📄 কা’বার গঠন প্রকৃতি
কাবা ঘর গোলাকৃতির এবং ভিতরে ফাঁকা। হযরত ইবরাহীম (আ) এর নির্মিত কাবার উচ্চতা ছিল ৯ হাত। তিনি মাটির সাথে সমান্তরাল দরজা তৈরি করেন এবং দরজার স্থানটি ফাঁকা রাখেন। ভিতরে একটি গভীর গর্ত তৈরি করেন। এতে কাবা শরীফের জন্য আসা উপহার সামগ্রীর হেফাজত করা হত। কোরাইশরা কাবার উচ্চতা ১৮ হাত করে এবং দৈর্ঘ্য কমিয়ে ফেলে। তাছাড়া, তারা কাবার উঁচু দরজা নির্মাণ করে, যাতে করে যাকে ইচ্ছা তাকে প্রবেশের অনুমতি দিতে পারে। তারা কাবা শরীফের ছাদ নির্মাণ করে এবং ছাদে উঠার জন্য মাঝখানে একটি সিঁড়ি তৈরি করে।
আবদুল্লাহ বিন যোবায়ের (রা)-এর নির্মিত কাবা শরীফের উচ্চতা ২৭ হাত। তিনি মাটির সমান্তরালে ২টি দরজা তৈরি করেন। কোরাইশরা কাবার যে অংশ বাইরে রেখেছিল তিনি সে অংশটি পুনরায় ভেতরে ঢুকান এবং একই সারিতে ৩টি খুঁটি নির্মাণ করেন। তিনি ছাদের পানি সরার জন্য একটি নল লাগান।
হাজ্জাজ বিন ইউসুফ হযরত আবদুল্লাহ বিন যোবায়েরের নির্মিত কাবার পরিবর্তন সাধন করে। সে কাবা শরীফের পশ্চিমের দরজাটি বন্ধ করে দিয়ে এবং হিজরে ইসমাঈলে ইবনে যোবায়ের কর্তৃক নির্মিত কাবার নতুন অংশ ভেঙ্গে ফেলে।
📄 কা’বার খুঁটি
হযরত আবদুল্লাহ বিন যোবায়ের কর্তৃক নির্মিত কা'বা শরীফের ভেতরে পূর্ব থেকে পশ্চিমে সারিবদ্ধভাবে ছাদ পর্যন্ত প্রায় ১৩ মিটার উঁচু ৩টি খুঁটি এখন পর্যন্ত বিদ্যমান আছে। এগুলোর উপরই কা'বার ছাদ ভর করে আছে। খুঁটিগুলো গোলাকৃতির এবং প্রতিটির আয়তন হচ্ছে আধা মিটার কিংবা সামান্য বেশী। খুঁটির নীচু অংশে আধা মিটার উঁচু কাঠের বর্গাকৃতি কাঠামো রয়েছে। এগুলোতে সোনালী রং-এর অনুপম নকশা করা হয়েছে। প্রতিটি খুঁটিকে কেন্দ্র করে কারুকার্য খচিত ৩টি দেয়াল আছে। মাঝের দেয়ালে এক টুকরো খাঁটি সোনা দ্বারা খুঁটিকে যুক্ত করা হয়েছে। তাতে কোরআনের আয়াত অংকিত আছে।
তিনটি খুঁটির উপরের চতুর্থাংশে লাগানো আছে লম্বা স্টীল। এতে রয়েছে রিং। সে রিং-এর মধ্যে কা'বা শরীফে প্রদত্ত উপহার সামগ্রী ঝুলানো আছে। সে উপহারগুলো হচ্ছে- বদনা, বিভিন্ন পাত্র ও বাতি ইত্যাদি। কিছু জিনিস খাঁটি সোনার তৈরি, আর কিছু রূপা ও অন্যান্য মূল্যবান ধাতুর তৈরি। এগুলো ছোট-বড় বিভিন্ন আকৃতির। কেবলমাত্র হাজারে আসওয়াদ ও রোকনে ইয়ামানী সংলগ্ন পূর্ব দেয়াল থেকে পশ্চিম দিকে অবস্থিত ১ম খুঁটির মধ্যে (অর্থাৎ কা'বার দরজার বিপরীত দিকে) ১৬টি উপহার সামগ্রী ঝুলানো আছে। সকল খুঁটিতে ঝুলানো উপহার সামগ্রীর সংখ্যা ৫০-এর কম নয়। প্রত্যেকটি উপহারের গায়ে সন-তারিখ উল্লেখ আছে। এগুলোতে শোভা বর্ধক বিভিন্ন ধরনের শিকা এবং শিকায় পাতিল ও কলসীর মত নানা ভাস্কর্য শোভা পাচ্ছে।
📄 কা’বার ভিটি
কা'বার ভেতরে মেঝেতে খুবই মূল্যবান মার্বেল পাথর লাগানো হয়েছে। মেঝেতে ১ম ও ২য় খুঁটির মধ্যবর্তী স্থানে, দামী মার্বেল নির্মিত মেটে রং এর একটি বাক্স আছে। মার্বেল পাথরগুলো কা'বা শরীফের মেঝের পাথরগুলোর অনুরূপ। বাক্সে বিভিন্ন প্রকার সুগন্ধি, আতর, আগর কাঠ ও মেশক-আম্বরসহ কা'বা ধৌতকরণের উপাদান- যেমন, গোলাপ জল ও সাদা কাপড়ের ন্যাকড়া সংরক্ষণ করা হয়। মেঝেতে কোন কার্পেট নেই।
📄 মোসাল্লা রাসূল (সা)
কা'বার মেঝেতে দক্ষিণ দেয়ালের কাছে শ্বেত মার্বেল নির্মিত এক টুকরো জায়গা নিজ মহিমায় ভাস্বর। এটি বাবে কা'বার ঠিক বিপরীতে এবং রোকনে ইয়ামানীর কাছাকাছি। এটিই মহানবী (সা)-এর নামায পড়ার স্থান। মোসাল্লা বরাবর দেয়ালে কুফী অক্ষরে লেখা আছে- 'মোরাববাআতে মোহাম্মাদ (সা)।'