📄 ১৫ ধরণের পাপ কাজে আল্লাহর আযাব আসে
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشَرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلَاءُ, فَقِيْلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلًا وَالْأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ وَ عَقَّ أُمَّهُ وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ وَارْتَفَعَتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِهِ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَبِسَ الْحَرِيرُ وَاتَّخِذَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا أَوْ مَسْخًا
অর্থ: হযরত আলী ইবনে আবু তালিব রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যখন আমার উম্মত ১৫ টি পাপ কাজে লিপ্ত হবে, তখন তাদের উপর বালা-মুসিবত ও আযাব নেমে আসবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেন:
(১). যখন গনিমতের (সরকারী) মালকে ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলবে। (২). আমানতকে লুটের মাল বানিয়ে ফেলবে। (৩). যাকাতকে জরিমানা মনে করবে। (৪). পুরুষ লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। (৫). লোকেরা মায়ের অবাধ্য হবে। (৬). বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে।
(৭). পিতার সাথে খারাপ আচরণ করবে।
(৮). মসজিদে শোরগোল করা হবে।
(৯). সর্বাধিক খারাপ চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে।
(১০). মানুষকে তার অনিষ্টের ভয়ে সম্মান করা হবে।
(১১). ব্যাপকভাবে মাদক সেবন করা হবে।
(১২). রেশমী বস্ত্র পরিধান করা হবে।
(১৩). নর্তকী গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হবে।
(১৪). বাদ্যযন্ত্রের কদর করা হবে। (১৫). এ উম্মতের শেষ যামানার লোকেরা পূর্ববর্তীদেরকে লা'নত দিবে। তখন তোমরা অগ্নি বায়ু, অথবা ভূমিধ্বস কিংবা চেহারা বিকৃতির আযাবের অপেক্ষা করো। (তিরমিযী-২২১০, জামিউস সগীর-১১৭৫)
নোট : হযরত আলী ইবনে আবু তালিব রাযি. থেকে অপর এক বর্ণনায় উল্লেখ আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, কিয়ামত তখন হবে, যখন উম্মাহর পতন ঘটবে। আর পতন তখন ঘটবে, যখন তারা তারকার জ্ঞানকে বিশ্বাস করবে। তাকদিরকে অস্বীকার করবে। আমানতকে গনিমত মনে করবে। দান খয়রাতকে জরিমানা মনে করবে এবং পাপাচার বৃদ্ধি পাবে। তখনই কিয়ামত কায়েম হবে।
📄 যে পাপের কারণে মানুষকে ধসিয়ে দেয়া হবে
عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَيَشْرَ بَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَبُّونَهَا بِغَيْرِ اسْمِهَا, يُعْزَفُ عَلَى رُءُوسِهِمْ بِالْمَعَازِفِ وَالْمُغَنِيَاتِ, يَخْسِفُ اللَّهُ بِهِمُ الْأَرْضَ وَيَجْعَلُ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ
অর্থ: আবু মালিক আশআরী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আমার উম্মতের কিছু লোক শরাবের নাম পরিবর্তন করে (ভিন্ন নামে) তা পান করবে। তাদের সামনে বাদ্য বাজনা চলবে এবং গায়িকা নারীরা গান পরিবেশন করবে। আল্লাহ তায়ালা এদেরকে মাটির নিচে ধ্বসিয়ে দিবেন এবং তাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করবেন। (আবু দাউদ-৩৬৮৮, ইবনে মাজাহ-৪০২০, আহমাদ-২২৩৯৩, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 পাপীকে আল্লাহ সাময়িক সুযোগ দেন, তারপর আযাব শুরু
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ قَالَ: ثُمَّ قَرَأَ: { وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ
অর্থ: হযরত আবু মূসা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আল্লাহ যালিমকে (পাপকাজ করার) সুযোগ দেন। কিন্তু তিনি যখন তাকে পাকড়াও করেন তখন আর রেহাই দেন না। এরপর তিনি این আয়াত তিলাওয়াত করেন- “তোমার প্রতিপালক যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তখন তাঁর পাকড়াও এরূপই হয়ে থাকে। তাঁর পাকড়াও অত্যন্ত কঠিন ও নির্মম। (সূরা হুদ- ১০২, বুখারী-৪৬৮৬, ইফা.-৪৩২৬, মুসলিম-২৫৮৩, তিরমিযী-৩১১০, ইবনে মাজাহ-৪০১৮, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 মদ্যপান ও গান-বাজনা বৃদ্ধি পেলে সে জাতির উপর আযাব আসে
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي هَذِهِ الْأُمَّةِ خَسْفٌ وَمَسْخُ وَقَذْفٌ : فَقَالَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ يَا رَسُولَ اللَّهِ! وَمَتَى ذَاكَ ؟ قَالَ إِذَا ظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ
অর্থ: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ভূমিধ্বস, চেহারা বিকৃতি এবং প্রস্তরবর্ষণের আযাব এই উম্মতের উপর হবে। জনৈক মুসলিম ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলাল্লাহ! কখন এসব আযাব আসবে? তিনি বললেন: যখন গায়িকা নারী ও বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে এবং মদ্যপানের সয়লাব হবে। (তিরমিযী-২২১২)