ছাড়া কখনো মক্কায় প্রবেশ করতেন না। (আবু দাউদ ও নাসাঈ) আবুজর আরো একটু অতিরিক্ত যোগ করে বলেছেন, 'রাসূলুল্লাহ (সা) রাত্রে মক্কায় প্রবেশ করা অপছন্দ করতেন।
উরওয়া থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) জু-তওয়ায় রাত্রি যাপন করেন ও ফজরের নামায পড়েন। তারপর গোসল করেন এবং মক্কায় প্রবেশ করেন। (মোআত্তা মালেক)
হযরত আলী (রা) থেকে বর্ণিত আছে, তিনি মসজিদে হারামে প্রবেশের আগে, মক্কার নিজ বাড়ীতে গোসল করতেন। হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত আছে, তিনি মক্কায় প্রবেশের আগে, জু-তওয়ায় গোসল করতেন। )اخرجه الشافعی
ইমাম মালেক উল্লেখ করেছেন, ইবনে উমর হজ্জ ও উমরাহ করার উদ্দেশ্যে বের হলে নিজে গোসল করা এবং সাথীদেরকে গোসলের আদেশ ব্যতীত মক্কায় প্রবেশ করতেন না। হযরত ইবনে উমর থেকে আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (সা) মক্কায় প্রবেশের আগে ফাখ নামক জায়গায় গোসল করেছেন। (দারে কুতনী) হাফেজ মুহিববুদ্দিন তাবারী বলেছেন, উলামায়ে কেরামের মতে, মক্কায় প্রবেশের আগে গোসল করা মোস্তাহাব।
জু-তওয়া হচ্ছে, উত্তর দিক থেকে আগত যাত্রীদের মক্কায় প্রবেশের সাবেক প্রবেশ পথ। এটি মসজিদে হারাম থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে মক্কা শহর সম্প্রসারিত হয়ে অনেক বড় হয়েছে এবং জু-তওয়া শহরের মাঝখানে অবস্থান করছে। অথচ আগে মক্কা শহর ঐ পর্যন্তই সীমাবদ্ধ ছিল।
অপরদিকে, ফাখ হচ্ছে বর্তমানে যাহের, শোহাদা ও উম্মুল জুদ নামে পরিচিত এলাকার নাম। ফাখ হচ্ছে, মক্কার ২য় বৃহত্তম উপত্যকা। এটি মূলতঃ সানিয়াতুল বায়দা পাহাড়ের ঢালু থেকে শুরু হয়েছে। এটি জেদ্দাগামী লোকদের জন্য জু-তওয়ার বামে থাকে। রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের সময় যখন মক্কায় আসেন তখন জু-তওয়ায় অবতরণ করে গোসল করেন। তবে বিদায় হজ্জ ছাড়া অন্য কোন সফরে তিনি ফাখ এলাকায় অবতরণ করেন এবং গোসল করেন। বর্তমানে এর কাছে একটি মসজিদ নির্মিত হয়েছে।
📄 ওয়াদী সারেফ : উম্মুল মোমেনীন হযরত মায়মুনার বিয়ে ও কবর
মসজিদে হারাম থেকে সারেফ উপত্যকার (ওয়াদী সারেফ) দূরত্ব হচ্ছে ৬ মাইল। কারো কারো মতে, ৭ মাইল, ৯ মাইল এবং ১২ মাইল। এই উপত্যকাটি ওয়াদী ফাতেমা এবং মক্কার মাঝে অবস্থিত অর্থাৎ এটি জমুম (ওয়াদী ফাতেমা) ও তানঈমের মাঝে অবস্থিত। এর বর্তমান নাম হচ্ছে حَى النوارية বা নাওয়ারিয়া এলাকা। এলাকাটি উত্তর মক্কার প্রবেশদ্বারে হিজরাহ সড়কের উপর এবং সড়কটি বর্তমানে এক্সপ্রেস রোড হিসাবে পরিচিত।
এই উপত্যকায় হযরত মায়মুনা বিনতে হারেস হেলালীর সাথে রাসূলুল্লাহ (সা) এর বিয়ে হয়। রাসূলুল্লাহ (সা) ৬ষ্ঠ হিজরীতে, হোদায়বিয়ার সন্ধির পর উমরাহ না করে ফিরে যান এবং পরের বছর ৭ই হিজরীর জিলকদ মাসে মক্কায় কাজা উমরাহ আদায়ের সময় সারেফ উপত্যকায় হযরত মায়মুনার সাথে তাঁর বিয়ে হয়। তাঁর নাম ছিল বোররাহ। কিন্তু রাসূলুল্লাহ (সা) তাঁর নাম রাখেন মায়মুনা। হযরত মায়মুনা (রা) নিজেকে রাসূলুল্লাহ (সা) এর জন্য ওয়াকফ করেন। কাতাদাহ উল্লেখ করেছেন যে, তাঁর শানেই নিম্নোক্ত আয়াত নাযিল হয়-
وامْرَأَةً مُّؤْمِنَةٌ إِنْ وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ - অর্থ : 'একজন মোমেন মহিলা যখন নিজেকে নবীর জন্য দান করল।'
উমরাহ বিনতে আবদুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা) তাঁকে ৫শ' দেরহাম দেনমোহরের বিনিময়ে বিয়ে করেন। ইবনে সাইয়েদুন নাস তাঁর সীরাত গ্রন্থে লিখেছেন, মায়মুনা (রা) সওয়ারীর উপর থাকা অবস্থায় রাসূলুল্লাহ (সা) তাঁর কাছে বিয়ের প্রস্তাব দেন। ফলে, মায়মুনা সওয়ারী থেকে নেমে নিজেকে রাসূলুল্লাহ এর খেদমতে পেশ করে বলেন, উট এবং উটের পিঠের সওয়ারীকে রাসূলুল্লাহর জন্য ওয়াকফ করলাম।
ইবনে সা’দ হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন,
اَلْاَخَوَاتُ الْمُؤْمِنَاتُ مَيْمُوْنَةُ وَأُمُّ الْفَضْلِ وَأَسْمَاءُ -
অর্থঃ মায়মুনা, উম্মে ফজল এবং আসমা হচ্ছে মোমেন বোন। হযরত আয়েশা (রা) তাঁর সম্পর্কে বলেন, মায়মুনা আমাদের মধ্যে বেশী খোদাভীরু ও আত্মীয়তার হক আদায়কারিণী। তাঁর বক্তব্যটি হচ্ছে এই যে,
اَمَا اِنَّهَا كَانَتْ اَتْقَانَا لِلَّهِ وَاَوْصَلَنَا لِلرَّحِمِ -
রাসূলুল্লাহ (সা) কাজা উমরাহ আদায়ের জন্য মক্কার উদ্দেশ্যে আসার সময় সারেফ উপত্যকায় হযরত মায়মুনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। উমরাহ শেষে মদীনা ফেরার পথে তিনি সারেফ উপত্যকায় অবতরণ করেন এবং হযরত মায়মুনা (রা) এর সাথে বাসর যাপন করেন। পরে, হযরত মায়মুনা (রা) একই জায়গায় ইতিকাল করেন এবং সেখানেই তাঁকে দাফন করা হয়। সেই জায়গাটি রাস্তার পাশেই অবস্থিত।
সারেফ উপত্যকায় তাঁর কবরের উপর একটি গম্বুজ এবং পার্শ্বে একটি মসজিদ ছিল। পরবর্তীতে গম্বুজটি ভেঙ্গে ফেলা হয় এবং মসজিদ অবশিষ্ট থাকে। কিন্তু ১৩৭২ হিজরীতে সেই মসজিদটিও ভেঙ্গে দেওয়া হয়।