📄 মক্কায় জোরহোম গোত্রের শাসন
মক্কায় জোরহোম গোত্রের আবাদীর সাথে তাদের শাসন শুরু হয়। তাদের বংশে হযরত ইসমাঈল (আ) বিয়ে করেন এবং তাদের ভাষা আরবী শিখেন। তাঁর বংশধরদেরকে ঐতিহাসিকরা العرب المستعربة বা 'নতুন আরব' বলে অভিহিত করেন। কেননা, জোরহোম গোত্র ও তদানীন্তন ইয়েমেনের আরবরা ছিল মূল আরবী লোক।
হযরত ইসমাঈল (আ) এর ইন্তেকালের পর জোরহোম গোত্রে তাঁর নাতী মোদাদ বিন আমর আলজোরহোমী পর্যন্ত মক্কার শাসন অবশিষ্ট ছিল। জোরহোমীরা পরে দুই শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে জোরহোম শাখা আর ২য়টি হচ্ছে কাতুরা শাখা। মোদাদ তাঁর শাখার লোকদেরকে নিয়ে মক্কার উঁচু দিকে এবং কুআইকাআন পাহাড়ের পাদদেশে বসবাস শুরু করেন। অপরদিকে কাতুরা সম্প্রদায়ের প্রধান সুমাইজা' তাঁর শাখার লোকদেরকে নিয়ে জিয়াদ ও মক্কার নীচু দিকে বাস করা শুরু করেন। তবে এক শাখার লোকেরা অন্য শাখার লোকদের বসবাসের এলাকায় আসা-যাওয়া করত না। জোরহোম গোত্র কুআইকাআন, যা আজকে 'জাবালে হিন্দ' নামে পরিচিত, সেই এলাকাসহ উত্তর-পূর্ব দিকে কাসাসিয়া বরাবর মক্কা উপত্যকার উপরিভাগে বাস করত। অপরদিকে, কাতুরা সম্প্রদায়ের লোকেরা জিয়াদের সাদ এলাকা থেকে শুরু করে মেসফালার মুখ পর্যন্ত এলাকায় বাস করা শুরু করে। পরে জোরহোম ও কাতুরা শাখার মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। মোদাদ বিন আমর সুমাইজা'র বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খোলা তলোয়ার ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। শাণিত অস্ত্র শস্ত্র নিয়ে বের হওয়াকে আরবীতে تقعقع 'তাকা'কা' বলে। এই জন্য তাদের বসবাসের এলাকাকে قُعَيقَعَانُ 'কুআইকাআন' বলা হয়। অপরদিকে, 'সুমাইজা' তার দলবল ও ঘোড়া নিয়ে মোকাবিলার জন্য বের হয়। আরবীতে ঘোড়াকে جیاد 'জিয়াদ' বলা হয়। এজন্য তাদের বসবাসের এলাকাকে জিয়াদ বলা হয়। হযরত ইসমাঈল (আ) এর ইন্তেকালের পর তাঁর ছেলে সাবেত মৃত্যুর আগ পর্যন্ত মক্কা শহরের শাসক ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে মোদাদ বিন আমর আলজোরহোমী মক্কা শহরের নেতৃত্ব গ্রহণ করেন। তাঁরই বংশ থেকে হযরত ইসমাঈল (আ)-এর বংশধরদের শাখা-প্রশাখা বিস্তার লাভ করেছে। পরে যখন জোরহোম বংশের লোক বেড়ে যায় এবং মক্কার পার্বত্য শহরে তাদের সংকুলান কষ্টকর হয়ে উঠে, তখন তাঁদের কিছু লোক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। তাঁরা যখনই যে শহরে গিয়েছেন, সেখানেই হযরত ইসমাঈল (আ) এর দীনের সঠিক অনুসরণ করার কারণে আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন। ফলে তাঁরা বিভিন্ন জায়গার নেতৃত্ব লাভ করেন এবাং আমালিকা সম্প্রদায়ের লোকদের সেখান থেকে বিতাড়িত করেন। মানুষ চারদিক থেকে কা'বা শরীফের তওয়াফ ও যিয়ারত করতে আসা শুরু করে। ফলে, মক্কা শহরের শাসক হিসাবে জোরহোম গোত্রের সম্মান ও মর্যাদা অনেক বেড়ে যায়। কেউ তাদের সাথে ঝগড়া-সংঘর্ষে অবতীর্ণ হয় না। কেননা, এমনিতেই মক্কায় সংঘর্ষ ও যুদ্ধ বিগ্রহ-নিষিদ্ধ।
পরবর্তীতে ২য় মোদাদ বিন আমরের শাসনামলে, জোরহোম গোত্র আল্লাহর ঘরের মর্যাদা খাটো করে দেখা শুরু করে। তারা বড় ধরনের গুনাহ ও অন্যায় কাজে জড়িয়ে পড়ে। ফলে ২য় মোদাদ বিন আমর, নিজের সম্প্রদায়ের লোকদেরকে উদ্দেশ্য করে এক বক্তৃতায় বলেন, “হে আমার জাতি, তোমরা বিদ্রোহকে ভয় কর। কেননা, জালেম বিদ্রোহীরা ধ্বংস হতে বাধ্য। তোমরা দেখেছ তোমাদের আগে আমালিক সম্প্রদায়ের লোকেরাও হারাম এলাকার মর্যাদাকে খাটো করে দেখার কারণে তাদের মর্যাদা কমে গিয়েছিল, তাদের মধ্যে পারস্পরিক লড়াই-ঝগড়া শুরু হয়ে গিয়েছিল এবং মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাদের উপর তোমাদেরকে বিজয়ী করেছেন, তোমরা তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছ। তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোন সম্মান নেই। এই শহরে ও হারাম শরীফের প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্যে কিংবা কেউ যদি এখানে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে আসে, তাহলে তাদের উপর জুলুম করো না। যদি তা কর, তাহলে আমি তোমাদেরকে এখান থেকে বেইজ্জত হয়ে, বিতাড়িত হওয়ার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। ফলে তোমাদের কেউ এই হারাম কিংবা বাইতুল্লাহর কাছেও আসতে পারবে না। অথচ এটা তোমাদেরসহ সকলের জন্য, এমনকি পশুপাখীর জন্য নিরাপদ এলাকা।" এই বক্তৃতার জবাবে তাঁর সম্প্রদায়ের 'ইয়াজদা' নামক এক ব্যক্তি বলেন, "কে আমাদেরকে এই শহর থেকে বিতাড়িত করতে পারে? আমরা কি সমস্ত আরবদের মধ্যে বেশী অস্ত্র ও অর্থের অধিকারী নই?" এর জবাবে ২য় মোদাদ বলেন, "যখন ঐ রকম অবস্থা সৃষ্টি হবে তখন তোমার এ সকল ধ্যান-ধারণা ভুল প্রমাণিত হবে।"
📄 মক্কায় খোজাআ’ গোত্রের শাসন
জোরহোম গোত্র মক্কায় পাপাচার শুরু করে, বহিরাগত লোকদের উপর জুলুম-নির্যাতন আরম্ভ করে, কা'বা শরীফের উদ্দেশ্যে প্রদত্ত উপহার সামগ্রী ভোগ করা শুরু করে এবং কাবা শরীফের ভেতরে জেনা-ব্যভিচারের সূচনা করে। তখন আল্লাহ তাদের উপর ইয়েমেনের কাহতান সম্প্রদায়ের 'খোজাআ' বংশকে বিজয়ী করেন এবং জোরহোম গোত্রকে পরাজিত ও বিতাড়িত করেন। এই ঘটনা ৩ শত খৃষ্টাব্দের শেষ কিংবা ৪শ' খৃস্টাব্দের প্রথমে সংঘটিত হয়।
আমর বিন মাউসামা প্রখ্যাত কবি ইমরাউল কায়েসের বংশধর এবং কাহতানী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি দক্ষিণ আরবের অধিবাসী ছিলেন। প্রখ্যাত আরম বন্যার কারণে তিনি ও তাঁর বংশের লোকেরা নিজ এলাকা ছেড়ে বেরিয়ে পড়েন এবং এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে থাকেন। যেখানেই তাঁরা গিয়েছেন সেখানেই তারা স্থানীয় লোকদের উপর বিজয়ী হয়েছেন। পরবর্তীতে তাঁরা উত্তম-জায়গার তালাশে মক্কা আসেন। তাঁরা মক্কার শাসক ২য় মোদাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহবান জানান। কিন্তু মোদাদ তা অস্বীকার করেন। ফলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং তিন দিন পর্যন্ত যুদ্ধ চলে। যুদ্ধে জোরহোম গোত্র পরাজিত হয় এবং দেশত্যাগী ব্যক্তি ছাড়া আর কেউ জীবিত নেই। তখন থেকেই মক্কায় 'খোজাআ' গোত্রের শাসন শুরু হয়। নতুন শাসকদের কাছে বনী ইসমাঈলরা আসে এবং মক্কায় থাকার অনুমতি চায়। ২য় মোদাদের ছেলে হারেসের পক্ষে মক্কা ত্যাগ করা খুবই কষ্ট হচ্ছিল। তিনি পুনরায় মক্কায় বাস করার আগ্রহ নিয়ে 'খোজাআ' গোত্রের কাছে অনুমতি চান। খোজাআ গোত্র অনুমতি দিতে অস্বীকার করে। 'খোজাআ' গোত্রের আমর বিন লুহাই মক্কার শাসক নিযুক্ত হন। তিনিই প্রথম মক্কায় মোটা-তাজা উট জবাই করে এর সুরুয়ার সাথে রুটি মিশ্রিত করে প্রখ্যাত আরব খাবার 'সারীদ' তৈরি করে হাজীদেরকে খাওয়ান এবং প্রত্যেক হাজীকে ইয়েমেনের তৈরি ৩টি চাদর উপহার দেন। তিনিই পরবর্তীতে কা'বা শরীফের চতুর্দিকে বিভিন্ন কুসংস্কার চালু করেন, কা'বাঘরের চতুষ্পার্শ্বে মূর্তি বসান এবং সুদূর ইয়েমেন থেকে অভিশপ্ত হোবল দেবতাকে এখানে নিয়ে আসেন। এখানেই কোরাইশ ও আরবরা তীর দ্বারা ভাগ্য পরীক্ষা করত। তিনিই প্রথম ব্যক্তি যিনি হযরত ইবরাহীম (আঃ) এর দীনের বিকৃতি সাধন করেন।
আমর বিন লুহাই ও তাঁর বংশধররা ৫শ' খৃস্টাব্দ পর্যন্ত কা'বা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। এ দীর্ঘ সময়ের মধ্যে তারা কা'বা শরীফের কোনকিছু নষ্ট করেনি এবং এতে কোন সংস্কার বা নতুন নির্মাণও করেনি।
📄 আবরাহা বাদশাহর কা’বা ধংস অভিযান
রাসূলুল্লাহ (সা) এর যে বছর জন্ম হয় সে বছর মহরম মাসে আবরাহার হস্তিবাহিনী কাবা আক্রমণ করতে এসে ধ্বংস হয়। আর রাসূলুল্লাহ (সা) জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ (সা) ৫৭০ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে, হাতী বাহিনীর ঘটনার ৫০ দিন পর রাসূলুল্লাহ (সা) জন্মগ্রহণ করেন। তখন মক্কার সরদার ছিলেন আবদুল মুত্তালিব।
আবরাহা শব্দটি সুরিয়ানী আব্রাহাম শব্দের হাবশী উচ্চারণ হতে পারে। ইয়েমেনে আবরাহার ক্ষমতা পাকাপোক্ত হওয়ার পর সে দুটো উদ্দেশ্যকে সামনে রেখে কাজ শুরু করে। তখন পৃথিবীতে দুটো বৃহৎ শক্তি ছিল। রোমান ও পারস্য শক্তি। রোমান সম্রাট খৃষ্টান সাম্রাজ্যের অধিকারী। হাবসা (ইথিওপিয়া) হচ্ছে রোমান সম্রাটের মিত্র শক্তি আর ইয়েমেন হচ্ছে হাবশার খৃষ্টান সরকারের প্রভাবিত দেশ। আবরাহার লক্ষ্য ছিল আরবদেশে খৃষ্টান ধর্ম প্রচার করা এবং আরবদের প্রাচ্যদেশসহ অন্যান্য দেশে পরিচালিত বাণিজ্য করায়ত্ত করা।
খৃষ্টান মিশনারী তৎপরতার লক্ষ্যকে সামনে রেখে আবরাহা ইয়েমেনের রাজধানী সানআয় একটি গীর্জা তৈরি করে। এর নাম হচ্ছে কুলাইস গীর্জা। মুহাম্মদ বিন ইসহাক লিখেছেন, গীর্জা তৈরির পর সে হাবশার বাদশাহকে লিখে, আমি কা'বা হতে আরবদের হজ্জকে এই গীর্জায় অবশ্যই স্থানান্তরিত করব। ইয়েমেনে একথা প্রচার করে দিয়ে সে অপেক্ষা করতে লাগল, কোন আরব একথা শুনে রাগ করে কিছু করে বসলে তা মক্কা আক্রমণের সরাসরি কারণ ও অজুহাত হয়ে দাঁড়াবে। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, এই ঘোষণায় রাগান্বিত হয়ে- কানানা গোত্রের একজন আরব গীর্জায় পেশাব-পায়খানা করে দেয়। মুকাতিল বিন সুলায়মানের মতে কয়েকজন আরব রাগান্বিত হয়ে গীর্জায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার রেশ ধরে বাদশা আবরাহা মক্কা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে।
৫৭০ খৃষ্টাব্দে, আবরাহা ৬০ হাজার সৈন্য এবং ১৩টি বা ৯টি হাতী সহকারে কাবা ধ্বংসের অভিযানে রওয়ানা করে। পথে তায়েফসহ কয়েক জায়গায় যুদ্ধের মাধ্যমে বাধাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও সে অগ্রসর হয়। মুগাম্মাছে আসার পর তার অগ্রবাহিনীকে পাঠিয়ে দেয় এবং কোরাইশদের কাছে একজন দূত পাঠিয়ে খবর দেয় যে, কোরাইশরা আলোচনার প্রয়োজন বোধ করলে তা করতে পারে। আবদুল মুত্তালিব গিয়ে আবরাহার সাথে দেখা করেন এবং তার বাহিনী কর্তৃক অপহৃত নিজের উটগুলো ফেরত চান। আবরাহা এতে আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, আপনি তো শুধু আপনার লুঠকৃত উট ফেরত চাইলেন কিন্তু কাবা সম্পর্কে কিছুই বললেন না। উত্তরে আবদুল মুত্তালিব বলেন, এই ঘরের একজন রব আছেন। তিনিই ঘরটিকে রক্ষা করবেন। এ ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই। ইবনে ইসহাক এই বর্ণনা দেন। অপর দিকে ইবনে আব্বাসের বর্ণনায় আবদুল মুত্তালিবের উটের দাবীর কোন কথা উল্লেখ নেই। তিনি বলেন, আবরাহা যখন আরাফার অদূরে সিফাহ নামক স্থানে অবস্থান করেন তখন আবদুল মুত্তালিব তার কাছে হাজির হয়ে বলেন, আপনার এই পর্যন্ত আসার কি দরকার ছিল? কোন কিছু দরকার হলে খবর দিলে আমরাই পাঠিয়ে দিতাম। আবরাহা বলল, আমি কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। তখন আবদুল মুত্তালিব বলেন, এটি আল্লাহর ঘর। আজ পর্যন্ত এই ঘরের উপর তিনি কাউকে চড়াও হতে দেননি। তাই আপনিও কোনকিছু চাইলে তা নিয়ে ফেরত যান। কিন্তু আবরাহা তাতে রাজী না হয়ে আবদুল মুত্তালিবকে পেছনে রেখে তার বাহিনীকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেয়।
উভয় বর্ণনার মাধ্যমে একটি সত্য পরিষ্কার হয়ে উঠেছে যে, মক্কার লোকেরা আবরাহা বাদশাহর বাহিনীকে বাধা দেয়নি এবং কোন প্রতিরোধও গড়ে তোলেনি। আর এদের পক্ষে আবরাহার ৬০ হাজার সৈন্যের এত বড় বাহিনীর মোকাবিলা করাও সম্ভব ছিল না। আহযাবের যুদ্ধে তারা ইহুদীদেরকে সহ সকল শক্তি সামর্থ যোগাড় করার পর মাত্র ১০/১২ হাজার সৈন্যের একটি বাহিনী সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। অবশ্য তখন আবরাহার হস্তিবাহিনীর ঘটনার পর ৫৭ বছর অতিবাহিত হয়ে গেছে। তাহলে, ৫৭ বছর আগে তারা এতবড় আবরাহা বাহিনীর মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সৈন্যসামন্ত পাবে কোথায়?
ইবনে ইসহাকের বর্ণনায় আরো এসেছে যে, আবদুল মুত্তালিব অন্যান্য কোরাইশ নেতাদেরকে নিয়ে কাবা শরীফে উপস্থিত হন এবং কাবার কড়া ধরে আল্লাহর কাছে এই ঘর রক্ষার দোয়া করেন। তখন কাবায় ৩৬০টি মূর্তি ছিল। কিন্তু তারা ঐ মূর্তিদের কাছে এই ঘর কাবা রক্ষার কোন আবেদন জানায়নি। তারা জানত যে, ঐগুলোর কোন ক্ষমতা নেই তা সত্ত্বেও অযথা সেগুলোর পূজা করত। আল্লাহর কাছে ঐ সকল দোয়া করার পর আবদুল মুত্তালিব ও তাঁর সাথীরা পাহাড়ে আশ্রয় নেয়।
এদিকে আবরাহা মক্কায় প্রবেশ করার জন্য যে হাতীর উপর সওয়ার ছিল তা সবার আগে চলছিল। হাতীগুলো হঠাৎ করে মুহাসসির উপত্যকায় বসে পড়ল। হাতীগুলোকে চাবুক দিয়ে আঘাত করতে করতে আহত করা হল। তারা একবিন্দুও কাবার উদ্দেশ্যে সামনের দিকে এগুতে চায় না। কিন্তু যখন তাদেরকে বাকী তিনদিকে চালানোর চেষ্টা করা হয় তখন তারা দৌড়াতে থাকে। মক্কার দিকে এক কদমও অগ্রসর হয় না।
ইতিমধ্যেই দেখতে না দেখতে ঝাঁকে ঝাঁকে পাখী ঠোঁট ও পাঞ্জায় করে পাথর টুকরো নিয়ে উড়ে এল এবং আবরাহা বাহিনীর উপর পাথরকুচির বৃষ্টি বর্ষণ করতে লাগল। যার উপরই এই পাথরকুচি পড়ত তার শরীর গলে যেত। ইবনে ইসহাক এবং ইকরামার মতে, পাথরকুচির স্পর্শ লাগলেই শরীরে বসন্ত রোগ দেখা দিত। ফলে গোটা আরব দেশে ঐ বছরেই প্রথম বসন্তের ব্যাপক প্রকোপ দেখা দেয়। ইবনে আব্বাসের মতে পাথরকুচি যার উপরই পড়ত তার শরীরে ভয়াবহ চুলকানী শুরু হত, চামড়া ফেটে যেত এবং মাংস ঝরে পড়ত। স্বয়ং আবরাহারই এই অবস্থা দেখা দিল। তার শরীরের রক্ত মাংস ঝরে পড়া শুরু হল। যেখানেই একটি পাথরকুচি পড়ত সেখান থেকেই পুঁজ ও রক্ত বের হত। এরকম ভয়াবহ অবস্থা থেকে তারা ইয়েমেনের দিকে ছুটে পালাতে লাগল এবং পথে পথে মরে পড়ে থাকল। আতা বিন ইয়াসার বলেছেন, তার সব লোক এক সাথে মারা যায়নি।
আবরাহার একজন মন্ত্রী এই ঘটনা বর্ণনা করার জন্য হাবশায় বাদশাহর দরবারে গেল এবং তার মাথার উপর একটি পাখীও উড়ছিল। সে যখন হাবশার বাদশাহর কাছে এ ঘটনা বর্ণনা শেষ করল, তখন পাখিটি তার উপর একই পাথরকুচি বর্ষণ করল এবং সে সেখানেই মারা গেল যা হাবশার বাদশাহ স্বচক্ষে দেখেন।
আল্লাহ তাঁর কুদরত দিয়ে কাবা শরীফকে রক্ষা করেন এবং আবরাহা বাহিনীকে পরাজিত করেন। যে পাখীগুলো ঐ অভিযানে অংশগ্রহণ করে সেগুলো লোহিত সাগরের দিক থেকে এসেছিল। সাঈদ বিন যোবায়ের বলেন, এ ধরনের পাখী আগেও দেখা যায়নি এবং পরেও আর কখনও দেখা যায়নি। ইবনে আব্বাস বলেন, পাখীগুলোর ঠোঁট পাখীর মতই ছিল কিন্তু তাদের পাঞ্জা ছিল কুকুরের মত। প্রত্যেকটা পাখীর ঠোঁটে একটি এবং পাঞ্জায় দুটো করে পাথর কুচি ছিল। মক্কার কোন কোন লোকের কাছে দীর্ঘদিন পর্যন্ত ঐ পাথরকুচির নমুনা সংরক্ষিত ছিল। পাথরগুলো মটরশুঁটির দানার মত এবং কালচে লাল ছিল। ইবনে মারদুইয়ার মতে, ঐগুলো ছাগলের লাদের সমান ছিল। এই সকল বর্ণনা দ্বারা বুঝা যায় যে, সকল পাথরকুচি একই সমান ছিল না। কোনটা ছোট এবং কোনটা বড় ছিল।
কারুর মতে সেই পাখিগুলো ছিল আবাবিল। সেগুলো আকারে খুবই ছোট। অন্যদের মতে, আবাবীল অর্থ ঝাঁকে ঝাঁকে। অগণিত ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে আবরাহার বাহিনীকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। যাই হোক, আবরাহা বাহিনী পর্যুদস্ত হওয়ার পর কোরাইশরা তাদের অর্থ-সম্পদ, পশু, হাতিয়ার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লাভ করে। আবদুল মুত্তালিব আবরাহা বাহিনীর সম্পদ ও সোনা লাভ করে পরবর্তীতে ধনী হয়ে গেলেন।
আল্লাহ আবরাহা বাহিনীকে ধ্বংস করেই ক্ষান্ত হননি। তারপর তিন-চার বছরের মধ্যে ইয়েমেনের বিভিন্ন গোত্রের সরদাররা বিদ্রোহ ঘোষণা করল এবং ইয়েমেনের উপর হাবশার শাসন এবং প্রভাব-প্রতিপত্তি খতম হয়ে গেল। হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার পর ইয়েমেনে তাদের শক্তি ও ক্ষমতা শেষ হয়ে গেল। ৫৭৫ খৃষ্টাব্দে, সাইফ বিন যি-ইয়াজান নামক একজন ইয়েমেনী সরদার পারস্য সম্রাটের সাহায্য চাওয়ায় মাত্র ১ হাজার পারসীয় সৈন্য ৬টি জাহাজে চেপে ইয়েমেনে আসে এবং সেখান থেকে হাবশী শাসনের পরিসমাপ্তি ঘটায়।
এই ঘটনাটিই আল্লাহ পবিত্র কুরআনের সূরা ফীলে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন,
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحِبِ الْفِيلِ لَا أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيل وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ لَا تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجَيْلِ لا فَجَعَلَهُمْ كَعَصْفُ مَا كُول .
অর্থ: 'তুমি কি দেখনি তোমার আল্লাহ হস্তিবাহিনীর সাথে কি করেছেন? তিনি কি তাদের চেষ্টা-প্রচেষ্টাকে পুরো নিষ্ফল করে দেননি? তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখী পাঠিয়ে দিলেন যা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করছিল। ফলে তাদের অবস্থা এমন করে দিল যেমন জন্তু জানোয়ারের ভক্ষণ করা ভূষি।'
টিকাঃ
৭. ফী রেহাবিল বাইতিল হারাম, ডঃ মোহাম্মদ আলাওয়ী মালেক।
৮. প্রাগুক্ত।
৯. তাফহীমুল কোরআন, সূরা ফীল, সাইয়েদ আবুল আলা মওদুদী।
📄 আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার রূপ
হযরত ইবরাহীম (আ) নিজ পুত্র, ইসমাইল (আ) সহ কাবা নির্মাণ করেন এবং উভয়েই মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকেন। পরে তার বংশধরগণ কিছুদিন ইসলামের পথে চলেছে। কিন্তু পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যেই তারা তাদের নবীদের শিক্ষা ও প্রদর্শিত পথ ভুলে গিয়ে জাহেলিয়াতের গভীর অন্ধকারে নিমজ্জিত হয়। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা কম-বেশী দু'হাজার বৎসর পর্যন্ত বিরাজমান ছিল। এই দীর্ঘ সময়ে আরবদেশে কোন নবীর আবির্ভাব হয়নি। তারপর হযরত ইবরাহীম (আ) এর দোয়া কবুল হল এবং শেষ নবী হযরত মুহাম্মাদ (সা) এসে জাহেলিয়াতের অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করেন। ইবরাহীম (আ) দোয়া করেছিলেন:
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ .
অর্থ: 'হে আল্লাহ এই জাতির মধ্য থেকেই একজন নবী পাঠাও, যিনি তাদেরকে তোমার বাণী শোনাবে, জ্ঞান এবং প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদের নৈতিক চরিত্র সংশোধন করবে।' (আল বাকারা ১২৯)। হযরত মুহাম্মাদ (সা) এর নবুওত হযরত ইবরাহীম (আ) এর দোয়ারই ফসল। এখন আসুন, আমরা জাহেলিয়াতের বর্বর আচরণ সম্পর্কে কিছু আলোচনা করি।
আল্লাহর একত্ববাদ ও সার্বভৌমত্বের প্রচারের জন্য যে কাবাঘর প্রতিষ্ঠিত হয়েছিল সেই কাবার ভেতরই শত শত মূর্তি ও দেবতা ঢুকানো হল। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা) এর ভেতর থেকে ৩৬০টি মূর্তি সরান। দুর্বৃত্তরা স্বয়ং হযরত ইবরাহীম এবং ইসমাইল (আ) এর মূর্তি তৈরি করে তা কাবার ভেতর রেখে দেয়। এ ছাড়াও তাতে লাত, মানাত, ওজ্জার ২য় সংস্করণ, আসাফ, নায়েলা, হোবল, নসর, ইয়াগুসসহ অসংখ্য মূর্তি ছিল। প্রতিমা পূজা এমন পর্যায়ে পৌঁছলো যে, পাথর না পেলে, পানি ও মাটি মিশিয়ে একটি প্রতিমূর্তি তৈরি করে এর উপর ছাগলের দুধ ছিটিয়ে দিলেই তাদের মতে সেই নিষ্প্রাণ পিণ্ডটি উপাস্য হয়ে যেত এবং তারা এরই পূজা করত।
সাইয়েদ কুতুব উল্লেখ করেছেন যে, প্রত্যেক গোত্রের একটি করে মূর্তি ছিল। এমনকি প্রত্যেক শহর ও লোকালয়ের পৃথক পৃথক মূর্তি ছিল।
আলকিন্দি লিখেছেন, মক্কার প্রত্যেক ঘরে একটি করে মূর্তি ছিল। মক্কার কোন লোক সফরে রওয়ানা হওয়ার পূর্বে তার সর্বশেষ কাজ ছিল পারিবারিক মূর্তির সন্তুষ্টি অর্জন এবং তাকে প্রণাম জানানো। সফর থেকে ফিরে আসার পরও প্রথম কাজটি ছিল ঘরের মূর্তিটিকে প্রণাম করা।
মূর্তি সংগ্রহ করা এবং এদেরকে রাখার জন্য মন্দির তৈরি করার ব্যাপারে লোকদের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান ছিল। যারা অনুরূপ পাথর বা মূর্তি সংগ্রহ করতে পারত না তারা কাবার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তির প্রণাম করত। ঐ সকল মূর্তি বা পাথরগুলোকে 'আনসাব' বলা হত।
বুখারী শরীফে আবু রাজোয়া আল-আতারিদী থেকে বর্ণিত আছে যে, 'আমরা পাথরপূজা করতাম। যখন আমরা নতুন ভাল পাথর পেতাম তখন পুরাতন পাথরটি ফেলে দিতাম। কোন পাথর না পেলে আমরা মাটির মূর্তি তৈরি করে তার উপর ছাগলের দুধ ছিটিয়ে দিতাম।' যখন কোন পর্যটক কোন স্থানে যাত্রা বিরতি করত, তখন সে চারটি পাথর সংগ্রহ করত। সে এর মধ্যে সর্বোৎকৃষ্টটির পূজা করত এবং বাকী তিনটা দিয়ে চুলা তৈরি করে এর উপর খাবার পাকাত।
যে মূর্তিপূজা ও ঠাকুরবাদের ব্যাপারে তাদের পিতা হযরত ইবরাহীম (আ) গোটা ইরাকের বিরুদ্ধে জিহাদ করেছিলেন তারা আবার তাই শুরু করে দিল। কা'বা শরীফকে মূর্তিপূজার আড্ডাখানা বানিয়ে তারা ঠাকুর সেজে বসল। তারা ভূত-প্রেত, জ্বীন, ফেরেশতা এবং মৃতপূর্বপুরুষদের আত্মার পূজাও করত।
আল-কালবী লিখেছেন যে, খোজাআ গোত্রের বনি মালিক শাখার লোকেরা জ্বীনের পূজা করত। সাঈদ উল্লেখ করেছেন যে, হিমিয়ার গোত্র সূর্য এবং কাইয়ারা গোত্র চাঁদের পূজা করত। বনু কায়েস গোত্র বুধ, শুক্র, শনি ও বৃহস্পতি গ্রহের পূজা করত।
মক্কায় হজ্জের মওসুমে তিনটি মেলা বসত। সবচাইতে বড় মেলাটি বসত ওকাজ বাজারে। সেখানে প্রত্যেক গোত্রের লোকেরা যেত, তাদের কবিরা নিজ নিজ গোত্রের খ্যাতি, বীরত্ব, শক্তি, সম্মান ও দানের প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে তুলত এবং গৌরব ও অহংকার প্রকাশের ব্যাপারে প্রতিযোগিতায় অবতীর্ণ হত। প্রত্যেক গোত্রের প্রধানরা নিজেদের সুনাম অর্জনের জন্য বড় বড় ডেগ চড়াত এবং উটের পর উট জবাই করে মেলার মানুষদেরকে খাওয়াত। এই অপচয়ের উদ্দেশ্য হল, মেলায় আগত লোকদের মাধ্যমে গোটা আরব দেশে তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এই সকল মেলায় নাচ-গান, মদ এবং ব্যভিচারসহ সকল প্রকার নির্লজ্জ কাজ অনুষ্ঠিত হত।
তারা উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করত এবং বিকৃত উপায়ে এবাদত করত। তারা কাবার পার্শ্বে হাততালি দিত, বাঁশী বাজাত এবং শিঙ্গায় ফুঁ দিত। তারা সেখানে পশু কোরবানী দিত। কোরবানীর রক্ত কাবার দেয়ালে লেপে দিত এবং গোশত কাবার দরজার সামনে ফেলে রাখত। তাদের মতে, (নাউজুবিল্লাহ) আল্লাহ এগুলো কবুল করবেন।
হযরত ইবরাহীম (আ) ৪ মাসের মধ্যে রক্তপাত ও যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু যখন তারা যুদ্ধ করতে চাইত তখন তারা এক বছরের নিষিদ্ধ মাসগুলোকে হালাল গণ্য করে যুদ্ধ করত এবং পরের বছর এর কাজা আদায় করত।
তারা হজ্জের সফরে ব্যবসা-বাণিজ্য কিংবা আয়-রোজগার করাকে নাযায়েজ মনে করত।
তারা হজ্জের সময় পানাহার পর্যন্ত বন্ধ করে দিত। এগুলোকে তারা এবাদত মনে করত। কোন কোন লোক হজ্জে যাত্রা করলে কথাবার্তা বন্ধ করে দিত। এর নাম ছিল হজ্জে 'মুছমেত' বা বোবা হজ্জ।
ইসলামের প্রথম দিকে আবিসিনিয়ায় (বর্তমান ইথিওপিয়া) হিজরতকারী মুসলিম দলপতি বাদশাহ নাজ্জাসীর দরবারে বলেন, আমরা ছিলাম মূর্খ লোক, আমরা শুধু মূর্তিপূজা করতাম। এমন কোন অন্যায় আচরণ বাকী নেই যা আমরা করিনি। আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং প্রতিবেশীদের অধিকার আদায় করি না। দুর্বলের উপর অত্যাচারকারীকে আমাদের মধ্যে বেশী শক্তিশালী বিবেচনা করা হয়। আমাদের মধ্যে আল্লাহর নবী আসার পূর্ব পর্যন্ত আমরা অন্ধকারে ছিলাম। তিনি আমাদেরকে এইসব খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
যুদ্ধবিগ্রহ ও দ্বন্দ্ব-সংঘর্ষ তাদের নিত্যকার সাথী ছিল। এক গোত্র আরেক গোত্রের সাথে বছরের পর বছর যুদ্ধে লিপ্ত থাকত। ওয়ায়েল, বকর এবং তামীম গোত্রের মধ্যে যুদ্ধ ৪০ বছর পর্যন্ত দীর্ঘায়িত হয়। এই যুদ্ধে দুই গোত্র প্রায় নির্মূল হয়ে গেছে। দাহিস এবং আল-গাবরাআর যুদ্ধও অনুরূপ আরেকটি প্রমাণ। কায়েস বিন যুহাইরের দাহিস নামক ঘোড়াটি হোজাইফা বিন বদরের ঘোড়ার সাথে প্রতিযোগিতায় অগ্রগামী থাকায় হোজাইফার পরামর্শক্রমে আসাদ গোত্রের এক বেদুইন সেই অগ্রগামী ঘোড়াটির কপালে আঘাত হানে। ফলে, অন্যান্য ঘোড়াগুলো এই যন্ত্রণাকাতর ঘোড়াটির আগে চলে যায়। তখন একটি শিশুও মারা যায়। ফলে দুই গোত্র নিহত শিশুর প্রতিশোধে মরিয়া হয়ে উঠে। সেই যুদ্ধে বহু সংখ্যক লোক মারা যায়। উটকে পানি খাওয়ানোর বিবাদে আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ১২০ বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকে। কত লোক ঐ যুদ্ধে মারা যায় তার কোন শেষ নেই।
এছাড়াও সর্বত্র বাণিজ্য কাফেলার উপর ডাকাত পড়ে সব লুটপাট করে নিত। সাধারণ কোন যাত্রীর জানমালের নিরাপত্তা ছিল না। কাবার উদ্দেশ্যে আগত লোকদের জানমালেরও কোনও নিরাপত্তা ছিল না। সর্বত্র এক অরাজক পরিস্থিতি বিরাজমান ছিল। সর্বত্র খুনী ও লুটেরাদের দৌরাত্ম্য এবং যুদ্ধের আগুন প্রজ্জ্বলিত ছিল। দারিদ্র্য, অভাব-অনটনে মানুষ জর্জরিত ছিল। শান্তি শৃংখলা বলতে কিছুই ছিল না।
বিয়ে প্রথা ছিল অত্যন্ত হৃদয়বিদারক ও পৈশাচিক। বুখারী শরীফে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতে নারী পুরুষের মধ্যে ৪ ধরনের যৌন সম্পর্ক ছিল। ১ম প্রকার সম্পর্ক হচ্ছে, আজকের সমাজের বিয়ের অনুরূপ এক ব্যক্তি অন্য ব্যক্তির মেয়ে কিংবা তার জিম্মায় মওজুদ অন্য কোন মেয়েকে বিয়ে করার প্রস্তাব করত এবং বিয়েতে প্রয়োজনীয় দেনমোহর দিত। ২য় প্রকার সম্পর্ক ছিল, এক ব্যক্তি নিজ স্ত্রীকে মাসিক ঋতু শেষ হওয়ার পর কোন নির্দিষ্ট লোকের নাম ধরে বলত, তার কাছে গিয়ে গর্ভধারণ করে আস। ইশারাকৃত লোকটি থেকে বাহ্যিক গর্ভ প্রকাশের আগে স্বামী নিজ স্ত্রীর সাথে যৌন মিলন থেকে দূরে থাকত। স্ত্রীর পেট বড় হলে, স্বামী ইচ্ছা করলে তার সাথে সহবাস করত। কোন উত্তম রক্তের একটি সন্তান লাভ করার জন্যই সে এই অমানবিক পদ্ধতি গ্রহণ করত। ৩য় প্রকারের সম্পর্ক ছিল, কমপক্ষে ১০ ব্যক্তি একজন মহিলাকে শেয়ারে গ্রহণ করত। এদের প্রত্যেকেই মেয়ে লোকটির সাথে সহবাস করত। সে যদি গর্ভধারণ করত, সন্তান প্রসবের কয়েকদিন পর সে ঐ সকল পুরুষদেরকে ডেকে পাঠাত। তাদের একজনও ঐ মিটিং-এ অনুপস্থিত থাকতে পারত না। মেয়েলোকটি উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলত আমার এবং তোমাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাতো কারুর অজানা নয়। সে যাকে ইচ্ছে তাকে সন্তানের বাপ হিসেবে চিহ্নিত করতে পারত। চিহ্নিত ব্যক্তির তা অস্বীকার করার কোন উপায় ছিল না।
৪র্থ প্রকার সম্পর্ক ছিল, বর্তমান যুগের বেশ্যাবৃত্তির অনুরূপ। বহু সংখ্যক ব্যক্তি একজন মেয়েলোকের কাছে আসত এবং মেয়েলোকটি আগত কোন ব্যক্তিকেই অস্বীকার করতে পারত না। বেশ্যারা নিজেদের ঘরের দরজার সামনে এক ধরনের পতাকা উড়াত। এর দ্বারা তারা কোন ব্যক্তিকে স্বাগত জানায় বলে বুঝাত। বেশ্যাটি কোন সন্তান প্রসব করলে সংশ্লিষ্ট পুরুষরা মিলে মহিলাটিকে চাঁদা দিত এবং সন্তানের পিতা নির্বাচনের জন্য একজন গণকের আশ্রয় নিত। গণকের বক্তব্য অনুযায়ী জারজ সন্তানটির পিতা নির্দিষ্ট হত। ঐ পিতা কিছুতেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে পারত না।
এই বক্তব্য দ্বারা বুঝা যায় যে, আমরা যেমন গাভী, উষ্ট্রী ও ঘোটকীকে ষাঁড় কিংবা পুরুষ উট ও ঘোড়ার কাছে পাঠাই তারাও নিজের স্ত্রীকে অন্য মানুষের কাছে পাঠিয়ে পশুর স্তরে পৌঁছে গিয়েছিল। যৌন সম্পর্কের ব্যাপারে বর্ণিত শেষ ও প্রকার হচ্ছে মানবতার জন্য বিরাট অবমাননা ও লাঞ্ছনা।
আবুল হাসান আলী নদভী তাঁর 'ইসলাম এণ্ড দি ওয়ার্ল্ড' বইতে লিখেছেন, জাহেলিয়াতে যুগে মহিলারা ছিল সবচাইতে বেশী নির্যাতিত। সম্পত্তিতে তাদের উত্তরাধিকার স্বীকৃত ছিল না। বিধবা এবং তালাকপ্রাপ্তা মহিলাদের দ্বিতীয় বিয়ের অনুমতি ছিল না। পিতার মৃত্যুর পর বড় ছেলে অন্যান্য সম্পত্তির মত, পিতার বিধবা স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে উত্তরাধিকার পেত। নারী এবং পুরুষদের খাবারও পৃথক ধরনের ছিল। মহিলাদের অপেক্ষাকৃত খারাপ ও নিম্নমানের খাবার দেয়া হত।
আইয়ামে জাহেলিয়াতে মেয়েশিশুকে জীবন্ত কবর দেয়া হত। অর্থহীন গর্ব ও অহংকার প্রকাশের কুপ্রথার কারণে মেয়ে শিশুদেরকে হত্যা করে গোত্রে গোত্রে পুরুষের সংখ্যা বাড়ানোর অপচেষ্টা চলত। হায়সাম বিন আদী বলেন, প্রতি ১০ জনের মধ্যে এক ব্যক্তি জীবন্ত মেয়ে শিশু কবর দেয়ার দায়ে অপরাধী ছিল। কোন কোন সময় দয়ালু গোত্র প্রধানরা মেয়ে-শিশুদের জীবন বাঁচাত। সা'সা' বলেন, ইসলামের কিছু পূর্বে তিনি অর্থের বিনিময়ে ৩ শত মেয়ে-শিশুর প্রাণ রক্ষা করেন। এজন্য তাঁকে বহু অর্থ খরচ করতে হয়েছে।
জাহেলিয়াতের এই করুণ চিত্র মানব ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়। ঠিক এই ঘোর অমানিশার সময়ই আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) কে মানবতার জন্য রহমতস্বরূপ মক্কায় পাঠান। তিনি মানুষকে এই কঠিন শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে উদ্ধার করেন এবং মানবতার মুক্তিসনদ আল-কুরআন অনুসরণের আহ্বান জানান।
টিকাঃ
১০. হজ্জের হাকীকত, সাইয়েদ আবুল আ'লা মওদূদী।
১১. তারীখে মক্কা, আহমদ আস-সিবায়ী।
১২. হজ্জের হাকীকত, সাইয়েদ আবুল আ'লা মওদূদী।