📄 আরেকটি ঘটনা
আমার মসজিদের পাশেই সনি প্লাষ্টিক কারখানা। অন্য জায়গার তুলনায় শ্রমিকরা বেশ ভালো ও নামাজী। কয়েকদিন আগের কথা। ফজরের নামাজের পর ছেলেদের হাউমাউ কান্নার আওয়াজ। কি হয়েছে? একজন বললো, হুজুর! কারখানার একজন শ্রমিক, বয়স মাত্র বিশ-বাইশ বছর। রাতে খাবার খেয়ে বারটা-একটা পর্যন্ত গল্প করেছে। তারপর বন্ধুদের সাথে ঘুমিয়েছে। এখন? এখন সে আর নেই। ঘুমিরে মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছে। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'
আহা! এই তো তোমার খেল-তামাশার যিন্দেগী। এ জীবন নিয়ে এতো বড়াই কেন? তুমি কি নিশ্চিত যে, আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠতে পারবে? তাহলে নামাজ না পড়ে ঘুমাও কেন? তুমি কি সুনিশ্চিত যে, জাহান্নাম থেকে তোমাকে নাজাত দেয়া হয়েছে? তাহলে মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে ঘুমালে কেন?
প্রিয় পাঠক! উপরোক্ত ঘটনাদ্বয় কেন উল্লেখ করলাম? বর্তমানে মুসলিম উম্মাহর অবস্থা অত্যন্ত নাযুক। রাত দুইটা-তিনটা পর্যন্ত, কেউ কেউ সুবহে সাদিক পর্যন্ত ফেসবুক-ইন্টারনেটে ডুবে থাকে। এরপর যখন ফজরের আযান হয়, তখন সুইচটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।
আল্লাহ না করুক, যদি কোনো ব্যক্তি টেলিভিশন কিংবা ফেসবুকে অশ্লীল ছবি দেখে তাওবাহ না করে ঘুমায়, আর এই রাতেই তার মৃত্যু হয়, তার মৃত্যু কি ঈমানের উপর গণ্য হবে? কক্ষণো নয়। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন:
مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ
অর্থাৎ, যার শেষ কথা হবে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' সে সোজা জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম-২১৬২, আবু দাউদ-৩১১৮ ও ৩১১৯, আহমাদ-২১৫২৯, ২১৬২২, সহীহ ইবনে হিব্বান-৩০০৪, ইরওয়াউল গালীল-৬৮৭, হাদীসের শব্দাবলী আবু দাউদের)
হাদীসটি অত্যন্ত পরিস্কার। "যার শেষ কথা হবে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' সে সোজা জান্নাতে প্রবেশ করবে।” অর্থাৎ, ঘুমের আগে কেউ যদি দুআ-দূরূদ পড়ে আল্লাহ পাকের যিকির করতে করতে ঘুমায় এবং এই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়, তাহলে তার শেষ কথা 'লা-ইলাহা ইল্লাল্লাহ' ধর্তব্য হবে এবং ঈমানের উপরই মৃত্যু হয়েছে বলে গণ্য হবে।
তাছাড়া ঐ রাতে যদি তার মৃত্যু নাও হয়, তবুও দুআ-দূরূদ পড়ে যিকির করতে করতে ঘুমানোর কারণে তার আমলনামায় সারারাত ইবাদতের সওয়াব লেখা হবে।
পক্ষান্তরে, কেউ যদি টেলিভিশন কিংবা ফেসবুকে অশ্লীল ছবি দেখে বা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, তবে তার আমলনামায় সারারাত গুনাহ লেখা হয়। যদি ঘুমের পূর্বে তাওবাহ না করে এবং ঐ রাতেই তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু কালিমার উপর গণ্য হবে না।
প্রিয় পাঠক! সম্ভবত বুঝতেই পারছেন যে, 'আল্লাহর আযাব থেকে বাঁচার উপায়' নামক কিতাবে 'ঘুমানোর সুন্নাত' কেন লিখলাম। আজ জাতির অবস্থা অত্যন্ত করুণ। 'করোনা ভাইরাস' এর আঘাতে হয়তো কিছু সংখ্যক লোক মারা যাবে। কিন্তু “ফেসবুক-ইন্টারনেট” নামক এই ভাইরাস গোটা মুসলিম উম্মাহর 'চরিত্র' এবং 'ঈমান' দুটোই ধ্বংস করে ফেলবে। আর ইতোমধ্যে অনেকটা হয়েও গেছে।
হয়তো চেষ্টা-তদবির করলে আল্লাহর মেহেরবানীতে একসময় 'করোনা ভাইরাস' থাকবে না, তার আক্রমণ বন্ধ হয়ে যাবে। কিন্তু চরিত্র ও ঈমান বিধ্বংসী ইন্টারনেটের আক্রমণ থেকে কি বাঁচা সম্ভব হবে?
করোনা ভাইরাসের আক্রমণে একজন মানুষের বেশির থেকে বেশি মৃত্যু হয়ে যেতে পারে। এর বেশি কিছু নয়। কিন্তু ফেসবুক-ইন্টারনেটে আক্রান্ত ব্যক্তির 'ঈমান' এবং 'চরিত্র' দুটোরই মৃত্যু ঘটে, তারপর? তারপর তাকে চিরশাস্তির ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করে।
হয়তো আমাকে প্রশ্ন করবেন, তাহলে আপনি কি 'ফেসবুক-ইন্টারনেট' এর বিরোধী? আমি বলবো, কক্ষণো নয়। তবে হ্যাঁ, যতটুকু চরিত্র ও ঈমান বিধ্বংসী ততটুকুর বিরোধী। বাকি যতটুকু ঈমানের সহায়ক ও জনকল্যাণকর ততটুকুর বিরোধী নয়।
হয়তো আবারো প্রশ্ন তুলবেন, ঈমানের সহায়ক ও জনকল্যাণকর অংশটুকু রেখে, খারাপ অংশ কি বন্ধ করা সম্ভব? আমি বললো, শতভাগ সম্ভব। সরকারের সদিচ্ছা থাকলে মাত্র একদিনেই সকল ভাইরাস দূর করা সম্ভব। কারণ, প্রতিটি ছবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। যারা এমন নোংরা ছবি ছেড়ে মানুষের চরিত্র ও ঈমান ধ্বংস করছে, সরকার ইচ্ছা করলে তাদের শেকড়সহ উপড়ে ফেলতে পারে।
দুআ করি, আল্লাহ পাক যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সেই হিম্মত দান করেন এবং দুনিয়াতে করোনা ও আখেরাতে জাহান্নাম থেকে হেফাজত করেন।-আমীন
একনজরে ঘুমানোর পূর্বে কতিপয় সুন্নাত
রাতে ঘুমানোর পূর্বে গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাত ও আদব রয়েছে। যেমন- অজু করে দু'রাকাআত নামাজ পড়া। তারপর একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার করে সূরা ফালাক ও নাস পড়া। তারপর কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তিগফার পড়া। তারপর ডান কাতে শুয়ে ঘুমের মাসনূন দুআগুলো পাঠ করা। তারপর শেষরাতে উঠে তাহাজ্জুদ কিংবা ফজরের নামাজ জামাআতের সাথে পড়ার নিয়ত রেখে আল্লাহ পাকের যিকির করতে করতে ঘুমিয়ে পড়া ইত্যাদি।
📄 আপনি ঘুমের আগে যেসব আমল করবেন
০১. ঘুমের আগে দুই-চার রাকাআত নফল নামাজ পড়া সুন্নাত। (আবু দাউদ হাদীস-১৩৪৮)
০২. অজু অবস্থায় ডান কাতে শোয়া সুন্নাত। (বুখারী-২৪৭, ৬৩১১, ৬৩১৩, ৬৩১৫, ৭৪৮৮, ইফা.-২৪৫, মুসলিম-২৭১০, ৬৭৭৫, ইফা.- ৬৬৩৪, আহমাদ-১৮৫৮৫, হাদীসটি বুখারীর)
০৩. ঘুমানোর পূর্বে বিছানা ঝেড়ে নেয়া সুন্নাত। (বুখারী-৬৩২০, ৭৩৯৩, ইফা.-৫৭৬৮, মুসলিম-২৭১৪, ৬৭৮৫, ইফা.-৬৬৪৪, তিরমিযী- ৩৪০১, আবু দাউদ-৫০৪০, ইবনে মাজাহ-৩৮৭৪, আহমাদ-৭৩১৩, ৭৭৫২, ৭৮৭৮, ৯১৭৩, ৯৩০৬, ৯৫৯৫, দারিমী-২৬৮৪, হাদীসটি বুখারীর)
০৪. ডান হাত গালের নিচে রেখে এই দুআ পাঠ করা সুন্নাত।
اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
অর্থ: হে আল্লাহ! আমাকে আপনার আযাব থেকে সেইদিন রক্ষা করুন, যেদিন আপনি আপনার বান্দাগণকে কবর থেকে উঠাবেন। (আবু দাউদ-৫০৪৭)
০৫. তারপর এই দুআ পাঠ করা সুন্নাত।
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
অর্থ: হে আল্লাহ! আমি তোমার নামেই মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই। (সহীহ বুখারী-৬৩১২, ৬৩১৪, ৬৩২৫, ৭৩৯৪, ইফা.-৫৭৭২, ৫৮৭৫)
০৬. তারপর তাসবীহে ফাতেমী পাঠ করা সুন্নাত। (বুখারী-৩১১৩, ৩৭০৫, ৫৩৬১, ৬৩১৮, ইফা.-২৮৯০, ৫৭৬৬, মুসলিম-১৩৭৮, ২৭২৭, তিরমিযী-৩৪০৮, ৩৪০৯, আবু দাউদ-২৯৮৮, ৫০৬২, আহমাদ-৬০৫, ৭৪২, ৮৪০, ৯৯৯, ১১৪৪, ১২৩৩, ১২৫৩, ১৩১৫, দারিমী-২৬৮৫, হাদীসটি বুখারীর)
০৭. তারপর একবার সূরা ফাতিহা পাঠ করা সুন্নাত। (দারিমী-২/৫৩৮)
০৮. তারপর সূরা ইখলাস, ফালাক ও নাস তিনবার পাঠ করা সুন্নাত। (সহীহ বুখারী-৫০১৭, ৫৬০৭, ৫৬০৯, ৫৭৪৮, ৬৩১৯, ইফা.-৪৬৫২, মুসলিম-২৭১৫, আবু দাউদ-৫০৫৬, তিরমিযী-৩৪o২, ইবনে হিব্বান-৫৫৪৪, মিশকাত-২১৩২, হাদীসটি বুখারীর)
০৯. তারপর আয়াতুল কুরছি মুখস্ত থাকলে পাঠ করা সুন্নাত। (সহীহ বুখারী-৩২৭৫, ২৩১১, ৫০১০, ইফা.-৩০৪২)
১০. তারপর 'সূরা মূলক' মুখস্ত থাকলে পাঠ করা সুন্নাত। (আবু দাউদ-১৪০২, ২৮৯১, তিরমিযী-২৬২১, ইবনে মাজাহ-৩৭৮৬, আহমাদ-১৭১৬০, আত-তারগীব- ৩৪৪, মিশকাত-২১৫৩, হাদীসটি আবু দাউদের)
১১. সূরা বাকারার শেষ দুই আয়াত (জানা থাকলে) পাঠ করা সুন্নাত। (তিরমিযী-২৮৮২, আহমাদ-১৮৪১৪, আত-তারগীব-১৪৬৭, মিশকাত-২১৪৫, মুসতাদরাক হাকিম-৩০৩১, দারিমী-৩৪৩০, হাদীসটি আহমাদের)
১২. তারপর কয়েকবার ইস্তিগফার পাঠ করা সুন্নাত। (আবু দাউদ-১৫১৮, আহমাদ-২২৩৪, ইবনে মাজাহ-৩৮১৯, তাবারানী-১০৬৬৫, বায়হাকী- ৬৪২১, তারগীব-১১৫৪, হাদীসটি আবু দাউদের)
১৩. আল্লাহ পাকের যিকির করতে করতে ঘুমিয়ে পড়া সুন্নাত। (আবু দাউদ-৪৮৫৮, ৪৮৫৬, আহমাদ-৯৩০০, ৯৪৭২, ৯৮৮৪, ৯৯০৭, ১০০৫০, মিশকাত- ২২৭২, সহীহা-৭৮, সহীহ আল জামি'-৬৪৭৭, হাদীসটি আবু দাউদের)
১৪. উপুড় হয়ে শোয়া সুন্নাতের খেলাফ। (আবু দাউদ-৫০৪০, আহমাদ-১৫১১৫, ১৫১১৭, হাদীসটি আবু দাউদের)
১৫. খারাপ কিছু স্বপ্ন দেখলে জাগ্রত হয়ে বামদিকে থুথু ফেলা এবং তিনবার এই দুআ পাঠ করা উত্তম।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ وَشَرِّ هُذِهِ الرُّؤْيَا অর্থ: আমি বিতাড়িত শয়তান থেকে এবং এই স্বপ্নের অপকারিতা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
১৬. ঘুম থেকে জাগ্রত হয়ে এই দুআ পাঠ করা সুন্নাত।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ অর্থ: সকল প্রশংসা সেই আল্লাহ তা'আলার জন্য যিনি আমাদেরকে (নিদ্রা জাতীয়) মৃত্যুদানের পর পুনরায় জীবিত করেছেন। তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে। (বুখারী-৬৩১২, ৬৩১৪, ৬৩২৫, ৭৩৯৪, ইফা.-৫৭৭২, ৫৮৭৫, তিরমিযী- ৩৪১৭, আবু দাউদ-৫০৪৯, ইবনে মাজাহ-৩৮৮০, আহমাদ-২২৭৩৩, ২২৭৬০, ২২৭৭৫, ২২৮৬০, ২২৮৮২, ২২৯৪৯, দারিমী-২৬৮৬, হাদীসের শব্দাবলী বুখারীর)
নোট: যদি কোনো ব্যক্তি উপরোক্ত আমলসমূহ করে ঘুমায়, তাহলে তার আমলনামায় সারারাত ইবাদতের সওয়াব দান করা হয় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলা যায় যে, ঐ রাতে যদি তার মৃত্যু হয়, তাহলে ঈমানের উপরই মৃত্যু হবে।
📄 জীবন বদলে যাবার মতো একটি হাদীস
عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَا فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَا أَبْلَاهُ অর্থ: হযরত আবু বারযা আসলামী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের দিন মানুষের দু'পা সামনে অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না এ প্রশ্নগুলোর জবাব দিবে- (১). হায়াত কিভাবে অতিবাহিত করেছে, (২). ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে, (৩). সম্পদ কিভাবে অর্জন করেছে, (৪). সম্পদ কোথায় খরচ করেছে, (৫). যৌবন কাল কিভাবে অতিবাহিত করেছে। (তিরমিযী-২৪১৭, দারিমী-৫৩৭, হাদীসের শব্দাবলী তিরমিযীর)
সংক্ষিপ্ত ব্যাখ্যা: প্রথম প্রশ্ন হবে হায়াত সম্পর্কে। ষাট-সত্তর বছরের যিন্দেগী কীভাবে অতিবাহিত করেছি। আমরা কি বেহুদা কথাবার্তা বলে, মোবাইল ও টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করেছি, নাকি আল্লাহ পাকের যিকির দ্বারা যবান সিক্ত রেখেছি সে সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রতিটি মিনিট এমনকি প্রতিটি সেকেন্ডের জন্যও প্রশ্ন করা হবে।
আমি তখন আশ্চর্য হই, যখন দেখি একজন মুসলিম সন্তান দোকানে বসে, গাড়িতে উঠে মোবাইলে ভিডিও গেমস ও অশ্লীল ছবি দেখছে! কোনো মুসলামন কি খেল-তামাশার মধ্যে মূল্যবান হায়াত শেষ করতে পারে?
এক হাদীসে আছে, কোনো মুসলমান যখন গাড়িতে উঠে আল্লাহ পাকের যিকির করে, তখন একজন ফেরেশতা তার সফরসঙ্গী হয়ে যান। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- مَا مِنَ رَاكِبٍ يَخْلُوْا فِي مَسِيْرِهِ بِاللَّهِ وَ ذِكْرِهِ إِلَّا رَدِفَهُ مَلَكَ, وَلَا يَخْلُوا بِشِعْرٍ وَنَحْوِهِ إِلَّا رَدِفَهُ شَيْطَانٌ
অর্থাৎ, যে আরোহী সফর অবস্থায় অন্তরকে দুনিয়ার কথাবার্তা থেকে বিরত রেখে আল্লাহ পাকের ধ্যান-খেয়াল ও তাঁর যিকিরে মশগুল থাকে, একজন ফেরেশতা তার সফরসঙ্গী হয়ে যান। পক্ষান্তরে, যে ব্যক্তি অশ্লীল কবিতা ও গুনাহে মশগুল থাকে, তখন শয়তান তার সফরসঙ্গী হয়ে যায়। (তাবারানী, মাজমাউয যাওয়াদে-১০/১৮৫, মুন্তাখাব হাদীস-১/৩৮৭)
নোট: আলোচ্য হাদীসে স্পষ্ট বলা হয়েছে যে, যখন কোনো ব্যক্তি গাড়িতে উঠে আল্লাহ পাকের যিকির করতে থাকে, তখন একজন ফেরেশতা তার সফরসঙ্গী হয়ে যান অর্থাৎ, ফেরেশতা তার জন্য দুআ করতে থাকেন এবং তার কল্যাণ কামনা করেন। যদি এ অবস্থায় (গাড়ি এক্সিডেন্ট করে) তার মৃত্যু হয়, তবে ঈমানের উপরই মৃত্যু হবে এবং সে শহীদী মর্তবা লাভ করবে।
পক্ষান্তরে, কেউ যদি গাড়িতে উঠে গান শুনতে থাকে, ভিডিও গেমস খেলে কিংবা বেহুদা গল্পে লিপ্ত হয়ে যায়, তখন শয়তান তার সফরসঙ্গী হয়ে যায় এবং শয়তান তাকে গুনাহের কুমন্ত্রণা দিতে থাকে।
আফসোস! আজকাল মুসলিম ছেলে-মেয়েরাও যানবাহনে উঠে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে, মেয়েদের নগ্ন ছবি দেখতে থাকে। আপনারাই বলুন, যদি এ অবস্থায় গাড়িটি এক্সিডেন্ট হয়ে সে মারা যায়, তবে তার মৃত্যু কি ঈমানের উপর হবে?
ইহুদী-খ্রিস্টানরা মুসলিম উম্মাহর ঈমান ধ্বংস করার জন্য এবং মুসলমানদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করার এরূপ ষড়যন্ত্র করেছে। মুসলমানদের ঘরে, দোকানে, গাড়িতে, লঞ্চে, বিমানে এমনকি প্রত্যেকের হাতে হাতে ঈমান বিধ্বংসী অশ্লীল-উলঙ্গ ছবি তুলে দিয়েছে।
হে আল্লাহ! তুমি এই উম্মাহকে হেফাজত করো।-আমীন
📄 সফরের কয়েকটি সুন্নাত
(১). দু'রাকাআত নামাজ পড়ে ঘর থেকে বের হবে।
হাদীসে আছে: দু'রাকাআত নামাজ পড়ে ঘর থেকে বের হলে আল্লাহ পাক সফরের যাবতীয় খারাবী থেকে হেফাজত করবেন। (বাযযার, মাজমাআ'-২/৫৭২) (২). ঘর থেকে বের হওয়ার সময় এই দুআ পাঠ করবে। بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
অর্থ: আমি আল্লাহর নামে (ঘর থেকে) বের হচ্ছি এবং আল্লাহর উপরই ভরসা করছি। যাবতীয় কল্যাণ এবং অকল্যাণ সবকিছু একমাত্র আল্লাহর হুকুমেই হয়ে থাকে। (আবু দাউদ-৫০৯৭, তিরমিযী-৩৪৫৪, মিশকাত-২৪৪৩, সহীহ ইবনে হিব্বান-৮১৯)
(৩). গাড়িতে উঠে (স্থল পথে) এই দুআ পাঠ করবে।
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
অর্থ: পবিত্রতা ঘোষণা করছি সে সত্তার, যিনি এটাকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, যদিও একে বশীভূত করতে আমরা সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করবো। (বুখারী-৫৯৪৩, মুসলিম-৩৩৩৯, ৩১৬৬, ইফা.-৩১৪১, ইফা.-৩১৪৬, তিরমিযী-৩৪৪০, আবু দাউদ-২৫৯৯, আহমাদ-৬৩৩৮, দারিমী-২৬৭৩, হাদীসের শব্দাবলী মুসলিমের)
(৪). নৌপথে এ দুআ পাঠ করবে।
بِسْمِ اللَّهِ مَجْراهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ
অর্থ: আল্লাহ তা'আলার নামেই এর চলা ও অবস্থান করা। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা হুদ-৪১)
(৫). তারপর একবার সূরা ফাতিহা পাঠ করবে।
(৬). তারপর তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে।
(৭). তারপর কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করবে।
(৮). তারপর আল্লাহ পাকের যিকির করতে করতে চলবে।
যখন কোনো ব্যক্তি এই সুন্নাতের উপর সফর করবে, তার গাড়ির চাকা যতো বেশি ঘুরবে, তার নেকীর পাল্লাও ততো বেশি ভারী হতে থাকবে। যদি এ অবস্থায় (গাড়ি এক্সিডেন্ট করে) তার মৃত্যু হয়, তবে ঈমানের উপরই মৃত্যু হবে এবং সে শাহাদাতের মর্তবা লাভ করবে।