📄 কুরআনের দলিল : মানুষের পাপের কারণেই আল্লাহ আযাব দেন
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
অর্থ: মানুষ স্ব-হস্তে যা কামাই করেছে, তার কারণেই জলে ও স্থলে বিপর্যয় (আযাব) ছড়িয়ে পড়েছে। যাতে আল্লাহ তাদেরকে আস্বাদন করান তাদের কৃতকর্মের শাস্তি; যেন তারা সৎপথে ফিরে আসে। (সূরা রূম-৪১)
📄 পাপের কারণে পূর্ববর্তী বহু জাতিকে ধ্বংস করা হয়েছে
أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنْهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهُرَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْتُهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ
অর্থ: তারা কি দেখেনি যে, আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি? যাদেরকে যমীনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি। তাদের উপর বৃষ্টি পাঠিয়েছিলাম মুষলধারে এবং সৃষ্টি করেছিলাম নদীসমূহ যা তাদের নিচে প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায়কে সৃষ্টি করেছি। (সূরা আনআম-৬)
নোট: এ আয়াতে উম্মতে মুহাম্মাদীয়াকে কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে যে, তোমরা কি পূর্ববর্তী জাতিকে (যেমন- আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, নূহ সম্প্রদায়, লূত সম্প্রদায় ও ফেরাউনের করুণ পরিণতি) প্রত্যক্ষ করনি? তারা ছিলো শিক্ষা-দীক্ষা, অর্থ-বিত্ত, অস্ত্র-সৈন্য সর্বদিক দিয়ে তোমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদেরকে যে শক্তি ও ক্ষমতা দেয়া হয়েছিলো, তোমাদেরকে তা প্রদান করা হয়নি। কিন্তু তারা যখন আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়েছিলো, তখন তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের ক্ষমতা ও প্রতিপত্তি আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করতে পারেনি।
অতএব, তাদের করুণ পরিণতি থেকে তোমাদেরও শিক্ষা নেয়া উচিত। অন্যথায় তোমাদেরও সেই পরিণতি বরণ করতে হবে। (তাফসীরে মাআরিফুল কুরআন)
📄 জাগতিক উন্নতি আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না
মুফাসসিরগণ বলেন, আলোচ্য আয়াত থেকে প্রতীয়মান হয় যে, যখন কোনো জাতি আল্লাহ পাকের অবাধ্য ও নাফরমান হয়, তখন তাদের বাহ্যিক অবস্থা যতোই উন্নততর হোক না কেন, তাদের ধ্বংস অনিবার্য। জাগতিক উন্নতি-অগ্রগতি তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না। (তাফসীরে মাজেদী-১ম খণ্ড)
📄 পাপ করলে কেউ রক্ষা পাবে না
فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمُ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
অর্থ: আমি তাদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো উপর আমি পাথরকুচির ঝড় পাঠিয়েছি, কাউকে পাকড়াও করেছে বিকট আওয়াজ, কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি, আর কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ এমন নন যে, তাদের উপর যুলুম করবেন; বরং তারা নিজেরা নিজদের প্রতি যুলুম করতো। (সূরা আনকাবুত-৪০)