📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ৩২) মক্কার কবরস্থানের ফজীলেত ও ৪৫ জন সাহাবায়ে কেরামের কবর

📄 ৩২) মক্কার কবরস্থানের ফজীলেত ও ৪৫ জন সাহাবায়ে কেরামের কবর


মক্কার কবরস্থানের মর্যাদার ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সা) বলেছেন, نِعْمَ الْمَقْبَرَةُ هذه অর্থ : 'এটি কতইনা উত্তম কবরস্থান।' (আলবাজ্জার) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেছেন: রাসূলুল্লাহ (সা) একদিন সানিয়ায়, সানিয়া গোরস্থানের সামনে দাঁড়িয়েছেন, তখন এতে কোন কবর ছিলনা। তারপর তিনি বললেন: يَبْعَثُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ هَذِهِ الْبُقْعَةِ أَوْ مِنْ هَذَا الْحَرَامِ كُلِّهِ سَبْعِينَ الْفًا - يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ يَشْفَعُ كُلُّ وَاحِدٍ مِّنْهُمْ فِي سَبْعِينَ أَلْفًا - وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ - قَالَ أَبُو بَكْرٍ : مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ هُمُ الْغُرَبَاءُ .
অর্থ: 'আল্লাহ এই যমীন থেকে কিংবা হারাম থেকে ৭০ হাজার লোককে হাশরের ময়দানে উঠাবেন, যারা বিনা হিসাবে বেহেশতে যাবে; তাঁরা প্রত্যেকেই ৭০ হাজার লোকের জন্য সুফারিশ করবেন, তাঁদের চেহারা পূর্ণিমার রাত্রের চাঁদের মত উজ্জ্বল হবে। আবু বকর (রা) জিজ্ঞেস করলেন, 'হে, আল্লাহর রাসূল, তাঁরা কারা?' রাসূলুল্লাহ (সা) বললেন, তাঁরা হচ্ছে 'অপরিচিত' আশ্চর্যজনক লোক।
মক্কার কবরস্থানের আরেকটি বিশেষ মর্যাদা হল, এতে অনেক সাহাবী, তাবেয়ী, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দীন শায়িত আছেন। যে সকল সাহাবায়ে কেরামকে মক্কায় দাফন করা হয়েছে তাঁরা হলেন:
১। আল্ হারেস বিন লাহুফ, তিনি ইবনে আওফ নামেও পরিচিত। কেউ কেউ বলেছেন তিনি হচ্ছেন, আল্হারস বিন মালেক বিন আসাদ।
২। হাব্বা। কেউ বলেছেন, তাঁর নাম হচ্ছে আ'মর। তবে প্রথম নামটিই বেশী সহীহ। কেউ বলেছেন, তাঁর নাম হচ্ছে হান্না। আবার কেউ বলেছেন, তাঁর নাম হচ্ছে লবীদ বিন আবদে রাব্বিহ।
৩। হামনান বিন আওফ, যিনি আবদুর রহমান এবং আবদুল্লাহ বিন আওফের ভাই।
৪। খালেদ বিন উসাইদ বিন আবুল আস বিন উমাইয়া।
৫। খোবাইব বিন আদী। কেউ বলেছেন, তিনি হচ্ছেন, খোবাইব বিন মালেক বিন আদী বিন আমের আল্-আওসী এবং তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
৬। খোনাইস বিন খালেদ আল-আশয়া'রী বিন রবিয়াহ বিন আহরাম বিন খোনাইস বিন হাবশিয়া বিন কা'ব বিন উমর। তাঁর উপাধি ছিল, আবু সখর।
৭। খোয়াইলাদ বিন খালেদ আবু জুয়াইব আল্-হাজলী আশশায়ের। তাঁর উপাধি ছিল কোতাইল।
৮। যায়েদ বিন আদ্দাসিনাহ বিন মুয়াবিয়া বিন ওবায়েদ আলবায়াদী। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশ নিয়েছেন।
৯। সা'দ বিন খোলি বিন আমের।
১০। সাঈদ বিন ইয়ারবু বিন আনকাসা বিন আমের বিন মাখযুম আলমাখযুমী।
১১। আস্সাকরান বিন আমর বিন আবদে শামস বিন আবদুদ। তিনি সোলাইত ও সোহাইলের ভাই।
১২। সালমা বিন আল মিলা আলজোহানী।
১৩। সামুরা বিন মুয়ীর বিন লুজান আঞ্জুমাহী।
১৪। শায়বা বিন উসমান বিন তালহা।
১৫। সাফওয়ান বিন উমাইয়া বিন খালাফ।
১৬। আমের বিন ওয়াসেলা বিন আবদুল্লাহ বিন আ'মীর।
১৭। আবদুর রহমান বিন আবদুল্লাহ বিন উসমান।
১৮। আবদুর রহমান বিন উসমান বিন ওবায়দুল্লাহ আততাইমী।
১৯। আবদুল্লাহ বিন যোবায়ের বিন আওয়াম।
২০। আবদুল্লাহ বিন আস্সায়েব বিন আবিস সায়েব।
২১। আবদুল্লাহ বিন শিহাব বিন আবদুল হারস বিন যাহরা।
২২। আবদুল্লাহ বিন আমের বিন কোরাইজ।
২৩। আবদুল্লাহ বিন আমর বিন আল-আস বিন ওয়ায়েল।
২৪। আবদুল্লাহ বিন উমর বিন খাত্তাব।
২৫। আবদুল্লাহ বিন কায়েস বিন সোলাইম বিন হেসার।
২৬। আবদুল্লাহ বিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)। তিনি তাইয়্যেব ও তাহের নামেও পরিচিত ছিলেন।
২৭। আবদুল্লাহ বিন ইয়াসার আল-আনসী। তিনি আম্মার বিন ইয়াসারের ভাই।
২৮। উতাব বিন উসাইদ আলী যানা আমীর বিন আল ইস।
২৯। উসমান বিন তালহা বিন আবি তালহা।
৩০। উসমান বিন আমের বিন আমর আবু কোহাফা।
৩১। আল-আরস বিন কয়েস বিন সাঈদ বিন আল-আরকাম।
৩২। আইয়াস বিন আবি রবীয়াহ আল্ মাখযুমী।
৩৩। কাসেম বিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)।
৩৪। কালদাহ বিন হাম্বল বিন মোলাইল।
৩৫। মুহাম্মাদ বিন হাতেব বিন আল-হারেস।
৩৬। আল্-মেসওয়ার বিন মাখরামা বিন নওফাল।
৩৭। মোগাফফাল বিন গনম। কেউ বলেছেন, তিনি হচ্ছেন, আবদ নহম বিন আফীফ বিন আসহম।
৩৮। ইয়াসের বিন আম্মার বিন মালেক বিন কানানাহ।
৩৯। আবু সুবরাহ বিন আবি রহম বিন আবদুল ওজ্জা আল-আমেরী। এই হচ্ছে পুরুষ সাহাবায়ে কেরামের নাম।

মক্কার কবরস্থানে দাফনকৃত মহিলা সাহাবীদের নাম হচ্ছেঃ
১। আসমা বিনতে আবু বকর সিদ্দিক (রা)। তাঁর মায়ের নাম হচ্ছে কোতলা; কাতিলাও বলা হয়। তিনি যোবায়ের বিন আওয়ামকে বিয়ে করেছিলেন।
২। খাদ্দামা বিনতে খোলাইলাদ বিন আসাদ। তিনি উম্মুল মোমেনীন হযরত খাদীজার বোন ছিলেন।
৩। খাদীজা বিনতে খুয়াইলাদ বিন আসাদ বিন আবদুল ওজ্জা বিন কুসাই বিন কিলাব। তাঁর মায়ের নাম হচ্ছে যায়েদা বিন আসেম বিন আমের বিন লুই। তিনি রাসূলুল্লাহ (সা) এর স্ত্রী ছিলেন।
৪। যয়নব বিনতে মাজউ'ন বিন হাবীব বিন ওহাব। তিনি উসমান বিন মাজউ'নের বোন এবং হযরত উমর (রা) এর স্ত্রী ছিলেন।
৫। যয়নব আল-আসাদীয়া আল-মক্কীয়াহ।
৬। সুমাইয়াহ বিনতে খাব্বাত। তিনি আম্মার বিন ইয়াসেরের মা ছিলেন।

হাফেজ ফিরোজাবাদী মক্কার হুজুন কবরস্থানে দাফনকৃত সাহাবাদের নামের তালিকার উপর একটি বই লিখেছেন। এছাড়াও এ ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা সহকারে মুহাম্মাদ বিন আলাওয়ী মালেকীরও একটি বই আছে। তাতে তিনি মক্কা বিজয়ের দিন সাহাবাদের মধ্যে কারা মক্কায় মারা গেছেন এবং অন্যান্য সময় মক্কার পার্শ্ববর্তী এলাকায় ইন্তিকাল করেছেন তাদের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00