📄 কিয়ামত দিবসে মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرُلًا, قَالَتْ عَائِشَةُ : فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ
অর্থ: হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের দিন লোকদেরকে খালি পায়ে, উলঙ্গ শরীরে এবং খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! সমস্ত নারী-পুরুষ একসাথে হলে তো তারা একে অপরকে দেখবে? তিনি বললেন: হে আয়েশা! মানুষ যা কল্পনা করে সেদিনের পরিস্থিতি তার চাইতেও ভয়াবহ হবে। (বুখারী-৬৫২৭, ইফা.-৬০৮৩, মুসলিম-২৮৫৯, নাসাঈ-২০৮৩, ২০৮৪, ইবনে মাজাহ-৪২৭৬, আহমাদ-২৩৭৪৪, ২৪০৬৭, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 নিকৃষ্ট লোকদের উপরই কিয়ামত সংঘটিত হবে
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لا يَزْدَادُ الأَمْرُ إِلا شِدَّةً, وَلا الدُّنْيَا إِلَّا إِدْبَارًا, وَلَا النَّاسُ إِلَّا شُئًا, وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ
অর্থ: আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: প্রতিনিয়ত বিপদাপদ বৃদ্ধি পেতেই থাকবে। দুনিয়াতে অভাব-অনটনও বাড়তে থাকবে এবং কৃপণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। তখন নিকৃষ্ট লোকদের উপরই কিয়ামত সংঘটিত হবে। (ইবনে মাজাহ-৪০৩৯)
📄 কিয়ামতের দিন সমগ্র পৃথিবী আল্লাহর হাতের মুঠোয় থাকবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : يَقْبِضُ اللَّهُ الْأَرْضَ، وَيَطْوِي السَّمَوَاتِ بِيَمِينِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ، أَيْنَ مُلُوكُ الْأَرْضِ
অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা যমীনকে নিজ মুঠোয় নিবেন এবং আকাশমণ্ডলীকে ভাঁজ করে তাঁর ডান হাতে নিবেন, অতঃপর বলবেন, আজ আমিই মালিক, দুনিয়ার বাদশাহরা কোথায়? (বুখারী-৪৮১২, ৬৫১৯, ৭৩৮২, মুসলিম-২৭৮৭, ৬৯৪৩, আহমাদ-৮৮৭২, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 জাহান্নামীদের ঘাম সত্তর হাত ছাড়িয়ে যাবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَعْرَقُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ فِي الْأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا، وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ إِذَا نَهُمْ
অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কিয়ামতের দিন মানুষের অধিক পরিমাণ ঘাম হবে। এমনকি তাদের ঘাম যমীনে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে যাবে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে নিমজ্জিত হবে; এমনকি কান পর্যন্ত হয়ে যাবে। (বুখারী-৬৫৩২, ইফা.-৬০৮৮, মুসলিম-২৮৬৩, তিরমিযী-২৪২২, ইবনে মাজাহ-৪২৭৮, আহমাদ-৯৪২৬, হাদীসের শব্দাবলী বুখারীর)