📘 মহামারী ও ফিতনা > 📄 ইমাম মাহদী কখন আগমন করবেন?

📄 ইমাম মাহদী কখন আগমন করবেন?


ইমাম মাহদী দুনিয়াতে আসবেন একথা পুরোটাই সত্য। তবে কখন আসবেন, কিভাবে আসবেন, হাদীসে তা স্পষ্টভাবে বলা হয়নি। সহীহ হাদীস থেকে যতটুকু জানা যায় তা হচ্ছে, তিনি শেষ জামানায় দাজ্জালের আবির্ভাবের পূর্বে দুনিয়াতে আগমন করবেন। তাঁর বর্তমানেই দাজ্জালের আবির্ভাব হবে এবং তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবেন। কিন্তু তাকে খতম করতে পারবেন না।
অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজের সময় বাইতুল মুকাদ্দাসে দু'জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জলকে হত্যা করবেন। (ইবনে মাজাহ-৪০৭৭, আবু দাউদ-৪৩২১)
তবে মুসলিমের বর্ণনায় এসেছে যে, হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব অংশে সাদা মিনারের উপরে হালকা জাফরানী রং এর কাপড় পরিহিত অবস্থায় দু'জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবেন। যখন তিনি মাথা অবনত করবেন, তখন মনে হবে যেন তার মাথায় মুক্তার মতো পানির বিন্দু টপকাচ্ছে। যখন তিনি মাথা উঠাবেন তখনো তাঁর মাথা হতে মতির দানার মতো ঝরছে বলে মনে হবে। এরপর তিনি দাজ্জালের পিছু ধাওয়া করবেন এবং জেরুজালেমের ‘লুদ’ নামক স্থানে তাকে হত্যা করবেন। (মুসলিম-৭৫৬০, ৭২৬৩, ইফা.-৭১০৬, তিরমিযী-২২৪০, ৪০০১, আবু দাউদ-৪৩২১, ইবনে মাজাহ-৪০৭৫, আহমাদ-১৭১৭৭, হাদীসের শব্দাবলী মুসলিমের)
উল্লেখ্য যে, বিভিন্ন সহীহ হাদীসে ইমাম মাহদী, দাজ্জাল, ইয়াজুজ-মাজুজ, কিয়ামত ইত্যাদি সম্পর্কে যেসব ভবিষ্যদ্বাণী ও আলামত উল্লেখ রয়েছে, তা এখনো প্রকাশ পায়নি। সুতরাং “ইমাম মাহদীর আগমন হয়েছে” এমর্মে যেসব অপপ্রচার চলছে, তাতে বিভ্রান্ত না হয়ে কুরআন-সুন্নাহর উপর অবিচল থাকা এবং পরকালের পূর্ণ প্রস্তুতি নেয়াই শ্রেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00