📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 ইসলামের প্রথম যুগে মসজিদে হারামের রূপ

📄 ইসলামের প্রথম যুগে মসজিদে হারামের রূপ


ইসলামের প্রথমদিকে মক্কার নওমুসলিমগণ মোশরেকদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে নিজেদের ঘরে গোপনে নামায আদায় করত। এ অবস্থা দীর্ঘ তের বছর অর্থাৎ হিজরতের আগ পর্যন্ত বিদ্যমান থাকে। ঐ সময়ের মধ্যে খুবই নগণ্য সংখ্যক মুসলমান কাবার পার্শ্বে গিয়ে নামায পড়েছেন। রাসূলুল্লাহ (সা) এবং হযরত আবু বকর (রা) সহ গুটিকতক লোক সেখানে নামায পড়েছেন। নামায পড়ার কারণে তাদের উপর অত্যাচার ও নির্যাতন হয়। কোরাইশদের অত্যাচারে, অনেকে মক্কা থেকে হাবশায় (ইথিওপিয়ায়) হিজরত করেন এবং অবশিষ্ট লোকেরা মদীনায় হিজরত করেন। স্বয়ং রাসূলুল্লাহ (সা)ও হিজরত করেন। তখন দুর্বল মুসলমানরা ব্যতীত কেউ মক্কায় ছিল না এবং মক্কা প্রায় মুসলমানশূন্য হয়ে গিয়েছিল। হিজরী ৮ সালে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানরা মসজিদে হারামে নামায পড়ার সুযোগ পায়নি। মক্কা বিজয়ের পর মক্কা থেকে মুসলমানদের হিজরত বন্ধ হয়ে যায় এবং তখন থেকে তারা মসজিদে হারামে প্রকাশ্যে নামায পড়া শুরু করে। মক্কার মুসলমানরা ইসলামী সেনাবাহিনীতে যোগদান করে ইসলামের শত্রুদের মোকাবিলা করায় এবং পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে বাইরে অবস্থান করায়, রাসূলুল্লাহ (সা) এর জীবদ্দশায় এবং স্বয়ং হযরত আবু বকর সিদ্দিক (রা) এর খেলাফত আমলে মক্কায় তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল।

সেজন্য তওয়াফের জন্য নির্দিষ্ট স্থানে নামাযের সংকুলান হয়ে যেত। তাই তখন মসজিদে হারামের সম্প্রসারণের কোন প্রয়োজন দেখা দেয়নি। রাসূলুল্লাহ (সা) এবং হযরত আবু বকর (রা) এর আমলেও তওয়াফের জন্য নির্ধারিত স্থানকেই মসজিদে হারাম বলা হত। পবিত্র কুরআন মজীদের ১৫ জায়গায় ঐ স্থানটুকুকেই মসজিদে হারাম বলে উল্লেখ করা হয়েছে।

তখন মাতাফের (তওয়াফের স্থান) পূর্বদিকে যমযম কূপ ও বাব বনি শায়বা ছিল এবং বাকী তিনদিকের সীমানায় পূর্বে কিছু খুঁটি মওজুদ ছিল। বর্তমানে কোন চিহ্ন নেই। সম্ভবতঃ সে সকল দিকেও পূর্বদিকের সমান পরিমাণ জায়গা ছিল। কেউ কেউ বলেছেন, মাতাফের চারপাশের স্তম্ভগুলো পর্যন্ত, রাসূলুল্লাহ (সা) এবং হযরত আবু বকর (রা) এর সময়ে, মসজিদে হারামের সীমানা ছিল। এ ব্যাপারে শাবরাখীতি 'শরহুল খলীল' নামক বইতে লিখেছেন যে, ঐ স্তম্ভগুলো বলতে মাতাফের সীমান্তে তামার পিলারগুলোকে বুঝায় যেগুলোতে বাতি রাখা হয়েছে। কিন্তু বর্তমানে সেগুলোরও কোন অস্তিত্ব নেই। তাই সেই সময়ের মাতাফ তথা মসজিদে হারামের সঠিক সীমানা এবং আয়তন নির্ধারণ করা কঠিন ব্যাপার।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00