📄 জাগতিক উন্নতি আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না
মুফাসসিরগণ বলেন, আলোচ্য আয়াত থেকে প্রতীয়মান হয় যে, যখন কোনো জাতি আল্লাহ পাকের অবাধ্য ও নাফরমান হয়, তখন তাদের বাহ্যিক অবস্থা যতোই উন্নততর হোক না কেন, তাদের ধ্বংস অনিবার্য। জাগতিক উন্নতি-অগ্রগতি তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না। (তাফসীরে মাজেদী-১ম খণ্ড)
📄 পাপ করলে কেউ রক্ষা পাবে না
فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمُ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
অর্থ: আমি তাদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো উপর আমি পাথরকুচির ঝড় পাঠিয়েছি, কাউকে পাকড়াও করেছে বিকট আওয়াজ, কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি, আর কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ এমন নন যে, তাদের উপর যুলুম করবেন; বরং তারা নিজেরা নিজদের প্রতি যুলুম করতো। (সূরা আনকাবুত-৪০)
📄 পাপের কারণে ফিরাউনের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে
كَدَابِ آلِ فِرْعَوْنَ * وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَّبُوا بِأَيْتِنَا فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ অর্থ: যেমন আচরণ ছিল ফেরাউন সম্প্রদায়ের এবং তাদের পূর্ববর্তীদের। তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদরেকে পাকড়াও করেছেন। আর আল্লাহ শাস্তি দানে কঠোর। (সূরা আলে-ইমরান-১১)
📄 বিপদাপদ মানুষের হাতের কামাই
مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ অর্থ: তোমার নিকট যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যে বিপদাপদ পৌঁছে তা তোমারই হাতের কামাই। (সূরা নিসা-৭৯) অপর এক আয়াতে তিনি বলেন-
ما أَصَابَ مِنْ مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ অর্থাৎ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। (সূরা তাগাবুন-১১) নোট : মানুষ যেসব কল্যাণ লাভ করে থাকে, তা একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ ও করুণাস্বরূপ। এতে বান্দার কোনো যোগ্যতা ও অধিকার নেই। কারণ সমস্ত মানুষ আল্লাহ পাকের গোলাম। তিনিই সকলকে সৃষ্টি করেছেন। অতএব কোনো ব্যক্তি যদি সারা জীবনও আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকে, তথাপিও তাঁর নিয়ামতের এক চুল পরিমাণ হকও আদায় হবে না। এ কারণে আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, তোমরা আল্লাহর যেসব নিয়ামত ও কল্যাণ লাভ করে থাকো, তা তোমাদের অধিকার ও পাওনা হিসেবে নয়; বরং সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ ও দয়াস্বরূপ। পক্ষান্তরে, তোমাদের প্রতি যেসব আযাব, অকল্যাণ ও অনিষ্ট পৌঁছে, তা তোমাদের হাতের কামাই। তোমাদের গোনাহ ও পাপের কারণেই হয়ে থাকে।