📄 গণকের কথা বিশ্বাস করা হারাম
عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
অর্থ: উম্মুল মুমিনীন হযরত সাফিয়্যা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তাকে কোনো কথা জিজ্ঞেস করে (তার কথা বিশ্বাস করে) তাহলে চল্লিশ দিন পর্যন্ত ঐ ব্যক্তির নামাজ কবুল হবে না। (সহীহ মুসলিম-৫৯৫৭, ৫৭৷১৪, ইফা.-৫৬২৭, আহমাদ-১৬২০২, ২২৭১১, হাদীসের শব্দাবলী মুসলিমের)
নোট: নামাজ কবুল না হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, ঐ ৪০ দিনের নামাজের সওয়াব পাওয়া যাবে না। তবে তার দায়িত্ব থেকে ফরয আদায় হয়ে যাবে এবং ঐ নামাজের কাযা করা লাগবে না। আর নামাজ কবুল না হলে অন্যান্য ইবাদত কবুল হওয়ার প্রশ্নই আসতে পারে না। অতএব গণকদের নিকট গমন করা থেকে অবশ্যই বিরত থাকা জরুরী। (তোহফাতুল বারী শরহে সহীহ আল-বুখারী-২/৭৮০)
📄 গণকের কথা বিশ্বাস করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ أَوْ أَتَى امْرَأَتَهُ حَائِضًا أَوْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أَنْزَلَ اللَّهُ عَلَى مُحَمَّدٍ
অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি কোন গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে অথবা ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গম করে কিংবা স্ত্রীর গুহ্যদ্বারে সহবাস করে, সে ঐ জিনিস হতে বিচ্ছিন্ন হয়ে গেল যা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে। (আবু দাউদ-৩৯০৬, তিরমিযী-১৩৫, ইবনে মাজাহ-৬৩৯, জামি'-৫৯৪২, মিশকাত-৫৫১, হাদীসের শব্দাবলী আবু দাউদের)
📄 গণকেরা শয়তানের কথা বলে
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: المَلائِكَةُ تَتَحَدَّثُ فِي العَنَانِ وَالعَنَانُ : الغَمَامُ ، بِالأَمْرِ يَكُونُ فِي الْأَرْضِ، فَتَسْمَعُ الشَّيَاطِينُ الكَلِمَةَ، فَتَقُرُهَا فِي أُذُنِ الكَاهِنِ كَمَا تُقَرُّ القَارُورَةُ، فَيَزِيدُونَ مَعَهَا مِائَةً كَذِبَةٍ
অর্থ: হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাগণ মেঘমালার মধ্যে এমন সব বিষয়ে আলোচনা করেন, যা দুনিয়াতে সংঘটিত হবে। তখন শয়তানেরা দু'একটি কথা শুনে ফেলে এবং গণকদের কানে এমনভাবে ঢেলে দেয়, যেমন বোতলে পানি ঢালা হয়। এরপর গণকেরা এ সত্য কথার সাথে আরো শত প্রকার মিথ্যা বৃদ্ধি করে মানুষের কাছে বলে। (বুখারী-৩২৮৮, ৩২১০, ৫৭৬২, ৬২১৩, ইফা.-৩০৫৫)
নোট: গণকের কাছে যাওয়া এবং তার কথা বিশ্বাস করা সম্পূর্ণ নিষেধ। কেননা গণকেরা শয়তানের কাছ থেকে কোনো কিছু শুনে তার সাথে আরো শত মিথ্যা সংযোজন করে মানুষের কাছে বলে থাকে। আলোচ্য হাদীস এ কথার সুস্পষ্ট প্রমাণ।
📄 গণকেরা শতকরা নিরানব্বইটি মিথ্যা বলে
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : إِنَّ المَلائِكَةَ تَنْزِلُ فِي العَنَانِ: وَهُوَ السَّحَابُ، فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّمَاءِ ، فَتَسْتَرِقُ الشَّيَاطِينُ السَّمْعَ فَتَسْمَعُهُ. فَتُوحِيهِ إِلَى الكُهَانِ، فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذَّبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ
অর্থ: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: ফেরেশতাগণ মেঘমালার উপরে অবতরণ করেন এবং আসমানের (আল্লাহর) ফায়সালাসমূহ আলোচনা করেন। তখন শয়তানেরা চুরি করে শোনার চেষ্টা করে এবং তার কিছু শুনেও ফেলে। এরপর তারা তা গণকের কাছে পৌঁছে দেয় এবং তারা তার সেই শুনা কথার সাথে নিজেদের পক্ষ থেকে আরো একশটি মিথ্যা মিলিয়ে মানুষের কাছে বলে। (বুখারী-৩২১০, ৫৭৬২, ৬২১৩, ৭৫৬১, ইফা-২৯৮০, মুসলিম-২২২৮, ৫৭০৯, আহমাদ-২৪০৪৯, হাদীসের শব্দাবলী বুখারীর)