📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ৮ম সম্প্রসারণ : মোকতাদের বিল্লাহ

📄 ৮ম সম্প্রসারণ : মোকতাদের বিল্লাহ


আব্বাসী খলীফা মোকতাদের বিল্লাহ বাবে ইবরাহীম সংলগ্ন অংশকে মসজিদে হারামের অন্তর্ভুক্ত করেন। ৩০৬ হিজরীর ঐ সম্প্রসারণ মসজিদে হারামে সর্বশেষ আব্বাসী সম্প্রসারণ। এরপর আব্বাসী আমলে আর কোন সম্প্রসারণ হয়নি।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 শারাকেসা শাসকের নির্মাণ কাজ

📄 শারাকেসা শাসকের নির্মাণ কাজ


আব্বাসী খলীফা মাহদী কর্তৃক মসজিদে হারাম সম্প্রসারণের পর সুদীর্ঘ ৬৩৮ বছরের মধ্যে, সামান্য কিছু সংস্কার ও নির্মাণ কাজ ব্যতীত, মসজিদে হারামের ব্যাপক কোন উল্লেখযোগ্য নির্মাণ ও সংস্কার কাজ হয়নি। এই দীর্ঘ সময়টুকুকে মসজিদে হারামের ইতিহাসে একটি মহান যুগ বললে অত্যুক্তি হয় না।

৮০২ হিজরীর ২৮শে শাওয়াল, শনিবার রাতে, মসজিদে হারামের পশ্চিমাংশে বাবুল অদা এবং বাবে ইবরাহীমের মাঝে অবস্থিত রামাস্ত মুসাফিরখানায় আগুন ধরে। শেখ আবুল কাসেম ইবরাহীম বিন হোসাইন ফার্সী, ৫২৯ হিজরীতে, দরবেশদের উদ্দেশ্যে ঐ মুসাফিরখানাটি ওয়াকফ করেন। মুসাফিরখানার একজন লোক বাতি জ্বালিয়ে বাইরে গেলে, ইঁদুর এসে বাতির শলিতা (সুতার গোছা) টেনে কামরার বাইরে নিয়ে যায়। ফলে মুসাফিরখানায় আগুন ধরে এবং সেই আগুন মসজিদে হারামের ছাদে লাগে। ছাদ উঁচু হওয়ায়, লোকেরা কিছুতেই ছাদের আগুন নিভাবার ব্যবস্থা করতে পারল না। ছাদের পশ্চিমাংশ জ্বলে, আগুন এবার ছাদের উত্তরাংশেও ছড়িয়ে পড়ে। বাবুল আজালা পর্যন্ত পৌঁছে আগুন নিভে যায়। আল্লাহর কুদরতের ফলে, সেই বছর এক ভয়াবহ বন্যায় মসজিদে হারামের দুটো স্তম্ভ আগেই ধসে পড়ে। ফলে, ঐ বিধ্বস্ত ছাদে গিয়ে আগুন আর সামনে সম্প্রসারিত না হয়ে নিভে যায়। অগ্নিকাণ্ডের ফলে মসজিদে হারামে বিরাট ধ্বংসস্তূপের সৃষ্টি হয়।

৮০৩ হিজরীতে মিসরের আমীরে হজ্জ ইয়াসাক জাহেরী হজ্জ উপলক্ষে মক্কায় আসেন। হজ্জ শেষে তিনি থেকে যান এবং মসজিদে হারামের ময়লা আবর্জনা ও অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার অভিযান চালান। এরপর তিনি ক্ষতিগ্রস্ত স্তম্ভদ্বয় ও দেয়াল নির্মাণ করেন। তিনি প্রাথমিক নির্মাণ কাজ সেরে ৮০৫ হিজরীতে মিসর ফিরে যান।

সেই সময় মিসরে সারাকেশা শাসক নাসের যয়নুদ্দিন আবুস সায়াদাত ফারাজ বারকুকের শাসন বিদ্যমান ছিল। ইয়াসাক জাহেরী, নাসের যয়নুদ্দিনের অনুমোদনক্রমে, মসজিদে হারামের পশ্চিমাংশের পুড়ে যাওয়া ছাদ পুনঃনির্মাণের উদ্দেশ্যে ৮০৭ হিজরীতে আবার মক্কায় ফিরে আসেন। তিনি মিসর থেকে প্রয়োজনীয় কাঠ এবং অন্যান্য সরঞ্জামও সাথে আনেন। তিনি ঐ বছরই অবশিষ্ট কাজ সমাপ্ত করেন এবং মসজিদে হারামের উন্নয়নের জন্য আরো বহু পদক্ষেপ গ্রহণ করেন।

মসজিদে হারামে উল্লেখিত অগ্নিকাণ্ডের পর এত অল্প সময়ের মধ্যে তা পরিষ্কার করা এবং ধ্বংসপ্রাপ্ত অংশের পুনঃনির্মাণ করার কারণে লোকেরা ইয়াসাক জাহেরীর প্রশংসা করেন।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 সুলতান কায়েতবায়ের নির্মাণ কাজ

📄 সুলতান কায়েতবায়ের নির্মাণ কাজ


মিসরের সুলতান সারাকেশা শাসক কায়েতবায় ৮৮২ হিজরীতে (১৪৭৭ খৃঃ) খাজা শামসুদ্দিন মুহাম্মাদ বিন উমর শাহীর বাবন যামানকে নির্দেশ দিয়ে পাঠান, তিনি যেন সংগর জামালী বিল্ডিংকে মজবুত করে নির্মাণ, সুলতানের জন্য মসজিদে হারামে একটা স্থান উন্নত করে নির্মাণ, চার মাজহাবের আলেমদের ফেকাহ শাস্ত্র শিক্ষা দেয়ার উদ্দেশ্যে একটি মাদ্রাসা নির্মাণ, ফকীর-মিসকীনদের বাস করার জন্য একটি রাবাত বা বোর্ডিং নির্মাণ, গরীব ছাত্রদের মধ্যে আয় বণ্টনের জন্য লাভজনক মুসাফিরখানা তৈরি এবং মিসকীনদের জন্য একটি লাইব্রেরী প্রতিষ্ঠাসহ আরো কিছু প্রকল্প বাস্তবায়ন করেন।

খাজা শামসুদ্দিন সুলতানের নির্দেশমত উপরোক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত করেন। পরে সুলতান ছাত্রদের জন্য বহু কিতাবপত্র পাঠান এবং ৪ মাজহাবের ৪ জন শিক্ষক নিয়োগ করেন। ৮৭৪ হিজরীতে, সুলতান কায়েতবায় মিনার মসজিদে খায়ফ খুব মজবুত করে নির্মাণ করেন। তিনি মসজিদে হারামের খেদমতের জন্য যথেষ্ট অবদান রেখে গেছেন।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 তুর্কী সুলতান সোলায়মানের নির্মাণ কাজ

📄 তুর্কী সুলতান সোলায়মানের নির্মাণ কাজ


৯৭২ হিজরী মোতাবেক ১৫৬৪ খৃষ্টাব্দে, তুরস্কের উসমানী খলীফাদের মধ্যে প্রথম যিনি মসজিদে হারামের সংস্কার করেন তিনি হচ্ছেন সুলতান সোলায়মান। তিনি নতুন করে কা'বা শরীফের ছাদ তৈরি করেন এবং মাতাফের বিছানা পরিবর্তন করেন। তিনি মসজিদে হারামের কিছু দরজার সংস্কার করেন, বাবুল কা'বার উন্নয়ন ও মীযাবেরও সংস্কার করেন। তিনিই সর্বপ্রথম মার্বেলের তৈরি মিম্বার আনেন। ইতিপূর্বের মিম্বারগুলো কাঠের নির্মিত ছিল। তিনি হানাফী ইমামের নামাযের জায়গা নির্মাণ করেন এবং পূর্বে বাবুস সালাম ও পশ্চিমে দারুন নাদওয়া বরাবর উত্তর পার্শ্বে, ৪ গম্বুজ বিশিষ্ট ৪টি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এ মাদ্রাসাগুলোর মাঝে তিনি সর্বোচ্চ মিনারা তৈরী করেন এবং কিছু মসজিদের পার্শ্বে কিছুসংখ্যক মুসাফিরখানা তৈরি করেন। ৪ মাদ্রাসায় ৪ মাজহাবের মক্কী আলেমরা শিক্ষা দান করতেন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদেরকে ভাতা দেয়া হত। সুলতান সোলায়মানের আমলে ঐ ৪টি মাদ্রাসার নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর পর, তাঁর ছেলে সুলতান সেলিমের আমলে মাদ্রাসার কাজ সমাপ্ত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00