📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 হাজারে আসওয়াদের ১১টি বৈশিষ্ট্য

📄 হাজারে আসওয়াদের ১১টি বৈশিষ্ট্য


হাজারে আসওয়াদের বৈশিষ্ট্য ও মহত্ব সম্পর্কে সহীহ হাদীসসমূহে রাসূলুল্লাহ (সা) এর অনেক বক্তব্য এসেছে। তিনি হাজারে আসওয়াদের ফজীলত ও মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন।

১। ইবনে আব্বাস (রা) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন:
إِنَّ رَسُولَ اللهِ قَالَ لِأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَا أَبَا هُرَيْرَةَ ، إِنَّ عَلَى الرُّكْنِ الْأَسْوَدِ لَسَبْعِيْنَ مَلَكًا - يَسْتَغْفِرُونَ لِلْمُسْلِمِينَ وَالْمُؤْ مِنِينَ بِأَيْدِيهِمْ - وَالرَّاكِعِيْنَ وَالسَّاجِدِينَ وَالطَّائِفِينَ : واسناده ضعيف (الفاكهي)
অর্থ: 'রাসূলুল্লাহ (সা) আবু হুরায়রা (রা)-কে বলেছেন, হাজারে আসওয়াদে ৭০ জন ফেরেশতা আছে। তাঁরা হাত তুলে মুসলমান, মোমেন, রুকু-সেজদা দানকারী এবং তওয়াফকারীদের জন্য গুনাহ মাফ চায়। হাদীসটির সনদ দুর্বল।

২। হাজারে আসওয়াদকে মুখে চুমু দেয়া হয় কিংবা হাতে স্পর্শ করা হয়। বহু সংখ্যক হাদীস দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ (সা) একে চুমু দিয়েছেন। বিশেষ করে বুখারী ও মুসলিম শরীফে এ ব্যাপারে রেওয়ায়েত রয়েছে।

৩। হাজারে আসওয়াদটি বাইতুল্লাহ শরীফের সবচাইতে মর্যাদাবান জায়গায় তথা পূর্বকোণে অবস্থিত। এটি হযরত ইবরাহীম (আ) এর তৈরি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

৪। এটি তওয়াফ শুরুর স্থানে অবস্থিত। প্রথমে এখান থেকেই তওয়াফ শুরু করতে হয়।

৫। যে হাজারে আসওয়াদ স্পর্শ করে সে যেন আল্লাহর হাতের সাথে হাত মিলায় এবং মোসাফাহা করে। এছাড়াও সে যেন আল্লাহ ও তাঁর রাসূলের (স) কাছে বাইআত গ্রহণ করে (ইবনে মাজাহ ও সাঈদ বিন মনসুরের সুন্নাহ এবং আখবারে মক্কা, আযরাকী)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَض أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ فَاوَضَهُ فَإِنَّمَا يُفَاوِضُ يَدَ الرَّحْمَنِ
অর্থ: 'আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, যে হাজারে আসওয়াদকে স্পর্শ করে, সে যেন আল্লাহর হাত স্পর্শ করে।

৬। প্রথমে হাজারে আসওয়াদের প্রকট আলো ছিল। পরে আল্লাহ ঐ আলো নিভিয়ে দিয়েছেন। আহমদ, তিরমিযী, এবং ইবনে হিব্বান এ ব্যাপারে পৃথক পৃথক হাদীস উল্লেখ করেছেন।

৭। হাশরের দিন, হাজারে আসওয়াদ, তাকে চুমুদানকারী ব্যক্তিদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। তিরমিযী ও তাবরানীতে এ মর্মে হাদীসের উল্লেখ করা হয়েছে। আল-ফাকেহী হযরত ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন যে,
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَأْتِي هَذَا الْحَجَرُ يَوْمَ الْقِيَامَةِ ، وَلَهُ عَيْنَانِ يَبْصُرُ بِهِمَا - وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ لِمَنِ اسْتَلَمَهُ بِحَقِّ .
অর্থ : 'কিয়ামতের দিন এই পাথরটি এমনভাবে আসবে যে, সে তার দু'চোখে দেখবে, জিহ্বা দ্বারা কথা বলবে এবং যারা তাকে যথার্থভাবে চুমু দিয়েছে, তাদের সম্পর্কে সাক্ষ্য দেবে।'

৮। তবারানী একটি হাদীস উল্লেখ করেছেন। তবে হাদীসের সনদটি দুর্বল। সেই হাদীসে বলা হয়েছে যে, হাজারে আসওয়াদ সুপারিশ করবে এবং তাকে সুপারিশ করার অনুমতি দেয়া হবে।

৯। হাদীসে এসেছে: وَالْحَجَرُ يَمِينُ اللَّهِ فِي أَرْضِهِ .
অর্থ : 'হাজারে আসওয়াদ যমীনে আল্লাহর ডান হাত।' বিভিন্ন সনদে এ মর্মে আরো অনেক হাদীস বর্ণিত হওয়ায় হাদীসটিকে হাসান বলা হয়।

১০। আল ফাকেহী হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রা) এর একটি বর্ণনা উল্লেখ করে বলেছেন যে, আবদুল্লাহ বিন আব্বাস বলেছেন : 'কোন ব্যক্তি যদি ঘর থেকে ভাল করে অজু করে মসজিদে হারামে গিয়ে হাজারে আসওয়াদকে চুমু দেয়, তারপর তাকবীর, তাশাহহুদ ও দরুদ পড়ে, মোমেন-মুসলমান নর-নারীর জন্য দোয়া করে, আল্লাহর জেকের করে এবং দুনিয়ার কোন বিষয়ে স্মরণ না করে, তাহলে, আল্লাহ তাঁর প্রতি কদমের জন্য ৭০ হাজার নেক লিখবেন, ৭০ হাজার গুনাহ মাফ করে দেবেন এবং তার মর্যাদা ৭০ হাজার গুণ বাড়িয়ে দেবেন। তারপর রোকনে ইয়ামানী ও হাজারে আসওয়াদের মাঝখানে পৌঁছলে, বেহেশতের বাগানসমূহের একটি বাগানের মধ্যে অবস্থান করবে এবং নিজ পরিবারের লোকদের জন্য কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) নিজ পরিবারের ৭০ জন লোকের জন্য সুপারিশ করার অনুমতি দেয়া হবে। তারপর দু'রাকাত নামায পড়লে এবং ভাল করে রুকু সেজদা আদায় করলে, আল্লাহ তাঁর জন্য আওলাদে ইসমাঈলের ৬০টি গোলাম আযাদ করার সমান সওয়াব দান করবেন।' এই বর্ণনাটির সনদ হাসান।

১১। আল্লাহ ঈমান ও ইসলামকে সব মুসলমানের কাছে আমানত রেখেছেন এবং এই দায়িত্ব পালন করার জন্য তাদের কাছ থেকে বাইআত নিয়েছেন। মানুষ এই নৈতিক অনুভূতির স্মারক কোন প্রতীকী জিনিস দেখতে চায়। আল্লাহ তাই, এই পাথরটিকে বাইতুল্লাহ শরীফের কোণে প্রতীকী স্মারক হিসাবে স্থান দিলেন। এইটি দেখে এবং এতে চুমু দিয়ে মুসলমানরা অনুভব করবে যে, তারা আল্লাহর বাইআত গ্রহণ করছে এবং স্বীয় দায়িত্ব ও আমানত পালনের জন্য আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হচ্ছে।

অবশ্য এই হেকমতটি চিন্তা করলে বুঝা যায়। তবে এর মূল রহস্য হচ্ছে, জ্ঞান ও বিবেকের পরীক্ষা নেয়া; এর প্রতি মানব মনের সাড়ার প্রকৃতি জানা এবং আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যের পরীক্ষা অনুষ্ঠান। বান্দাহ, এর মূল কারণ জানুক বা না জানুক, উভয় অবস্থায়ই আল্লাহর ইবাদত ও হুকুম মানা জরুরী। তাই হাজারে আসওয়াদের অস্তিত্ব আল্লাহর সার্বিক আনুগত্য এবং এবাদতের অংশবিশেষ।

টিকাঃ
৭. প্রাগুক্ত।
৮. প্রাগুক্ত।
৯. প্রাগুক্ত।

📘 মক্কা শরিফের ইতিকথা > 📄 হাজারে আসওয়াদে চুমু বা স্পর্শ করার দোয়া

📄 হাজারে আসওয়াদে চুমু বা স্পর্শ করার দোয়া


ফাকেহী উল্লেখ করেছেন যে, ইবনে উমর (রা) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) তওয়াফের প্রথম তিন চক্করে হাজারে আসওয়াদ থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত রমল করেছেন অর্থাৎ দ্রুতবেগে হেঁটেছেন। তারপর যখন হাজারে আসওয়াদে চুমু দেন বা স্পর্শ করেন কখন এই দোয়াটি পড়েন:
بِسْمِ اللهِ وَاللَّهُ أَكْبَرْ ، إِيْمَانًا بِاللَّهِ ، وَتَصْدِيقًا بِمَا جَاءَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
অর্থ : 'আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রতি ঈমান এবং মুহাম্মদ (সা) যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করি।'

তারপর তিনি রোকনে ইয়ামানী এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পৌঁছে পড়েছেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارَ .
অর্থ: 'হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে নেক ও কল্যাণ দাও এবং দোযখের আগুন থেকে বাঁচাও। (সূরা বাকারা- ২০১)

ফাকেহী আরো উল্লেখ করেছেন, হযরত উমর বিন খাত্তাব (রা) হাজারে আসওয়াদকে চুমু বা স্পর্শ করার সময় বলতেন,
امَنْتُ بِاللَّهِ وَكَفَرْتُ بِالطَّاغُوتِ .
অর্থ: 'আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং তাগুতের প্রতি অবিশ্বাস করলাম'।

হযরত আলী বিন আবু তালিব (রা) হাজারে আসওয়াদকে স্পর্শ করার সময় বলতেন:
اللَّهُمَّ تَصْدِيقًا بِكِتَابِكَ وَسُنَّةَ نَبِيِّكَ .
অর্থ : 'হে আল্লাহ তোমার কিতাব ও নবীর সুন্নতের প্রতি বিশ্বাস সহকারে (শুরু করছি)।'

হযরত আবদুর রহমান বিন আউফ বলতেন:
ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارَ . (البقرة : ۲۰۱)

হযরত ইবনে আব্বাস বলেছেন, হাজারে আসওয়াদে ভিড় থাকলে কাউকে কষ্ট দেবে না, নিজেও কষ্ট পাবে না এবং এমনিতেই চলে যাও।

ফাকেহী উল্লেখ করেছেন যে, হযরত উমরের প্রখ্যাত বক্তব্যের মত হযরত আবু বকর সিদ্দীক (রা)ও বলেছিলেন:
إِنِّي لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ وَلَوْلَا أَنِّي ، رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ .
অর্থঃ "আমি জানি যে, তুমি একটি পাথর। তুমি কারো উপকার ও অপকার করতে পারনা। আমি যদি রাসূলুল্লাহ (সা)-কে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমিও তোমাকে চুমু দিতাম না।"

ফাকেহী আরো উল্লেখ করেছেন যে, আবদুল্লাহ বিন যোবায়ের (রা) হাজারে আসওয়াদকে স্পর্শ করার পর নিজের হাত চেহারার উপর মসেহ করতেন। হযরত ওমর বিন আবদুল আযীযও (রা) নিজের চেহারা এবং দাড়ির উপর হাত মুছতেন।

রাসূলুল্লাহ (সা) হযরত উমর (রা) কে বলেছেন: 'হে উমর, তুমি একজন শক্তিশালী ব্যক্তি, দুর্বলকে কষ্ট দিও না। যখন হাজারে আসওয়াদকে ভিড়মুক্ত পাবে তখন স্পর্শ করবে এবং হাতে চুমু খাবে। অন্যথায় তাকবীর বলে অতিক্রম করে চলে যাবে।

হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, 'হাজারে আসওয়াদের কাছে, আসমান যমীন সৃষ্টির প্রথম দিন থেকে একজন ফেরেশতা আমীন, আমীন বলছে। তাই তোমরা-
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابُ النَّارِ .
বল।' অর্থাৎ ফেরেশতার আমীন বলার সাথে এই দোয়া একাকার হয়ে গেলে, তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

রাসূলুল্লাহ (সা) হাজারে আসওয়াদে চুমু দিয়েছেন এবং এর উপর দু'হাত বিছিয়ে দিয়েছিলেন। এক বর্ণনায় এসেছে যে, রাসূলুল্লাহ (সা) তওয়াফের প্রত্যেক চক্করে হাজারে আসওয়াদ ও রোকনে ইয়ামানীকে হাতে স্পর্শ করতেন এবং পরে সেই হাতে চুমু খেতেন।

হাজারে আসওয়াদে চুমু দেয়া কিংবা স্পর্শ করার সময় যে কোন দোয়াই করা যেতে পারে। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ যত বেশী পাওয়া যায় সেই উদ্দেশ্যেই ততবেশী দোয়া করা উচিত। এর জন্য বিশেষ কোন দোয়া নেই। আজকাল, অবশ্য অনেক দোয়ার বই বেরিয়েছে এবং সেগুলোতে বিভিন্ন ধরনের দোয়ার উল্লেখ রয়েছে। সেগুলো পড়া তেমন কোন জরুরী নয়। দোয়া যে কোন ভাষায় হতে পারে। তবে উত্তম হচ্ছে, রাসূলুল্লাহ (সা) এবং সাহাবায়ে কেরামের অনুসরণে তাদের কাছ থেকে বর্ণিত দোয়াসমূহ পাঠ করা। হাজারে আসওয়াদে স্পর্শ কিংবা চুমু দেয়ার সময় যে সকল দোয়া পড়া সুন্নত ও মোস্তাহাব সেগুলো হচ্ছে:

ইমাম শাফেঈ তাঁর اَلْقرى কিতাবে উল্লেখ করেছেন যে, কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করলেন, হাজারে আসওয়াদ স্পর্শ কিংবা চুমু দেয়ার সময় কি দোয়া পড়া যায়? রাসূলুল্লাহ (সা) বলেন, তোমরা তখন এই দোয়াটি পড়বে:
بيسمِ اللهِ وَاللهُ أَكْبَرُ إِيْمَانَا بِاللهِ وَتَصْدِيقًا لِإِجَابَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .

আরেকজন সাহাবী হাজারে আসওয়াদ স্পর্শ কিংবা চুমু দেয়ার সময় এই দোয়াটি পড়তেন:
اللَّهُمَّ ايْمَانَابِكَ وَوَفَاءَ بِعَهْدِكَ وَتَصْدِيقًا بِكِتَابِكَ وَسُنَّة نَبِيِّكَ .
তারপর তিনি রাসূলুল্লাহ (সা) এর উপর দরুদ পাঠ করতেন।

হযরত আলী (রা) অনুরূপ দোয়া পড়তেন। তবে তিনি আরো একটু বাড়িয়ে বলতেনঃ
وَاتَّبَاعًا لِسُنَّتِكَ وَسُنَّةِ نَبِيِّكَ .

হযরত উমর বিন খাত্তাব (রা) এই দোয়া পড়তেন:
بسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ عَلى مَا هَدَانَا اللهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا أَشْرِيْكَ لَهُ امَنْتُ بِاللَّهِ وَكَفَرْتُ بالطَّاغُوتِ وَاللَّاتِ وَالْعُزَّى وَمَا يُدْعَى مِنْ دُونِ اللَّهِ أَنْ وَلِيُّ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ .
আযরাকী তাঁর আখবারে মক্কা বইতে এই বর্ণনাটি উল্লেখ করেছেন।

টিকাঃ
১০. প্রাগুক্ত।
১১. প্রাগুক্ত।
১২. প্রাগুক্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00