📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 মদীনার বৈশিষ্ট্য এবং মর্যাদা

📄 মদীনার বৈশিষ্ট্য এবং মর্যাদা


১. বর্ণিত আছে, বিশ্বনবী (সাঃ), আবু বকর (রা.) এবং উমর (রা.) সহ মদীনায় দাফনকৃত অধিকাংশ সাহাবীকে মদীনার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অর্থাৎ কা'বার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর প্রতি আনুগত্যের আহ্বানে প্রথমে কা'বার মাটিই সাড়া দিয়েছিল এবং কা'বা থেকেই যমীনের বিস্তার হয়েছে。
২. মদীনা অন্যান্য সকল স্থান থেকে উত্তম। এ ব্যাপারে উম্মতের ইজমা' (ঐকমত্য) প্রতিষ্ঠিত হয়েছে।
৩. উম্মাহর শ্রেষ্ঠ লোকদের সেখানে (মদীনায়) দাফন করা হয়েছে। তাদের মধ্যে সাহাবায়ে কেরাম রয়েছেন।
৪. মদীনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর উদ্দেশ্যে নিজ প্রাণ উৎসর্গকারী উত্তম শহীদানের কবর রয়েছে। তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন।
৫. আল্লাহ মদীনাকে সৃষ্টির সেরা ও সম্মানিত নবীর বাসস্থান বানিয়েছেন।
৬. আল্লাহ মদীনাবাসীদেরকে সাহায্য ও আশ্রয়দানের জন্য পছন্দ করেছেন।
৭. অন্যান্য সকল শহর যুদ্ধের মাধ্যমে বিজিত হয়েছে। একমাত্র মদীনা কুরআন দ্বারা বিজিত হয়েছে।
৮. আল্লাহ মদীনা থেকেই অন্যান্য শহরগুলো বিজিত করেছেন। এমনকি মক্কাও। তিনি মদীনাকে দ্বীন প্রচার ও প্রদর্শনীর কেন্দ্র বানিয়েছেন।
৯. ইসলামের প্রারম্ভিক যুগে, মক্কা বিজয়ের পূর্বে মদীনায় হিজরত করা ওয়াজিব ছিল এবং মুহাজিরদেরকে সর্বাত্মক সাহায্য করা আনসারদের উপর ফরয ছিল। যারা মক্কা বিজয়ের পূর্বে মদীনায় হিজরত করেছেন তাদের জন্য হজ্জ ও উমরাহ শেষে মক্কায় মাত্র তিন দিন থাকার অনুমতি ছিল।
১০. কিয়ামতের দিন উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তিরা মদীনা থেকেই উঠবেন।
১১. মদীনার নাম হচ্ছে, মুমিনাহ-মুসলিমাহ অর্থাৎ বিশ্বাসিণী ও আনুগত্যকারিণী। আল্লাহ একমাত্র এ শহরকে এ বৈশিষ্ট্যসহ সৃষ্টি করেছেন।
১২. আল্লাহ কুরআনে মদীনাকে 'আরদুল্লাহ' অর্থাৎ আল্লাহর যমীন বলে উল্লেখ করেছেন। (সূরা নিসা: ৯৭)
১৩. আল্লাহ মদীনাকে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হিসেবে উল্লেখ করে বলেছেন, অনুরূপভাবে আল্লাহ আপনাকে আপনার ঘর (মদীনা) থেকে সত্যসহকারে বের করে এনেছেন।
১৪. এক বর্ণনা অনুযায়ী আল্লাহ আল কুরআনের আয়াতে মদীনার শপথ করে কথা বলেছেন, আমি এই শহরের (মদীনার) শপথ করে বলছি।
১৫. আল্লাহ আল কুরআনের আয়াতে মদীনার কথা আগে উল্লেখ করেছন, হে আল্লাহ আমাকে সত্যের পথে প্রবেশ করাও এবং সত্যের নির্গমন পথ থেকে নির্গমন করাও। (সূরা বনী ইসরাইল: ৮০)
১৬. আল্লাহ তাওরাতে এ শহরের নাম মারহুমাহ (রহমতপ্রাপ্ত) উল্লেখ করেছেন।
১৭. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শহরকে মক্কা কিংবা এর চাইতেও বেশি প্রিয় বানিয়ে দেয়ার দোয়া করেছেন এবং এজন্য এর নাম হচ্ছে হাবীবাহ বা 'প্রিয়া'।
১৮. মদীনায় পৌঁছার আগে এর দেয়াল দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারীকে দ্রুত তাড়া করতেন। মক্কা থেকে মদীনায় পৌছার পথে তিনি আসায়াহ নামক স্থানে কাঁধ থেকে চাদর সরিয়ে বলতেন: 'আমি মদীনার সুঘ্রাণ পাচ্ছি।
১৯. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার বরকতের জন্য দোয়া করেছেন।
২০. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাকে 'হারাম' (সম্মানিত) ঘোষণা করেছেন।
২১. তিনি নিজ হাতে সেখানে মসজিদে নববী প্রতিষ্ঠা করেন এবং উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ সাহাবায়ে কেরাম তাতে অংশ নেন।
২২. সেখানে এমন মসজিদ রয়েছে যার প্রশংসা স্বয়ং আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। সেটি হচ্ছে কুবা মসজিদ। আল্লাহ বলেন, 'যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত'। (সূরা তওবা: ১০৮)
২৩. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরাহ ও মিম্বারের মাঝখানে বেহেশতের বাগানসমূহের একটি বাগান রয়েছে। এ মসজিদের এ অংশটুকু ছাড়া গোটা যমীনের বেহেশতের আর কোন অংশের অস্তিত্বের কথা বর্ণিত নেই।
২৪. তাঁর মিম্বার মুবারক বেহেশতের সিঁড়ির উপর অবস্থিত। আরেক হাদীসে বর্ণিত রয়েছে, 'আমার মিম্বার আমার হাউজের (কাউসার) উপর'।
২৫. মসজিদে নববীতে ইবাদতে এক হাজার গুন বেশী সওয়াব হয়।
২৬. তাবারানী তাঁর আওসাত গ্রন্থে একটি হাদীস উল্লেখ করেছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে আমার এ মসজিদে ৪০ ওয়াক্ত নামায পড়বে, তাকে দোযখ ও আযাব থেকে মুক্তি দেয়া হবে এবং সে মুনাফিকী থেকেও মুক্তি পাবে।'
২৭. মসজিদে নববীতে নামাযের উদ্দেশ্যে পবিত্রতাসহকারে আগমনকারী ব্যক্তি হজ্জের সওয়াব পাবে এবং ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে আসার পথে প্রতি কদমে একটি সওয়াব ও একটি গুনাহ থেকে মুক্তি পাবে।
২৮. হাদীসে রয়েছে, ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে দু'রাকাত নামায পড়লে একটি উমরার সওয়াব পাওয়া যায়।
২৯. হাদীসে রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মদীনায় রমযান মাসের রোযা অন্য জায়গার এক হাজার রোযার চাইতে উত্তম এবং মদীনার জুমআর নামায অন্য জায়গার ১ হাজার নামায অপেক্ষা উত্তম।' অন্যান্য নেক কাজগুলোর সওয়াবও অনুরূপ। তবে মদীনায় যে সকল ইবাদাতের হুকুম নাযিল হয়েছে সেগুলো মক্কা অপেক্ষা মদীনায় আদায় করা উত্তম বলে কেউ কেউ মনে করেন।
৩০. হাদীসে রয়েছে, মসজিদে নববী থেকে আযান শুনার পর বিনা প্রয়োজনে বের হওয়া এবং পুনরায় ফিরে না আসা মুনাফিকী।
৩১. মদীনার মসজিদে নববীতে দাওয়াত ও তা'লীম অর্থাৎ দ্বীন শিক্ষা-দীক্ষা কার্যকর ছিল এবং থাকবে।
৩২. মসজিদে নববীতে অধিকতর আদব-কায়দা প্রদর্শন ও নিম্নস্বরে কথা বলতে হয়। কেননা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন।
৩৩. মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব (নামায পড়ার স্থান) সুনির্দিষ্ট আছে।
৩৪. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বার ও মসজিদের মুসাল্লার মাঝে বেহেশতের বাগানসমূহের একটি বাগান অবস্থিত।
৩৫. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'ওহুদ পাহাড় বেহেশতের সিঁড়িসমূহের একটি' এবং 'ওহোদ আমাদেরকে ভালবাসে, আমরাও ওহুদকে ভালবাসি।'
৩৬. হাদীসে বর্ণিত আছে, মদীনার বুতহাস উপত্যকা বেহেশতের সিঁড়িসমূহের একটির উপর অবস্থিত।
৩৭. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীক উপত্যকাকে 'মুবারক' বলে আখ্যায়িত করেছেন। হাদীসে রয়েছে 'আমরা আকীককে ভালবাসি, আকীকও আমাদেরকে ভালবাসে।'
৩৮. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় বসবাস করার জন্য উৎসাহিত করেছেন।
৩৯. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় মৃত্যুর ব্যাপারে উৎসাহিত করেছেন এবং তাদের জন্য সাক্ষ্য ও সুপারিশের ওয়াদা করেছেন।
৪০. মদীনায় মৃত্যুর ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করেছেন।
৪১. মদীনার অধিবাসীরা সর্বপ্রথম সুপারিশ লাভ করবেন এবং তাদের জন্য সম্মান ও অধিকতর সুপারিশের নিশ্চয়তা রয়েছে।
৪২. হাশরের দিন মদীনার মুর্দাগণের নিরাপদ পুনরুত্থান হবে।
৪৩. জান্নাতুল বাকী গোরস্থান থেকে পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল ৭০ হাজারের অধিক লোককে পুনরুত্থিত করে বিনা হিসাবে বেহেশতে পাঠানো হবে। অনুরূপভাবে, বনী সালামাহ গোরস্তান থেকেও লোকদেরকে পুনরুত্থিত করা হবে।
৪৪. অন্যান্য সকল লোকের আগে মদীনাবাসীদেরকে কবর থেকে উঠানো হবে।
৪৫. মদীনার গরম ও তাপ সহ্যকারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ কিংবা সাক্ষ্যের প্রতিশ্রুতি রয়েছে।
৪৬. মসজিদে নববী যিয়ারতকারীর জন্য তাঁর সুপারিশ ওয়াজিব হবে। বলে হাদীসে উল্লেখ আছে।
৪৭. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পার্শ্বে দোয়া কবুল হয়। এ ছাড়াও তাঁর মিম্বারের কাছে মসজিদে ফাতাহ, মসজিদে এজাবাহ ও মসজিদে সুকিয়ায় দোয়া কবুল হয়।
৪৮. মদীনা অপবিত্র লোকদেরকে দূর করে দেয়।
৪৯. আগুন যেমন লোহর মরিচা দূর করে, মদীনাও তেমনি গুনাহ দূর করে।
৫০. মদীনাবাসীদের উপর যুলুম ও ভীতি প্রদর্শনকারীর কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে।
৫১. হাদীসে রয়েছে: যে মদীনাবাসীদের ক্ষতি করার ইচ্ছা করবে। লবণ যেমন পানিতে মিশে যায়, ঠিক আল্লাহও তাকে ওমনি করে গলিয়ে দিবেন। অন্য বর্ণনায় রয়েছে, ‘আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবেন।’
৫২. যে ব্যক্তি মদীনায় কোন দুর্ঘটনা ঘটায় কিংবা কোন দুর্ঘটনাকারীকে আশ্রয় দেয়, তার বিরুদ্ধে কঠোর শাস্তির হুমকি রয়েছে।
৫৩. মদীনাবাসীদেরকে সম্মান না করলে শাস্তি হবে। উম্মাহর উপর তাদের প্রতি সম্মান প্রদর্শন ওয়াজিব।
৫৪. হাদীসে রয়েছে: 'যে মদীনাবাসীদেরকে ভীতিপ্রদর্শন করে, সে যেন আমার দুই পার্শ্বে ভীতি প্রদর্শন করল।'
৫৫. কেউ মদীনা থেকে অনাগ্রহী হয়ে বাইরে না গেলে তার অনুপস্থিতিতে আল্লাহ তার উত্তম কল্যাণ দেবেন (মুসলিম)। অর্থাৎ স্বাভাবিকভাবে বাইরে গেলে এবং মদীনাকে অপছন্দ না করলে, অনুপস্থিতির সময়টুকুও বরকতময় হবে।
৫৬. মদীনা থেকে সংক্রামক রোগ ও জ্বরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ একে সম্মানিত করেছেন।
৫৭. মদীনার মাটিতে শেফা ও চিকিৎসা রয়েছে।
৫৮. মদীনায় দাজ্জালের প্রবেশাধিকার নেই।
৫৯. তাবারানীর বর্ণিত হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলমানের উচিত মদীনা যিয়ারত করা।
৬০. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম দেয়া যায় ও উত্তর পাওয়া যায়।
৬১. মদীনায় ঈমান পুনরায় ফিরে আসবে।
৬২. মদীনার প্রহরা ফিরিশতাদের উপর অর্পিত।
৬৩. প্রথম মসজিদ (মসজিদে কুবা) মদীনায় নির্মিত হয়েছে।
৬৪. মসজিদে নববী আম্বিয়ায়ে কেরামের পক্ষ থেকে সর্বশেষ মসজিদ।
৬৫. মদীনায় অধিক মসজিদ, ঐতিহাসিক স্থান ও নিদর্শন বিদ্যমান। তাই ইমাম মালিক বলেছেন, কিভাবে আমি মদীনাকে ভাল না বাসি, যেখানে এমন কোন রাস্তা নেই যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেননি এবং জিব্রাঈল (আ.) আল্লাহর কাছ থেকে প্রতি ঘণ্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসেছেন?
৬৬. মদীনার স্নিগ্ধ বাতাসে ও মাটিতে বিশেষ সুঘ্রাণ রয়েছে।
৬৭. মদীনার জীবন যাপন আরামদায়ক ও সুখকর।
৬৮. মসজিদে নববীর মিম্বারের পার্শ্বে মিথ্যা শপথকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির হুমকি রয়েছে।
৬৯. মদীনার এক রাস্তা দিয়ে প্রবেশ ও ভিন্ন রাস্তা দিয়ে বের হওয়া উত্তম। (বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করতেন)।
৭০. মদীনায় প্রবেশের জন্য গোসল করা উত্তম।
৭১. মদীনায় দোয়া করা ও মৃত্যু প্রার্থনা করা উত্তম।
৭২. মদীনা চিরন্তন দারুল ইসলাম। হাদীসে বর্ণিত আছে, 'শয়তান এ অঞ্চলে তার পূজার ব্যাপারে নিরাশ হয়ে গেছে।
৭৩. মদীনা হচ্ছে হজ্জ ও উমরার দূরতম মীকাত। মদীনাবাসীদের সম্মানে আল্লাহ এ ব্যবস্থা করেছেন।
৭৪. মদীনা থেকে ইহরাম পরা উত্তম। কেননা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইহরাম পরে হজ্জ ও উমরাহ করেছেন।
৭৫. মদীনাবাসী ৩৬ রাকাত তারাবীহের নামায পড়ত।
৭৬. মক্কার চাইতেও মদীনায় বরকত বেশী। এক হাদীসে রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার জন্য মক্কার চাইতে ৬ গুন বেশী বরকতের দোয়া করেছেন।
৭৭. নাসাঈ, বাজ্জার ও হাকিমে বর্ণিত এক হাদীসে এসেছে : এক সময় 'মানুষ উটের পিঠে সওয়ার হয়ে আলেম তালাশ করতে থাকবে। তবে মদীনার আলেমের চাইতে বেশী জ্ঞানী আলেম কোথাও পাবে না।'
৭৮. চিকিৎসার উদ্দেশ্য ব্যতীত, মদীনার মাটি ও পাথর অন্যত্র স্থানান্তর করা হারাম।
৭৯. মদীনায় অস্ত্র বহন করা হারাম।
৮০. ঘোষণা দানের উদ্দেশ্য ছাড়া মদীনায় পড়ে থাকা জিনিস উঠানো যাবেনা।
৮১. মদীনায় শিকার করা ও গাছপালা কাটা নিষেধ।
৮২. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর যিয়ারতের মানত করলে তা পূরণ করা জরুরী (ওয়াজিব)। না করলে গোনাহ হবে।
৮৩. মদীনার চারপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ সতর্কবাণী অনুযায়ী হেজাযের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল।
৮৪. মদীনার বাজারের বরকতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন।
৮৫. মদীনার বাজারের ব্যবসায়ী আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য বলে হাদীসে বর্ণিত আছে।
৮৬. মদীনার মওজুদদার আল্লাহর কুরআনে বর্ণিত কাফিরের সমান।
৮৭. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন, তিনি বেহেশতের একটি কূপের কাছে গেছে। সে দিন তিনি গারস কূপের কাছে ভোরে জেগে গিয়েছিলেন।
৮৮. হাদীসে রয়েছে, 'মদীনার আজওয়া হচ্ছে বেহেশতের খেজুর।'
৮৯. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাসের জন্য মদীনাকে সবচেয়ে উত্তম মনে করেছেন এবং বাস্তবেও তাই করেছেন।
৯০. মদীনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন; এখনও শুয়ে আছেন এবং কিয়ামতের দিন এখান থেকেই উঠবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00