📘 মুহাম্মাদ ﷺ দ্যা আল্টিমেট লিডার > 📄 জবাবদিহিতা

📄 জবাবদিহিতা


নেতৃত্ববিষয়ক এক কানাডিয়ান প্রশিক্ষক ইয়ান কর্নেট লিখেছেন-'জবাবদিহিতা তখনই ঘটে, যখন নেতারা তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রতিজ্ঞা গ্রহণ করে। অন্যকে দেখায়-তারা যা যা বলবে, তা-ই করবে; যাতে জনগণ তাদের বিশ্বাস করতে পারে। নিজের কাজ ও সিদ্ধান্তের কারণে সৃষ্ট ফলাফলের দায় নিজের কাঁধে নেওয়ার মাধ্যমে নেতারা তাদের জবাবদিহিতার প্রদর্শন করে। আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের দূরদর্শিতার মাধ্যমে নেতারা অন্যদের জন্য অনুকরণীয় একটি মানদণ্ড নির্ধারণ করে যান। এই আদর্শ জবাবদিহিতার মানদণ্ড নির্ধারণ করা এমন এক গুণ-অন্যরা একে আচরণ ও বিবেকের উত্তম সমাহার হিসেবে বিবেচনা করে। তারপর তারা তা অনুসরণ করে। '২৭৮

আমরা দাবি করছি-মুহাম্মাদ (সা.) তাঁর কর্ম ও আচরণের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি দিয়ে জবাবদিহিতার এই 'আদর্শ মানদণ্ড' উদাহরণ দিয়েছেন। দায়িত্ব যখন কাজের ওপর ফোকাস করে, তখন অর্পিত দায়বদ্ধ কাজগুলো সফলভাবে শেষ হয়। ল্যাসি লিও-এর প্রধান সুবিধাগুলো তুলে ধরে বলেন-'জবাবদিহিতা দলগুলোর মধ্যে আস্থা তৈরি করে, নেতা-কর্মীদের মধ্যে তৈরি করে শ্রদ্ধা।'২৭৯

বিভিন্ন দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে একজন মুসলিম নেতাকে অবশ্যই স্রষ্টার সাথে সম্পর্ক এবং একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্ক বিবেচনায় নিতে হবে। তিনি যেন নিজেকে ইসলামি অনুশাসন অনুযায়ী পরিচালনা করেন, এর জন্য নেতৃত্বের নীতিকেন্দ্রিক সমস্ত কর্মকাণ্ডে শূরা, ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার নীতির প্রয়োগ থাকা জরুরি।

পবিত্র কুরআনে বলা হয়েছে-
'আর যে পাপ কামাই করবে, বস্তুত সে তো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।' সূরা নিসা : ১১১

'তা এই যে, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।' সূরা নাজম : ৩৮

'আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তা-ই সে পায়।' সূরা নাজম: ৩৯

ইসলামে হিসাবরক্ষণ দুটি অর্থ বহন করে। প্রথমত, ব্যক্তির নিজের হিসাব এবং দ্বিতীয়ত, জনগণের সামনে জবাবদিহিতা। জনসাধারণের দায়বদ্ধতার বিষয়ে মুহাম্মাদ হাশিম কামালি বলেছেন-'জনসাধারণের দায়বদ্ধতার মধ্যে রয়েছে-ভালো কিছু প্রচার, মন্দের প্রতিরোধে কুরআনের নীতি (ভালো কাজে আদশ দেওয়া ও মন্দ কাজ করতে নিষেধ করা), আন্তরিক পরামর্শ দেওয়ার ধারণা এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে বলা। মানুষ যা করে, তার জন্য তারা প্রত্যেকেই দায়বদ্ধ। এটি হলো স্বহিসাবের মৌলিক নীতির উপাদান, যা শাসক ও শাসিতদের জন্য সমানভাবে প্রযোজ্য। আইনের শাসনে কোনো ব্যতিক্রম নেই।

ইসলামি ব্যবস্থায় দায়বদ্ধতা হলো-কর্মকর্তাদের নির্বাচন ও নিয়োগ, সরকারি কর্মচারীদের নির্বাচন এবং বরখাস্তের মাপকাঠি প্রকাশ করা। ইসলামি জীবনব্যবস্থায় শাসনের ব্যাপারে আল্লাহ এবং সমাজে কাছে দায়বদ্ধতার কথা বলা হয়েছে। এটি খিলাফত প্রতিষ্ঠার একটি ধারণা, যা লোকদের ভালো সরকার প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি করে দেয়। '২৮০

হিসবাহ; অর্থাৎ ভালোর প্রচার এবং মন্দের প্রতিরোধের কুরআনের নীতি একটি বিস্তৃত নীতি, যা প্রত্যেককে অপরাধ এবং মন্দের প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার অধিকার দেয়। ইমাম গাজালি হিসবাহকে আল্লাহর নাজিলকৃত ধর্মগ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেছেন। ২৮১
'আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে। আর তারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এদের আল্লাহ শীঘ্রই দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।' সূরা তাওবা : ৭১

হিসবাহের তিনটি স্তর রয়েছে, যা নবিজি নিজেই ব্যাখ্যা করেন-
'তোমাদের কেউ যদি মন্দ কিছু দেখে, সে যেন হাত দিয়ে প্রতিহত করে; যদি সে তা করতে অক্ষম হয়, তবে তার জিহ্বা দ্বারা এবং যদি সে তা করতেও অক্ষম হয়, তবে তার অন্তরে (তার নিন্দা করা উচিত)। কিন্তু এটাই ঈমানের দুর্বলতম রূপ।'২৮২

নসিহা (আন্তরিক পরামর্শ) সম্পর্কে নবি (সা.) তাঁর সাহাবিদের বলেন-
'ধর্ম হলো আন্তরিক উপদেশ। '২৮৩

জবাবদিহিমূলক নেতৃত্বে বিশ্বাস (আমানাহ) প্রদর্শন করাও জড়িত। ইসলামি জীবনব্যবস্থায় সরকারি কর্মকর্তারা আল্লাহ এবং সমাজের প্রতি কর্তব্যের অধীন। যেমন : কুরআন তাদের নির্দেশ দেয় বিশ্বস্তভাবে দায়িত্বপালনের জন্য-
'নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ তোমাদের কতই-না সুন্দর উপদেশ দিচ্ছেন। তার আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।' সূরা নিসা : ৫৮

পাবলিক অফিসে বিশ্বাসের একটি দিক হলো-কর্মকর্তাদের নির্বাচন ও নিয়োগ, যা অবশ্যই যোগ্যতা ও উপযুক্ততার ভিত্তিতে গ্রহণ করা উচিত। সেই ক্ষেত্রে দেখানো হয়েছে, একবার নবিজি বিখ্যাত সাহাবি আবু জর গিফারি (রা.)-এর একটি অনুরোধে সাড়া দিয়েছিলেন। গিফারি (রা.) জিজ্ঞাসা করেছিলেন-তিনি একটি সরকারি পদে নিয়োগ পেতে পারেন কি না। নবিজি উত্তর দিলেন-'হে আবু জর! এটি একটি আমানত এবং তুমি দুর্বল; এটি বিচারের দিনে অনুশোচনা নিয়ে আসবে, যদি না তা যথাযথভাবে গ্রহণ করা হয় এবং যথাযথভাবে পালন করা হয়।'২৮৪

মুহাম্মাদ আল গাজালি এই হাদিসটির ওপর মন্তব্য করেছেন-
'একজন মানুষ খুব শিক্ষিত হতে পারে। যেমন আবু জর ছিলেন, কিন্তু তিনি প্রযুক্তিগত ও ব্যাবহারিক দক্ষতা, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলির অধিকারী নাও হতে পারেন।'২৮৫

সাহাবি আবদুর রহমান ইবনে সামুরা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) আমাকে বলেছেন-
'আবদুর রহমান, কর্তৃত্বের পদের জন্য জিজ্ঞাসা করবে না। কারণ, তুমি যদি এটি চাওয়ার ফলে এই পদটি মঞ্জুর করা হয়, তবে তুমি একা থাকবে (সেখানে দায়িত্বপালনের জন্য আল্লাহর সাহায্য ছাড়া) এবং যদি তুমি এটির জন্য কোনো অনুরোধ না করেই মঞ্জুর করা হয়ে থাকে, তাহলে তোমাকে সাহায্য করা হবে (আপনার দায়িত্বপালনে আল্লাহর দ্বারা)।'২৮৬

এই পরামর্শ সম্পর্কে আধুনিক লেখক স্যাম ওয়াকার ওয়াল স্ট্রিট জার্নালে লেখেন-
'খারাপ নেতাদের সমস্যা হলো, নেতা হিসেবে তারা নিজেদের প্রথম স্থানে এগিয়ে রাখে। নেতৃত্ব প্রায়শই সেই ব্যক্তিদের দেওয়া হয়, যারা তা পেতে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করে। আমরা নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটিকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। তা হলো-কাজটি নেওয়ার জন্য অনিচ্ছা করা।'

ডগলাস অ্যাডামস লিখেছেন-'এটি প্রতিষ্ঠিত সত্য, যারা সবচেয়ে বেশি মানুষকে শাসন করতে চায়, তারাই তা করার জন্য সবচেয়ে কম উপযুক্ত।'২৮৭

হাদিসে বলা হয়েছে-
'সাবধান! তোমাদের প্রত্যেকেই একজন অভিভাবক এবং তাঁর জিম্মায় যা আছে, তা তাঁর জন্য দায়ী। ইমাম (রাষ্ট্র বা সম্প্রদায়ের নেতা) একজন অভিভাবক এবং তিনি তাঁর প্রজাদের জন্য দায়ী, একজন পুরুষ একজন অভিভাবক এবং তিনি তাঁর পরিবারের জন্য দায়ী, একজন মহিলা তাঁর স্বামীর ঘর ও সন্তানদের অভিভাবক এবং তিনি তাদের জন্য দায়ী। অবশ্যই তোমাদের প্রত্যেকেই একজন অভিভাবক এবং সে তার দায়িত্বের জন্য দায়ী। '২৮৮

প্রত্যেকেই তার অধীনে যা আছে, তার জন্য দায়বদ্ধ।

নবি (সা.) সতর্ক করে বলেন-
'তোমাদের মধ্যে যাকে আমির নিযুক্ত করা হয় এবং আমাদের কাছ থেকে একটি সুচ বা তার চেয়ে ছোটো কিছু গোপন করে, তা হবে অপব্যবহার (সরকারি তহবিলের) এবং তাকে বিচারের দিন হিসাব দিতে হবে।' ২৮৯

এই নিয়মের ফলে নবিজি তাঁর আচরণের বিষয়ে ব্যক্তিগতভাবে নিজেকে দায়বদ্ধ রাখতেন। নবি (সা.) যখন মারাত্মক অসুস্থ ছিলেন, তখন তিনি ইবনে আব্বাস (রা.)-কে তাঁর হাত ধরে মসজিদে যেতে সাহায্য করতে বলেছিলেন। এরপর মসজিদে প্রবেশ করে তিনি লোকদের উদ্দেশে বললেন-
'আমি যদি তোমাদের অধিকার পূরণ করতে ব্যর্থ হয়ে থাকি, তবে তার কারণ হলো-আমি একজন মানুষ (এবং ভুলের জন্য দায়ী)। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে, যাকে আমি কোনোভাবে অপমান করেছি, আমি তার প্রতিশোধ গ্রহণে প্রস্তুত। যদি তোমাদের কাউকে শারীরিকভাবে আঘাত করে থাকি, তাহলে তোমরাও প্রতিশোধ নিতে পারো। তোমাদের মধ্যে কারও যদি আমার বিরুদ্ধে আর্থিক দাবি থাকে, সে যেন আমার সম্পত্তি থেকে তার পাওনা নিয়ে নেয়। জেনে রেখো, আমি এমন একজন ব্যক্তিকে সম্মান করি, আমার কাছে যার দাবি আছে এবং তা আমার কাছ থেকে কেড়ে নেয় বা আমাকে অব্যাহতি দেয়। কারণ, আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চাই। যদিও আমি এ ধরনের দাবি থেকে মুক্ত।'২৯০

সভার মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো। এক ব্যক্তি কয়েক দিরহাম দাবি করে এগিয়ে আসেন, যা একবারে পরিশোধ করা হয়। ২৯১

সরকার ও নেতা নাগরিকদের স্বার্থে তাদের দায়িত্ব পালন করছে, সেটা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষণ করা জরুরি। নবিজির সময়ে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে তাঁদের জবাবদিহিতার ভয়ে নিজেদের দায়িত্বপালনে উদ্যোগী ছিলেন। তবে কিছু ঘটনা আছে, যেখানে নবি (সা.) তাঁর নিযুক্ত কর্মকর্তাদের ইসলামি বিধান থেকে সরে যাওয়ার জন্য তিরস্কার করেছিলেন।

রাষ্ট্রপ্রধান হিসেবে নবিজি তাঁর নিয়োগকৃত কর্মকর্তাদের সম্পর্কে জনসাধারণের সমালোচনার জবাব দেন। লোকেরা অভিযোগ করেছিল-ইয়েমেনের গভর্নর মুয়াজ ইবনে জাবাল (রা.) জামাতের নামাজে কুরআন তিলাওয়াত দীর্ঘ করেন, যা মুসলিমদের জন্য কষ্টকর হয়েছিল। নবিজি তখন মুয়াজ (রা.)-কে সম্বোধন করলেন-'তুমি কি রাষ্ট্রদ্রোহের অ্যাজেন্ট? '২৯২ এরপর তিনি নেতাদের বলে দিলেন, তাঁরা কীভাবে জামাতের নেতৃত্ব দেবে—
'তোমাদের কেউ যখন লোকদের নামাজের ইমামতি করবে, তখন সে যেন সংক্ষিপ্ত করে। কেননা, নামাজের মধ্যে যুবক ও বৃদ্ধ, দুর্বল ও অসুস্থ মানুষ রয়েছে।’২৯৩

আরেকটি উদাহরণে নবিজির তত্ত্বাবধানে থাকা লোকদের প্রতি তাঁর দায়বদ্ধতার অনুভূতি প্রদর্শন করে। খাইবার বিজয়ের পর চাষের জমি ভাগ করে নেওয়ার শর্তে মুসলমানদের মধ্যে তা বণ্টন করা হয়। মুসলমানরা জমিটিকে তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করে। ইহুদি মালিকদের অনুমতি ছাড়াই তারা উৎপাদিত ফসল ব্যবহার করতে শুরু করে। এ কথা নবিজি জানতে পেরে মুসলমানদের একত্র করলেন। তারপর তাদের নিম্নোক্ত ভাষায় সম্বোধন করলেন-
'আমরা এই ইহুদিদের জান-মালের নিরাপত্তা দিয়েছি এবং তাদের আমাদের কর্মী হিসেবে নিযুক্ত করেছি। তারা এখন আমাদের সাথে চুক্তিবদ্ধ। ন্যায্য ফেরত ছাড়া তাদের সম্পত্তি থেকে খাওয়া বেআইনি।' ২৯৪

বর্ণিত ঘটনায় আরও যোগ করে বলা হয়েছে—এই নির্দেশের পর মুসলমান বাসিন্দাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ ওঠেনি। এই নির্দেশ দুর্বল কাউকে শোষণ না করার মূলনীতি হিসেবে নির্ধারিত হয়েছে। ২৯৫

টিকাঃ
২৭৮ ইয়ান কর্নেট, '5 Ways to Demonstrate Leadership Accountability & Ensure It in Others.
২৭৯ লেসি ল্যু, The Buck Stops here: A Culture of Accountability Drives Effective Leadership, Brandon Hall
২৮০ মুহাম্মাদ হাশিম কামালি, Citizenship and Accountability of Government: An Islamic Perspective, পৃষ্ঠা-১৯৫-১৯৬
২৮১ ইমাম গাজালি, ইহইয়াউ উলূমুদ্দিন, ফজলুল করীম অনূদিত
২৮২ আবদুল আজিম আল মুনজিরি, মুখতাসার সহিহ মুসলিম: ৩৪
২৮৩ মুসলিম, কিতাবাল ঈমান, বাব আল দ্বীন আল নাসিহাহ
২৮৪ মুসলিম, কে. আল-ইমারাহ, বি. কারাহিয়াত আল-ইমারাহ বি-গাইর দারুরাহ, হাদিস: ১৮২৫
২৮৫ মুহাম্মাদ আল গাজালি, মুশকিলাত فی তারিক আল হায়াত আল ইসলামিয়‍্যাহ, ২য় এডিশন (কায়রো: দারুল্লাদওয়া আল মিসরিয়‍্যাহ লিল তিবাহ ওয়াল নাশর, ১৯৯৬) পৃ.-১৩৯-৪০
২৮৬ মুসলিম: ৪৪৮৭
২৮৭ সাথনাম সাংঘেরা 'Think you'd make a great leader? You might be surprised' (Weekend Australian, January 5-6, 2019)
২৮৮ বুখারি, (মুহসিন খান অনূদিত) ভলিওম ৯, হাদিস ২৫২
২৮৯ মুসলিম: ৪৫১৪
২৯০ ইবনে সাদ, তাবাকাত ২য়, ২৫৫;
২৯১ সিরাত ইবনে হিশাম
২৯২ মুসলিম, মুখতাসার সহিহ মুসলিম, ৮২, হাদিস: ২৮৯
২৯৩ মুসলিম: ৯৪১
২৯৪ তাকি উদ্দীন আহমাদ Al-Maqrizi, edited by Mahmud Shakir (Cairo: Lajnah al-Ta'lif wa'l-Tarjamah wa'l-Nashr, 1360/1941), р.-328;
২৯৫ কামালি, নাগরিক ও সরকারের জবাবদিহিতা, পৃ.-২৩৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00