📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 যমযমের পানির বৈশিষ্ট্য ও ফযীলত

📄 যমযমের পানির বৈশিষ্ট্য ও ফযীলত


ওহাব বিন মোনাব্বিহ (রাহ) যমযম সম্পর্কে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কিতাবে লিখিত আছে এটি উত্তম, কল্যাণকর, নেককারদের পানীয়, ক্ষুধা নিবৃত্তকারী এবং রোগের চিকিৎসা। ইবনে খায়সাম বর্ণনা করেছেন, একবার ওহাব বিন মোনাব্বিহ (রা.) আমাদের কাছে এসে অসুস্থ হয়ে পড়লেন। তাঁর সাথে ছিল কিছু যমযমের পানি। আমরা বললাম, আপনি কিছু মিষ্টি পানি (স্বাভাবিক পানি) কেন পান করছেন না? যমযমের পানি তো বেশ লবণাক্ত। তখন তিনি জবাব দেন, আমার অসুখ ভালো হওয়ার আগ পর্যন্ত আমি অন্য কোন পানি পান করবো না।
যার হাতে ওহাবের প্রাণ, তাঁর শপথ করে বলছি, আল্লাহর কিতাবে এটি যমযম হিসেবে লিখিত; এটি কখনও শুকাবে না এবং ক্ষতিকর হবে না; এটি আল্লাহর কিতাবে উপকারী এবং নেককার লোকদের পানি হিসেবে লিখিত আছে এটি আল্লাহর কিতাবে উত্তম বলে বিবেচিত; ক্ষুধা নিবারণ এবং রোগের চিকিৎসা হিসেবে লিপিবদ্ধ আছে। ওহাবের প্রাণ যে সত্তার হাতে, তাঁর শপথ করে বলছি, কেউ যদি পেট ভর্তি করে এবং সুনির্দিষ্ট নিয়ত করে তা পান করে, অবশ্যই তাঁর রোগের চিকিৎসা হবে এবং সে রোগমুক্ত হবে। মুজাহিদ (রা.) বলেন, যমযমের পানি যে যে নিয়তে পান করবে তাঁর সে নিয়ত পূরণ হবে; তুমি যদি রোগমুক্তির জন্য তা পান কর তাহলে, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মিটাবার জন্য পান কর, তাহলে আল্লাহ তোমার পিপাসা পূরণ করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে পান কর, তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। এটি জিব্রাঈলের পায়ের গোঁড়ালীর আঘাতে হযরত ইসমাঈল (আ.) এর পানীয় হিসেবে তৈরী হয়েছে।
ইবনে আবী হুসাইন বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাইল বিন আমরের কাছে যমযমের পানি উপহার হিসেবে পাঠিয়েছিলেন। ইকরামা বিন খালিদ বলেন, একদিন গভীর রাতে আমি যমযমের পার্শ্বে বসা ছিলাম। তখন একদল সাদা কাপড় পরিহিত লোক কা'বার তওয়াফ করছিলেন। এমন ধবধবে সাদা কাপড় আমি আর কখনও দেখিনি। তওয়াফ শেষে তাঁরা আমার কাছে নামায পড়লেন এবং একজন তাঁর অন্য সাথীদেরকে লক্ষ্য করে বললেন, চল আমরা নেক লোকের পানীয় পান করি। তাঁরা যমযমে প্রবেশ করলেন। আমি ভাবলাম, আমি তো তাঁদেরকে তাঁদের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারি। তারপর আমি তাদের কাছে গেলাম, দেখলাম সেখানে কোন মানুষের নাম গন্ধও নেই (আযরাকী)। হযরত আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, জাহেলিয়াতের সময় লোকেরা একবার ভীষণ অভাবের সম্মুখীন হয়। ফলে খাবার সংগ্রহ তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে। তখন লোকেরা যমযমের পানির জন্য ছুটে আসে, পরিবারসমূহ শিশুদেরকে নিয়ে ভোরে যমযমে হাজির হত। তখন শিশুদের বাঁচানোর জন্য যমযমকে একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করা হত। হযরত জাবের (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'যমযমের পানি যে, যে নিয়তে পান করবে তার সে নিয়ত পূরণ হবে।' (ইবনে মাজাহ) হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যমযমের পানি যে, যে মকসুদে পান করবে, তার সে মকসুদ পূরণ হবে; যদি তুমি এ পানি রোগমুক্তির জন্য পান কর তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন; যদি তুমি পিপাসা মিটাবার জন্য এ পানি পান কর তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন; এটি জিবাঈলের পায়ের আঘাতে ইসমাঈলের পানীয় হিসেবে সৃষ্টি হয়েছে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'পেট ভর্তি করে যমযমের পানি পান করা মুনাফিকী থেকে মুক্তির কারণ।'
হযরত আবু জর গিফারী (রা.) রাসূলুল্লাহ (সাঃ)-এর নবুওয়াতের খবর জানতে পেরে তাঁর সাথে দেখা করার উদ্দেশ্যে নিজ গোত্র থেকে মক্কায় রওনা হন। মক্কায় এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলে কাফিররা তাঁকে পাথর মেরে বেহুশ করে ফেলে এবং তাঁর সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। তিনি বলেন, আমি যমযমের কাছে গিয়ে পানি দিয়ে রক্ত ধুয়ে ফেললাম এবং যমযমের পানি পান করলাম। আমি সেখানে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ৩০ দিন (অন্য রেওয়ায়েতে ১৪ দিন) অবস্থান করি। কিন্তু সেখানে যমযম ছাড়া আমার অন্য কোন খাবার ছিল না। অথচ, আমি মোটাসোটা হয়ে গেলাম এবং পেটের চামড়া ভাজ পড়ে গেল। এমনকি আমি পেটে সামান্য ক্ষুধাও অনুভব করতাম না। দীর্ঘ একমাস কা'বার পার্শ্বে ধৈর্যসহকারে অপেক্ষা করার পর হযরত আবু বকর সিদ্দিক (রা.) তাঁকে বুঝতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি এতোদিন এখানে কি খেয়েছিলে? তিনি জবাব দিলেন, আমি যমযমের পানি পান করা ছাড়া আর কিছুই খাইনি। এতে আমি মোটা হয়ে গেছি এবং আমার পেটের চামড়ার উপরে ভাঁজ পড়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'এটি ক্ষুধার সময় খাবারের কাজ করে।' সহীহ ইবনে হিব্বানে হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রা.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন : 'যমীনের উপর সর্বোত্তম পানি হচ্ছে যমযমের পানি।'
হযরত আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, হযরত জিব্রাঈল (আ.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুক চিরে হৃদয় বা হৃৎপিণ্ড বের করে এনে সোনার প্লেটে রাখেন। সেখান থেকে একটি রক্তের চাকা ফেলে দিয়ে বলেন, এটি তোমার মধ্যে শয়তানের একটি অংশ ছিল। তারপর যমযমের পানি দিয়ে হৃৎপিণ্ড ধুয়ে তিনি তা যথাস্থানে রেখে দেন। ঐ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে তাঁর অন্য সাথীদের সাথে খেলাধুলা করছিলেন। হাফেয ইরাকী বলেছেন, যমযমের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষদেশ ধোয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি যেন আসমান-যমীন এবং বেহেশত-দোযখ দেখার মত শক্তি লাভ করেন। কেননা, যমযমের পানির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তা অন্তরকে শক্তিশালী ও ভয় মুক্ত করে। যমযমের পানির আরেক অন্যতম বৈশিষ্ট্য হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে যমযমের পানি দ্বারা জ্বর দূর হয়েছে। নাসাঈ শরীফে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। দাহ্হাক বিন মোযাহেম বলেন, মাথা-ব্যথার সময় যমযমের পানি পান করলে মাথা-ব্যথা দূর হয় এবং যমযমের দিকে তাকালে দৃষ্টিশক্তি প্রখর হয়।
ইবনে বদরুদ্দিন বিন সাহেব মিশরী বলেছেন, শরীয়াহ এবং চিকিৎসার দৃষ্টিতে, যমযমের পানি পৃথিবীর যে কোন পানির চাইতে উত্তম। তিনি বলেন, আমি যমযমের পানি এবং মক্কার অন্য কূপের সমপরিমাণ পানি ওজন করে দেখেছি, যমযমের পানির ওজন বেশী। কথিত আছে যে, শাবান মাসের রাতে যমযমের পানি মিষ্টি হয়ে যায় এবং তা নেককার লোক ছাড়া অন্য কেউ টের পায় না। ওয়াহেদী তাঁর তাফসীরে হযরত জাবের (রা.) থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদীস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কা'বা শরীফে সাত চক্কর তওয়াফ করবে, মাকামে ইবরাহীমের পেছনে দু'রাকাত নামায পড়বে এবং যমযম কূপের পানি পান করবে, তাঁর গুনাহ যত বেশী হোক না কেন তা মাফ হয়ে যাবে। যমযমের উৎপত্তি হয়েছে হযরত ইব্রাহীম (আ.) এর ছেলে ইসমাঈলের (আ.) সাহায্যের জন্য। আজও যদি কেউ ইখলাসের সাথে সে পানি ব্যবহার করে তাহলে সেও আল্লাহর সাহায্য লাভ করবে। হাকীম, তিরমিযী বলেন, যমযমের পানি থেকে উপকার পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের গভীরতা ও পরিপক্বতার উপর। খালেস নিয়তে এ পানি ব্যবহার করলে তাঁর উপকার অবশ্যম্ভাবী।
যমযমের পানির বিশেষ কিছু বৈশিষ্ট্য নিচে আলোচিত হচ্ছে:
১. আজ থেকে হাজার হাজার বছর আগে এ উষর মরুভূমিতে আল্লাহর হুকুমে জিব্রাঈল (আ.) হযরত ইসমাঈল (আ.) এর জন্য এ কূপটি বের করেন।
২. এটি কা'বা এবং মহান নিদর্শন সাফা-মারওয়ার দিক থেকে উৎসারিত।
৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করার পর মক্কা থেকে যমযমের পানি মদীনায় পাঠানোর জন্য বলেন।
৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পানি উদর ভর্তি করে পান করার জন্য উৎসাহিত করেন।
৫. যমযমের পানি খাদ্য, পানীয়, চিকিৎসা এবং অন্য যে কোন নিয়তে পান করা হবে, তা পূরণ হবে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদীস বর্ণিত আছে।
৬. হযরত জিব্রাঈল (আ.) যমযমের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুক চিরে হৃৎপিণ্ড/হৃদয় ধুয়েছেন।
৭. বহু সংখ্যক নবী, নেক বান্দাহ, আলেম, ইমাম ও বুজুর্গানে দ্বীন এ পানি পান করেছেন এবং কিয়ামত পর্যন্ত অগণিত মানুষ এ পানি পান করবেন। যমযমের পানির রং অন্য পানির রং এর মত হওয়া সত্ত্বেও এর পানি অন্য যে কোন পানির চাইতে ভিন্ন। এর রয়েছে অগণিত কল্যাণ ও উপকার। প্রশ্ন হচ্ছে, রোগ জীবাণু কি এ যুগেই প্রবেশ করেছে, না আগেও ছিল? অতীতে যমযমের পানি পান করার কারণে লোক অসুস্থ হয়েছে বলে কোন প্রমাণ নেই। বরং অতীতে, লোকেরা চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনকে সামনে রেখে যমযমের পানি পান করে উপকার পেয়েছে। শুধু তাই নয়, বর্তমান যুগেও যারা অনুরূপ নিয়ত করে যমযমের পানি পান করছে তারাও সমান উপকার পাচ্ছে। এখনও যে কোন লোক তা পরীক্ষা করে দেখতে পারে। অথচ অতীত থেকে বর্তমান কাল পর্যন্ত যমযমের পানি পান করার কারণে ক্ষতি হওয়ার কোন রেকর্ড নেই। যদি ধরেও নেয়া হয় যে, বন্যা বা বৃষ্টির পানিতে এতে রোগ জীবাণু প্রবেশ করেছে, তথাপি সেটা আল্লাহর কুদরতী কূপে তারই ইশারায় নষ্ট হয়ে যায়। এতে যমযমের পানির উপর কোন ক্ষতিকর প্রভাব পড়েনি এবং পড়বেও না।
৮. ইতিহাসে উল্লেখ বেদুঈনরা তাদের যেসব পশুকে নিয়ে যমযমের পানি পান করাতো; সেই সকল পশুর গায়ে কোন মারাত্মক রোগ ছিল না। কিন্তু তার পরও যমযমের পানি দূষিত হয়নি বরং তা সবার জন্য উপকারীই প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে আগের যুগের কথা, যখন যমযম কূপের পরিচ্ছন্নতার মজবুত ব্যবস্থা ছিল না। অবশ্যই বর্তমান যুগে এর সুষ্ঠু পরিচ্ছন্নতা ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 যমযমের পানি পান করার আদব

📄 যমযমের পানি পান করার আদব


হযরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফে এফাদা শেষে এক বালতি যমযমের পানি তোলার আদেশ দেন। তিনি সে পানি দিয়ে অযু করেন এবং বলেন, হে বনি আব্দুল মুত্তালিব! তোমরা পানি তোল, তোমরা পানি না তুললে অন্যরা তোমাদেরকে এ কাজ থেকে বঞ্চিত করবে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বালতি যমযমের পানি তুলতে এবং তাঁকে তা দাঁড়িয়ে পান করতে দেখিছি। হযরত ইবনে আব্বাসের অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে বালতি ধরেন এবং অনেকক্ষণ যাবত পানি পান করেন। তারপর মাথার উপরের দিকে তুলে 'আলহামদু লিল্লাহ' বলেন। এভাবে তিনি তিনবার পানি পান করেন। ২য় বার আগের তুলনায় অপেক্ষাকৃত কম সময় এবং ৩য় বার আরো কম সময় ধরে তিনি যমযমের পানি পান করেন। উলামায়ে কেরামের মতে, যমযমের পানি ডান হাতে গ্লাস নিয়ে কিবলামুখী হয়ে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে পান করতে হবে। এ পানি তিনশ্বাসে পান করবে। পান শেষে আল্লাহর হামদ প্রকাশ করবে এবং পেট ভরে পানি পান করবে। যার বিন হোবাইস বলেন, আমি হযরত আব্বাস বিন আবদুল মুত্তালিবকে মসজিদে হারামে, যমযমের চারপার্শ্বে প্রদক্ষিণ করা অবস্থায় বলতে শুনেছি যে, আমি যমযমের পানিকে গোসলের জন্য জায়েয মনে করি না; এ পানি দ্বারা অযু করা যাবে এবং তা পান করা যাবে। মালেকী মাযহাবে যমযমের পানি দিয়ে অযু করাকে উত্তম বলা হয়েছে। শাফেঈ মাজহাবে, এ পানি দিয়ে অযু গোসল দুটোই জায়েয আছে। ইমাম আহমদ বিন হাম্বলের এক রেওয়াতে এ পানি দিয়ে অজু করাকে মাকরূহ বলা হয়েছে। ইমাম ফার্সী বলেন, ৪ মাজহাবের সর্বসম্মত মত অনুযায়ী যমযমের পানি অন্য স্থান বা দেশে নেয়া জায়েয আছে। যমযমের পানি স্থানান্তরের ব্যাপারে তিরমিযীর হাদীসটিই প্রধান ভিত্তি। হযরত (রা.) আয়িশা বোতলে করে যমযমের পানি বয়ে নিয়ে গেছেন এবং বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসী এবং চামড়ার মশকে করে যমযমের পানি নিয়ে গেছেন, রোগীদেরকে তা পান করিয়েছেন এবং রোগীদের উপর উক্ত পানি ছিটিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাইল বিন আমরকে যমযমের পানি উপহার দিয়েছিলেন। বিনিময়ে সোহাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুটো ভারবাহী পশু উপহার পাঠিয়েছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00