📄 আরাফার পিলার
(১) মসজিদে হারাম থেকে আরাফার পথে, হারাম এলাকার সীমানা হচ্ছে ১৮.৪ কিলোমিটার। সেখানে মসজিদে নামেরার কাছে আরাফাহ উপত্যকার পাশ ঘেঁষে দুই পাহাড়ের ঢালু অংশের পানি প্রবাহ আরাফার যে স্থানে এসে মিলিত হয়েছে, সেখানে হারাম সীমানার পিলার রয়েছে। সেটা ৪ ও ৫ নং আরাফাগামী রাস্তার নিকটে অবস্থিত।
(২) শারায়ে' এবং জোরানার পিলার: এটা এখন পর্যন্ত নজদের পিলার বলে পরিচিত। কেননা, এই রাস্তাটি সায়েল ও তায়েফ হয়ে নজদ গিয়েছে। মসজিদে হারাম থেকে এর দূরত্ব প্রায় ১৫.২ কিলোমিটার। এটি তায়েফ যাওয়ার সময় হাতের ডানে একটি আবাদী এলাকা ১ নং শারায়ে হাউজিং এ অবস্থিত।
(৩) তানঈমের পিলার: এটি মসজিদে আয়িশার কাছে এবং বর্তমানে মক্কার বিদ্যুৎ কোম্পানীর অফিসের অদূরে অবস্থিত। মসজিদে হারাম থেকে এটিই সবচেয়ে কম দূরত্বে অবস্থিত। মসজিদে হারাম থেকে এর দূরত্ব হল মাত্র ৬.৫ কিলোমিটার।
(৪) শোমাইসীর পিলার: হোদায়বিয়ার বর্তমান নাম হচ্ছে শোমাইসী। এখানকার পিলারটি হোদায়বিয়ার মসজিদের আগে এবং মসজিদে হারাম থেমে ২১ কিলোমিটার দূরে পুরাতন মক্কা-জেদ্দা সড়কে অবস্থিত।
(৫) ইয়েমেন পিলার: এটি পুরাতন ইয়েমেন সড়কে অবস্থিত এবং মসজিদে হারাম থেকে এর দূরত্ব হচ্ছে ১৩ কিলোমিটার। এটি লাবান পাহাড়ের পার্শ্বে অবস্থিত। তবে বর্তমানে সেখানে উল্লেখযোগ্য কোন পিলার নেই এবং সেই রাস্তাটিও প্রায় মৃত। এখন নতুন সড়ক দিয়েই লোকেরা যাতায়াত করে।
বর্তমানে তায়েফ-হাদা রোড, মক্কা-জেদ্দা এক্সপ্রেস রোড এবং নতুন ইয়েমেন এক্সপ্রেস রোডে হারাম এলাকার সীমানার কোন চিহ্ন নেই। এগুলো নতুন রোড। অথচ এসব রাস্তা দিয়ে অসংখ্য মানুষ প্রতিদিন হারাম এলাকায় প্রবেশ করছে। এগুলোতে পিলার থাকা জরুরী। সৌদী সরকার মোট ৪শ' পিলার নির্মাণ করেছে।