📘 মহামারী ও ফিতনা > 📄 ইয়াজুজ-মাজুজ সম্প্রদায় হবে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর

📄 ইয়াজুজ-মাজুজ সম্প্রদায় হবে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ ... قَالَ فَأُنْزِلُ فَأَقْتُلُهُ فَيَرْجِعُ النَّاسُ إِلَى بِلادِهِمْ فَيَسْتَقْبِلُهُمْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَلَا يَمُرُّونَ بِمَاءٍ إِلَّا شَرِبُوهُ وَلَا بِشَيْءٍ إِلَّا أَفْسَدُوهُ فَيَجْأَرُونَ إِلَى اللَّهِ فَأَدْعُو اللَّهَ أَنْ يُمِيتَهُمْ فَتَنْتُنُ الأَرْضُ مِنْ رِيحِهِمْ فَيَجْأَرُونَ إِلَى اللَّهِ فَأَدْعُو اللَّهَ فَيُرْسِلُ السَّمَاءَ بِالْمَاءِ فَيَحْمِلُهُمْ فَيُلْقِيهِمْ فِي الْبَحْرِ ثُمَّ تُنْسَفُ الْجِبَالُ وَتُمَدُّ الأَرْضُ مَدَّ الأَدِيمِ فَعُهِدَ إِلَى مَتَى كَانَ ذَلِكَ كَانَتِ السَّاعَةُ مِنَ النَّاسِ كَالْحَامِلِ الَّتِي لَا يَدْرِي أَهْلُهَا مَتَى تَفْجَؤُهُمْ بِوِلادَتِهَا قَالَ الْعَوَّامُ وَوُجِدَ تَصْدِيقُ ذُلِكَ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى { حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ }

অর্থ: আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের আবির্ভাব সম্পর্কে বলেন: আমি দুনিয়াতে অবতরণ করবো এবং দাজ্জালকে হত্যা করবো। তারপর লোকেরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। এমন সময় তাদের নিকট ইয়াজুজ-মাজুজ আত্মপ্রকাশ করবে। তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। তারা যে পানির উৎসের নিকট দিয়ে অতিক্রম করবে, তা পান করে শেষ করবে। এরা যে বস্তুর নিকট দিয়ে যাবে তা নষ্ট করে ফেলবে। তখন লোকেরা তাদেরকে মেরে ফেলার জন্য আল্লাহর নিকট চিৎকার করে ফরিয়াদ করবে এবং আমিও দুআ করবো। ফলে পৃথিবী তাদের (গলিত লাশের) গন্ধে দুর্গন্ধময় হয়ে যাবে। তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যা তাদের ভাসিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর পাহাড়-পর্বত উৎপাটিত করা হবে, পৃথিবীকে প্রশস্ত করা হবে, যেমন চামড়া প্রশস্ত করা হয়। তারপর আমাকে বলা হলো, যখন এসব বিষয় প্রকাশিত হবে, তখন কিয়ামত মানুষের এত নিকটবর্তী হবে যেমন গর্ভবর্তী নারী, যার পরিবারের লোকজন জানে না যে, কোন মুহূর্তে সে সন্তান প্রসব করবে। আওয়াম রহ. বলেন, এ ঘটনার সত্যতা আল্লাহর কিতাবে উল্লেখ আছে-

حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ

"ইয়াজুজ ও মাজুজকে যখন মুক্তি দেয়া হবে, তখন তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে।” (সূরা আম্বিয়া-৯৬, ইবনে মাজাহ-৪০৮১, আহমাদ-৩৫৪৬, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

নোট: হযরত ঈসা আলাইহিস সালাম 'লুদ' নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যার পরপরই ইয়াজুজ-মাজুজ সম্প্রদায় বের হয়ে আসবে। এদের সংখ্যা এতো বেশি হবে যে, তাদের একটি দল 'তাবারিয়া' উপসাগরের পানি পান করে শেষ করে ফেলবে। পরবর্তী দল এসে বলবে, হয়তো অনেক পূর্বে এখানে পানি ছিলো।
হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহার নির্দেশে মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিবেন। তখন অবশিষ্ট লোকদেরকে ইয়াজুজ-মাজুজ হত্যা করে ফেলবে। তারা পৃথিবীবাসীকে হত্যা করার পর আসমানের দিকে তীর নিক্ষেপ করবে। তীর রক্তমাখা অবস্থায় মাটি পতিত হলে তারা বলবে যে, আমরা আসমানবাসীকেও হত্যা করেছি। সুতরাং এখন রাজত্ব শুধু আমাদেরই। তখন আল্লাহ তাআলা তাদের ঘাড়ে মহামারীরূপে 'নাগাফ' নামক এক ধরণের কীটের সৃষ্টি করবেন। ফলে তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে। অর্থাৎ একসাথে সকলেরই মৃত্যু হয়ে যাবে। (মুসলিম-২৯৩৭, তিরমিযী-২২৪০, ৪০০১, আবু দাউদ-৪৩২১, ইবনে মাজাহ-৪০৭৫, আহমাদ-১৭১৭৭, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00