📄 কিয়ামত দিবসে আল্লাহ যাকে হিফাজত করবেন
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِن كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ, وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ, وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কোনো বিপদ-মুসীবত দূর করে দেবে, আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে তার থেকেও বিপদ-মুসীবত দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের দুর্দশা লাঘব করবে, আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তার দুর্দশা দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তা'আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহও ততক্ষণ তার সাহায্য করে থাকেন। (মুসলিম-৭০২৮, ৬৭৪৬, ইফা.-৬৬০৮, তিরমিযী-১৪২৫, ২৬৪৬, ২৯৪৫, আবু দাউদ-১৪৫৫, ৩৬৪৩, ইবনে মাজাহ-২২৫, ২৪১৭, আহমাদ-৭৬৩৪, ৯৫১২, দারিমী-৩৪৪, হাদীসের শব্দাবলী মুসলিমের)
📄 কিয়ামতের দিন আল্লাহ যাকে অধিক সম্মানিত করবেন
عن معاذ بن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : من كظم غيظاً ، وهُو قادر على أن ينفذه ، دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره من الحور العين ما شاء
অর্থ: হযরত মুআয ইবনে আনাস রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি নিজের ক্রোধ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে অবদমিত (নিয়ন্ত্রণে) রাখে আল্লাহ কিয়ামতের দিন তাকে সব মানুষের চেয়ে অধিক মর্যাদার সাথে ডাকবেন। এমনকি তিনি নিজ পছন্দ মতো বড় বড় সুন্দরী যুবতীদের (হুর) মধ্যে থেকে যাকে ইচ্ছা বেছে নেয়ার স্বাধীনতা দান করবেন। (তিরমিযী-২০২১, ২৪৯৩, আবু দাউদ-৪৭৭৭, ইবনে মাজাহ-৪১৮৬, আহমাদ-১৫১৯২, ১৫২১০, হাদীসের শব্দাবলী তিরমিযীর, হাদীসটি হাসান)
📄 কিয়ামতের দিন আল্লাহ যাকে ইজ্জতের পোশাক পরাবেন
عن عمرو بن حزم ، يحدث عن أبيه، عن جده، عن النبي صلى الله عليه وسلم أنه قال, ما من مؤمن يُعَنِّي أخاه بمصيبة, إلا كساه الله سبحانه من حلل الكرامة يوم القيامة
অর্থ: আমর ইবনে হাযম রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে সান্তনা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ইজ্জতের পোশাক পরাবেন। (ইবনে মাজাহ-১৬০১, সহীহাহ-১৯৫, ইরওয়া-৭৬৮, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 কিয়ামত দিবসে রাসূল সা. যাদের সাক্ষী হবেন
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ رَجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ ، ثُمَّ يَقُولُ : أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا ، قَدَّمَهُ فِي اللَّحْدِ، فَقَالَ : أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلَاءِ يَوْمَ القِيَامَةِ فَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ ، وَلَمْ يُغَسِلُهُمْ
অর্থ: হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণকে দু' দু'জন করে একত্র করলেন। এরপর জিজ্ঞেস করলেন, তাঁদের মধ্যে কুরআন সম্পর্কে কে অধিক জ্ঞাত? দু'জনের কোনো একজনের দিকে ইশারা করা হলে তিনি প্রথমে তাঁকে লাহদ কবরে রাখতেন। তারপর বললেন: কিয়ামত দিবসে আমি তাঁদের জন্য সাক্ষী হবো। তিনি রক্তমাখা অবস্থায়ই তাঁদের দাফন করার নির্দেশ করলেন এবং তাঁদের গোসলও দিলেন না। (সহীহ বুখারী-১৩৫৩, ১৩৪৩, ইফা.-১২৭১, তিরমিযী-১০৩৬, নাসাঈ-১৯৫৫, ২০২১, আবু দাউদ-৩১৩৮, ইবনে মাজাহ-১৫১৪, আহমাদ- ১৩৭৭৭, হাদীসের শব্দাবলী বুখারীর)