📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ৫ম সম্প্রসারণ : আবু জাফর মনসুর আব্বাসী

📄 ৫ম সম্প্রসারণ : আবু জাফর মনসুর আব্বাসী


১৩৭ হিজরীতে, আবু জাফর মনসুর আব্বাসী মসজিদে হারাম সম্প্রসারণ করার জন্য মক্কার শাসককে আদেশ দেন। তিনি দারুন-নাদওয়া এবং বাবে ইবরাহীম থেকে বাবুল উমরার দিকে মসজিদে হারাম সম্প্রসারণ করেন। দক্ষিণ দিকে, ইবরাহীম উপত্যকার পানির নালা থাকায় সেদিকে মসজিদ সম্প্রসারণ করেননি এবং পূর্বদিকেও মসজিদ বাড়াননি। (৪) আবু জাফর মনসুর উত্তর ও পশ্চিম দিকের ঘর-বাড়ীগুলো কিনে, সে যমীনগুলো মসজিদে হারামের অন্তর্ভুক্ত করেন। আবু জাফর মনসুরের পক্ষে যিয়াদ বিন ওবায়দুল্লাহ হারেসী মসজিদে হারামের সম্প্রসারণ কর্মসূচী বাস্তবায়ন করেন। মনসুর উত্তর-পশ্চিম সম্প্রসারিত কোণে মিনারা তৈরির নির্দেশ দেন এবং সেখানে একটি মিনারা নির্মাণ করা হয়। তিনি পূর্বদিকে একটি ছায়াদার ছাতা নির্মাণ করেন। তিনি এই ছাতাটিকে কারুকার্য খচিত করেন এবং হিজরে ইসমাঈলে মার্বেল পাথর লাগান। তিনিই সর্বপ্রথম এর বাইর, ভেতর এবং উপরে মার্বেল পাথর বসান। এই সম্প্রসারণ কাজে তিন বছর সময় লেগেছিল। যে বছর সম্প্রসারণ কাজ শেষ হয় সে বছর মনসুর হজ্জে আসেন। তাঁর আমলে মসজিদে হারাম পূর্বের চেয়ে দ্বিগুণ বড় করা হয়।

টিকাঃ
৪. তারিখ এমরাতুল মসজিদিল হারাম, হোসাইন আবদুল্লাহ বাসালামাহ।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ৬ষ্ঠ সম্প্রসারণ : মুহাম্মদ আল মাহদী আব্বাসী

📄 ৬ষ্ঠ সম্প্রসারণ : মুহাম্মদ আল মাহদী আব্বাসী


আব্বাসী খলীফা মুহাম্মদ আল-মাহদী বিন আবু জাফর মনসুর ১৬০ হিজরীতে হজ্জে আসেন। তিনি মসজিদে হারামে মুসল্লীদের স্থান সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণের নির্দেশ দেন। হযরত উমর (রা) এর আমল থেকে আবু জাফর মনসুরের আমল পর্যন্ত যতটুকু সম্প্রসারণ হয়েছে, মুহাম্মদ মাহদীর আমলে একাই সেই পরিমাণ সম্প্রসারণ হয়েছে এবং তা ৯৭৯ হিজরী পর্যন্ত ৮১০ বছরব্যাপী বিদ্যমান ছিল।

মাহদী তিন কোটি ৫ লাখ দীনার হারামের উন্নয়ন ও সম্প্রসারণে ব্যয় করেন। তিনি মক্কার কাজী মুহাম্মাদ আওকাস বিন মুহাম্মাদ বিন আবদুর রহমান মাখযুমীকে মসজিদে হারামের উঁচু দিকের ঘরগুলো ক্রয় করে তা ধ্বংস করে দিতে এবং সেই যমীনগুলো মসজিদে হারামে অন্তর্ভুক্ত করে দেয়ার নির্দেশ দেন। কাজী সে অনুযায়ী মসজিদে হারাম এবং মাসআর মাঝের সবগুলো ঘর কিনেন এবং বিভিন্ন হেবা ও ওয়াকফ সম্পত্তিগুলোর পরিবর্তে অন্যত্র জায়গা দিয়ে দেন। প্রতিগজ হুকুম-দখলকৃত যমীনের ক্ষতিপূরণ দেন ২৫ দীনার করে। পশ্চিম দিকেও সম্প্রসারণ করেন এবং নিম্নদিকের ঘরগুলো কিনে তা মসজিদে হারামের অন্তর্ভুক্ত করে দেন। প্রথমে তিনি পূর্ব ও পশ্চিম দিকে সম্প্রসারণ করেন এবং পরবর্তীতে উত্তর ও দক্ষিণ দিকে সম্প্রসারণ করেন। ১৬০ হিজরীতে প্রথম সম্প্রসারণ হয়। মাহদী ১৬৪ হিজরীতে ২য় বার হজ্জে আসেন এবং মুসল্লীদের স্থান সংকুলান না হওযায় তিনি পুনরায় মসজিদে হারাম সম্প্রসারণের নির্দেশ দেন। হিজরী ১৬৭ সালে ২য় সম্প্রসারণ শুরু হয়। কাবা শরীফকে মসজিদে হারামের মাঝামাঝি করার জন্য ২য় দফা মসজিদে হারামের সম্প্রসারণ করা হয়। কিন্তু ১৬৯ হিজরীতে মাহদীর মৃত্যুতে তাঁর জীবদ্দশায়, সম্প্রসারণ কাজ সমাপ্ত হয়নি। তাঁর ছেলে খলীফা হাদী বিন মুহাম্মাদ মাহদী খলীফা হওয়ার পর সর্বপ্রথম তাঁর বাপের অসমাপ্ত কাজ কিছু সমাপ্ত করেন। পরে মুসা আল হাদীর আমলে মসজিদে হারামের সম্প্রসারণ কর্মসূচী সমাপ্ত হয়।

মাহদীর সম্প্রসারণের পর মসজিদে হারামের আয়তন দাঁড়ায় ১ লাখ ২০ হাজার বর্গহাত। মাহদী প্রথম দফা সম্প্রসারণের সময় মসজিদে হারামের পূর্ব ও পশ্চিমের ৪০৭ হাত দৈর্ঘ্য এবং ২য় দফা সম্প্রসারণের সময় দক্ষিণ দিকে ৯০ হাত প্রস্থ বাড়ান। দৈর্ঘ্য ৪০৭ হাতকে প্রস্থ ৯০ হাত দিয়ে পূরণ দিলে, মাহদীর সম্প্রসারণের আয়তন দাঁড়ায় ৩৬,৬৩০ বর্গহাত। প্রতি বর্গহাতের ক্ষতিপূরণ বাবদ ২৫ দীনার মূল্য দান করলে, মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ৯,১৫,৭৫০ দীনার। এই পরিমাণ অর্থ, তিনি ঘরের মালিকদেরকে ক্ষতিপূরণ দিয়েছেন। এ ছাড়াও তিনি হারামের উন্নয়নে বিরাট অংক ব্যয় করেন।

মাহদী সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে মসজিদে হারামের খুঁটির জন্য মার্বেলের তৈরি স্তম্ভ আনেন। তিনি নকশা করা কাঠ দিয়ে মসজিদে হারামের ছাদ নির্মাণ করেন। তিনি কাঠের মধ্যে অত্যন্ত সুন্দর ডিজাইন করান। এতেও তার বহু অর্থ ব্যয় হয়।

ইতিপূর্বে আবু জাফর মনসুর বাবুল উমরায় একটি মিনারা তৈরি করেন। পরবর্তীতে মাহদী বাবুস সালাম, বাবে আলী এবং বাবুল অদা' তথা হাযওয়ারায় তিনটি মিনারা নির্মাণ করেন। ফাসী গুরুত্বসহকারে মাহদীর মিনারা তৈরির তথ্য উল্লেখ করেছেন। কিন্তু কাজী বিন জোহাইরা কোন প্রমাণ ছাড়াই উল্লেখ করেছেন যে, এই মিনারাগুলো পূর্বের নির্মিত। মাহদী শুধু সেগুলোর সংস্কার ও মেরামত করেন।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 মোতামেদ ‘আলাল্লাহর নির্মাণ কাজ

📄 মোতামেদ ‘আলাল্লাহর নির্মাণ কাজ


২৭১ হিজরীতে আব্বাসী খলিফা আবু আহমদ বিন মোতায়াক্কাল 'আলাল্লাহ (বিন মোতাসেম বিল্লাহ বিন হারুনুর রশীদ) 'মোতামেদ আলাল্লাহ' উপাধি ধারণকারীর আমলে মসজিদে হারামের পশ্চিম দেয়ালে ফাটল ধরে। সেটি ছিল বাবুল খাইয়াতিন বরাবর। পার্শ্ববর্তী বাবে ইবরাহীম সংলগ্ন যোবায়দা বিনতে জাফর বিন মনসুরের ঘর ভেঙ্গে মসজিদে হারামের উপর এসে পড়ায় ছাদের কাঠ ভেঙ্গে যায় এবং দুটো স্তম্ভও নষ্ট হয়ে যায়। ছাদের নীচে পড়ে ১০ জন নেককার লোক মারা যায়। তখন মক্কার শাসক ছিলেন হারুন বিন মুহাম্মদ বিন ইসহাক এবং কাজী ছিলেন ইউসুফ বিন ইয়াকুব। হারুন বাগদাদে এই দুর্ঘটনার সংবাদ জানালে, খলীফা মো'তামেদের ভাই মোয়াফফাক বিল্লাহ মসজিদে হারামের বিধ্বস্ত দেয়াল ও ছাদ নির্মাণের আদেশ দেন এবং প্রয়োজনীয় অর্থ সম্পদ পাঠান। আদেশ মুতাবিক ভগ্ন ছাদ এবং স্তম্ভ পুনঃনির্মাণ করা হয়। ২৭২ হিজরীতে ঐ নির্মাণ কাজ শেষ হয়।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ৭ম সম্প্রসারণ : মো’তাদেদ বিল্লাহ

📄 ৭ম সম্প্রসারণ : মো’তাদেদ বিল্লাহ


২৮১ হিজরীতে, খলীফা মো'তাদেদ বিল্লাহ মসজিদে হারামের সম্প্রসারণ করেন। খলীফা মাহদী কর্তৃক বর্গাকৃতির মসজিদে হারামের সম্প্রসারণের বাইরে মাত্র আর দু'টো সম্প্রসারণ হয়। একটি হচ্ছে পশ্চিম দিকের বাবে ইবরাহীম বরাবর আর ২য়টি হচ্ছে উত্তর দিকের দারুন নাদওয়াহ। দারুন নাদওয়ার উপর দিয়ে প্রবাহিত পানির প্রবল স্রোতের কারণে সেখানে প্রায়ই ময়লা-আবর্জনা জমে থাকত এবং সর্বদা তা পরিষ্কার করার প্রয়োজন হত। দারুন নাদওয়াহ উঁচু থাকায়, কাবা শরীফের ভিটি ও দেয়ালের উপর পানির চাপ বেশী পড়ত। খলীফা মোতাদেদ দারুন নাদওয়াকে খুঁড়ে এর সংলগ্ন দক্ষিণাংশের নিম্নভূমির সমান করে তাকে মসজিদে হারামের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় অর্থও পাঠান। যাতে করে কাবার উপর বন্যার পানির চাপ কমে এবং দারুন নাদওয়ায়ও কোন ময়লা আবর্জনা না জমে। এ ছাড়াও এতে নামাযের জায়গার প্রশস্ততা বাড়বে। ৩ বছর যাবত এই সম্প্রসারণ কাজ চলে এবং ২৮৪ হিজরীতে তা সমাপ্ত হয়। ফলে বন্যার পানি পশ্চিমের নিম্নভূমির দিকে প্রবাহিত হওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় কাবা শরীফ নিরাপদ হয়ে উঠে।

খলীফা মোতাদেদের আমলে এই সম্প্রসারণ ছাড়াও মসজিদে হারামের সার্বিক মেরামত এবং সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়। দারুন নাদওয়ার মাটি কেটে মক্কার বাইরে ফেলা হয়। এইভাবে, কুসাই বিন কিলাবের প্রতিষ্ঠিত দারুন নাদওয়া মসজিদে হারামের অন্তর্ভুক্ত হয়ে যায় যা ইসলামী যুগেও দীর্ঘদিন পর্যন্ত টিকে ছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00