📄 কা’বার ভেতরে নামায পড়ার ফজীলেত
কাবা ঘরের ভেতরে নামায পড়া সুন্নত। স্বয়ং হযরত মুহাম্মাদ (সা) নিজেই কাবা ঘরের ভেতর নামায পড়েছেন। কেউ নবী করীম (সা) এর অনুসরণে সওয়াবের নিয়তে কাবা শরীফের ভেতর নামায পড়লে, অনেক বেশী সওয়াব ও কল্যাণ লাভ করবে।
হযরত আবদুল্লাহ বিন উমর (রা) থেকে বর্ণিত আছে যে, একদিন রাসূলুল্লাহ (সা) কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তাঁর সাথে ছিলেন উসামা, বিলাল এবং উসমান বিন তালহা আল-হাজাবী (রা)। তারপর তিনি (সা) কাবা শরীফের দরজা বন্ধ করে দিলেন এবং ভেতরে কিছুক্ষণ অপেক্ষা করলেন। ইবনে উমর বলেন, বিলাল বের হলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ (সা) ভেতরে কি করলেন? জবাবে বিলাল বললেন যে, তিনি (সা) ভেতরে নামায পড়েছেন। তাঁর বামে দুটি, ডানে একটি এবং পেছনে ছিল ৩টি খুঁটি। তখন কাবা শরীফে ৬টি খুঁটি ছিল। (বুখারী ও মুসলিম) ইবনে উমরের অন্য এক বর্ণনায় এসেছে যে, তাঁরা নবী করীম (সা) এর সাথে কাবা শরীফের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন এবং ভেতরে দীর্ঘ সময় কাটালেন। (বুখারী ও মুসলিম)
শেষ হাদীসটি দ্বারা প্রমাণ মিলে যে, এবাদতের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে কাবা শরীফের ভেতর অবস্থান করা যায়, তবে সেই অবস্থান অবশ্যই গল্প-গুজবের উদ্দেশ্যে নয়।
বহুসংখ্যক সাহাবায়ে কেরাম এই সুন্নতটি পালন করেছেন। সাহাবী হযরত আবুশ শাশা বলেন, 'আমি হজ্জের উদ্দেশ্যে বের হলাম। মক্কায় এলাম এবং কাবা শরীফের ভেতর প্রবেশ করলাম। তখন ইবনে উমরও (রা) আসলেন। তিনিও আমার পাশে নামায পড়লেন। পরের বছরও আমি হজ্জে আসলাম। আমি কাবার ভেতরে ইবনে উমরের জায়গায় দাঁড়িয়ে নামায পড়তে লাগলাম। তখন ইবনে যোবায়েরও ঢুকলেন। তিনি আমার পাশে দাঁড়ালেন। তিনি সেখান থেকে আমাকে বের করা পর্যন্ত ভিড় করতে লাগলেন। তারপর তিনি ৪ রাকাত নামায আদায় করলেন। (আহমদ)
আল্লামা আযরাকী শায়বা বিন যোবায়ের বিন শায়বা থেকে বর্ণনা করেছেন যে, হযরত মুয়াবিয়া (রা) হজ্জ করেছেন এবং কাবার ভেতরে প্রবেশ করেছেন। আল্লামা আল-ফাকেহী আতা থেকে বর্ণনা করেছেন যে, আতা বলেছেন, আমি মসজিদে হারামে ৪ রাকাত নামায পড়ার চেয়ে কাবা শরীফের ভেতর দু'রাকাত নামায পড়াকে বেশী পছন্দ করি। আল্লামা আল-ফাকেহী হাসান বসরী থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, কাবা শরীফের ভেতরের নামায অন্য জায়গায় ১ লাখ নামাযের সমান। ইবনে উমরের বর্ণিত প্রথম হাদীসটিতে, নবী করীম (সা) কাবা শরীফের ভেতর নামায পড়েছেন বলে প্রমাণিত হয়। কিন্তু ঐ হাদীসটি বুখারী শরীফসহ অন্যান্য হাদীসের কিতাবে হযরত ইবনে আব্বাসের বর্ণিত সহীহ হাদীসের বিপরীত। ইবনে আব্বাসের বর্ণিত হাদীসে এসেছে যে, "নবী করীম (সা) কাবাঘরের ভেতর প্রবেশ করে চতুর্দিকে তাকবীর বলেছেন, তবে তিনি নামায পড়েননি।" হাদীসটি হচ্ছে এই:
إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْبَيْتَ فَكَبَّرَ فِي نَوَاحِيْهِ وَلَمْ يُصَلِّ فِيهِ -
মুসলিম শরীফে হাদীসটির শেষাংশে বলা হয়েছে دعا ولم يصل অর্থাৎ 'তিনি দোয়া করেছেন, নামায পড়েননি।' আল্লামা হাফেজ আল-ইরাকী বলেছেন, ইবনে আব্বাস ঐ হাদীসটি উসামা বিন যায়েদ থেকে শুনেছেন এবং শিখেছেন। সহীস মুসলিমে ইবনে আব্বাসের বর্ণিত হাদীসটি হচ্ছে এইরূপ:
أَخْبَرَنِي أَسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيْهِ كُلَّهَا وَلَمْ يُصِلَّ فِيهِ .
অর্থ: উসামা বিন যায়েদ আমাকে বলেছেন যে, নবী করীম (সা) কাবাঘরে ঢুকলেন এবং এর চতুর্দিকে দোয়া করলেন, তবে তিনি নামায পড়েননি।
ইবনে বাত্তাল বলেছেন, নবী (সা)-এর নামায না পড়ার নেতিবাচক হাদীসটির চেয়ে পড়ার ইতিবাচক হাদীসটিকেই গ্রহণ করা উচিত। আল্লামা তাহাওয়ী তাঁর شَرْحُ مَعَانِي الْآثَارِ বইতে উল্লেখ করেছেন যে, নবী করীম (সা) কাবার ভেতর নামায পড়েছেন, তবে বিলাল নামায পড়েননি। এছাড়া উমর, জাবের, শায়াবা বিন উসমান এবং উসমান বিন তালহাও (রা) কাবার ভেতর নামায পড়েছেন।
ইমাম নবওয়ী শরহে মুসলিম শরীফে বলেছেন যে, হাদীস বিশারদগণ বিলাল (রা) কর্তৃক বর্ণিত হাদীসটিকে গ্রহণ করেছেন। কেননা সেটি হল ইতিবাচক। তিনি এ বিষয়ে বেশী জানতেন বলে, তাঁর বর্ণিত হাদীসটিকে অগ্রাধিকার দেয়া কর্তব্য।
আল্লামা হাফেজ আল-ইরাকী প্রশ্ন তুলেছেন যে, বিলাল ও উসামা (রা) উভয়ে রাসূলুল্লাহ (সা) এর সাথে একই সময়ে কাবা শরীফে প্রবেশ করেছেন। কিন্তু তাদের একজনের ইতিবাচক ও অন্যজনের বর্ণিত নেতিবাচক হাদীসের মধ্যে কিভাবে সামঞ্জস্য বিধান করা সম্ভব? এই প্রশ্নের কয়েকটি জবাব হতে পারে:
প্রথম জবাবটি হচ্ছে এই যে, ইমাম নবওয়ী শরহে মুসলিম শরীফে বলেছেন, উসামার নেতিবাচক বর্ণনার কারণ হল, যখন তাঁরা কাবা শরীফে প্রবেশ করলেন, তখন কাবার দরজা বন্ধ করা হল এবং সবাই দোয়ায় মশগুল হয়ে পড়লেন। উসামা রাসূলুল্লাহ (সা) কে দোয়া করতে দেখলেন। তখন তিনি নিজেও দোয়ায় ব্যস্ত হয়ে পড়লেন। তিনি ছিলেন একদিকে আর রাসূলুল্লাহ (সা) ছিলেন অন্যদিকে। তবে বিলাল (রা) রাসূলুল্লাহ (সা) এর কাছে ছিলেন। তারপর রাসূলুল্লাহ (সা) নামায পড়েন এবং বিলাল (রা) নিকটে থাকার কারণে তা দেখেন। তবে উসামা (রা) তা দেখেননি। কেননা তিনি দূরে ছিলেন এবং দোয়ায় ব্যস্ত ছিলেন। অন্যদিকে রাসূলুল্লাহ (সা) সংক্ষিপ্তাকারে নামায আদায় করেছেন। সেজন্য উসামা (রা) রাসূলুল্লাহ (সা) এর নামায পড়া দেখতে পাননি। তাই তিনি নিজ ধারণা থেকে বলেছেন যে, রাসূলুল্লাহ (সা) নামায পড়েননি। অপরদিকে, বিলাল (রা) নিজে দেখে নামায পড়ার ব্যাপারে নিশ্চিত হয়ে ইতিবাচক বর্ণনা দিয়েছেন।
দ্বিতীয় জবাবটি হচ্ছে, সম্ভবত উসামা (রা) কাবা শরীফে ঢুকার পর বিশেষ কোন প্রয়োজনে বের হয়েছিলেন। তাই তিনি রাসূলুল্লাহ (সা) এর নামায দেখতে পাননি। আল্লামা হাফেজ ইরাকী বলেছেন যে, আমার শ্রদ্ধেয় পিতা শরহে তিরমিজী শরীফে এ বিষয়ে যা উল্লেখ করেছেন তা আবু বকর বিন মুনজের কর্তৃক উসামা (রা) থেকে বর্ণিত একটি হাদীসের সাথে পুরো মিলে যায়। উসামা (রা) এর বর্ণিত হাদীসটি হচ্ছে:
إِنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صُورًا فِي الْكَعْبَةِ - فَكُنْتُ آتيه بماء فِي الدَّلو يَضْرِبُ بِهَا الصُّوَرَ .
অর্থঃ "মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (রা) কাবা ঘরের ভেতর কয়েকটি প্রতিকৃতি দেখতে পেলেন। আমি তখন বালতি ভরে পানি আনি এবং তিনি সেই পানি প্রতিকৃতির উপর মারেন।" এই হাদীসে উসামা (রা) নিজে, কাবা ঘর থেকে পানির জন্য বেরিয়ে যাওয়ার খবর দিয়েছেন।
তৃতীয় জবাবটি হচ্ছে صحيح ابن حبان নামক হাদীস গ্রন্থে ইবনে হিব্বান এই দুটো বর্ণনার বৈপরিত্য দূর করার উদ্দেশ্যে বলেছেন যে, সম্ভবতঃ স্বল্প সময়ের ব্যবধানে তাঁরা দু'বার কাবা শরীফে ঢুকেছিলেন। প্রথমবার হচ্ছে মক্কা বিজয়ের দিন। সেদিন রাসূলুল্লাহ (সা) কাবা শরীফের ভেতর নামায পড়েন। দ্বিতীয়বার ছিল বিদায় হজ্জের দিন এবং সেদিন রাসূলুল্লাহ (সা) কাবা শরীফের ভেতর কোন নামায পড়েননি। এই সমাধানের ভিত্তিতে উভয় হাদীসের বৈপরিত্য দূর হয়ে যায়।
বুখারী শরীফের ব্যাখ্যাকারী আল্লামা মাহলাবও অনুরূপ সমাধানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সম্ভবত রাসূলুল্লাহ (সা) দু'বার কাবা শরীফের ভেতর প্রবেশ করেছেন। একবার ভেতরে নামায পড়েছেন এবং দ্বিতীয়বার পড়েননি। মুহিব আততাবারী বলেছেন যে, বুখারী ও মুসলিম শরীফে ইসমাঈল বিন আবু খালেদ থেকে বর্ণিত একটি হাদীসও এই কথার সমর্থন দেয়। হাদীসটি হচ্ছে:
قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى آدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ فِي عُمْرَتِهِ؟ قَالَ لَا قَالَ - فَتَعَيَّنَ الدُّخُولُ فِي الْحَجِّ والفتح .
অর্থঃ 'আমি আবদুল্লাহ বিন আবি আওফাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সা) কি উমরাহ আদায়ের সময় কাবাঘরের ভেতর ঢুকেছিলেন? তিনি বললেন, না। এর দ্বারা প্রমাণিত হয় যে, তিনি বিদায় হজ্জ ও মক্কা বিজয়ের দিন ব্যতীত কাবা শরীফের ভেতর প্রবেশ করেননি।' তিনি বলেন যে, আমার পিতা شرح الترمذى গ্রন্থে বলেছেন যে, ইবনে হিব্বান তাঁর গ্রন্থে যা উল্লেখ করেছেন তা সহীহ হাদীসের বিপরীত। কেননা, সহীহ হাদীসে, মক্কা বিজয়ের দিন কাবার ভেতরে রাসূলুল্লাহ (সা) এর নামায পড়ার ব্যাপারেই শুধু বিলাল ও উসামা (রা) মতভেদ প্রকাশ করেছেন এবং সেটা ছিল ঐ একই দিনের প্রবেশের ব্যাপার।
অবশ্য এই প্রশ্নের জবাবে একথা বলা যায় যে, উসামা (রা) এর বর্ণনাটি কাবা শরীফে অন্য সময় প্রবেশের ব্যাপারে প্রযোজ্য এবং সেটা একই সফর কিংবা দুই সফরেও হতে পারে। তাই ইবনে হিব্বানের বর্ণনাকে সহীহ হাদীসের বিপরীত বলা যেতে পারে না।
৪র্থ জবাবটি হচ্ছে, বিলাল (রা) এর বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সালাত (নামায) আদায় করেছেন বলে যে বর্ণনা এসেছে তা আনুষ্ঠানিক সালাত নয়। বরং তিনি সালাতের আভিধানিক অর্থ প্রকাশ করে বলেছেন যে, রাসূলুল্লাহ (সা) দোয়া করেছেন, নামায পড়েননি। কেননা, অভিধানে 'সালাত' মানে দোআ।
মূলত এই জবাবটি ঠিক নয়। কেননা হযরত আবদুল্লাহ বিন উমর (রা) কর্তৃক বর্ণিত হাদীসে এসেছে যে, وَنَسَيْتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি যে রাসূলুল্লাহ (সা) মোট কত রাকাত নামায পড়েছেন। বুখারী শরীফের অন্য এক বর্ণনায় এসেছে যে, তিনি মোট দু'রাকাত নামায পড়েন।
এই আলোচনার দ্বারা দুটো উপকারী বিষয় সম্পর্কে জানা যায়। প্রথমটি হচ্ছে রাসূলুল্লাহ (সা) কাবা শরীফের ভেতর যে জায়গায় নামায পড়েছেন তা জানা। রাসূলুল্লাহ (সা) এর যুগে, কাবা শরীফের ভেতর ৬টি খুঁটি ছিল। বুখারী শরীফের হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি (সা) নামাযে এমনভাবে দাঁড়ান যে তাঁর বামে একটি খুঁটি, ডানে ২টি খুঁটি এবং পেছনে ছিল ৩টি খুঁটি। অন্য এক বর্ণনা মতে তাঁর বামদিকে একটিও ডানদিকে একটি খুঁটি ছিল। মুসলিম শরীফের এক বর্ণনা মতে, বামে ২টি খুঁটি ও ডানে একটি খুঁটি ছিল। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এক হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সা) কাবার ভেতরে ঢুকে দরজাকে পেছনে রাখলেন এবং সামনের দিকে মুখ করে দাঁড়ালেন। তখন তাঁর ও দেয়ালের মাঝে মাত্র ৩ গজ ব্যবধান ছিল। যেন তিনি রোকনে ইয়ামানীকে সামনে রেখে দাঁড়িয়েছেন। অর্থাৎ দরজাকে পেছনে রেখে রোকনে ইয়ামানীর দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে তিনি নামায পড়েন। তাঁর ও সামনের দেয়ালের ব্যবধান ছিল ৩ গজ এবং বামদিকের দেয়ালের ব্যবধান ছিল ১ গজ।
দ্বিতীয় উপকারিতা হল, তিনি কয় রাকাত নামায পড়েছেন তা জানা। বুখারী শরীফের নামায অধ্যায়ের শুরুতে ইমাম বুখারী এ মর্মে একটি হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হচ্ছে:
عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ سَأَلَ بِلاَ َلا عَنْ ذَلِكَ فَقَالَ لَهُ بِلَالٌ : نَعَمْ صَلَّى رَكْعَتَيْنِ .
অর্থঃ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি এ ব্যাপারে বিলালকে (রা) জিজ্ঞেস করলেন। বিলাল উত্তরে বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ (সা) দু'রাকাত নামায পড়েছেন।
এই হাদীসটি নাসায়ী শরীফেও বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফে দুর্বল সূত্র পরম্পরায় আবদুর রহমান বিন সাফওয়ান থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি উমর বিন খাত্তাব (রা) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সা) কাবার ভেতরে ঢুকে কিভাবে কি করেছেন? তিনি উত্তরে বলেন যে, তিনি দুই রাকাত নামায পড়েছেন। একই সূত্র পরম্পরায় ইবনে আবী শায়বাও হাদীসটি বর্ণনা করেন। মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে যে, আল-কোরা কিতাবে সাফওয়ানের এই বর্ণনাটি হযরত উমরের নামের উল্লেখ ব্যতীতই বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফে বর্ণিত হাদীসটি হচ্ছে:
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَفْوَانَ قَالَ : قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ : كَيْفَ صَنَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَ دَخَلَ الْكَعْبَةَ قَالَ صَلَّى رَكْعَتَيْنِ